মো. সাকিবুল ইসলাম
প্রকাশিত ২৮ নভেম্বর ২০২৬ ১২:০০ মিনিট
অন্যকে জানাতে পারেন:
ক্যামেরার চোখে বাস্তব দেখায় ‘দ্য সঙ অব স্করপিয়নস’
মো. সাকিবুল ইসলাম

যেখানে চোখ আর মস্তিস্ক স্থির রাখা কঠিন
চলচ্চিত্রের ভাষা হলো তার ইমেজ। আর এই ইমেজকে ধারণের কাজটি করেন সিনেমাটোগ্রাফার বা চিত্রগ্রাহক। শিল্পী যেমন কাগজে তুলির আঁচড় কাটে, চিত্রগ্রাহক সেই কাজটি করে ক্যামেরা দিয়ে। একজন চিত্রগ্রাহকের কাজ তথা সিনেমাটোগ্রাফি হলো কোনো চলচ্চিত্রের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। সিনেমাটোগ্রাফির মুন্সিয়ানা সংলাপহীন কোনো ইমেজকে সহজ করে তোলে। ভালো সিনেমাটোগ্রাফির প্রথম আর প্রধান শর্ত বিষয়ানুগ হওয়া; তার মানে যে গল্প বলা হয়, সেই গল্পের সঙ্গে সমান তালে চলা। ধরুন একটা ভূতের গল্প বলা হচ্ছে আর ক্যামেরা বলছে হাসির গল্প, তাহলে তো মুশকিল! চলচ্চিত্র যদি ভূতের হয় ক্যামেরাকেও ঠিক গল্পের টানাপড়েন অনুযায়ী ব্যবহার করতে হবে। সঙ্গে থাকবে আলোর ব্যবহার। ক্যামেরা আর আলোছায়া মিশিয়ে ভৌতিক আবহটা ঘনঘোর হয়ে উঠবে। আবার যখন প্রেমের দৃশ্য আসবে ক্যামেরা সেই রোমান্টিক আবহকে সাজিয়ে তুলবে। কোথাও রঙের জন্য ফিল্টার প্রয়োগ দৃশ্যকে আরো নয়নাভিরাম করে তুলবে।১
তবে অনেক চলচ্চিত্রেই বিষয় ও ক্যামেরার এই সমন্বয়টা যথাযথ হয় না। অথবা নির্মাতা হয়তো এই সমন্বয়টা করতে পারে না। কিন্তু অনুপ সিং নির্মিত দ্য সঙ অব স্করপিয়নস (২০১৯) দেখতে দেখতে এই সমন্বয় খানিক বিমোহিত করে। যেখানে প্রেম, বিশ্বাসঘাতকতা আর ক্ষমার চলচ্চিত্রিক পরিবেশনা, রাজস্থানী সংস্কৃতি ও প্রকৃতিতে একেবারে ভিন্নভাবে তুলে ধরা হয়েছে। একদিকে ভালোবাসার গল্পে লোভ, অন্যদিকে মরুভূমির বিপদগুলো পাশাপাশি চলে দুর্দান্ত এক সৌন্দর্যের আবেশ প্রদর্শনে।
দ্য সঙ অব স্করপিয়নস-এ অনেকগুলো দীর্ঘ আনকাট শট্ ও মিজ-অঁ-সেন শটের ব্যবহার দেখানো হয়েছে; যা দর্শকের মনে এক ধরনের ব্যঞ্জনা তৈরি করে। হঠাৎ দেখে মনে হয়, চোখের সামনেই ঘটনাগুলো ঘটছে, যেনো সত্যের খুব কাছাকাছি! দর্শক হিসেবে যে কেউ একটু মনোযোগ দিয়ে দেখলে চোখ ও মস্তিস্ক স্থির রাখা কঠিন। সাধারণত বলিউড চলচ্চিত্রে এ ধরনের শটের ব্যবহার দেখা যায় না। আর এখানেই চলচ্চিত্র হিসেবে দ্য সঙ অব স্করপিয়নস-এর অনন্যতা। এই প্রবন্ধ চলচ্চিত্রটির সেই সিনেমাটোগ্রাফি নিয়েই।
গল্পটা বিষে বিষে বিষক্ষয়ের
দ্য সঙ অব স্করপিয়নস-এর গল্প গড়ে উঠেছে রাজস্থানের থর মরুভূমির একজন নারী চিকিৎসক নূরানকে কেন্দ্র করে। বিষাক্ত বিচ্ছুর কামড় থর মরুভূমির অধিবাসীদের অন্যতম সমস্যা। ঠিক সময়ে চিকিৎসা না হলে বিচ্ছুর কামড়ে যে কারো মৃত্যু হতে পারে। ভেষজ চিকিৎসা ও সঙ্গীতের মাধ্যমে সেই বিচ্ছু কামড়ানো রোগীকে সারিয়ে তোলেন নূরান চরিত্র। নূরান তার দাদি জুবাইদা-এর কাছে শিখেছেন এই চিকিৎসা। যিনি (দাদি) আধ্যাত্মিকতার চর্চা করেন।
মরুভূমির উট ব্যবসায়ী আদম; যিনি ভালোবাসার কথা বললে নূরান তাকে বিচ্ছুর কামড়ের ভয় দেখান। আদম ভয় না পেয়ে বিচ্ছুর কামড় খাওয়ার জন্য নূরানের কাঁধে থাকা থলে নিতে চান। এতে বাধা দেন নূরান। ধস্তাধস্তি হয়। মরুভূমি দিয়ে গাড়িতে যেতে থাকা কিছু লোক সেটা দেখে আদমকে মারধর করে। তার ব্যবসার উট ছেড়ে দেয়। ক্ষুব্ধ আদম তখন প্রতিবাদ না করে, গোপনে ফন্দি আঁটেন। এক রাতে এক শিশুকে দিয়ে নূরানকে ডাকতে পাঠান। আর আদমের মদ্যপ বন্ধু মুন্না বিচ্ছুর দংশনে অসুস্থ হওয়ার ভান করে রাস্তায় পড়ে থাকেন। হন্তদন্ত হয়ে নূরান চিকিৎসার জন্য গেলে মুন্না তাকে ধর্ষণ করেন।
ধর্ষণের শিকার নূরান পরদিন আহতাবস্থায় যখন বাড়ি ফেরেন, তখন তার দাদি কোথায় যেনো হারিয়ে গেছেন! পর পর ঘটা দুটি ঘটনায় চাপ নিতে না পেরে নূরান মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়েন। সেই ট্রমা তার জীবনকে এলোমেলো করে দেয়। আদমের ষড়যন্ত্রেই একপর্যায়ে বাড়ি থেকে বিতাড়িত হন নূরান। নিরুপায় নূরান সাহায্যের জন্য তখন আদমের কাছে গেলে তিনি তাকে বিয়ের প্রস্তাব দেন। আদমকে বিয়ে করে নূরান সংসার শুরু করেন।
একদিন রাতে যৌনপল্লী থেকে ফেরার সময় মদ্যপ আদম আর মুন্নার মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে নূরানের ধর্ষণ নিয়ে আদমকে বিদ্রুপপূর্ণ কথা বলেন মুন্না। এতে আদম প্রচণ্ড রেগে যান, এবং ব্যাগ থেকে বিচ্ছু বের করে কৌশলে মুন্নার শার্টের মধ্যে ঢুকিয়ে দেন। বিচ্ছুর কামড়ে মুন্নার শরীরে বিষ ছড়িয়ে পড়ে। অসুস্থ মুন্নাকে রেখে আদম চলে আসেন। পরদিন মুন্না চিকিৎসার জন্য নূরানের কাছে গেলে কথায় কথায় জানতে পারেন, আদমের পরিকল্পনাতেই তিনি ধর্ষণের শিকার হয়েছেন এবং তার ফলস্বরূপ হারিয়ে ফেলেছেন প্রাণপ্রিয় দাদিকে। নূরান আরেকবার মানসিকভাবে ধাক্কা খান!
ক্ষুব্ধ নূরান এবার প্রতিশোধপরায়ণ হয়ে ওঠেন। আদমের ওপর প্রতিশোধ নেওয়ার একেবারে ভিন্ন এক পরিকল্পনা করেন নূরান; এবং কোনোভাবেই আদমকে তা বুঝতে দেন না। নূরানের গর্ভে আদমের ঔরসজাত সন্তান আসলে তার প্রতিশোধ নেওয়ার সুযোগ হয়। এরপর নূরান নিজে সেই বিষাক্ত বিচ্ছুর কামড় খান, যাতে তার গর্ভে থাকা আদমের সন্তান আর তিনি নিজে মারা যান। আর এতে সবকিছু হারিয়ে একা হয়ে যান আদম!
চলচ্চিত্রজুড়ে পরিস্থিতির সঙ্গে মিল রেখে সঙ্গীতের ব্যবহার করা হয়েছে, যা দ্য সঙ অব স্করপিয়নস-এর কাহিনিকে আলাদা মাত্রা দেয়। চলচ্চিত্রটিতে চিত্রগ্রাহক পিয়েট্রো জুকার (Pietro Zuercher) ও কার্লোট স্টেইনম্যান (Carlotta Steinemann) খুব চমৎকারভাবে দীর্ঘ লঙ শট্, মিজ-অঁ-সেন শট্, টপ শট্, ক্লোজ আপ শট্, ফ্রেম উইদ ইন ফ্রেম শটের ব্যবহার বিপুল পরিমাণে দেখিয়েছেন।
চোখ জুড়ানো সব দীর্ঘ দীর্ঘ শট্
দ্য সঙ অব স্করপিয়নস শুরু হয় একটি স্টাবলিশমেন্ট শট্ দিয়ে। মরুভূমির উঁচু-নিচু পথে গাড়ি থামিয়ে এক নারীকে নামতে দেখা যায়। তারপর কাঁধে ব্যাগ ঝোলানো সেই নারী হেঁটে যেতে থাকেন মরুভূমির বিস্তীর্ণ মাঠ ধরে। আর তার পিছনে ক্যামেরাও ডলি করে যেতে থাকে। ওই লঙ লঙ শটে একদিকে যেমন মরুভূমির পরিবেশ বোঝানো হয়, তেমনই ইঙ্গিত দেওয়া হয় এমন এক নারীর যিনি হয়তো একা পথ চলতে পারেন। চলচ্চিত্রজুড়ে এ ধরনের অনেকগুলো লঙ লঙ শটের ব্যবহার হয়েছে। কিছু চলচ্চিত্রে এ ধরনের শটের ব্যবহার যে একেবারেই হয় না এমন নয়, তবে তা সংখ্যায় কম। দ্য সঙ অব স্করপিয়নস-এ বেশকিছু জায়গায় ব্যবহৃত লঙ লঙ শট্গুলো দর্শকের মনে অগোচরেই এক ধরনের ব্যঞ্জনা তৈরি করে।
মরুভূমির একটা বাড়িতে এক বৃদ্ধকে বিচ্ছু কামড়ালে নূরান চিকিৎসার জন্য সেখানে যান। মুমূর্ষু সেই বৃদ্ধকে নূরান প্রথমে ভেষজ ওষুধ খাওয়ান। এরপর চিকিৎসার অংশ হিসেবে শুরু করেন প্রার্থনা সঙ্গীত। গান শুরুর পর চলচ্চিত্রের পাঁচ মিনিট ৪২ সেকেন্ডে ক্রেন-এ থাকা ক্যামেরায় উঁচু থেকে মুমূর্ষু বৃদ্ধের পাশে নূরানকে দেখানো হয়; এরপর নূরানের অবস্থান থেকে সরে আনকাট-এ ক্যামেরা টপে গিয়ে চিকিৎসা দেখতে আসা মানুষগুলোকে বিচ্ছিন্নভাবে বসে থাকতে দেখায়; টপে থাকা ক্যামেরা আনকাট-এ ট্র্র্যাক করে অসুস্থ লোকটির বাড়ির উপর দিয়ে পিছনের প্রকৃতিতে গিয়ে স্থির হয়। এবং সেখানেই ছয় মিনিট ১৬ সেকেন্ডে শেষ হয় দীর্ঘ এই শট্টি। নূরানের গাওয়া প্রার্থনা সঙ্গীতের কথাগুলো ছিলো এ রকম--‘যে তুমি আমাকে পথ দেখাও/ ও আমার প্রভু আমার ডাক শোনো/ ও আমার প্রভু’। দীর্ঘ এই শট্টিতে এটা বুঝতে সমস্যা হয় না যে, ওই বৃদ্ধ ব্যক্তির অসুস্থতায় চিকিৎসক যেমন অসহায়, তেমনি অন্যরাও। এই পরিস্থিতি থেকে একমাত্র ঈশ্বরই রক্ষা করতে পারে। গানের কথার বাইরে শুধু ক্যামেরা-ভাষা দিয়ে নির্মাতা এই বিষয়টি তুলে ধরতে সক্ষম হন।
ধর্ষণের শিকার নূরানকে পরদিন তার বান্ধবী আমিনাসহ তিনজন নারী বাড়িতে নিয়ে আসে। বাড়িতে ঢুকেই নূরান দাদিকে খুঁজতে থাকেন। তাকে না পেয়ে দ্রুত পায়ে বাড়ির বাইরে চলে যান। চলচ্চিত্রের ৩৯ মিনিট ১৯ সেকেন্ড থেকে ৩৯ মিনিট ৫৩ সেকেন্ড পর্যন্ত লঙ লঙ শটে রৌদ্রজ্জ্বল মরুভূমিতে নূরান ও আমিনাকে হন্য হয়ে দাদিকে খুঁজতে দেখা যায়। পরের একটি মিড লঙ শটে দেখা যায় নূরান রোদে ছুটতে ছুটতে হাঁপিয়ে উঠেছেন। তারপর ক্যামেরা কাট করে, ৪০ মিনিট পাঁচ সেকেন্ডে মরুভূমির বিকেলে লঙ শটে ক্লান্ত নূরানকে হাঁটতে দেখা যায়। তিনি বালুর উপর দিয়ে হেঁটে যান আর পিছনে পড়ে থাকে তার পায়ের ছাপ। আনকাট-এ এরপর নূরানকে বিরাণ মরুভূমিতে আম্মা-আম্মা বলে চিৎকার করে কাঁদতে দেখা যায়। ৪০ মিনিট পাঁচ সেকেন্ড থেকে ৪১ মিনিট নয় সেকেন্ড পর্যন্ত চলা দীর্ঘ এই লঙ শট্টি বুঝিয়ে দেয় যে নূরানের দাদিআম্মা আর নেই! এছাড়া দুপুর থেকে বিকেল বোঝানোর জন্য এই লঙ লঙ শট্ দুটির ব্যবহার বেশ ফলপ্রসূ ছিলো।
একদিকে ধর্ষণ অন্যদিকে দাদির আচমকা হারিয়ে যাওয়া, সবমিলিয়ে নূরান একা-নিঃসঙ্গ হয়ে পড়েন। এই পরিস্থিতিতে নূরান বাড়ির দরজা বন্ধ করে উদ্ভ্রান্তের মতো ঘরে বসে থাকেন। আমিনা তার জন্য খাবার নিয়ে এসে ডাকলেও তিনি সাড়া দেন না। অসহায় নূরান তার বিয়ের জন্য দাদির রাখা চাদরটা বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন। ৪৬ মিনিট ১৯ সেকেন্ডে বিষণ্ন নূরানকে বিছানা থেকে নেমে দরজা খুলে বাইরে আসতে দেখা যায়। উঠোনে পড়ে থাকা খড়, ময়লা, আবর্জনার মধ্যে পুটলিগুলোতে তিনি খাবার খুঁজতে থাকেন। একটা পুটলিতে খাবার পেয়েও যান; সেটা খুলে ক্ষুধার্ত নূরানকে খেতে দেখা যায়। দরজা খোলা থেকে আনকাট-এ ক্যামেরা ট্র্যাকিং করে উঠোন ও সেখানে খাওয়া পর্যন্ত ৪৮ মিনিট ৩০ সেকেন্ডে শট্টি শেষ হয়। দুই মিনিট ১১ সেকেন্ড দীর্ঘ এই শট্টি অসাধারণভাবে নূরানের একাকিত্ব ও অসহায়ত্বকে ফুটিয়ে তোলে। এতো দীর্ঘ শটের ব্যবহার চলচ্চিত্রে কমই দেখা যায়।
এক ঘণ্টা ১৩ মিনিট ২৩ সেকেন্ডে দেখা যায়, নূরান ছোটো আয়েশাকে খাবার খাওয়াতে যান; কিন্তু বাবা আদম বাড়িতে না থাকায় সে খেতে চায় না। নূরান আয়েশাকে খাবার খাওয়ানোর জন্য জোরাজুরি করলে সে অভিমান করে। আয়েশা এরপর বিছানায় একা শুয়ে কাঁদতে থাকে; নূরানও তার পাশে শুয়ে আদর করতে থাকেন। এক ঘণ্টা ১৪ মিনিট ৩০ সেকেন্ড থেকে ক্লোজ শটে নূরানকে আয়েশার শরীরের উপর হাত রাখতে দেখা যায়; কিন্তু অভিমান না ভাঙা আয়েশা সেই হাত সরিয়ে দেয়। আনকাট-এ ক্লোজ আপ-এ নূরানকে এবার মন খারাপ করে ছলছল চোখে দেখা যায়। এই পরিস্থিতিতে আয়েশাকে খুশি করতে এবার তিনি গান শুরু করেন। এতে অভিমানী আয়েশা মুচকি হেসে নূরানের হাত বুকে টেনে নেয়। এই শট্টি এক ঘণ্টা ১৬ মিনিট ৫১ সেকেন্ডে শেষ হয়। দীর্ঘক্ষণ চলা এই শট্টি সৎ মা ও মেয়ের নিবিড় সম্পর্কের ইঙ্গিত দেয়। দর্শক যখন দীর্ঘ এই শট্টি দেখে, মনে হয় চোখের সামনে ঘটনাটি ঘটছে!
দ্য সঙ অব স্করপিয়নস-এর দীর্ঘ এই শট্গুলোর ব্যবহার চলচ্চিত্রটিকে দর্শকের চোখে জীবন্ত করে তোলার পাশাপাশি অসাধারণ এক নান্দনিকতা ও অর্থপূর্ণ করে তোলে। এতে দর্শক প্রকৃতি, দৃশ্যরূপের প্রসার ও ঘটনার পরিবেশ সম্পর্কে সুস্পষ্ট ধারণা পায়। দীর্ঘ শট্গুলোর ফ্রেমের ভিতর যখন ইমেজ দেখানো হয়, তখন তা আরো অর্থবহ হয় এবং সেখানকার রেখা, আকার ও রঙের বৈশিষ্ট্য চোখে পড়ে। এছাড়া শট্গুলো একসঙ্গে একাধিক ইমেজ প্রদর্শনের পাশাপাশি পরিস্থিতির অন্তঃস্থ নাটকীয়তা ও প্রভাব হ্রাস করে, যা দর্শককে চলচ্চিত্রের আখ্যানের ভিতরে গভীরভাবে আটকে রাখে।
মিজ-অঁ-সেন : যেনো ব্যাকরণ ধরে দৃশ্য নির্মাণ
দ্য সঙ অব স্করপিয়নস-এ দীর্ঘ লঙ শটের পাশাপাশি অনেকগুলো গুরুত্বপূর্ণ মিজ-অঁ-সেন শটের ব্যবহার দেখা যায়। এই উপমহাদেশের সমসাময়িক চলচ্চিত্রে মিজ-অঁ-সেন-এর ব্যবহার কালেভদ্রে চোখে পড়ে। এ ধরনের দৃশ্য নির্মাণ অপেক্ষাকৃত কষ্টকর ও সময়সাপেক্ষ। কারণ মিজ-অঁ-সেন-এ একটি নির্দিষ্ট সময়ে অনেক বিষয়কে আনকাট ক্যামেরায় ধরার পাশাপাশি নাটকীয়তা সৃষ্টি করতে হয়। সাধারণত মিজ-অঁ-সেন শট্গুলো তিন ধরনের ভূমিকা রাখে--প্রথমত, চিত্রগত; দ্বিতীয়ত, বর্ণনাত্মক; তৃতীয়ত, মনস্তাত্ত্বিক বা আবেগগত।২ ফলে একই দৃশ্যে এই তিনটি বিষয়ের সমন্বয় করা বেশ কঠিনই। দ্য সঙ অব স্করপিয়নস-এ এই সমন্বয় করা হয়েছে অত্যন্ত দক্ষতার সঙ্গে।
অন্য গ্রামে রোগী দেখে ফিরে এসে নূরান ও বান্ধবী আমিনা খানিক খুঁনসুটি করে বাড়িতে আসে। ১৫ মিনিট ৩৫ সেকেন্ডে নূরান ও আমিনা কাঠের তৈরি প্রধান ফটক দিয়ে বাড়ির মধ্যে ঢোকে। নূরান দাদিআম্মা-আম্মা বলে ডাকতে থাকেন। কোনো সাড়া না পেয়ে নূরান প্রধান ফটকের পাশে থাকা ঘরে ঢোকেন আর আমিনা দাদিকে খুঁজতে অন্য একটা ঘরে ফ্রেমের বাইরে চলে যান। নূরান ওই ঘরের এক দরজা দিয়ে ঢুকে আরেকটি দরজা দিয়ে বেরিয়ে আসেন। তারপর দাদি যে ঘরটাতে থাকতেন নূরান সেই ঘরটার দরজায় গিয়ে উঁকি দেন। দাদিকে কোনো ঘরে খুঁজে না পেয়ে ঘরের বাইরে থাকা সিঁড়ি দিয়ে মাটির ঘরের ছাদে উঠতে থাকেন; ঠিক এই সময়ে অন্যদিক থেকে দাদিকে খুঁজতে থাকা আমিনাও ফ্রেমে প্রবেশ করেন। ছাদের উপর থেকে নূরান এবার মরুভূমির মধ্যে গান গাইতে গাইতে হাঁটতে থাকা দাদিকে দেখতে পান। ১৫ মিনিট ৩৫ সেকেন্ড থেকে ১৬ মিনিট ৫৩ সেকেন্ড পর্যন্ত চলা এই পুরো শট্টি আনকাট শ্যুট করা হয়। যতোদূর সম্ভব, ক্যামেরাটা দুই ঘরের মাঝখানে নিচু করে ক্রেন-এ বসানো ছিলো এবং সেই ক্যামেরাই পরে ক্রেনসহ ডলি করে ছাদের উপর নিয়ে গিয়ে উঁচু থেকে বিস্তীর্ণ মরুভূমি দেখানো হয়। ক্যামেরা যদি ক্রেনে না থাকতো তাহলে শট্টির শেষ অংশে গিয়ে উঁচুতে বাড়ির ছাদ ও বিস্তীর্ণ মরুভূমি আনকাট-এ দেখানো সম্ভব হতো না। দীর্ঘক্ষণ চলা এই পুরো শট্টিতে নাটকীয় ঢঙ লক্ষ করা যায়, যা এক ধরনের ব্যঞ্জনা তৈরি করে দর্শককে সম্পৃক্ত ও অভিভূত করে। এটি মিজ-অঁ-সেন ধারারই প্রতিফলন।
চলচ্চিত্রের ১৩ মিনিট ৩৭ সেকেন্ডে আদম ও নূরানের মধ্যে ধস্তাধস্তির সময় মরুভূমিতে চলা একটা লক্কর-ঝক্কর গাড়ি থামিয়ে কিছু লোক তাদের কাছে আসে; এবং আদমকে একটা নিচু জায়গায় নিয়ে গিয়ে মারধর করতে থাকে। এরপর তারা আদমের উটগুলো গাড়িটির পিছনে বেঁধে নিয়ে যায়। কিছু সময় গাড়ি চলার পর নূরান গাড়ি থামিয়ে উটগুলোকে ছেড়ে দেন। ২৩ মিনিট ২৬ সেকেন্ডে আরেক ব্যবসায়ীকে অনেকগুলো উট নিয়ে হাঁটতে দেখা যায়। আনকাট-এ ক্যামেরা রিভার্স প্যানিং করলে আদমকে এদিক-সেদিক তাকিয়ে কিছু খুঁজতে দেখা যায়। আদম যখন মরুভূমিতে হাঁটতে থাকেন তখন ফ্রেমের ভিতর কয়েকজন ব্যবসায়ী অনেকগুলো উট নিয়ে প্রবেশ করে ফ্রেমের বাইরে চলে যায়। এরপর আদম ব্যবসায়ীদের নিয়ে যাওয়া উটগুলোর দিকে তাকিয়ে হাঁটতে থাকেন, পরক্ষণে আদমের সামনে দিয়ে অনেকগুলো উট নিয়ে আরো দুইজন ফ্রেমের ভিতর প্রবেশ করে বাইরে চলে যায়। এরপর আনকাট-এ ক্যামেরা প্যানিং করে এবং আরেকজন কয়েকটা উট নিয়ে ফ্রেমের ভিতর প্রবেশ করে এবং সব মরুচারীরা উটগুলোকে এক জায়গায় জড়ো করলে ক্যামেরা সেখানে স্থির হয়। কিন্তু আদম সবগুলো উটের মধ্যে তার উটগুলো দেখতে পান না। এক মিনিট পাঁচ সেকেন্ড যাবৎ চলা এই শট্টি ২৪ মিনিট ৩১ সেকেন্ডে শেষ হয়। দীর্ঘক্ষণ চলা শট্টিতে মিজ-অঁ-সেন-এর দুর্দান্ত ব্যবহার দেখা যায়; যা দর্শককে বাস্তবতার খুব কাছাকাছি নিয়ে যায়। নাটকীয় ঢঙে পুরো ফ্রেমজুড়ে ব্যবসায়ীদের উট নিয়ে আসা-যাওয়ায় মনে হয় একেবারে চোখের সামনে ঘটছে!
এক রাতে নূরানদের বাড়িতে একটা ছেলে এসে দরজায় জোরে জোরে কড়া নাড়তে থাকে। ছেলেটি নূরানকে জানায়, তার ভাইকে বিচ্ছু কামড়েছে; পোড়োবাড়ির পাশের রাস্তায় সে পড়ে আছে। চলচ্চিত্রের ৩৪ মিনিট ২৭ সেকেন্ডে লঙ শটে দেখা যায়, নূরান ছেলেটির সঙ্গে টর্চ জ্বালিয়ে রোগীর কাছে যাচ্ছেন। দুইজন এক সঙ্গে হাঁটতে থাকলেও ছেলেটি একসময় ফ্রেমের বাইরে চলে যায়। ক্রেনে থাকা ক্যামেরায় আনকাট শটে দেখা যায়, রাস্তায় পড়ে থাকা লোকটির কাছে এসে নূরান তার হাত-পায়ে বিচ্ছুর কামড়ের ক্ষত খুঁজছেন। অসুস্থ হয়ে পড়ে থাকা লোকটি এ সময় হঠাৎই উঠে নূরানের মাথায় পাথর দিয়ে আঘাত করেন। এরপর নূরান আর লোকটির মধ্যে ধস্তাধস্তি চলতে থাকে। আনকাটে ক্যামেরা এবার টপে গেলে বালুর উপর ধস্তাধস্তির একপর্যায়ে লোকটি পুনরায় নূরানের মাথায় আঘাত করলে তিনি জ্ঞান হারান। এরপরই মূলত নূরান ধর্ষণের শিকার হন। ৩৪ মিনিট ২৭ সেকেন্ডে শুরু হয়ে দীর্ঘ এ শট্টি ৩৬ মিনিট ২৪ সেকেন্ডে শেষ হয়। রাতে আলোর ব্যবহার, এক শটে পুরো ঘটনা দেখানোয় একটা দুর্দান্ত ব্যঞ্জনা সৃষ্টি হয়; ঘটনার আকস্মিকতায় নূরানের মতো দর্শকও খানিকটা স্তম্ভিত হয়!
ধর্ষণের পর সমাজের লোকজনের আচরণে নূরান বাড়ি ছাড়তে বাধ্য হন। রাতের আঁধারে নূরান হারিকেনের আলোয় আদমকে খুঁজতে পোড়োবাড়িতে যান; আমিনাও তার পিছনে আসেন। ৫২ মিনিট ৫৭ সেকেন্ডে হাই অ্যাঙ্গেল থেকে দেখানো হয়, আদম ও নূরানের মধ্যে কথোপকথন চলছে, এই সময় আমিনা ফ্রেমের বাইরে চলে যান। এরপর আনকাটে নূরানকেও ফ্রেমের বাইরে যেতে দেখা যায়। পরক্ষণেই নূরান ও আমিনা আবার ফ্রেমের ভিতরে প্রবেশ করে; পুনরায় আদমের সঙ্গে নূরানের কথোপকথন চলতে থাকে। শট্টি ৫৪ মিনিট ১৭ সেকেন্ডে শেষ হয়। দীর্ঘক্ষণ আনকাটে চলা এই শট্টি নূরানের সেই সময়ের অস্থিরতা বোঝাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পুরো শট্টিতে এক ধরনের নাটকীয়তা যেমন রয়েছে, তেমনি আলো-আঁধারির যে লুকোচুরি, তা আদম-নূরান-আমিনার ফ্রেমে আসা-যাওয়ার মধ্যেও ফুটে উঠে।
নূরানকে বাড়িতে একা রেখে আদম ও আয়েশা বেড়াতে যায়। আদম বাড়িতে ফিরে নূরানকে ডাকতে থাকেন; তাকে ঘরে না পেয়ে বাইরে চলে আসেন। এক ঘণ্টা ৪৩ মিনিট ৫১ সেকেন্ডে ক্রেনে থাকা ক্যামেরায় টপ থেকে বিরান মরুভূমিতে নূরানকে ডাকতে ডাকতে আদমকে হাঁটতে দেখা যায়; পরে ক্রেনে থাকা ক্যামেরা আনকাট প্যানিং করে আদমকে ফ্রেম থেকে আড়াল করে বালুর উপর বসে ব্যথায় কাতরাতে থাকা নূরানের কাছে চলে যায়। এরপর ক্যামেরা ধীরে ধীরে নূরানকে সাবজেক্ট করে নিচে নেমে আসে; ফ্রেমের বাইরে থাকা আদম এবার নূরানের সামনে চলে আসেন। তাদের কথোপকথন চলতে থাকে। এক ঘণ্টা ৪৪ মিনিট ৪৬ সেকেন্ডে শেষ হওয়া দীর্ঘ এই শট্টি দর্শকের চোখ আরাম দেয় এবং আদম ও নূরানের মধ্যে সম্পর্কের টানাপড়েনকেও বুঝিয়ে দেয়।
‘যদি কোনো চরিত্র ফ্রেম থেকে বেরিয়ে বাইরে চলে যায় এবং আবার প্রবেশ করে তাহলে ওপেন ফ্রেম প্রাসঙ্গিক হবে।’৩ এই ওপেন ফ্রেম নিয়ন্ত্রণ করা অপেক্ষাকৃত কঠিন। “... পরিচালক যদি ফ্রেমের ভেতর শটের কমপোজিশন এমনভাবে নির্ধারণ করেন যে এটি ফ্রেমের বাইরে, এ-কথা মনে না করে উপায় থাকে না, তাহলে একে বলা হয় ‘ওপেন ফ্রেম’।”৪ দ্য সঙ অব স্করপিয়নস-এর প্রায় সবগুলো মিজ-অঁ-সেন শটে ওপেন ফ্রেমের ব্যবহার দেখা গেছে। এছাড়া ‘... দৃশ্যে বস্তু বা মানুষের প্রতিকৃতি আসার আগে শূন্য ফ্রেমের ভিতরেও অর্থ থাকে। ফ্রেমের ওপর দিকের তুলনায় নিচের দিক বেশি গুরুত্বপূর্ণ আর ডানদিকের আগে বাঁদিক আগে আসে।’৫ একইসঙ্গে নির্মাতা মিজ-অঁ-সেন শটে চরিত্র ও বস্তুর অবস্থানের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখে। আবার রিভার্স অ্যাঙ্গেল ব্যবহার করেও তারা দৃশ্যের অন্তর্গত চরিত্র ও বস্তুর ভিতর ভারসাম্য রক্ষা করতে পারে। দ্য সঙ অব স্করপিয়নস-এ মিজ-অঁ-সেন-এর এসব ব্যাকরণ নির্মাতা ও সিনেমাটোগ্রাফার অসাধারণ দক্ষতায় পর্দায় তুলে ধরেছেন। এছাড়া চলচ্চিত্রটিতে নির্মাতা এক ধরনের ফোকাস কৌশল প্রয়োগ করেন, যার দরুন দর্শকের নজর ফ্রেমের সব চরিত্রের ওপর নিবদ্ধ থাকে। এটাও দ্য সঙ অব স্করপিয়নস-এর সিনেমাটোগ্রাফির আরেকটি গুরুত্বপূর্ণ দিক।
আরো যতো শটের ব্যবহার
আদমকে বাড়িতে কেউ খুঁজতে এলে তিনি সেখান থেকে লুকিয়ে মুন্নার সঙ্গে যৌনপল্লীতে আসেন। ৩৩ মিনিট ২৬ সেকেন্ডে ফ্রেম উইদ ইন ফ্রেম-এ প্রথমে আদমকে দোলনায় দাঁড়িয়ে উদাসীন মনে দোল খেতে দেখা যায়; আর মুন্না আদমের সঙ্গে কথোপকথন করতে থাকেন। এরপর মুন্না ফ্রেমের বাইরে চলে যান আর যৌনপল্লীর এক যৌনকর্মী ফ্রেমের ভিতর ঢুকে বাইরে যেতে দেখা যায়। আনকাটে ফ্রেম উইদ ইন ফ্রেমে দেখানো হয়, আদম দোল খাচ্ছেন আর বিষণ্ন মনে কিছু ভাবছেন। এরপর মুন্না পুনরায় ফ্রেমের ভিতর প্রবেশ করে ফ্রেমের বাইরে চলে যান। ৩৪ মিনিট পাঁচ সেকেন্ড পর্যন্ত চলা এই শটে ফ্রেম উইদ ইন ফ্রেমে আদমকে দোলনায় দাঁড়িয়ে মাথা নিচু করে দোল খেতে দেখা যায়। ৩৯ সেকেন্ড যাবৎ চলা এই শট্টিতে একইসঙ্গে ফ্রেম উইদ ইন ফ্রেম, মিজ-অঁ-সেন ও দীর্ঘ শটের ব্যবহার দেখানো হয়েছে। পর্দার বাইরে থেকে শট্টি দেখলে মনে হয় সেখানে দেখানো দরজার বাইরে দাঁড়িয়ে দৃশ্যটি দেখা হচ্ছে। ফ্রেম উইদ ইন ফ্রেমে আদমের কষ্টগুলোর গভীরতা স্পষ্ট বোঝা যায়। অপেক্ষাকৃত জটিল এই শট্টি দ্য সঙ অব স্করপিয়নস-এর সিনেমাটোগ্রাফিতে নতুন মাত্রা যোগ করেছে।
শেষের শুরু
আদমের ছাড়া বিচ্ছু দংশনে মুন্না অসুস্থ অবস্থায় নূরানের কাছে গিয়ে আদমের অপকর্মের কথা জানিয়ে দেন। আদমের প্রতারণা বুঝতে পেরে সময় নিয়ে পরিকল্পনা করে নূরান নিজেও বিচ্ছুর কামড় খান। মরুভূমির বালুর উপর বসে কাতরাতে থাকা নূরানের কাছে আদম গেলে তাদের কথোপকথন চলতে থাকে। আদমকে নূরান তার অপকর্মের কথা জানালে আদম নিজের ভুল বুঝতে পারেন। একপর্যায়ে আদমও বিচ্ছুর কামড় খান। আদম এরপর মরুর বালুর উপর বসে কাতরাতে থাকা নূরানের কাছে পৌঁছান। আদম কাছে আসলে তার নিরাময়ের জন্য নূরান চিকিৎসার অংশ সেই প্রার্থনামূলক সঙ্গীত শুরু করেন।
এক ঘণ্টা ৫০ মিনিট ২৮ সেকেন্ডে টপ শটে দেখানো হয়, মরুভূমির বালুর উপর মাথা নিচু করে বসে থাকা আদম ব্যথায় কাতরাচ্ছেন। একপর্যায়ে তিনি হাঁটু ভাঁজ করে জড়োসড়ো হয়ে শুয়ে পড়েন। এরপর ক্যামেরা কাট করে ক্লোজ আপে নূরানকে গভীরভাবে কিছু ভাবতে দেখা যায়; আবহে তখন নূরানের দাদি যে গানটি গাইতো তা বাজতে থাকে। বোঝা যায়, এই তীব্র কষ্টের মুহূর্তে দাদিকে স্মরণ করছেন নূরান।
এক ঘণ্টা ৫১ মিনিট ৩৬ সেকেন্ডে ক্যামেরা ডলি করে ক্লোজ আপে বালুর উপর শুয়ে থাকা আদমকে দেখানো হয়, আবহে নূরানের কণ্ঠে সেই প্রার্থনা সঙ্গীতটি বাজতে থাকে। একপর্যায়ে শুয়ে থাকা আদম উঠে বসেন। এরপর ক্যামেরা আনকাটে টপে গেলে আদম ছলছল চোখে বালুর উপর দাঁড়িয়ে নূরান-নূরান বলে ডাকতে থাকেন। তখনো আবহে বাজতে থাকে প্রার্থনা সঙ্গীতটি। শট্টি এক ঘণ্টা ৫২ মিনিট ৪৮ সেকেন্ডে শেষ হয়। এক মিনিট ১২ সেকেন্ড ধরে চলা এই শট্টিতে প্রতারক আদমের অসহায়ত্ব ফুটে ওঠে।
পরের শটে মানে এক ঘণ্টা ৫২ মিনিট ৪৯ সেকেন্ডে ক্রেনে থাকা ক্যামেরায় বিরান মরুভূমি দেখানো হয়। ভয়েস ওভার-এ একদিকে আদম নূরান-নূরান বলে ডাকতে থাকেন, একইসঙ্গে নূরানের সেই প্রার্থনা সঙ্গীতটি আবহে আরো তীব্র হয়। এভাবেই রহস্যময় এক নাটকীয়তায় এক ঘণ্টা ৫৩ মিনিট ১০ সেকেন্ডে দ্য সঙ অব স্করপিয়নস-এর সমাপ্তি ঘটে।
এবং শেষ কথা
চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে অন্যতম আলোর ব্যবহার। দুর্দান্ত মুন্সিয়ানায় পিয়েট্রো জুকার ও কার্লোট স্টেইনম্যান এর সমন্বয় করেন দ্য সঙ অব স্করপিয়নস-এ। আলো-আঁধারি খেলায় ক্যামেরাকে সঙ্গে নিয়ে দুর্দান্তভাবে তারা চরিত্রগুলোর রহস্যময়তা, অসহায়ত্বকে ফুটিয়ে তোলেন। বিশেষ করে মুমূর্ষু বৃদ্ধটিকে বাঁচাতে নূরান রাতে যখন প্রার্থনা-সঙ্গীত শুরু করেন, তখন কাঠ দিয়ে জ্বালানো আগুনের আবছা আলোয় চিকিৎসা দেখতে আসা মানুষের মুখগুলো যেনো অসহায়ত্বেরই প্রতিনিধিত্ব করে। আবার প্রয়োজন অনুযায়ী কিছু দৃশ্যে চারপাশ একদম অন্ধকারই ছিলো। পোড়োবাড়ির পাশের সড়কে বিচ্ছুর কামড় খেয়ে পড়ে থাকা লোকটিকে বাঁচানোর জন্য গেলে নূরান ও তার মধ্যে ধস্তাধস্তি থেকে ধর্ষণ হওয়া পর্যন্ত আলোর ব্যবহার দর্শককে সমস্যায় ফেলেনি। তবে কিছু কিছু জায়গায় স্বল্প আলোতেও একটু বেশি উজ্জ্বল লেগেছে। হারিকেন হাতে নূরান ও আমিনা আদমকে খুঁজতে যাওয়ার দৃশ্যে এক্সপোজার বেশি চোখে পড়ে। হারিকেনের এমন উজ্জ্বল আলো একটু অবাস্তবই মনে হয়।
দ্য সঙ অব স্করপিয়নস-এ মরুভূমির ল্যান্ডস্কেপ ভিউগুলোও চমৎকার ছিলো। পূর্ব আকাশে সূর্য উঠলে নূরানের বেরিয়ে পড়া, বিস্তীর্ণ মরুভূমির মধ্যে মরুচারীদের উট নিয়ে চলাফেরা, বিরানভূমির মধ্য দিয়ে গাড়ি চলাচল--দৃশ্যগুলো মরুভূমিকে একেবারে আলাদা রূপে হাজির করে। সবমিলিয়ে চরিত্রগুলো যেনো মরুভূমিতে মিশে যায়, বাড়তি কোনো কিছু সৃষ্টি করে না।
সামগ্রিক বিবেচনায়, দ্য সঙ অব স্করপিয়নস সিনেমাটোগ্রাফির এক নিজস্ব শৈলী নিয়ে হাজির হয়েছে, যা বর্তমানের চলচ্চিত্রে প্রায় বিরল!
লেখক : মো. সাকিবুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। পাশাপাশি তিনি সংবাদ সংস্থা ফোকাস বাংলা’র ফটো সাংবাদিক হিসেবে কর্মরত।
Sakibul.mcj@gmail.com
http://www.facebook.com/sakibulal.faravi
তথ্যসূত্র ও টীকা
১. https://cutt.ly/tblt7B7; retrieved on: 28.04.2021
২. হায়দার, কাজী মামুন (২০১১); ‘চলচ্চিত্র তত্ত্ব মিজ-অঁ-সেন’; অপ্রকাশিত প্রবন্ধ।
৩. আবদুল হাই, হাসনাত (২০১৫ : ৭৪); ‘কারিগরি ভাষা’; চলচ্চিত্রের নান্দনিকতা; বেঙ্গল পাবলিকেশন্স লিমিটেড, ঢাকা।
৪. প্রাগুক্ত; আবদুল হাই (২০১৫ : ৭৪)।
৫. প্রাগুক্ত; আবদুল হাই (২০১৫ : ৭৫)।
বি.দ্র. এই প্রবন্ধটি ম্যাজিক লণ্ঠন ২১তম সংখ্যা, জুলাই ২০২১ এ প্রকাশিত হয়েছে।
এ সম্পর্কিত আরও পড়ুন