প্রকাশিত ২৪ নভেম্বর ২০২৬ ১২:০০ মিনিট
অন্যকে জানাতে পারেন:

কোথায় পালাবে তুমি, কোথায় হারাবে
ইন্ডাস্ট্রি হিসেবে শত বছর পেরিয়েছে বলিউড। দীর্ঘ এ পথ চলাতে নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে এই ইন্ডাস্ট্রি। এগুলোর ধরনও নানা মাত্রিক--পরিবারতন্ত্র, স্বজনপ্রীতি, তারকাপ্রথা, নির্মম ব্যবসায়িক প্রবণতার সঙ্গে বছরে সবচেয়ে বেশি চলচ্চিত্র নির্মাণ আর বিশাল বাজার তো আছেই। পাশাপাশি আরো একটি লক্ষণীয় বিষয় হলো, বলিউডে ‘কেবল গুটি কয়েক প্রোডাকশন হাউজের হাতে কাজ রয়েছে। বাকি মানে এই ইন্ডাস্ট্রিতে যারা পেশাদারিত্বের সঙ্গে কাজ করতো কিংবা যারা ছোটো ছোটো প্রযোজক ছিলো, যারা সবকিছু দিয়ে কাজ করতো তাদের অবস্থা খুবই খারাপ।’১ নতুন করে সেখানে যোগ হয়েছে প্রভাবশালী নায়ক-নায়িকাদের নিজস্ব প্রযোজনা সংস্থা। আবার কিছু ক্ষেত্রে নায়ক-নায়িকা জুটি বেঁধে একই চলচ্চিত্রে অর্থ লগ্নি করছে। দিনশেষে তাই ইন্ডাস্ট্রির নিয়ন্ত্রণ ও পুঁজির প্রবাহ মুষ্টিমেয় কিছু লোকের হাতেই থেকে যাচ্ছে। আর তাদের হাত ধরে পরিবারতন্ত্রের বাইরে নতুন অভিনয়শিল্পীরা যে খুব বেশি সুযোগ পায়/পেয়েছে, তা অন্তত বৃহত্তর এই ইন্ডাস্ট্রিতে দৃষ্টিগোচর হয় না। ফলে সংগ্রাম করে উঠে আসা অভিনয়শিল্পীরা ইন্ডাস্ট্রি থেকে তাদের প্রাপ্য সুযোগ বঞ্চিত হয়/হচ্ছে। সম্প্রতি সুশান্ত সিং রাজপুত-এর মৃত্যু বলিউডের এ ধরনের নেতিবাচক দিককেই সামনে নিয়ে আসে।
সুশান্তের মৃত্যু এবং তা নিয়ে উঠে আসা সেইসব আলোচনাকে বোঝার জন্য এখানে দুটি চলচ্চিত্রের টেক্সটের সহায়তা নেওয়া হয়েছে--১৯৬৬ খ্রিস্টাব্দে নির্মিত সত্যজিৎ রায়-এর নায়ক, অন্যটি ২০১২ তে মধুর ভান্ডারকর নির্মিত হিরোইন। দুটি চলচ্চিত্রই মূলত ইন্ডাস্ট্রির মানুষদের জীবন নিয়ে। নায়ক প্রতিষ্ঠিত একজন অভিনয়শিল্পীর গল্প; যিনি সফলতার চূড়ায় পৌঁছে তার মানসিক অবস্থা বর্ণনা করছেন। বর্ণনার একপর্যায়ে উঠে আসে তার অতীত, বর্তমান ও ভবিষ্যতের নানা সঙ্কটের কথা। আর হিরোইন-এ বলা হয়েছে উঠতি একজন নারী অভিনয়শিল্পীর গল্প, যার অবস্থান ইন্ডাস্ট্রিতে অনেকটা সুশান্তের মতোই; যিনি সংগ্রামের মধ্য দিয়ে ইন্ডাস্ট্রিতে টিকে থাকার চেষ্টা করেন এবং ধীরে ধীরে এগিয়ে যান। এই চলচ্চিত্র দুটির টেক্সটের সঙ্গে মিলিয়ে সুশান্তের সংগ্রাম, টিকে থাকার লড়াই এবং তার শেষ পরিণতি বোঝার চেষ্টা করা হয়েছে।
এ খাঁচা ভাঙবো আমি কেমন করে
১৯৮৬ খ্রিস্টাব্দে বিহারের পাটনায় মধ্যবিত্ত পরিবারে জন্ম সুশান্তের। বাবা সরকারি কর্মচারী। দশম শ্রেণিতে পড়ার সময়ই সুশান্তের মা পৃথিবীর মায়া ত্যাগ করেন। এরপর পুরো পরিবার চলে যায় দিল্লিতে। সেখানেই স্কুলজীবন শেষ করেন। মধ্যবিত্ত পরিবারগুলোতে যেমনটা হয় আরকি--সর্বোচ্চ স্বপ্নকে ধরতে চাওয়ার আকাঙ্ক্ষা, সন্তানের মাধ্যমে বাবা-মার অপূর্ণ স্বপ্ন পূরণ, ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হওয়া ইত্যাদি--সুশান্তের ক্ষেত্রেও এর ব্যত্যয় ঘটেনি। ফলে পড়ালেখা ছাড়া ওই বয়সে দৃশ্যত তেমন কিছুই করা হয়ে ওঠেনি সুশান্তের। তারপরও গোপনে তিনি ঠিকই নিয়মিত প্রিয় বিষয় জ্যোতির্বিজ্ঞানের বই পড়তেন আর শাহরুখ খান-এর চলচ্চিত্র দেখতেন। কোনোভাবে হয়তো তিনি আকাশের তারা আর গণমাধ্যমের ‘তারা’ শাহরুখের মিল খুঁজে পেয়েছিলেন। আবার এমনও হতে পারে নিজে সেই ‘তারা’ হওয়ার স্বপ্ন দেখতেন! কিন্তু এগুলোর তোয়াক্কা তো আর পরিবার করে না। তাদের কাছে ডাক্তার, ইঞ্জিনিয়ারই আকাশ ও বাস্তবের ‘তারা’! ফলে সেই তারা হওয়ার চাপেই সুশান্তকে বিভোর থাকতে হয়েছে। বিসর্জন দিতে হয়েছে নিজের স্বপ্নকে।
যদিও সুশান্ত বাবা-মার দেখানো পথে ভালোভাবেই হেঁটেছেন; নিজের সর্বোচ্চ দিয়ে শুধু লেখাপড়াটাই করেছেন; ফলে সাফল্যও ধরা দিয়েছে পর্যায়ক্রমে। কলেজে থাকতেই নির্বাচিত হয়েছিলেন পদার্থবিজ্ঞানে দেশসেরা জাতীয় অলিম্পিয়াডে। এবং সর্বশেষ ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার মেধা তালিকায় সপ্তম হয়ে ভর্তি হন দিল্লি কলেজ অব ইঞ্জিনিয়ারিং-এ। পরিবার থেকে ইঞ্জিনিয়ার করে তোলার চাপ এবং কলেজে পড়ালেখার চাপ থাকলেও এই পর্যায়ে এসে তিনি নিজেকে খুঁজে পান নাচ ও অভিনয়ে। কিছুদিন কলেজে অতিবাহিত হওয়ার পর সময় নিয়ে ভেবে এবার ঠিকই নিজের ভালো লাগার পথে পা বাড়ান সুশান্ত। পুরোপুরি মনোনিবেশ করেন নাচ ও পরে অভিনয়ে। অবশ্য ইঞ্জিনিয়ারিং কলেজে এর জন্য অল্প সময়ে সুশান্ত বেশ পরিচিত মুখ হয়ে ওঠেন। সেই সময়টাতে কলেজের এক অনুষ্ঠানে মঞ্চনাটকে সুশান্তের অভিনয়ে মুগ্ধ হয়ে একতা কাপুর তাকে টিভি সিরিয়ালে অভিনয়ের প্রস্তাব দেন। ততোদিনে অবশ্য লেখাপড়াতে তার বেশ কয়েকটা ব্যাকলগ। সুশান্তের কাছে এই উদ্যমতার বয়সটা হয়তো সুকান্ত ভট্টাচার্য-এর ‘আঠারো বছর বয়স’ কবিতার মতোই এসে ধরা দিয়েছিলো--
আঠারো বছর বয়স ভয়ঙ্কর
তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা,
এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর
এ বয়সে কানে আসে কত মন্ত্রণা।
একদিকে লেখাপড়ায় ব্যাকলগ অন্যদিকে অভিনয়ের সুযোগ। এমন পরিস্থিতিতে অভিনয়কে পুঁজি করে দিল্লি ছেড়ে মুম্বাই যান সুশান্ত। পারিবারিক অনুশাসনে বেড়ে ওঠা সুশান্তের ভিতরে থাকা যন্ত্রণাটা স্বাধীনতার দেখা পেয়ে একসময় মন্ত্রণায় রূপ নেয়। আর এই মন্ত্রণা এতোটাই তীব্র্র রূপ নেয় যে, ভারতের মতো একটি বৃহৎ জনসংখ্যার দেশে ইঞ্জিনিয়ারিংয়ে সপ্তম স্থান অধিকারী সুশান্ত পড়াশোনাটাই শেষ করতে পারেন না! অতীতের সব অ্যাকাডেমিক অর্জনকে পর করে তৃতীয় বর্ষে লেখাপড়াটাই ছেড়ে দেন!
দিল্লিতে যাওয়ার পর টিভি সিরিয়াল-এ কাজ করা খানিকটা পিছিয়ে যায়। বুঝতে পারলেন এ যাত্রাটাও তার জন্য সহজ হবে না। তখন মুম্বাইয়ে টিকে থাকতে শুরু করেন টিউশনি। পাশাপাশি চলতে থাকে থিয়েটার-এ অভিনয়। এভাবেই চলে বেশকিছু দিন। এর মধ্যে দেশ ও দেশের বাইরে বেশ কয়েকটি অনুষ্ঠানে ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসেবে তিনি কাজ করেন। শেষপর্যন্ত ২০০৮-এ ‘কিস দেশ মে হ্যায় মেরা দিল’ নামে টেলিভিশন ধারাবাহিকে পার্শ্বচরিত্রে কাজের সুযোগ পান সুশান্ত। অবশ্য টিভি নাটকে পার্শ্বচরিত্র থেকে প্রোটাগনিস্ট হতে তার খুব বেশি সময় লাগেনি। পরের বছরই প্রোটাগনিস্ট চরিত্রে অভিনয় করেন ‘পবিত্র রিস্তা’য়। দুই বছরে কয়েকটি টিভি সিরিয়াল, রিয়েলিটি শোতে কাজ করে খানিকটা পরিচিতিও পান। সবমিলিয়ে দুর্দান্ত সময় যাচ্ছিলো সুশান্তের, অপেক্ষা করতে থাকেন আরো ভালো কিছুর। তবে এর মধ্যে নিজেকে আরেকবার ঝালিয়ে নেওয়ার প্রয়োজন বোধ করেন তিনি। সেই বোধ থেকে অভিনয় শিখতে পাড়ি জমান আমেরিকায়। ভর্তি হন ইউনির্ভাসিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস (ইউ সি এল এ)-এ। সেখানেও তিনি পুরো কোর্স শেষ করতে ব্যর্থ হন। ফিরে আসেন দেশে।
পরের গল্পটা এগিয়ে যাওয়ার
শুরু থেকেই চলচ্চিত্রে নিজেকে ভিন্নভাবে উপস্থাপনের একটা আগ্রহ ও চেষ্টা ছিলো সুশান্তের। ফলে উপরে উঠতে হবে, রাতারাতি তারকাখ্যাতি পেতে হবে এ নিয়ে তার খুব বেশি তাড়া ছিলো না। তাই প্রত্যেক ক্ষেত্রে চেষ্টা করেছেন নিজেকে নিয়ন্ত্রণে রেখে বুঝে-শুনে কাজ করার। এজন্য নিজেকে প্রস্তুত করে করে এগিয়েছেন তিনি। যে গুণ তাকে সময়ের সঙ্গে আলাদাও করেছে। টিভি নাটকে কাজের সময় সুশান্তের বেশ কয়েকটা চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব আসে। কিন্তু তিনি তাড়াহুড়ো করেননি; বরং সময় নিয়েছেন নিজেকে প্রস্তুত করতে। চলচ্চিত্র-সংশ্লিষ্ট পড়াশোনা ও সেই সঙ্গে দেশের বাইরে গিয়ে অভিনয় শেখা--দুইয়ে দুইয়ে মিলে গিয়েছিলো। সময়টা তখন ২০১১। অভিনয় শেখার কোর্স একেবারে শেষদিকে, সেটা অসম্পূর্ণ রেখেই আমেরিকা থেকে দেশে ফেরেন।
তবে এবারের ছেড়ে আসাটা ছিলো সুশান্তের জন্য আনন্দের--অভিষেক কাপুর-এর কাই পো চে-তে কাজ করতে--যার মাধ্যমে বড়ো পর্দায় অভিষেক হয় তার। প্রখ্যাত লেখক চেতন ভগত-এর উপন্যাস অবলম্বনে তিন অন্তরঙ্গ বন্ধুর জীবনের গল্প বলা চলচ্চিত্রটিতে সুশান্তের দুই বন্ধুর চরিত্রে অভিনয় করেন রাজকুমার রাও ও অমিত সাধ। তবে সমালোচকের দৃষ্টিতে এগিয়ে থাকেন সুশান্তই। কেননা কথা বলার ঢঙ, চোখের চাহনি কিংবা শারীরিক ভঙ্গি দেখে বোঝার উপায় নেই, এটি তার প্রথম চলচ্চিত্র! এক্ষেত্রে সুশান্ত অভিনীত দুয়েকটি শটের কথা বলতেই হয়। বিশেষ করে নদীর সামনে দাঁড়িয়ে তার সেই আইকনিক সংলাপ, ‘ওরে একটু চুপ কর, তোর কাঁচা পয়সার ঝনঝনানিতে আমার হাওয়ার দাম কমে আসছে ওয়াকা!’ আবার একেবারে শেষ শটে হিন্দু-মুসলিম দাঙ্গায় একজনকে খুন করার উদ্দেশ্যে বন্ধু অমিত-এর করা গুলি গিয়ে লাগে সুশান্তের বুকে। সেই সময় তার অভিব্যক্তিতে কোনো চিৎকার নেই, অযথা কাতরানো নেই; আছে নিঃশব্দে ঢলে পড়া! কয়েক সেকেন্ডের এক শটে গুলি লাগার যন্ত্রণা, বন্ধুর হতাশা, জীবনের অবসান, অন্যকে বাঁচানোর আনন্দ--সব উঠে আসে। এর মধ্য দিয়ে সুশান্ত অভিনয় জীবনের প্রথম ধাপটা ভালোভাবেই উতরিয়ে যান।
২০১৩ তে মুক্তি পায় সুশান্তের দ্বিতীয় চলচ্চিত্র শুদ্ধ দেশি রোমান্স। যেখানে সুশান্তের বিপরীতে ছিলেন পরিণীতি চোপড়া ও বাণী কাপুর। এবং আগের সিরিয়াস চরিত্রের সঙ্গে এতে তিনি যোগ করেন প্রেম আর কমেডি। এই তিনের মিশ্রণে নিজেকে উপস্থাপনের যে চ্যালেঞ্জ ছিলো, তাতেও মুন্সিয়ানার পরিচয় দেন সুশান্ত। অর্থাৎ শুরু থেকেই তিনি নানা চরিত্রে নিজের মান স্থির রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা চালান। এরপর ২০১৪ তে রাজকুমার হিরানি’র ব্যবসাসফল পিকেতে দেখা যায় তাকে। যেখানে তার সহশিল্পী ছিলেন আমির খান, বোমান ইরানি ও আনুশকা শর্মা’র মতো অভিনয়শিল্পীরা। এর মাধ্যমে প্রথম কোনো গুরুত্বপূর্ণ নির্মাতার হাতে পড়েন তিনি; যদিও চরিত্রের পরিসর ছোটো ছিলো। তবে নতুন পথে এই সুযোগের গুরুত্ব বুঝে তিনি নিজেকে মেলে ধরেন স্বমহিমায়। জানা যায়, চলচ্চিত্রটিতে অভিনয়ের জন্য সুশান্ত কোনো ধরনের পারিশ্রমিকই নেননি! রাজকুমার হিরানির সঙ্গে কাজ করাটাই ছিলো তার সবচেয়ে বড়ো পাওয়া।
পরের বছর সুশান্ত অভিনয় করেন ডিটেকটিভ ব্যোমকেশ বকশিতে, বাংলা সাহিত্যের অন্যতম গোয়েন্দা ব্যোমকেশ চরিত্রে। গল্পের প্রেক্ষাপট ১৯৪০-এর দশক; স্বাভাবিকভাবে চরিত্র ধারণে তাকে অনেকটা ত্যাগ স্বীকার করতে হয়। সেজন্য মিশেছেন কলকাতার মানুষজনের সঙ্গে তাদের শারীরিক ভাষা বুঝতে, তাদের মতো করে কথা বলা আয়ত্তে আনতে। এতোকিছুর পরও তিনি যেনো চরিত্রের সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে পারছিলেন না। তাই বন্ধ করে দেন নিজের স্মার্ট মোবাইল ফোনসেটটিও। প্রায় চার মাস ছিলেন স্মার্টফোন ছাড়াই! যাতায়াতের জন্য ত্যাগ করেছিলেন ব্যক্তিগত গাড়িও।২ কারণ ব্যোমকেশ বকশি চলাফেরা করতেন পাবলিক ট্রান্সপোর্র্টে, নাহয় রিকশায়। এভাবে চরিত্র ধারণ করে অভিনয় করে যাওয়াটা খুব কমই দেখা যায় উঠতি অভিনয়শিল্পীদের ক্ষেত্রে।
সুশান্তের এই ত্যাগ বা পরিশ্রম সর্বোপরি তার অভিনয়, সমালোচকের নজর কাড়লেও তখনো সব শ্রেণির দর্শকের মনে দাগ কাটেনি। যে সুযোগটা আসে ২০১৬ খ্রিস্টাব্দে, ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি’র জীবনীনির্ভর চলচ্চিত্রে। স্ক্রিপ্ট ও অন্যান্য পরিকল্পনা থেকে সুশান্ত বুঝতে পারেন, ধোনির মতো তাকেও ক্রিকেট খেলা শিখতে হবে পর্দায় চরিত্রটি ফুটিতে তুলতে। অবশ্য ধোনির ব্যক্তিগত জীবন ও ক্রিকেটিয় ঢঙকে পর্দায় হাজিরের জন্য টানা দেড় বছর ক্রিকেটারদের মতো সুশান্তকেও নেট প্র্যাকটিস ও ধোনির সঙ্গে সময় কাটাতে হয়।
এক্ষেত্রে কাই পো চের অভিজ্ঞতা তাকে কিছুটা হলেও সাহায্য করে। অবশ্য ওই চলচ্চিত্রে ক্রিকেটারের চরিত্রে অভিনয় করলেও সেসময় তাকে খেলা শিখতে হয়নি। কাজেই পরিচিত মুখ ধোনিকে পর্দায় হাজির করাটা সুশান্তের জন্য বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। এতে করে তাকে প্রথমে ক্রিকেট শিখতে হয়; দ্বিতীয়ত, ব্যক্তি ধোনির ক্রিকেট নিয়ে বোঝাপড়া ও তার ব্যক্তিত্বকে নিজের মধ্যে ধারণ করে তারই ছায়া হয়ে উঠতে হয়। শেষপর্যন্ত ধোনিকে তিনি এতোটাই আত্মস্থ করেন যে, কাছ থেকে যারা ধোনিকে ভালোভাবে খেয়াল করে দেখেনি তারা সুশান্তকেই ধোনি ভাবতে শুরু করে! ধোনিকে নিয়ে এই বোঝাপড়াটা ছিলো সুশান্তের ভাষায়, ‘ট্রেনিং নিয়ে আমি হয়তো ধোনির মতো ক্রিকেট খেলতে পারবো। প্লাস্টিক সার্জারি করে নিজের অবয়ব প্রায় তার মতোই করে ফেলতে পারবো। কিন্তু ধোনি কীভাবে চিন্তা করেন তা হয়তো পেরে উঠবো না!’৩ সুশান্ত এ কথা কেনোইবা বলবেন না, ধোনির সঙ্গে দেখা করতে গেলে তিনি রীতিমতো প্রশ্নের ডালি নিয়ে হাজির হতেন; খুঁটিয়ে খুঁটিয়ে জানতেন তাকে। একবার তো ধোনির কাছে তিনি প্রায় আড়াইশো প্রশ্ন নিয়ে হাজির হন! যেকারণে শুরুতে সুশান্তের প্রশ্নে ভালোভাবে সাড়া দিলেও একপর্যায়ে হাঁপিয়ে উঠতেন ধোনিও।
এম.এস. ধোনি : দ্য আনটোল্ড স্টোরির দুই একটি শটের কথা না বললেই নয়। চলচ্চিত্রের ৫০ মিনিটে রনজি ট্রফি খেলতে যায় ধোনি ও তার দল। প্রতিপক্ষ দলের অধিনায়ক যুবরাজ সিং। দলের যখন একের পর এক উইকেট পড়ছে, তখন মাঠে নেমেই যুবরাজ-এর প্রথম বলে ছক্কা হাকান ধোনি। ঠিক পরের মুহূর্তেই ধোনি ও যুবরাজের মধ্যে চাহনি বিনিময় হয়--যা আত্মবিশ্বাস, বিনয় আর আক্রমণের এক দুর্দান্ত সমাহার! এছাড়া বাস্তবে ধোনি যখন বিশ্বকাপের ফাইনাল ম্যাচ জেতানো ছক্কাটা মারেন, তখন তার মুখের একটা ক্লোজ শট্ নেওয়া হয়। রাতারাতি বিশ্বজুড়ে এই শট্টা বিখ্যাত হয়ে ওঠে। এখনো ভারতের ২০১১ বিশ্বকাপ স্মরণ করতে গেলে হয়তো ধোনির ওই ছক্কা ও অভিব্যক্তিটা সবার আগে মাথায় আসে। এই শট্টিও পর্দায় একই মহিমায় হাজির করেন সুশান্ত। এক সেকেন্ডের ওই শট্টি বিশ্বাসযোগ্য করে তোলাটা হয়তো এই চলচ্চিত্রের সবচেয়ে কঠিন কাজ ছিলো। সবমিলিয়ে চলচ্চিত্রটির মাধ্যমে নিজের ক্যারিয়ার গ্রাফটাই পাল্টে নেন সুশান্ত। যাকে সে অর্থে কেউ চিনতোই না, তিনিই বলিউডে একটা অবস্থান তৈরি করে নেন।
এরপর দিনেশ বিজান-এর প্রথম চলচ্চিত্র রাবতায় (২০১৭) অভিনয় করেন তিনি। যার গল্প কাল্পনিক প্রেক্ষাপটে পুনর্জন্মের প্রেম নিয়ে। চলচ্চিত্রটির সেট ডিজাইন, পোশাক ও অভিনয় গতানুগতিক হওয়ায় তা খুব বেশি মানুষকে টানতে পারেনি। যদিও বরাবরের মতো সুশান্ত প্রচুর শ্রম দিয়েছিলেন। চলচ্চিত্রে অস্ত্র চালানোর দৃশ্য থাকায় নিজেকে উপস্থাপনে তিনি দ্ইু মাস প্রশিক্ষণ নিয়েছিলেন। শেষমেষ চলচ্চিত্রটি ভালো ব্যবসা করতে না পারলেও অভিনয়শিল্পী হিসেবে তিনি ঠিকই একধাপ এগিয়ে যান।
সুশান্তের পরবর্তী চলচ্চিত্র কেদারনাথ (২০১৮)। উত্তরখণ্ডের বন্যা ও সেখানকার দুই ধর্মের (হিন্দু-মুসলিম) মানুষের প্রেমকাহিনি ঘেরা এ চলচ্চিত্রের জন্য আগের চেয়েও তাকে অনেকখানি শ্রম দিতে হয়। কেননা চলচ্চিত্রে কেদারনাথ মন্দিরে আসা দর্শনার্থীদের পিঠে বহন করে পাহাড়ে ওঠানোই ছিলো তার কাজ। নির্মাতা অভিষেক কাপুর এতে সুশান্তের অভিনয় প্রসঙ্গে বলেন,
এ ধরনের কাজ হয়তো সব অভিনেতার পক্ষে সম্ভব নয়। আর রিটেকের কথা তো বলাই যেতো না। অনেকেই হয়তো রাজীই হতেন না। রাজী হলেও বডি ডাবল করে শট্ নিতে বলতেন। কিন্তু সুশান্ত এ কাজে কখনো কোনো ধরনের ইস্যু তৈরি করেননি। একের পর এক রিটেক হাসিমুখেই করতেন। আর বডি ডাবল করে শট নেওয়ার কথা বললে খুব মন খারাপ হয়ে যেতো ওর।৪
এতো পরিশ্রমের পরও চলচ্চিত্রটি ফ্লপ হয় এবং ঢাকা পড়েন সুশান্ত। যদিও এর পিছনে নানা কারণ ছিলো।
পরের বছর সুশান্তের তিনটি চলচ্চিত্র সোনচিড়িয়া, ড্রাইভ ও ছিছোরে মুক্তি পায়। সোনচিড়িয়া বিহার অঞ্চলের একটি ডাকাত দলের কাহিনি অবলম্বনে নির্মিত। চলচ্চিত্রটি সমালোচকদের কাছে ব্যাপক সমাদৃত হলেও ভালো ব্যবসা করতে পারেনি। ২৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত চলচ্চিত্রটি মাত্র সাড়ে ছয় কোটি টাকা তুলে আনতে সক্ষম হয়। তবে ডাকাতের চরিত্রটি ভালোভাবেই ফুটিয়ে তোলেন সুশান্ত। যেখানে তার উপস্থিতি এতোটাই গ্লামারবিহীন যে, দেখে একবারের জন্যও তাকে ‘নায়ক’ মনে হয় না! আর ড্রাইভও সেই অর্থে তেমন কোনো আলোচনার জন্ম দিতে পারে না। এর পিছনে বেশকিছু কারণ রয়েছে, পরে এ বিষয়ে আলোচনা রয়েছে। অন্যদিকে ছিছোরে ঠিকই দর্শক-মনে দাগ কাটতে সক্ষম হয়; অল্প সময়ের মধ্যেই প্রবেশ করে একশো কোটির ক্লাবেও। কারণ হিসেবে উল্লেখ করা যায় গল্প ও চিত্রনাট্যের বুনন, অভিনয়, সেই সঙ্গে হাজারো শিক্ষার্থীর মনের কথা তুলে ধরা। এই চলচ্চিত্রেও বেশকিছু চ্যালেঞ্জ নিতে হয় তাকে। কারণ, যে বয়সে এই ধরনের চরিত্রে অভিনয়ের ঝুঁকি উঠতি অভিনয়শিল্পীদের নেওয়ারই কথা নয়, তিনি সেটাই করে দেখান! এখানে একইসঙ্গে একজন কলেজপড়ুয়া, মাঝবয়সি বাবা ও প্রোটাগনিস্ট চরিত্রে দেখা মিলে তার। বাবা চরিত্রে সুশান্ত যখন পর্দায় হাজির হন তখন তিনি কতোটা ধীর! ঠিক বিপরীত তার কলেজপড়ুয়া চরিত্র, যেখানে বয়সের সমস্ত অস্থিরতা স্পষ্ট! বিশেষ করে চলচ্চিত্রটির ২০ মিনিট ৪০ সেকেন্ডে যখন রাঘব হাসপাতালে ভর্তি, অভিমানী বাবা তখন বলছেন, ‘দুই বছর ধরে তোর জন্য অপেক্ষা করছি। আজ পরীক্ষা, কাল এক্সট্রা ক্লাস। এই বলে আর কতোদিন অপেক্ষা করাবি বলতো!’ স্ত্রীর সামনে ছেলের অবস্থা বলতে গিয়ে মনে হচ্ছিলো, কেঁদে ফেলবেন; কিন্তু কাঁদলেন না। সেইসঙ্গে কলেজে প্রথমবার নায়িকার সঙ্গে কথা বলতে গিয়ে জড়িয়ে যাওয়া--এসব দৃশ্যেও সুশান্ত মুন্সিয়ানার পরিচয় দেন। বলা যায় এম.এস. ধোনি : দ্য আনটোল্ড স্টোরি দিয়ে তিনি দর্শককে তার অভিনয়ে মুগ্ধ করেন। আর ছিছোরেতে গ্লামারবিহীন চরিত্রে উপস্থাপন করে নিজেকে নিয়ে যান ক্যারিয়ার-এর সর্বোচ্চ অবস্থানে। এই চলচ্চিত্রের সাফল্যের ধারাবাহিকতা এবং অভিনয় নৈপুণ্যে বেশ কয়েকটি বড়ো বাজেটের চলচ্চিত্রের প্রস্তাব পান সুশান্ত। এর মধ্যে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হলেও পরে তাকে সরিয়ে দেওয়া হয় বা সরে আসতে বাধ্য করা হয়।
আত্মহত্যা যে সমস্যার সমাধান হতে পারে না--এই গল্পের ছিছোরে ছিলো জীবিত অবস্থায় সুশান্তের মুক্তিপ্রাপ্ত শেষ চলচ্চিত্র। অথচ ২০২০ খ্রিস্টাব্দের ১৪ জুন মুম্বাইয়ের বাড়ি থেকে সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। কারণ হিসেবে উঠে আসে বেশ কয়েকটি ঘটনা। পুলিশের দাবি সুশান্ত ছয় মাস ধরে অবসাদে ভুগছিলেন, চলছিলো চিকিৎসাও। কিন্তু কী ছিলো সেই অবসাদের কারণ? তার মৃত্যু প্রশ্ন তোলে খোদ ইন্ডাস্ট্রির বিরুদ্ধে। বের হতে থাকে সর্ববৃহৎ চলচ্চিত্র ইন্ডাস্ট্রির না দেখা চালচিত্র।
খাঁচা ভাঙা এতো সহজ ছিলো না
বলিউড ইন্ডাস্ট্রির বিরুদ্ধে অভিযোগ অনেক--রন্ধ্রে রন্ধ্রে পরিবারতন্ত্র, স্টারকিড’দের প্রাধান্য, মিডিয়া কাভারেজ দিয়ে সত্যকে মিথ্যায় রূপান্তর, চলচ্চিত্রের গল্পের চেয়ে মুখ্য যৌনতা, জুরি বোর্ড-এ বসে নিজেদের প্রযোজিত চলচ্চিত্র নিয়ে স্বজনপ্রীতি। এছাড়া প্রযোজক ও নির্মাতাদের কাছে ভালো অভিনয়ের কদর খুব সামান্যই এবং ইন্ডাস্ট্রি সংশ্লিষ্টদের সন্তানের বাইরে অন্যদের সুযোগ করে নিতে বেশ কাঠখড় পোড়াতে হয়। এসব নিয়ে আলোচনা বলিউডে কমবেশি ছিলো সবসময়। সুশান্তের মৃত্যুতে সেই আলোচনা আরো বেগ পায়। অভিযোগের পক্ষে-বিপক্ষে কথা বলতে থাকে সেখানকার প্রযোজক, নির্মাতা ও অভিনয়শিল্পীরা।
সুশান্তের মৃতদেহ উদ্ধারের পর মৃত্যুর কারণ হিসেবে পুলিশ উল্লেখ করে, দীর্ঘদিন ধরে মানসিকভাবে অবসাদে থাকাকে। সেই মানসিক অবসাদের কারণ খুঁজতেই এই আলোচনার অবতারণা। পাঠক, একটু ভাবুন; আপনাকে দিয়ে কোনো একটা কাজ করাবে বলে আপনি ‘ক’-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। সেজন্য ‘ক’ আপনাকে পারিশ্রমিকও দিয়েছে। কিন্তু পরে জানতে পারলেন আপনাকে দিয়ে সেই কাজটা করানো হচ্ছে না। কেনো করানো হবে না, সেই কারণটা অজ্ঞাত। পর পর একই ঘটনার পুনরাবৃত্তি হতে থাকলে তা মেনে নেওয়াটা আপনার জন্য কষ্টকর নয় কি? ঠিক এমন পরিস্থিতির মধ্য দিয়ে সুশান্তকে বেশ কয়েকবার যেতে হয়। এছাড়া তার অভিনীত চলচ্চিত্রও হয়েছে নানাভাবে বৈষম্যের শিকার।
প্রথম চলচ্চিত্রটি ব্যবসাসফল হলে সুশান্তকে নিয়ে নির্মাতা আর প্রযোজকদের আগ্রহ জন্মায়। কয়েকটি চলচ্চিত্রে কাজের সুযোগ পান তিনি। প্রথমে এগিয়ে আসেন প্রযোজক মুকেশ ভাট ও মহেশ ভাট আশিকি টুতে তাকে দিয়ে কাজ করাবেন বলে। অডিশনও নেওয়া হয়। সবকিছু ঠিকঠাকের পর শেষপর্যায়ে এসে আদিত্য রায় কাপুরকে দিয়ে চলচ্চিত্রটির প্রধান চরিত্র করানো হয়। একই বছর সঞ্জয় লীলা বানশালী’র সঙ্গে কাজের প্রস্তাব পান সুশান্ত। ততোদিনে তিনি চুক্তিবদ্ধ হন ইয়াশ রাজ ফিল্মস-এর সঙ্গে শুদ্ধ দেশি রোমান্স-এ। ইয়াশ রাজ ফিল্মস-এ যুক্ত থাকায় তাকে গালিও কি রাসলীলা রাম-লীলাতে অভিনয়ের সুযোগ ফিরিয়ে দিতে হয়। পরে অবশ্য ২০১৫ তে বানশালী বাজিরাও মাস্তানিতে সুশান্তকে নিয়ে কাজের আগ্রহ দেখান। সেই সময়টাতেও শেখর কাপুর-এর পানি চলচ্চিত্রের জন্য নিজেকে প্রস্তুত করতে ব্যস্ত ছিলেন তিনি।৫ অগত্যা তাকে এবারও বানশালীর প্রস্তাব ফিরিয়ে দিতে হয়। পানির কাজে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর ইয়াশ রাজ ফিল্মস তাকে বাদ দিয়ে রণবীর সিং’কে নেয়। পরবর্তী সময়ে এ নিয়ে ইয়াশ রাজ ফিল্মস ও শেখর কাপুর-এর মধ্যে জটিলতা তৈরি হলে শেষপর্যন্ত পানির কাজ থেমে যায়। দিনশেষে সুশান্তের দুটি কাজই হাতছাড়া হয়ে যায়।
ডিটেকটিভ ব্যোমকেশ বকশির পর ২০১৬ তে ইয়াশ রাজ ফিল্মস তাদের নতুন চলচ্চিত্র বেফিকার-এ শুদ্ধ দেশি রোমান্স-এর জুটিকে পর্দায় আরেকবার হাজিরের পরিকল্পনা করে। সুশান্ত এম.এস. ধোনি : দ্য আনটোল্ড স্টোরির কারণে সময় দিতে না পারায় এবারও তারা রণবীর সিং’কে বেছে নেয়। হয়তো পানি নিয়ে ক্ষোভের কারণে এবার সুশান্ত নিজেই রাজি হননি। পরের বছর তার কাজ করার কথা ছিলো মোহিত ছুরি ও একতা কাপুর প্রযোজিত হাফ গার্লফ্রেন্ড-এ। কিন্তু ওই সময় রাবতা ফ্লপ হওয়ায় তাকে বাদ দিয়ে নেওয়া হয় অর্জুন কাপুরকে।
রাবতার পর কেদারনাথও ফ্লপ হলে পর পর দুটি চলচ্চিত্রের ব্যর্থতায় ক্যারিয়ার নিয়ে খানিকটা সঙ্কটেই পড়েন সুশান্ত। তবে কেদারনাথ দিয়ে বলিউডে অভিষেক হওয়া স্টারকিড সারা আলী খান রাতারাতি তারকাখ্যাতি পেয়ে যান। সুশান্তের হাড়ভাঙ্গা পরিশ্রম ছাপিয়ে এখানে আলোচনায় আসেন সাইফ কন্যা সারা। নির্মাতা, প্রযোজক, গণমাধ্যমসহ পুরো বলিউডপাড়া সারাকে কেদারনাথ-এর কেন্দ্রবিন্দুতে পরিণত করে। ঘটা করে প্রচারণা চলতে থাকে সারা কোন প্রমোশন অনুষ্ঠানে কী পরছেন, কতো ভালো অভিনয় করেছেন ইত্যাদি ইত্যাদি। বিপরীতে সুশান্ত হয়ে পড়েন নিষ্প্রভ। এ নিয়ে একপর্যায়ে নির্মাতার সঙ্গে তার দ্বন্দ্ব শুরু হয়। যার প্রভাবে চুক্তিবদ্ধ হওয়া বেশ কয়েকটি চলচ্চিত্র থেকে সরে আসতে হয় তাকে।
নির্মাতা রবি গ্রিয়াল-এর সঙ্গে সুশান্ত ২০১৯ খ্রিস্টাব্দে রোমিও আকবার ওয়াল্টার-এ কাজ করছেন এ বিষয়ে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নানা ধরনের সংবাদ চোখে পড়ে। চলচ্চিত্রটির ফাস্টলুক পোস্টারেও সুশান্তের উপস্থিতি লক্ষ করা যায়। অথচ সেখানে সুশান্তের পরিবর্তে জন আব্রাহাম’কে নেওয়া হয়। একই বছর ‘আর্মি ডে’ অর্থাৎ ১৫ জানুয়ারি সুশান্ত রাইফেলম্যান-এ অভিনয় করছেন বলে তার একাউন্ট থেকে টুইট করেন।৬ ১৯৬২ খ্রিস্টাব্দের ভারত-চিন যুদ্ধের প্রেক্ষাপটে রচিত গল্পে তার অভিনয়ের কথা ছিলো জাসওয়ানথ সিং রাওয়াত চরিত্রে। কিন্তু তার ঘোষণার পর থেকে গল্পটি নিয়ে আইনি জটিলতা দেখা দেয়। এবার অভিযোগ নির্মাতার বিরুদ্ধে, গল্প চুরির। কেননা এর আগে সেভেনটি টু আওয়ারস : মারটার হু নেভার ডাইড নামে চলচ্চিত্র নির্মাণের জন্য এই গল্পের স্বত্ব কিনে নেন নির্মাতা অভিনেষ দিহানি। সুশান্তকে আশা ছেড়ে দিতে হয় এ চলচ্চিত্রেরও।
এ তো গেলো এক ধরনের প্রতিবন্ধকতা। সোনচিড়িয়া (২০১৯) মুক্তির প্রায় কাছাকাছি সময়ে মুক্তি পায় জোয়া আখতার-এর গালিবয় এবং লক্ষণ উথেকার-এর লুকাছুপি। ফলে বেশি সংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া এবং মিডিয়া কাভারেজও চলে তাদের দিকে। গালিবয়-এ অভিনয় করেন রণবীর সিং ও স্টারকিড আলিয়া ভাট। এতে করে বলিউডের সমস্ত স্পটলাইট গিয়ে পড়ে গালিবয়-এর ওপর। অন্যদিকে সোনচিড়িয়ায় অভিনয় করেন সুশান্ত, ভূমি পেদনেকার, মনোজ বাজপেয়ী, রণবীর শুরে ও আশুতোষ রানা’র মতো অভিনয়শিল্পীরা। গল্প, অভিনয় সবমিলিয়ে সমালোচকদের প্রশংসা পেলেও বিপণন কৌশলে ধরা খেয়ে লগ্নি ওঠাতে ব্যর্থ হয় চলচ্চিত্রটি। গালিবয় পায় সুপারহিট ব্যবসার সঙ্গে ১৩টি ফিল্মফেয়ার পুরস্কার। অবশ্য এর প্রযোজক ‘অ্যামাজন প্রাইম’ সে বছর ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড-এর প্রধান স্পন্সর ছিলো!৭
একই বছরে সুশান্ত অভিনীত ‘নেটফ্লিক্স’-এ মুক্তি পাওয়া ড্রাইভও (২০১৯) সেই অর্থে তেমন কোনো আলোচনার জন্ম দিতে পারে না। ড্রাইভ দিয়ে করণ জোহর-এর সঙ্গে সুশান্তের কাজ শুরু হয়। তবে অভিজ্ঞতাটি একেবারেই সুখকর ছিলো না। চলচ্চিত্রটির পুরো শুটিং সম্পন্নের পর কারও অভিনয়ই ভালো না লাগায় নির্মাতা পুনরায় শ্যুটের সিদ্ধান্ত নেন।৮ এরপরও করণের অপছন্দ হওয়ায় ড্রাইভ প্রেক্ষাগৃহে মুক্তি না দিয়ে ‘নেটফ্লিক্স’-এ মুক্তি দেওয়া হয়। অন্যসব চলচ্চিত্র নির্মাণের পর করণ শুরু থেকেই যেভাবে প্রচার-প্রচারণা নিয়ে ব্যস্ত থাকেন, এই চলচ্চিত্রটির ক্ষেত্রে কেনো জানি ব্যতিক্রম ঘটে! একপর্যায়ে করণের সঙ্গেও সুশান্তের সম্পর্কের অবনতি হয়। এবং করণ তার টকশো ‘কফি উইথ করণ’ এ নানাভাবে সুশান্তকে হেয় প্রতিপন্ন করতে থাকেন। এবার করণের সঙ্গে দ্বন্দ্বের মাশুল হিসেবে হাতছাড়া হয়ে যায় সুশান্তের চুক্তিবদ্ধ হওয়া বেশ কয়েকটি চলচ্চিত্র।
২০২০-এ এসে সাডাক টুতে কাজের জন্য বেশ কয়েকবার সুশান্তের সঙ্গে মহেশ ভাট-এর কথা হয়; এবং তার কাস্টিং-ও চূড়ান্ত হয়।৯ কিন্তু আশিকি টুর মতো এবারও মহেশ ভাট সুশান্তকে বাদ দিয়ে কাজ করান আদিত্য রায় কাপুরকে। এরপর চাঁদে পা রাখা প্রথম ভারতীয় মহাকাশচারী রাকেশ সারমা’র জীবনী নিয়ে ‘সারে যাহা ছে আচ্ছা’ নামে চলচ্চিত্র নির্মাণের প্রস্তুতি চলতে থাকে। বড়ো বাজেটের এই চলচ্চিত্রে শুরুতে বলিউডের প্রথম সারির অভিনয়শিল্পী আমির খান, শাহরুখ খান ও সালমান খানকে প্রস্তাব দেওয়া হয়। তাদের অসম্মতিতে এই চলচ্চিত্রের জন্য ভাবা হয় সুশান্তকে। আবারও ঘুরেফিরে শেষদিকে এসে তাকে সরিয়ে নেওয়া হয় ভিকি কোশাল’কে। তারপরও সুশান্ত হাল ছাড়েননি। জ্যোর্তিবিজ্ঞানে আগ্রহী সুশান্ত হয়তো এবার চান্দা মামা দূর কি নিয়ে স্বপ্ন সাজাচ্ছিলেন। নির্মাতা মুকেশ ছাবরা’র সঙ্গে সবকিছু ঠিকঠাক চলায় সুশান্ত নাসা থেকে কয়েক মাসের ট্রেনিংও নিয়ে আসেন।১০ পরে বাজেট জটিলতা দেখিয়ে এই কাজও বন্ধ করে দেওয়া হয়। সর্বশেষ রুমি জাফরি’র সঙ্গে কাজ করতে যাচ্ছিলেন সুশান্ত। কিন্তু কোভিড-১৯ অতিমারির কারণে তার শুটিংও পিছিয়ে যায়।
এতোকিছুর পরও যখন সুশান্তকে থামানো যাচ্ছিলো না, তখন বলিউডের বড়ো বড়ো প্রোডাকশন হাউজ তাকে বয়কট-এর সিদ্ধান্ত নেয়। ২০২০-এর ২৭ ফেব্রুয়ারি এমনটাই উল্লেখ করে টুইট করেন, কামাল রশিদ খান তার ‘কে আর কে বক্স অফিস’ অ্যাকাউন্ট থেকে। এই টুইটকে ঘিরে পরে শুরু হয় সমালোচনা। সেই টুইটে লেখা ছিলো-- According to our sources #Dharma #ShajidNadiadwala #YRF #TSeries #SalmanKhan #DineshVijan #Balaji have banned #susantsinghRajput! So now he can do web series or TV serials only. Superb! ১১
এই টুইটের সত্যতা পাঠক পুরো আলোচনা থেকেই আন্দাজ করুন।
নায়ক আর হিরোইন-এর সমান্তরালে সুশান্ত
নায়ক জনপ্রিয়তায় শীর্ষে থাকা এক অভিনয়শিল্পীর গল্প। একজন ‘সফল’ নায়কের বাহ্যিক ইমেজ-এর চাকচিক্যের গভীরে লুকিয়ে থাকা ক্ষত এই গল্পের বিষয়। উপরে ওঠার আকাঙ্ক্ষা ও তারকাখ্যাতি একসময় নায়কের মনে নানা ধরনের ক্ষতের জন্ম দেয়। একজন নায়ক যে বিনোদন জগতের শ্রমিক ছাড়া আর কিছুই নয়; পুজির তালে চলতে গিয়ে তাকে অনেক কিছু বিসর্জন দিতে হয়; ভয়ভীতি, একাকিত্ব, অনুশোচনা এমনকি নিরাপত্তাহীনতা প্রতিনিয়ত তাকে জড়িয়ে থাকে, সেটাই বলে নায়ক। অর্থ, যশ, খ্যাতির পিছনে ছুটতে গিয়ে তাদের এতোটাই বিচ্ছিন্ন হতে হয়, নিজের বলে কিছুই আর অবশিষ্ট থাকে না। অন্যদিকে এই নায়কদের নিয়ে সাধারণের আগ্রহের কমতি নেই। দূর থেকে অনেকেই ভাবে তারা অন্য জগতের মানুষ; আবার এই তারকারাও কখনো কখনো নিজেদের আলাদা করে তুলতে সাধারণকে আগ্রহী করে। এতো সবকিছুর মধ্যে রক্তমাংসের মানুষটা কেবল হারিয়ে যায়। সত্যজিৎ এই গল্পটাই বলার চেষ্টা করেন। সঙ্গে যোগ করেন, কোনো ধরনের উত্তরাধিকার ছাড়া নিম্নবিত্ত-মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা একজনের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সংগ্রাম। একেবারে মফস্বলের একটি মঞ্চনাটকের দল থেকে উঠে আসা অরিন্দম, যিনি লড়াই করে ওই অবস্থানে গিয়ে দাঁড়িয়েছেন। অতএব তার সংগ্রামটা ইন্ডাস্ট্রির অন্য অনেকের মতো নয়। সংগ্রাম করে পথ পাড়ি দেওয়ার সময় পাশেও কেউ ছিলো না। একসময় কেউ তাকে স্টার বানাতে চেয়েছে; সেখানে কখনো তিনি সায় দিয়েছেন, কখনো তাকে নানাভাবে বাধ্য করা হয়েছে। এতোসব বাধা অতিক্রমের দৌড়ে তাকে খোয়াতে হয়েছে অনেক কিছু!
অন্যদিকে এক উঠতি নায়িকার ইন্ডাস্ট্রিতে অবস্থান ধরে রাখার সংগ্রামের গল্প হিরোইন। কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করলে একজন অভিনয়শিল্পীর হয়তো ইন্ডাস্ট্রিতে একটা অবস্থান তৈরি হয়। কিন্তু অবস্থানটা ধরে রেখে এগিয়ে যেতে স্বপ্নবান মানুষগুলোকে নানামুখী সমস্যায় পড়তে হয়। সেই সমস্যাকে কেউ পিছনে ফেলতে পারে, আবার অনেকেই পারে না। সমস্যা সমাধানে দুই ধরনের প্রবণতা লক্ষ করা যায়--প্রথমত, অভিনয়শিল্পীরা নিজেদের একান্ত প্রচেষ্টায় এগিয়ে যেতে চায়; তখন তারা নিজের লোভ ও উপরে উঠতে চাওয়ার আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণে রেখে ধীরে-সুস্থে বুঝে-শুনে এগোয়। দ্বিতীয়ত, কখনো মিডিয়া ইন্ডাস্ট্রিই কাউকে এগিয়ে নেয়; বিনিময়ে তাকে ইন্ডাস্ট্রির অনেক কিছু মেনে নিতে হয়। বেশিরভাগ অভিনয়শিল্পী অবশ্য দ্রুত এগিয়ে যেতে দ্বিতীয় প্রক্রিয়াটাকেই বেছে নেয়। এতে পুঁজির হাতে সহজেই তাকে বন্দি হতে হয়। তখন অভিনয়শিল্পীর নিজস্বতা বিকিয়ে দেওয়া ছাড়া উপায় থাকে না। ফলে তার জীবন ঘুরতে থাকে পুঁজির গণ্ডিতে; তিনি যেনো পুতুল হয়ে ওঠেন নির্মাতা ও প্রযোজকের হাতের। ব্যক্তিগত পছন্দ-অপছন্দ, চাওয়া-পাওয়া, বোঝাপড়া সবকিছু ফিকে হয়ে যায়। নষ্ট হয় বেঁচে থাকার ন্যূনতম স্বাধীনতার জায়গাটুকুও। কী করবেন আর কী করবেন না, তাও নিয়ন্ত্রিত হতে থাকে অন্যের হাতে মানে পুঁজির ইচ্ছামাফিক। এছাড়া ইন্ডাস্ট্রিতে স্বজনপ্রীতি, লবিং তো আছেই। যার কারণে কম যোগ্যতাসম্পন্ন অনেকেই লাইমলাইট-এ চলে আসে। যোগ্যতা ও দক্ষতা নিয়েও কেউ অন্ধকারে থেকে যায়। হিরোইন-এ মাহি’কে যেসব অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে তা দিয়ে নির্মাতা পুরো ইন্ডাস্ট্রির তারকা হওয়ার ও তারকা বানানোর প্রক্রিয়াকেই যেনো দেখিয়েছেন।
নিম্নবিত্ত-মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা অরিন্দম ও মাহির মতো সুশান্তও চলচ্চিত্রে এসেছিলেন অভিনয়শিল্পী হওয়ার স্বপ্ন থেকেই। এ যাত্রায় তার কোনো উত্তরাধিকার ছিলো না। ইন্ডাস্ট্রির অনেক কিছুর সঙ্গে লড়াই করেই তাকে যোগ্যতার প্রমাণ দিতে হয়। সুশান্ত হয়তো অরিন্দমের মতো শীর্ষে পৌঁছাতে পারেননি। কিন্তু ইন্ডাস্ট্রিতে নিজের একটা অবস্থান ঠিকই করে নিয়েছিলেন। অনেক বাধাও পার করেছিলেন অরিন্দমের মতো। কিন্তু শেষপর্যন্ত কুলোতে পারেননি, যেমনটি পারেননি মাহি। লড়াইয়ে টিকতে না পেরে মাহিকে চলে যেতে হয়েছিলো নিজ দেশ থেকেই।
ক. তাহাদের এগিয়ে যাওয়ার গল্প
উপমহাদেশে রাজনীতিসহ সব জায়গাতে শব্দ হিসেবে গণতন্ত্র কথাটি বহুল ব্যবহৃত হলেও মূলত রেটোরিক-এই সীমাবদ্ধ রয়ে গেছে। এখানে এখনো সামন্ততন্ত্রই দৃষ্টিগোচর হয়। ইন্ডাস্ট্রি হিসেবে বলিউডও এর বাইরে যেতে পারেনি। একটা ইন্ডাস্ট্রিতে যখন এভাবে উত্তরাধিকার নিশ্চিত করা হয়, তখন এর বাইরে থাকা শিল্পীদের ভয়ঙ্কর বিপাকে পড়তে হয়। নিছক অভিনয় ভালোবেসে সবকিছু ছেড়ে আসাদের কাজের সুযোগ নষ্ট হয়ে যায়, টিকে থাকাটা কঠিন হয়ে পড়ে। নিজ প্রচেষ্টায় এগোনোর ইচ্ছে থাকলেও শেষপর্যন্ত অবস্থানে অনড় থাকতে পারে না। ধীরে ধীরে স্বপ্ন দেখার জায়গাটাও সীমিত হয়ে আসে। যেমনটা ঘটে সুশান্তের ক্ষেত্রেও।
নায়ক-এ নায়ক হওয়ার প্রক্রিয়ায় অরিন্দমকে প্রথমে তার নাট্যগুরুর বাধা ও নৈতিক অবস্থান থেকে সরে আসতে হয়। অরিন্দম চলচ্চিত্রে অভিনয় করতে চাইলে গুরু শঙ্করদা--যার থেকে তার অভিনয়ের হাতেখড়ি--চলচ্চিত্রে অভিনয় করাটা ভালোভাবে নেন না। গুরুর মৃত্যুর পর বাধা দেওয়ার কেউ না থাকায় পরদিনই চলচ্চিত্রের জন্য অডিশন দেন অরিন্দম। চলচ্চিত্রে কাজ করবেন কি না তা নিয়ে দ্বিধায় পড়ে তিনি বন্ধু জ্যোতিকে জিজ্ঞাসা করেন, ‘আচ্ছা, তোর কি বিশ্বাস হয় ফিল্ম অ্যাক্টররা সবাই পুতুল; ব্র্যান্ডো, প্রগাট, পলমিউনি এরা সবাই পুতুল!’ বন্ধুর স্পষ্ট জবাব, ‘মানুষ হয়ে মাসে তিনশো ৩৩ টাকা মাইনে পাচ্ছো, বছরে ১০ টাকা ইনক্রিমেন্ট। তার চেয়ে একটা সাকসেসফুল পুতুল হলে পার পিকচার হেসে-খেলে ৩০ হাজার টাকা।’ এ কথায় অরিন্দম যা বোঝার বুঝে নেন। ফলে গুরুর নিয়ন্ত্রণ থেকে বের হয়ে বন্দি হন পুঁজির কাছে। একসময় অর্থ, যশ ও খ্যাতি বিচারে সফল হলেও গুরুর আদেশ অগ্রাহ্য করার অপরাধবোধ ও অনুশোচনায় পড়েন অরিন্দম। মঞ্চনাটকে তিনি গুরুর কাছে নীতি-নৈতিকতা ও সমাজ পরিবর্তনের কথা শিখেছেন, কিন্তু চলচ্চিত্রে গিয়ে দেখেন তার উল্টোটা। সেখানে নিজের অভিনয়সত্ত্বা বলে কিছুই নেই; শুধু টাকার মধ্যে প্রতিনিয়ত ডুবে যাওয়া আছে। স্বপ্নবান সুশান্তকেও হয়তো পরিবারের অমতে ‘সফল’ একটা ক্যারিয়ার ছেড়ে অভিনয়শিল্পী হওয়ার কথা ভেবে একসময় অনুশোচনা করতে হয়েছে। তিনিও হয়তো স্বপ্ন দেখেছিলেন অরিন্দমের মতো। এতো সংগ্রাম করে উঠে আসার পর একসময় নিজেকে আর মেলে ধরতে পারেন না, ইন্ডাস্ট্রির অনেক কিছুই তার বিপরীতে চলে যেতে থাকে। নিজস্বতা মাড়িয়ে তাকেও দূরে চলে আসতে হয়--উত্তরণের পথ খুঁজতে, এগিয়ে যেতে। তিনি হয়তো অরিন্দমের মতো নিজেকে আর খুঁজে পাচ্ছিলেন না অভিনয়ে।
এই অবস্থান একজন শিল্পীকে অনেক কিছু ভাঙতে বাধ্য করে, আবার দ্রুত এগিয়ে যেতে স্বপ্রণোদিত হয়ে সে অনেক কিছু ভাঙে। অথচ এই ভাঙাগড়ার খেলায় দৌড়ানো কিংবা হন্য হয়ে ছোটা থেকে নিজেকে সরিয়ে রাখতে হয়, অবশ্য সেখানে নিজেকে বশে রাখা কঠিন। হয়তো সুশান্তের বেলায় এমনটা ঘটেছে। হতে পারে পরিস্থিতিই তাকে পিছিয়ে আসতে দেয়নি। যে স্বপ্ন তিনি তৈরি করেছেন, তা পিছিয়ে আসার কথা বলে না। পুঁজির মতোই কেবল এগিয়ে চলার পথ খোঁজে। একটা সময় অরিন্দম যেমন তার ইমেজ নিয়ে সচেতন হয়ে ওঠেন। যা তার কাছের বন্ধুকে পর করে দেয়। মঞ্চনাটকের কর্মী যে অরিন্দম একসময় শ্রমিক আন্দোলনে পুলিশের হামলায় স্থির থাকতে পারতেন না; ছুটে যান বন্ধু বীরেশকে বাঁচাতে। রঙিন পর্দার সেই অরিন্দম শ্রমিক আন্দোলনে বীরেশকে সঙ্গ দিতে অসম্মতি জানান, ইমেজ নষ্টের ভয়ে। নায়ক-এর এক ঘণ্টা ২০ মিনিটে তাদের কথোপকথন এমন--
অরিন্দম : তোর মতলবটা কী?
বীরেশ : কিচ্ছু না। নামবি ওদের সামনে গিয়ে দাঁড়াবি দুটো কথা বলবি, ব্যাস।
অরিন্দম : কেনো?
বীরেশ : আরে ওরা তোকে দেখলে মনে একটু জোর পাবে, ২৪ দিন হলো স্ট্রাইক চলছে। আমি তোর কথা ওদের বলেছি। ওরা তোকে এক্সপেক্ট করছে। ওরাও তো তোর পাবলিক।
অরিন্দম : ইমপসিবল!
বীরেশ : কী বলছিস ইমপসিবল! আয় নেমে আয়।
অরিন্দম : ওরে শোন শোন, এসব ব্যাপারে আমাদের আর জড়ানো চলে না; রিস্কি। তুই আমাদের ব্যাপারটা জানিস না, অনেক গোলমেলে।
একই ঘটনার বর্ণনা সুশান্ত করেন একটু ভিন্নভাবে। তার ভাষ্য, ‘আমার বন্ধুবান্ধবের পরিমাণ খুব সামান্যই।’ কেনো সামান্য তার উত্তর খুঁজতে আর যাচ্ছি না। তবে এটুকু বলা যায়, একজন মানুষ যখনই মৌলিক কিছু জায়গা বাদ দিয়ে এগিয়ে যেতে শুরু করে, তখন ধীরে ধীরে সে একা হতে থাকে। একটা সময় সবার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এতো গেলো উপরে ওঠার পর কী হয় তার বর্ণনা। আর লড়াই করে টিকে থাকার গল্পটা আরো করুণ।
খ. অতঃপর টিকে থাকার লড়াই
আগেই বলেছি, সংগ্রাম করে টিকে থাকা কোনো অভিনয়শিল্পীকে দেখেশুনে কাজের জন্য অপেক্ষা করতে হয়; নয়তো অন্যের হাতের পাপেট হওয়া ছাড়া এগোনোর পথ থাকে না। অবশ্য অনেকে নিজের অবস্থানে অটুট থাকে; পরিশ্রমের পরতে পরতে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। বলিউডের অন্যতম সফল অভিনয়শিল্পী পঙ্কজ ত্রিপাঠি তার অনন্য উদাহরণ। ২০১৯ খ্রিস্টাব্দের ‘গোয়া ফেস্ট’-এর ‘নলেজ সেমিনার’১২-এ তিনি অভিনয়শিল্পী হওয়ার পিছনের গল্পটা বলেন এভাবে--
... আমি একসময় হয়তো দুই বছরে দু-একবার ক্যামেরার সামনে দাঁড়াতে পারতাম, সেই আমি আজ বলিউডে কাজকর্ম করে জীবিকা চালিয়ে যাচ্ছি। একটা সময় ছিল, যখন টেলিভিশন প্রডাকশনের জন্য সহকারী শিল্পী হিসেবে সবাই শুধু আমাকে ছোটখাটো পুলিশের চরিত্র দিত। আমি সেটাও অনেক মন দিয়ে, যত্ন দিয়ে করতাম। একসময় তো ওই পুলিশের চরিত্রেই এত প্রস্তাব আসা শুরু করল, ভাবলাম, একটি পুলিশের ইউনিফর্ম বানিয়ে নেই। লোকে ডাকামাত্র ওই ইউনিফর্ম নিয়ে চলে যাব।
তিনি আরো বলেন, ‘বলিউডে অভিনয়ের জন্য আসার সময়ও আমার মনে হয়েছে--কয়বার কয়জন আমাকে প্রত্যাখ্যান করবে? করলে করুক। আমি চেষ্টা থামাব না। হার মানব না। ... আমার কথা হলো প্রত্যাখ্যানই তো করবে আমাকে, পুলিশে তো আর ধরিয়ে দিবে না।’ অবশ্য অনেকেই পঙ্কজ-এর মতো ধৈর্য ধরবে না, অল্প সময়ে তারকাখ্যাতি পেতে চাইবে, হয়তো এটাই স্বাভাবিক। এর ফলে দ্রুত এগিয়ে যাওয়ার প্রচেষ্টায় অনেকে আবার দ্রুত ঝরেও পড়বে। মাহির ক্ষেত্রে যেমনটি লক্ষ করা যায়। দ্বিতীয় প্রক্রিয়ায় এগিয়ে চলা মাহিকে কেউ না কেউ তারকা বানাতে চেয়েছে, তখন মাহি সেখানে সম্মতি দিয়েছে; এতে কখনো কারো সুযোগ তার জন্য নষ্ট হয়েছে। এই পরিস্থিতিতে চলচ্চিত্র সংশ্লিষ্টদের নানা রকম শর্ত আরোপের আশঙ্কা থেকে যায়। তাদের চাওয়ার সঙ্গে না মিললে হয়তো সেই অভিনয়শিল্পীকে দিয়ে তারা কাজই করায় না। তাই তো এগিয়ে যেতে চাওয়া মাহিকে তার পি আর বলতে পারেন, ‘আমাদের ইন্ডাস্ট্রিতে ব্যক্তিগত আর প্রফেশনাল বলতে কোনো ফারাক নেই। তোমার জীবন এক পাবলিক প্রোপার্টি।’ মাহি একসময় বের হয়ে আসার চেষ্টাও করেন এই অবস্থা থেকে। চেষ্টা করেন অভিনয় দক্ষতায় এগিয়ে যাওয়ার। মাহি তার দক্ষতার প্রমাণও দেন। কিন্তু সেখানেও বাধে বিপত্তি। হয়তো একটা সময় পর্যন্ত সুশান্ত মাহির মতো সবকিছুর সঙ্গে আপোস করেছেন। আবার ওই পরিস্থিতি থেকে বের হওয়ারও চেষ্টা চালিয়েছেন--সোনচিড়িয়া, ছিছোরে অন্তত তাই বলে।
মাহিকে রিয়েলিস্টিক ফিল্ম-এর নির্মাতা বলেন, তার সঙ্গে কাজ করতে হলে অন্য কোনো চলচ্চিত্রের কাজ হাতে নেওয়া যাবে না। মাহি তাই করেন। সেসময়ে তার কাছে আসা সব চলচ্চিত্রের কাজ ফিরিয়ে দেন। শেষপর্যন্ত চলচ্চিত্রের কাজ শেষ হলে শুরু হয় প্রযোজক-নির্মাতার দ্বন্দ্ব, যে দ্বন্দ্বে আটকে থাকে সেটির মুক্তি। একই ঘটনা বেশ কয়েকবার লক্ষ করা যায় সুশান্তের ক্যারিয়ারেও। ইয়াশ রাজ ফিল্মস-এর সঙ্গে কাজ করতে গিয়ে তাকে বেশকিছু বড়ো বাজেট ও গুণী নির্মাতার কাজের প্রস্তাব ফিরিয়ে দিতে হয়। পরবর্তী সময়ে যে চলচ্চিত্রের জন্য সুশান্ত নিজেকে প্রস্তুত করেন দীর্ঘ সময় নিয়ে, তাকে সরিয়ে তাতে অন্য কাউকে নেওয়া হয় কিংবা চলচ্চিত্রটির কাজ বন্ধ করে দেওয়া হয় বিভিন্ন জটিলতার অছিলায়। আবার দেখা যায়, সুশান্তের সঙ্গে অনেক প্রযোজক চুক্তিবদ্ধ হয়ে তার অভিনীত কোনো চলচ্চিত্র ফ্লপ হলে তাকে সরিয়ে অন্য কাউকে নিয়েছে। এমন ঘটনা মাহির বেলাতেও দেখা যায়। হিরোইন-এ বড়ো বাজেটের চলচ্চিত্রে কাজ করার বিষয়ে মাহির সঙ্গে প্রযোজকের কথা পাকাপাকি হয়। পরে বাজারে মাহির নামডাক না থাকায় প্রযোজক অন্য কাউকে দিয়ে মাহির জায়গায় অভিনয় করাতে চায়।
চলচ্চিত্র ব্যবসাসফল হওয়ার পিছনে অন্যান্য অনুষঙ্গের মধ্যে প্রচার-প্রচারণাও অন্যতম। বর্তমানে প্রযোজকরা বাজেটের একটা বড়ো অংশ এই খাতে ব্যয় করে। অনেক সময় চলচ্চিত্র নির্মাণ শেষ না করেই নির্মাতা-প্রযোজককে ব্যস্ত হতে দেখা যায় প্রেক্ষাগৃহ বুকিং এবং নানা মাধ্যমে প্রচার-প্রচারণা নিয়ে। তবে কখনো প্রযোজক কিংবা প্রভাবশালী নায়কের কাছে জিম্মি হয়ে পড়লে নির্মাতাকে তার ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে হয়। হিরোইন-এ নায়ক আব্বাস খান আকারে-ইঙ্গিতে মাহির সঙ্গে একান্ত সময় কাটানোর প্রস্তাব দেন। মাহির অসম্মতিতে তাদের সম্পর্কের অবনতি ঘটে। এর ফলে নির্মাতাকে আমলে না নিয়ে চলচ্চিত্রটি আব্বাস নিজের মতো সম্পাদনা করে প্রতিশোধ নেন। এ সময় নির্মাতার উদ্দেশে আব্বাস বলেন, ‘আমি পুরো ফিল্ম সামলাচ্ছি, তুমি মাহিকে সামলাও।’ শেষপর্যন্ত চলচ্চিত্রটি এককভাবে আব্বাস কেন্দ্রিক হয়ে ওঠে; ঢাকা পড়েন মাহি। সুশান্ত সিং রাজপুত অভিনীত কেদারনাথ-এ দেখা যায়, তার চেয়ে প্রচার-প্রচারণায় প্রাধান্য পায় অভিষিক্ত স্টারকিড সারা আলী খান। মিডিয়া হুমড়ি খেয়ে সারাকে হাইলাইট করতে থাকে। আবার সুশান্ত অভিনীত কয়েকটি চলচ্চিত্র সমালোচকের প্রশংসা পেলেও কম প্রেক্ষাগৃহ পাওয়ায় ফ্লপ হয়। এছাড়াও ড্রাইভ প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার কথা থাকলেও প্রযোজক সেটা ‘নেটফ্লিক্স’-এ মুক্তি দিয়ে তৃপ্ত থাকে।
গ. মুক্তির খোঁজে
এখন কথা হচ্ছে, অভিনয়শিল্পী হতে এতোসব ত্যাগ কোনো শিল্পীসত্ত্বা করবে কি না। অরিন্দম হয়তো এই পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পেরেছিলেন প্রচণ্ড মানসিক কষ্টের বিনিময়ে, সবার থেকে বিচ্ছিন্ন হয়ে। যেখানে নিজেকে তিনি মানুষ না বলে যন্ত্র হিসেবে মূল্যায়ন করেন। তাইতো অরিন্দম বেদনার সুরে অদিতিকে বলেন, ‘সব জমে আছে এখানে (বুকের দিকে ইঙ্গিত)। একটা লোক নেই যাকে বলি!’ এই বিচ্ছিন্নতা বোধ শুধু অরিন্দমের নয়, সব তারকারই। এদিকে মাহি তার ক্যারিয়ার বাঁচানোর শেষ চেষ্টায় একান্ত ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেন। এতে তার ক্যারিয়ার রক্ষা পেলেও নিজেকে অন্য সব থেকে গুটিয়ে নিতে হয়। বিচ্ছিন্নতা, কষ্ট ও না-পাওয়া নিয়ে একপর্যায়ে তিনি অভিনয়ই ছাড়েন।
চলচ্চিত্র আর বাস্তব সমান্তরালে চলে। কখনো চলচ্চিত্র, কখনো বাস্তবতা এগিয়ে থাকে;আবার কখনো একেবারেই ভিন্ন পরিস্থিতির সৃষ্টি হয়। সেই চলচ্চিত্র আর বাস্তবের ফেরে পড়ে নির্মমভাবে এতোগুলো স্বপ্ন ভেঙে যাওয়াকে সুশান্ত হয়তো মেনে নিতে পারেননি। শূন্য হাতে অভিনয় করতে আসা সুশান্ত তার মেধা-মনন দিয়ে একটা জায়গা করে ফেলেছিলেন ইন্ডাস্ট্রিতে ঠিকই। দেশসেরা ইঞ্জিনিয়ার হওয়ার তকমা এড়িয়ে জীবনকে স্বপ্নের কাছে নিয়ে যেতে পারলেও, সেটার ওপর সুশান্ত নিয়ন্ত্রণ রাখতে পারেননি শেষপর্যন্ত। তাই হয়তো শেষ পরিণতিতে ‘আত্মহত্যা’কেই বেছে নিতে হয়। হয়তো মাহি ও অরিন্দমের মতো এতোটা সাহসী হয়ে উঠতে পারেননি সুশান্ত; এতো যুদ্ধ করে উঠে আসা ছেলেটা হয়তো ঝলমলে আলোর নিচের অন্ধকার রাজনীতি দেখে মনোবল হারিয়ে ফেলেছিলেন; বয়সটাও হয়তো বাস্তবকে খুব বেশি বুঝতে দেয়নি। ফলে স্বপ্নগুলো ভেঙ্গে গেছে তাসের ঘরের মতো। সুশান্ত এটা মেনে নিতেও পারেননি, আবার সামনে পিছনে ফেরার পথও বন্ধ হয়ে গিয়েছিলো। তখন হয়তো এসব থেকে নিজেকে চিরতরে তুলে নেওয়ায় তার একমাত্র পথ হয়ে গিয়েছিলো।
কতো ‘বীর’ হলো বলিদান
দিল বেচারায় অভিনয়ের জন্য ২০২১ খ্রিস্টাব্দে ‘ক্রিটিক চয়েজ’-এ শ্রেষ্ঠ অভিনয়শিল্পী বিভাগে ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার পান সুশান্ত। আর ৬৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯-এ তার অভিনীত ছিছোরে শ্রেষ্ঠ হিন্দি চলচ্চিত্রের খেতাব পায়। দুটি পুরস্কারই মরণোত্তর। এ ধরনের অনেক পুরস্কারই হয়তো সুশান্তের ঝুলিতে জায়গা পেতো। কিন্তু তা এখন কেবলই অতীত। সুশান্তের মৃত্যুর পর নির্মাতা শেখর কাপুর ও অভিনয়শিল্পী মনোজ বাজপেয়ী ইন্সটাগ্রাম-এ তাকে নিয়ে স্মৃতিচারণ করেন।১৩ সেখানে শেখর কাপুর-এর ভাষ্য ছিলো এমন--‘তার যে চলচ্চিত্রই দেখুন না কেনো সেখানে শুধু তার অভিনয়কেই দেখা যায়। ব্যক্তি সুশান্তকে খুঁজে পাওয়া যায় না। অনেক এগিয়ে যেতো ও। ... তবে সিস্টেম কখনো এই ধরনের মেধাবীদের মূল্যায়ন করে না।’ মনোজ বাজপেয়ী ক্ষোভ নিয়ে বলেন--
আমার মনে হয় সুশান্তের সঙ্গে যা হয়েছে তা ন্যায় হয়নি। ... সুশান্তের সঙ্গে আমি সোনচিড়িয়াতে কাজ করেছি। যা আমি দেখেছি, বুঝেছি এই মানুষটিকে ৩৪ বছর বয়সে ইন্ডাস্ট্রিতে যে অবদান রেখেছে তা নিয়ে আমাদের মধ্য থেকে কেউ কথা বলছে না। পরিবারতন্ত্রের বাহির থেকে এসেও সে এতো ভিড়ের মধ্যে জায়গা করে নিয়েছে, এমনটা কমই দেখা যায়। প্রতিটি চলচ্চিত্রে ভালো করতে চেষ্টা করেছে এবং করেও দেখিয়েছে।
সুশান্তকে যে ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে তার দায় ইন্ডাস্ট্রি কখনো এড়িয়ে যেতে পারে না। ইন্ডাস্ট্রিতে যখন পরিবারতন্ত্র, স্বজনপ্রীতি, তারকাপ্রথা প্রাধান্য পায় তখন সত্যিকার মেধাবী অভিনয়শিল্পী বের হয়ে আসাটা কঠিন হয়ে পড়ে। এ অবস্থা থেকে উত্তরণে ইন্ডাস্ট্রির সবাইকে মানবিক হতে হবে। তাই ইন্ডাস্ট্রি সংশ্লিষ্টদের উচিত চলচ্চিত্রকে একই সঙ্গে শিল্প ও ব্যবসা হিসেবে বিবেচনা করা। চলচ্চিত্রকে কেবল ব্যবসা ভাবলে একসময় তা শিল্পের মর্যাদা হারাবে। ফলে সেখানে শিল্পীর বেঁচে থাকা কঠিন হবে। আরো অনেক সুশান্ত হয়তো এভাবেই হারিয়ে যাবে।
লেখক : সোহাগ আব্দুল্লাহ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
abdshohag.bd@gmail.com
https://www.facebook.com/abd.shohag.3
তথ্যসূত্র
১. আলী, সাদেক; ‘সঙ্কট-সম্ভাবনার ভারতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রি’; ম্যাজিক লণ্ঠন; সম্পাদনা : কাজী মামুন হায়দার; সংখ্যা ১৫, বর্ষ ২০১৮, পৃ. ১০৪, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
2. https://cutt.ly/WvarSgu; retrieved on: 14.04.2021
3. https://cutt.ly/9vcu1uB; retrieved on: 13.04.2021
4. https://cutt.ly/6vaehe4; retrieved on: 15.04.2021
5. https://cutt.ly/fvaeZvM; retrieved on: 14.04.2021
6. https://cutt.ly/gvp6ZcR; retrieved on: 14.04.2021
7. https://cutt.ly/QvoGs2S; retrieved on: 13.04.2021
8. https://cutt.ly/1vaqjhk; retrieved on: 15.04.2021
9. https://cutt.ly/CvatZ1F; retrieved on: 15.04.2021
10. https://cutt.ly/dvaqC0K; retrieved on: 13.04.2021
11. https://cutt.ly/EvawkgK; retrieved on: 15.04.2021
১২. ‘ভাগ্যিস, ট্রাক্টর কেনার টাকা বাবার ছিলো না’; প্রথম আলো, ১৪ মার্চ ২০২১।
13. https://cutt.ly/GvoXa5H; retrieved on: 13.04.2021
বি.দ্র. এই প্রবন্ধটি ম্যাজিক লণ্ঠন ২১তম সংখ্যা, জুলাই ২০২১ এ প্রকাশিত হয়েছ
এ সম্পর্কিত আরও পড়ুন