Magic Lanthon

               

শফিকুল ইসলাম

প্রকাশিত ২২ নভেম্বর ২০২৬ ১২:০০ মিনিট

অন্যকে জানাতে পারেন:

রাজনীতি আর চলচ্চিত্র ফার্নান্দো’র জীবনে মিলেমিশে একাকার

শফিকুল ইসলাম


সব রকম সাম্রাজ্যে প্রতিরোধ

তথাকথিত উন্নত দেশগুলো যা কিছু আবিষ্কার করে, তার দিকে তাকিয়ে থাকে অপেক্ষাকৃত ‘অনুন্নত’ দেশগুলো। সেটা সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি কিংবা বিজ্ঞান, সবক্ষেত্রেই। ঐতিহাসিকভাবেই এসব ‘অনুন্নত’ দেশ নিজেদের দিকে না তাকিয়ে, যারা সুকৌশলে শোষণ করতে চায় সাম্রাজ্য স্থাপনের মাধ্যমে--তাকিয়ে থাকে তাদের দিকে। এবং তাদের কাছ থেকে বাহবাও পেতে চায়। এই চর্চা দীর্ঘদিনের। এখান থেকে বের হওয়াটা মোটেই সহজ নয়। অবশ্য বের হওয়ার রাস্তা খোঁজার চেষ্টাও খুব একটা হয় না। কে করবে? সবাই তো সাংস্কৃতিক আগ্রাসনে আদিষ্ট হয়ে দিনাতিপাত করে চলেছে। সাম্রাজ্যবাদ এমনভাবে জেঁকে বসেছে, ব্যক্তি নিজেকে ‘বিশ্ব নাগরিক’ হিসেবে ‘ইমাজিন’ করতে পছন্দ করে। ভুলতে বসে নিজস্ব বলে কিছু নিজেদেরও আছে এমনটা। এই ‘বিশ্ব নাগরিক’ হওয়ার নাম করে কিংবা ‘উন্নয়ন’, ‘উন্নত’ সংস্কৃতির মুলা ঝুলিয়ে রাখার এই আগ্রাসন যুগ যুগ ধরে চলে আসছে। ফলে এসব দেশের মানুষের দৈনন্দিন কাজকর্ম, সৃষ্টি, শিল্পকর্ম, ভিজ্যুয়ালও সেই চর্চার বাইরে যেতে পারে না; সেগুলোও হয়ে ওঠে সাম্রাজ্যবাদী মতাদর্শের।


জনপ্রিয়, একই সঙ্গে প্রভাবশালী মাধ্যম চলচ্চিত্র কি তার বাইরে যেতে পেরেছে এসব ক্ষেত্রে? চলচ্চিত্রও কি একটা বিশেষ গোষ্ঠীর স্বার্থ হাসিলে কাজ করে যাচ্ছে না? তার পরও সব আগ্রাসনের বিরুদ্ধে সচেতনভাবে চলচ্চিত্রকে যথাযথ ব্যবহারের মাধ্যমে ‘শক্তিশালী’ করেছে কেউ কেউ। নইলে কী আর দেশে দেশে চলচ্চিত্রের নানা ধারার জাগরণ ঘটতো! যে জাগরণ লাতিন থেকে ছড়িয়ে পড়েছে সারা পৃথিবীর তল্লাটে। সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সচেতনমূলক চলচ্চিত্রিক এমন এক ধারা ‘থার্ড সিনেমা’; যা রাজনীতির কথা, মানুষের মুক্তির কথা বলে। ওই যে বললাম, সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে কেউ দাঁড়ায় না। এক্ষেত্রে নিজেদের নিজস্বতা দিয়ে চপেটাঘাত করে ফার্নান্দো সোলানাস ও অকতাভিও গেতিনো। এরা দুজনই লাতিন আমেরিকা’র দেশ আর্জেন্টিনার অধিবাসী। মানুষ দুজন; কিন্তু চিন্তা-চেতনায়, মানুষের মুক্তির আন্দোলনে একত্র ছিলেন। নেমেছিলেন দুনিয়াদারির চকচকে চলচ্চিত্রের বিপরীতে প্রতিরোধের চলচ্চিত্র নির্মাণে। যে চলচ্চিত্রগুলোর গল্প মানুষেরই গল্প হয়ে উঠতো। এই দুই পথপ্রদর্শকের একজন ইহলোক ত্যাগ করলেন গেলো বছর--ফার্নান্দো সোলানাস। অবশ্য অকতাভিও গেতিনো পৃথিবী ছেড়ে, ফার্নান্দোকে ছেড়ে গেছেন সেই ২০১২ খ্রিস্টাব্দে। এই প্রবন্ধ ফার্নান্দো-অকতাভিও জুটির ফার্নান্দোকে ঘিরে। আর তাকে নিয়ে আলোচনা করতে গেলে ‘থার্ড সিনেমা’ও আসবে; সঙ্গে ফার্নান্দোর সক্রিয় রাজনৈতিক জীবন।


কোথায় এমন জীবনীশক্তি!

অকতাভিও গেতিনোর কথা কিছুটা বলতেই হয়। অসম্ভব জীবনীশক্তির এই মানুষটির জন্ম স্পেন-এ, ১৯৩৫ খ্রিস্টাব্দের ৬ আগস্ট। প্রকৃতির কী রীতি, এই মানুষটি আর্জেন্টিনায় মাইগ্রেট হয়ে আসেন ১৯৫০-এর দশকে। এরপর ফার্নান্দোকে বন্ধু হিসেবে নিয়েছিলেন আজীবনের জন্য। দুর্দান্ত সহযোগী হিসেবে কাজ করেছেন একে অন্যের। এমন জুটি না থাকলে হয়তো আর্জেন্টিনা তথা লাতিনে নতুন চলচ্চিত্রধারার সূত্রপাত হতে আরো সময় লাগতো কিংবা হতোই না। অকতাভিও আর ফার্নান্দোর জীবনীশক্তি মিলিত হয়ে এমন এক ‘শক্তি’তে রূপ নিয়েছিলো; যা একটা গোটা মহাদেশকে নাড়িয়ে দিয়ে সারা পৃথিবীর চলচ্চিত্রে আওয়াজ তুলেছিলো। চলচ্চিত্রে রাজনৈতিক মুক্তি এনে কীভাবে নিজেদের করে নিতে হয়, তা তারা বুঝিয়ে দিয়েছিলো।


ফার্নান্দো জন্মেছিলেন আর্জেন্টিনার বুয়েনেস আয়ার্স-এ অকতাভিওর জন্মের ঠিক এক বছর পর ১৯৩৬ খ্রিস্টাব্দের ১৬ ফেব্রুয়ারি। তিনি ফার্নান্দো পিনো সোলানাস হিসেবেও পরিচিত। ফার্নান্দো বেড়ে উঠেছিলেন উচ্চ-মধ্যবিত্ত পরিবারের প্রতিবেশে। তার বেড়ে ওঠার পরিবেশের সঙ্গে এমন কিছু জড়িয়ে ছিলো, যা তাকে প্রতিষ্ঠানবিরোধী করে তোলে। ফার্নান্দো পড়েছেন আর্জেন্টিনার ন্যাশনাল স্কুল অব ড্রামাটিক আর্ট-এ। পড়াশোনা শেষে তিনি বিজ্ঞাপনচিত্র নির্মাণ প্রতিষ্ঠানে কাজ শুরু করেন। পাশাপাশি লিখতে থাকেন কমিক-বই, উপন্যাস; সঙ্গে ফটোগ্রাফি’তেও নিজেকে মনোযোগী করে তোলেন।১ একপর্যায়ে তিনি চলচ্চিত্রে আগ্রহী হন। আগেই বলেছি, তার বেড়ে ওঠার মধ্যে একটা রাজনৈতিক সচেতনতা সক্রিয় ছিলো। ফার্নান্দোর চলচ্চিত্রে তার প্রতিফলন লক্ষ করা যায়।


১৯৬২ তে ফার্নান্দো নির্মাণ করেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সেগুইর আনদান্দো। এ সময়টা আর্জেন্টিনার অধিবাসীদের খুব ভালো যাচ্ছিলো না। সেগুইর আনদান্দো-এর বাংলা অর্থ দাঁড়ায় ‘হাঁটতে থাকো’। ফার্নান্দো চলচ্চিত্রজুড়ে দুই তরুণ-তরুণীকে কেবল হাঁটিয়েছেন। আর আর্জেন্টিনার নদী, রাস্তাঘাট, বিশেষ করে পড়ে থাকা রেললাইনকে সঙ্গী করে তারা নানা কথা বলেছে। মনে হয়, তাদের সঙ্গে এগুলোও হেঁটেছে! প্রতীকী অর্থে এই হাঁটতে থাকা হয়তো আর্জেন্টিনার এগিয়ে যাওয়ার কথাই বলে। এই শুরু ফার্নান্দোর চলচ্চিত্রযাত্রা। এর পর তার হাত থেকে আসে তিন পর্বের প্রামাণ্যচিত্র লা হোরা ডে লস হরনোস (১৯৬৮)। সাড়ে চার ঘণ্টার বেশি দীর্ঘ এই প্রামাণ্যচিত্রের মাধ্যমে স্বৈরাচার ও কর্তৃত্ববাদী রাষ্ট্রের বিরুদ্ধে এক ধরনের প্রতিবাদ ও প্রতিরোধের ডাক দেন তিনি। এরপর তার কাছ থেকে একে একে আসতে থাকে সাড়া জাগানো ১৯৮৫ খ্রিস্টাব্দে এল এক্সাইলো ডি গার্ডেল (ট্যাংগোস), সার (১৯৮৮) এবং মেমোরিয়া ডেল সাকোয়া (২০০৪) সহ ২০টিরও বেশি চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র। এগুলোর মধ্যে কয়েকটির নির্মাণে সহযোগী ছিলেন অকতাভিও। এসব চলচ্চিত্রে তিনি আর্জেন্টিনাসহ সারাবিশ্বের রাজনীতি, স্বৈরাচারবিরোধী আন্দোলন ও মানুষের মুক্তির পথ বাতলে দিয়েছেন। পাশাপাশি মজবুত করেছেন তাদের হাত ধরে আসা ‘থার্ড সিনেমা’র ভাষাকে।


ফার্নান্দোদের মনোক্ষুধা ও থার্ড সিনেমা

‘আমরা আজ অবধি কোন বিপ্লবী নাটক, স্থাপত্য, চিকিৎসা, মনোবিজ্ঞান বা চলচ্চিত্র উদ্ভাবনের ব্যাপারে গভীর চিন্তা-ভাবনা করার অবকাশ পাইনি। সৃষ্টি করতে পারিনি এমন কোন সংস্কৃতি যা একান্তভাবেই আমাদের।’২ ১৯৬৯ খ্রিস্টাব্দে ‘ট্রাইকন্টিনেন্টাল’-এ প্রকাশিত একটি প্রবন্ধে এই কথা যৌথভাবে লেখে ফার্নান্দো সোলানাস ও অকতাভিও গেতিনো। তার মানে ধারণা করা যায়, ওই সময়ে তাদের সামনে যা-ই কিছু হচ্ছিলো, সেগুলো একান্তভাবে তাদের নিজেদের কিছু ছিলো না। ধার করা বা চাপিয়ে দেওয়া সংস্কৃতিতে ভরপুর ছিলো গোটা লাতিন আমেরিকার দেশগুলো। তবে সেখানকার মানুষের আকাঙ্ক্ষা ছিলো নিজেদের প্রকাশ করার। সেটা খুব ভালোভাবে বুঝেছিলেন ফার্নান্দোরা। রাজনৈতিক চলচ্চিত্রের দিকে এগোতে এ সময় তাদের সবচেয়ে বড়ো হাতিয়ার হিসেবে কাজ করেছে সোভিয়েত নির্মাতা ও তাত্ত্বিক সের্গেই আইজেনস্টাইন-এর ব্যাটলশিপ পটেমকিন (১৯২৫)। ১৯০৫ খ্রিস্টাব্দে রুশ নাবিকেরা জাহাজে থাকা ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে বিদ্রোহ করে। ঐতিহাসিক এই ঘটনাকে আইজেনস্টাইন পাঁচ ভাগে সেলুলয়েড-এ তুলে ধরেন। চলচ্চিত্রটি শোষিত মানুষের লড়াইয়ের প্রতীক হিসেবে আবির্ভাব হয়। ফার্নান্দোরা এই চলচ্চিত্রকে সামনে রেখে নির্মাণ করেন লা হোরা ডে লস হরনোস। এখানেও তিন ধাপে বর্ণনা করা হয়।


আর্জেন্টিনার রাজনৈতিক বাস্তবতা ও গোটা তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলোর বাস্তবতা এবং সমসাময়িক চলচ্চিত্র রূপান্তরের চেহারায় অনুপ্রাণিত হয়ে ফার্নান্দো ও অকতাভিও তৈরি করেন ‘টোয়ার্ডস আ থার্ড সিনেমা’র ইশতেহার। ১৯৬৯ খ্রিস্টাব্দে লাতিন চলচ্চিত্রে নতুন ধারার আন্দোলনের কথা বলে এই ইশতেহার। তারা হলিউড-এর মুনাফামুখী ইন্ডাস্ট্রি যা কিনা আর্থিক সাফল্যের মানদণ্ডে বিবেচিত হয়, তার নাম দিলেন ‘ফার্স্ট সিনেমা’। এর বিপরীতে ইউরোপীয় অথর-নির্ভর অভিজাত বুদ্ধিবৃত্তিক ও উঁচু শিল্পমানসর্বস্ব আঁভগার্দ সিনেমার নাম দিলেন ‘সেকেন্ড সিনেমা’। এই দুই সিনেমার বাইরে তৃতীয় বিশ্বের মানুষের নিজস্ব সংস্কৃতি, রাজনৈতিক অবস্থান ও মুক্তির চলচ্চিত্র হলো ‘থার্ড সিনেমা’।৩ ফার্স্ট ও সেকেন্ড সিনেমা থেকে থার্ড সিনেমার প্রধান পার্থক্যের জায়গা হচ্ছে নিরীক্ষাধর্মী ও প্রতিবাদী রাজনৈতিক মতাদর্শের। মোটাদাগে, থার্ড সিনেমা কতোগুলো রীতিনীতি মেনে চলে। যেমন, ইতিহাসকে বিশ্লেষণ করে তার মধ্যকার কুসংস্কার ও গোঁড়ামির বিরুদ্ধে সোচ্চার হয়ে সেখানে নারী অধিকার, আদিবাসী ও বিভিন্ন জাতিগোষ্ঠীর বিপন্নতা এবং শ্রেণিসংগ্রাম নিয়ে কথা বলে। সমাজের বুদ্ধিজীবী ও গণমানুষের মধ্যে শিক্ষা ও সংলাপের মাধ্যম হিসেবে কাজ করেছে থার্ড সিনেমা। রাজনীতির ক্ষেত্রে খোলামন নিয়ে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর মাধ্যমে নতুন সম্ভাবনাকেও এই ধারা মেলে ধরে।

৬০-এর দশকজুড়ে লাতিন আমেরিকায় থার্ড সিনেমার বিষয়টি সামনে আসলেও এর শুরু ৫০-এর দশকের শেষে আর্জেন্টিনার সান্তা ফের ডকুমেন্টারি স্কুল থেকে। এতে টায়ার ডাই নামের প্রামাণ্যচিত্র নির্মাণের মধ্য দিয়ে নেতৃত্ব দেন ফার্নান্দো বিরি। এরপরে ৬০-এর দশকে কিউবা সরকার ‘কিউবা ফিল্ম ইন্সটিটিউট’ প্রতিষ্ঠা করে এবং সেখান থেকে বেরিয়ে এসে জুলিও গার্সিয়া এসপিনোজা ‘ইম্পারফেক্ট সিনেমা’র ধারণা দেন, যা মূলত স্বল্প বাজেটের রাজনীতিমনস্ক চলচ্চিত্রকে নির্দেশ করে। এছাড়া ৫০-এর দশকের শুরুর দিকে ব্রাজিলে ‘সিনেমা নোভো’ নামে এক ধরনের চলচ্চিত্র নির্মাণের প্রবণতা দেখা যায়। এটা শৈলী ও নন্দনভাবনার দিক থেকে ইতালির নব্য-বাস্তববাদ ও ফরাসি নবতরঙ্গ দ্বারা প্রভাবিত ছিলো। পরের দশকে এসে এই ধারা প্রগতিবাদী বৈপ্লবিক চরিত্র ধারণ করে। ‘সিনেমা নোভো’ আন্দোলনে জড়িত গ্লাউবার রোচা, নেলসন পেরেইরা ডস স্যান্টোস-এর মতো নির্মাতারা দেশটির সংখ্যালঘু, আদিবাসী ও পশ্চাৎপদ মানুষদের নিয়ে যেসব চলচ্চিত্র নির্মাণ করে, তারা এর নন্দনতত্ত্বকে বলেন ‘ক্ষুধার নন্দনতত্ত্ব’।


১৯৬৪ খ্রিস্টাব্দের দিকে ব্রাজিলে সামরিক শাসন জারি হলে ‘সিনেমা নোভো’ চলচ্চিত্র আন্দোলন হুমকির মুখে পড়ে। এবং ১৯৭০-এর মধ্যেই তা খানিকটা নিষ্ক্রিয় হয়ে যায়। ‘সিনেমা নোভো’ নিষ্ক্রিয় হলেও এখান থেকেই থার্ড সিনেমার জন্ম। পরে তা লাতিন আমেরিকার বিভিন্ন দেশের পাশাপাশি আফ্রিকা ও এশিয়ায় ছড়িয়ে পড়ে। এশিয়ায় চিন ও ভারতে থার্ড সিনেমার প্রকাশ ঘটে ৭০-এর দশকে। চিনে এই ধারার চলচ্চিত্রের সূচনা করে ঝাং ইমু, চেন কাইগি ও তিয়ান ঝুয়াং ঝুয়াং। ফিলিপিনো চলচ্চিত্রনির্মাতা কিদলাত তাহিমিক-এর নামটিও সহজেই চলে আসে থার্ড সিনেমার কাতারে। তাকে বলা হয় ফিলিপিনো নিউওয়েভ চলচ্চিত্রের জনক। ভারতে থার্ড সিনেমার প্রকাশ ঘটে ৫০-এর দশকে নিমাই ঘোষ, বিমল রায়, বারীণ সাহা, ঋত্বিক ঘটক ও মৃণাল সেন-এর চলচ্চিত্রের মধ্য দিয়ে। ‘এই ধারাকে ভিন্নধারা, নব্যধারা, প্রতিবাদীধারা, রাজনৈতিক চলচ্চিত্রধারা নামেও চিহ্নিত করা যেতে পারে।’৪ বাংলাদেশে জহির রায়হানের জীবন থেকে নেয়া (১৯৭০) ফার্নান্দোদের ইশতেহারে বর্ণনা করা থার্ড সিনেমার বৈশিষ্ট্যকে ছুঁয়ে যায়।


এভাবে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে থার্ড সিনেমার প্রভাব। ফার্নান্দো আর অকতাভিও বলেছিলেন, ‘ঔপনিবেশিকতা মোচনের জন্য ঔপনিবেশিক শক্তির আক্রমণের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করার পাশাপাশি ঔপনিবেশিক শাসকের মানসিক বৈশিষ্ট্য নিজের মন থেকে নির্মূল করার জন্যও লড়াই করতে হয়।’৫ তাদের এই কথার সঙ্গে মিল পাওয়া যায় বিশ্বের বিভিন্ন দেশে থার্ড সিনেমা ধারার নির্মিত চলচ্চিত্রগুলোতে। যারা দীর্ঘদিন উপনিবেশিক শাসনে জর্জরিত হয়ে তার প্রতিবাদ জানিয়েছে নিজেদের নির্মিত চলচ্চিত্র দিয়ে। নিজস্বতা দিয়ে, বাধ্য করা ‘অপর’ সংস্কৃতিকে আঘাত করেছে। সেই জায়গায় ফার্নান্দো সোলানাসের মতো মানুষের মুক্তির যে ক্ষুধা, তা ছড়িয়ে গেছে পৃথিবীব্যাপী।


লা হোরা ডে লস হরনোস থেকে সার ও অন্যান্য ...

ফার্নান্দো আর অকতাভিও ১৯৬৮ খ্রিস্টাব্দে নির্মাণ করে কালজয়ী লা হোরা ডে লস হরনোস (দ্য আওয়ার্স অব দ্য ফার্নেসেস)। চলচ্চিত্রটি এই দুই নির্মাতার রাজনৈতিক অবস্থানকে দৃঢ় ও পরিষ্কার করে। সাড়ে চার ঘণ্টার বেশি দৈর্ঘ্যরে এই চলচ্চিত্র তিনটি পর্বে বিভক্ত--নব্য-উপনিবেশবাদ ও সহিংসতা; জনপ্রিয় ইতিহাসের সংস্করণ; এবং সহিংসতা ও বিপ্লব। চলচ্চিত্রটি লাতিন আমেরিকা তথা সারা পৃথিবীর কাছে আদর্শ হয়ে উঠেছিলো। আগেই বলা হয়েছে, ফার্নান্দোদের আদর্শের চলচ্চিত্র ছিলো সেই ১৯২৫ খ্রিস্টাব্দে নির্মিত আইজেনস্টাইনের ব্যাটলশিপ পটেমকিন। ফার্নান্দোরা তাদের চলচ্চিত্রে ঠিক একইভাবে নব্য উপনিবেশবাদের প্রভাব তুলে ধরে বিদ্যমান জনপ্রিয় ধারণা-সংস্কৃতিতে আঘাত হেনেছে। সর্বোপরি মানুষের মুক্তির ডাক দিয়েছে। চলচ্চিত্রটি শুধু আর্জেন্টিনা নয়, লাতিন আমেরিকার তৎকালীন অনেক রাষ্ট্রপ্রধানের রোষানলে পড়ে। এই চলচ্চিত্র প্রদর্শনকালে হামলার শিকার হন ফার্নান্দো। ১৯৭৩ খ্রিস্টাব্দ পর্যন্ত এটি আর্জেন্টিনায় নিষিদ্ধ ছিলো। এর একজন অভিনয়শিল্পী আর্জেন্টিনায় গুলিতে নিহতও হন। চিলি’র জান্তা সরকার পিনোচেত এই চলচ্চিত্রের সব প্রিন্ট জোগাড় করে পুড়িয়ে ফেলেন। কিন্তু এর কোনো কিছুই চলচ্চিত্রটিকে থামাতে পারেনি! প্রবলভাবে কম্পিত করা এই চলচ্চিত্র ছড়িয়ে পড়ে সারা পৃথিবীতে। মানুষ জানতে পারে লাতিন আমেরিকার শাসন-শোষণ আর নিপীড়নের কথা। ফার্নান্দো সোলানাসও হয়ে ওঠেন পরিচিত মুখ। তবে তার এই গতিবিধি ভালো লাগেনি আর্জেন্টিনাসহ তার আশপাশের নিপীড়নকারী রাষ্ট্রপ্রধানদের।


সবকিছুকে উপেক্ষা করে ফার্নান্দো ও অকতাভিও ১৯৭১ খ্রিস্টাব্দে দীর্ঘদিন ধরে আর্জেন্টিনায় ক্ষমতায় থাকা জেনারেল জুহান পেরন-এর ওপর দুইটি চলচ্চিত্র নির্মাণ করে। পেরন : দ্য জাস্টিসিয়ালিস্ট রিভ্যুলুশন ও পেরন : ডকট্রেনারি আপডেট ফর দ্য টকিং অব পাওয়ার--চলচ্চিত্র দুটি যখন নির্মাণ হয় জুহান তখন মাদ্রিদ-এ নির্বাসিত। চলচ্চিত্রে জুহান পেরনের (১৯৪৬-১৯৫৫) ক্ষমতায় আসা, থাকা ও চলে যাওয়ার পর তার অবস্থান এবং আর্জেন্টিনার পরিস্থিতি তুলে ধরা হয়। ১৯৭২ খ্রিস্টাব্দে অকতাভিওকে ছাড়াই ফার্নান্দো নির্মাণ করেন লস হিজস ডি ফিয়েরো (Los hijos de Fierro) নামে একটি চলচ্চিত্র। এতে পেরনের শাসনব্যবস্থা ও ৫০-এর দশকের শেষ থেকে ৭০-এর দশকের শুরু পর্যন্ত নানা ঘটনা চিত্রায়িত করা হয়েছে রূপক অর্থে। ১৯৭৩-এ আবার ক্ষমতায় আসেন জুহান পেরন। এবার অবশ্য তা দীর্ঘমেয়াদি হয়নি। তিনি মারা যান ১৯৭৪ খ্রিস্টাব্দে। আর্জেন্টিনা ফের সামরিক জান্তার হাতে চলে যায়।


১৯৭৬ খ্রিস্টাব্দে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন কমান্ডার হুয়ান এস্টেবান কিবুর্গ। তিনি প্রথমেই ভিন্নমতের মানুষদের গ্রেপ্তার ও হত্যা শুরু করেন। ফার্নান্দো শুরু থেকেই তার রোষানলে পড়েন। ফলে তিনি দেশ ত্যাগ করে ফ্রান্সে নির্বাসিত জীবন শুরু করেন। অবশ্য ফ্রান্সে গিয়েও ফার্নান্দো বসে থাকেননি, জড়িয়েছেন বিভিন্ন ধরনের অ্যাক্টিভিজম-এ। এরপর আর্জেন্টিনাসহ বিভিন্ন দেশের পরিস্থিতি নিয়ে ১৯৮০ খ্রিস্টাব্দে ফ্রান্সেই নির্মাণ করেন লে রিগার্ড ডিস অট্রেস (Le regard des autres)। এ চলচ্চিত্রটিও আলোচিত হয়।


সামরিক জান্তা হুয়ান এস্টেবান ক্ষমতাচ্যুত হলে ১৯৮৩ খ্রিস্টাব্দে দেশে ফেরেন ফার্নান্দো। দেশে ফিরেই শুরু করেন এল এক্সাইলো ডি গার্ডেল (ট্যাংগোস) চলচ্চিত্রের কাজ। ১৯৮৬ খ্রিস্টাব্দে মুক্তি পাওয়া চলচ্চিত্রটি আর্জেন্টিনার দীর্ঘদিনের একনায়কতন্ত্রের প্রভাব, তার নিজের নির্বাসিত জীবন ও সাধারণ জনগণের পরিচয়ের প্রশ্নকে সামনে নিয়ে আসে। রূপকধর্মী এই চলচ্চিত্রটি ফ্রান্স ও আর্জেন্টিনায় শ্যুট করা হয়। এটি লাতিন আমেরিকায় ব্যাপক সাড়া ফেলে। তবে ফার্নান্দোর সবচেয়ে সফল চলচ্চিত্র বলা হয় ১৯৮৮ খ্রিস্টাব্দে মুক্তি পাওয়া সারকে। এই চলচ্চিত্রে ফার্নান্দো তার নিজস্ব চলচ্চিত্রিক ভাষায় তুলে এনেছেন জীবনের টানাপড়েন, রাজনীতি, নিপীড়ন, প্রেম, প্রতারণা, অস্তিত্ব সঙ্কট ও নতুন এক স্বপ্নকে। চলচ্চিত্রটির শুরুতেই দেখা যায়, মধ্যবয়সি এক ব্যক্তি কারাগার থেকে মুক্তি পেয়ে নিজের গ্রামে ফিরে আসেন। গ্রামের রাস্তায় হাঁটতে হাঁটতে তিনি মনে করতে থাকেন ভালো সময়ের দিনগুলোর কথা, প্রিয়জনদের কথা। কিন্তু তারা কেউই আর বেঁচে নেই। কল্পনার মধ্যেই কথা হয় ওই প্রিয় মানুষগুলোর সঙ্গে। অতীতের সব ঘটনা একে একে তার সামনে এসে ধরা দেয়। টান টান উত্তেজনায় নির্মম স্মৃতিচারণের মধ্য দিয়েই চলচ্চিত্রটি এগোতে থাকে। এই স্মৃতিচারণ প্রিয়জন হারানোর, প্রিয় এলাকার সবকিছু ফ্যাকাশে হয়ে যাওয়ার। যার মানে দাঁড়ায় সামরিক অত্যাচার, নিপীড়ন, হত্যা, প্রেম, প্রতারণা, হতাশা, ঘৃণা এবং সবশেষে বিপ্লব। সন্ধ্যা থেকে রাত হয়ে ভোরে চলচ্চিত্রটি শেষ হয় নতুন দিনের গল্প দিয়ে। সার-এর পর ফার্নান্দো চলচ্চিত্র নির্মাণ করে গেছেন মৃত্যুর আগ পর্যন্ত। তবে মাঝে একঝলক সক্রিয় রাজনীতিতেও যুক্ত ছিলেন ফার্নান্দো।


ফার্নান্দোর রাজনৈতিক জীবন আরেক ‘চলচ্চিত্র’

ফার্নান্দো সোলানাস রাজনীতিবিদ নাকি চলচ্চিত্রকার, নাকি উভয়ই--এ নিয়ে প্রশ্ন উঠলে এর সহজ সমাধান মনে হয় তার জীবন। শিল্পী মানেই রাজনীতি সচেতন--এর মানে এই নয় যে সক্রিয় রাজনীতিবিদ। অবশ্য ফার্নান্দো চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি সক্রিয় রাজনীতিও করেছেন। আবার রাজনীতির পাশাপাশি মনোনিবেশ করেছেন চলচ্চিত্রে। আর্জেন্টিনার রাজনীতি সংঘাতময়। ৫০-এর দশকে শুধু আর্জেন্টিনা নয়, লাতিনজুড়ে চলছিলো উপনিবেশবাদ পরবর্তী দেশীয় নব্য উপনিবেশবাদীদের শাসন। এই শাসনে দেশের মানুষ জর্জরিত ছিলো। আর্জেন্টিনায় কিছুটা গণতান্ত্রিক ধারা ফিরে এসেছিলো ৫০-এর দশকের শুরুতে। কিন্তু ১৯৫২ তে সামরিক বাহিনীর হাতে ক্ষমতা চলে যায়। এরপর কমবেশি সেখানে সামরিক শাসন জারি ছিলো। ১৯৭৬ খ্রিস্টাব্দ থেকে পরের সাত বছর আর্জেন্টিনায় চলে সর্বকালের নির্মম নিপীড়ন। এ সময় সামরিক কমান্ডার হুয়ান এস্টেবান ভিন্নমতের মানুষের ওপর ভয়ঙ্কর অত্যাচার চালান। এতে চলচ্চিত্র কলাকুশলীদের অনেকে দেশ ছেড়ে পালিয়ে যায়।


হুয়ানের শাসনামলে তার বিরুদ্ধে কমপক্ষে একশো ৫০ জনকে হত্যা বা হত্যার নির্দেশের অভিযোগ রয়েছে। ওই সময় আর্জেন্টিনার সামরিক শাসনবিরোধী ৩০ হাজার মানুষকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়।৬ রোষানলে পড়া ফার্নান্দো নির্বাসনে যান ফ্রান্সে। অকতাভিও যান পেরুতে। শুধু ফার্নান্দো নয়, এ সময় মিগুয়েল লিন্ডিন, ফার্নান্দো বিরি, রবার রোচা, কার্লোস আলভারেজ, হুগো জারা মিলো, মারিও অরিয়েতাসহ অনেকেই গ্রেপ্তার হয়। ঠিক এই সময়টাতে ফার্নান্দো চলচ্চিত্রের পাশাপাশি রাজনীতি নিয়ে আরো বেশি সচেতন হন।


রাজনৈতিকভাবে ফার্নান্দোর ওপর সবচেয়ে বড়ো আঘাতটা আসে ১৯৯১ খ্রিস্টাব্দে। ১৯৮৯-১৯৯৯ পর্যন্ত আর্জেন্টিনার প্রেসিডেন্ট ছিলেন কার্লোস মেনেম। ফার্নান্দো নিয়মিতভাবে তার সমালোচনা করতে থাকেন। ১৯৯১ খ্রিস্টাব্দের ২১ মে কার্লোসবিরোধী বক্তব্য দেওয়ার সময়ে জনসম্মুখে ফার্নান্দোর পায়ে ছয়টি গুলি করা হয়। মূলত এই ঘটনাটিই ফার্নান্দোকে প্রথাগত রাজনীতিতে সক্রিয় করে তোলে। ১৯৯২ খ্রিস্টাব্দে বুয়েনস আয়ার্সের সিনেটর পদে তিনি নির্বাচন করেন। পরের বছর তিনি ফ্রেন্ট গ্রান্ডি দলের পক্ষে ন্যাশনাল ডেপুটি নির্বাচিত হন। মতানৈক্য হওয়ায় এক বছরের মধ্যে দল ছাড়েন তিনি। ২০০৭ খ্রিস্টাব্দে ফার্নান্দো আর্জেন্টিনার প্রেসিডেন্ট পদে অথেনটিক সোশ্যালিস্ট পার্টি’র হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০০৯ খ্রিস্টাব্দে বুয়েনস আয়ার্সে গভর্নর হিসেবে দায়িত্ব পান। সর্বশেষ ২০১৩ খ্রিস্টাব্দে তিনি বুয়েনস আয়ার্সের সিনেটর নির্বাচিত হন। এই দায়িত্ব পালন করেন ২০১৯ খ্রিস্টাব্দ পর্যন্ত। আর্জেন্টিনায় গর্ভপাত বৈধ করার পক্ষে যে কয়েকজন সোচ্চার ছিলেন, তার মধ্যে অন্যতম ফার্নান্দো। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পরও সোশ্যাল মিডিয়ায় সরব ছিলেন এই চলচ্চিত্রকার-রাজনীতিবিদ। সক্রিয় রাজনৈতিক জীবনের এই সময়ে তিনি অন্তত আটটির মতো প্রামাণ্যচিত্র ও কাহিনিচিত্র নির্মাণ করেন। ২০০৪ খ্রিস্টাব্দের মেমোরিয়া ডেল সাকোয়া যার অন্যতম। এতে আর্জেন্টিনার ২৫ বছরের দীর্ঘ ইতিহাসের নানা ঘটন-অঘটন উঠে এসেছে।


ফার্নান্দোরাই মুক্তির পথ বাতলে দেয়

সাম্রাজ্য স্থাপনে পর পর দুটি বিশ্বযুদ্ধ দেখেছে পৃথিবীর মানুষ। লাখ লাখ মানুষের প্রাণহানির পরও শাসকগোষ্ঠীর সাম্রাজ্য স্থাপনের ক্ষুধা মেটেনি। এখনো ‘উন্নত’ রাষ্ট্র অপেক্ষাকৃত কম উন্নত রাষ্ট্রের অভ্যন্তরীণ নানা বিষয়ে ‘নাক গলায়’। তবে গত শতাব্দীর মতো এখন আর কেউ কাছে গিয়ে রাষ্ট্র দখল করে না। দখল চলে সংস্কৃতি দিয়ে। কখনো উন্নয়নের নামে ঋণের বোঝা চাপিয়ে। আর সাংস্কৃতিক হস্তক্ষেপের এই কালে ক্ষমতাবান মাধ্যম হয়ে উঠেছে চলচ্চিত্র। চলচ্চিত্রিক রাজনীতিটা একসময় লাতিন আমেরিকাসহ তৃতীয় বিশ্বের দেশগুলোতে বোঝাটা দুরূহ ছিলো। সেই পথ খোলাসা করে গেছে ফার্নান্দো সোলানাসসহ আরো অনেকে। ফার্নান্দো, অকতাভিও আজ নেই। কিন্তু তাদের চলচ্চিত্র আর মানুষের মুক্তির জন্য সংগ্রামের প্রচেষ্টা রয়ে গেছে।

লেখক : শফিকুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী। বর্তমানে তিনি প্রথম আলোর রাজশাহী প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

shafiqulislamru32@gmail.com

https://www.facebook.com/profile.php?id=100008632759356

 তথ্যসূত্র

1. http://www.sensesofcinema.com/2010/great-directors/fernando-solanas/; retrieved on: 15.05.2021

২. সোলানাস, ফার্নান্দো ও অকতাভিও গেতিনো; ‘তৃতীয় চলচ্চিত্রের লক্ষ্যে’; প্রতিরোধের স্পর্ধায় সংস্কৃতি : চলচ্চিত্র বুলেটিন; অনুবাদ : কাইজার চৌধুরী; সম্পাদনা : জুবায়ের আল মাহমুদ নাসিম ও অন্যান্য; দ্বিতীয় সংখ্যা, মার্চ ২০০৯, পৃ. ৯১, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

3. https://archive.is/C388B; retrieved on: 05.05.2021

৪. আউয়াল, ড. সাজেদুল (২০১১ : ৯০); চলচ্চিত্রকলার রূপ-রূপান্তর; দিব্যপ্রকাশ, ঢাকা।

5. https://archive.fo/wip/xZHyi; retrieved on: 20.05.2021

6. https://archive.fo/wip/o79PS; retrieved on: 28.05.2021

পাঠ সহায়িকা

1. https://archive.is/C388B; retrieved on: 05.05.2021

2. https://www.sensesofcinema.com/2010/great-directors/fernando-solanas/; retrieved on: 15.05.2021

বি.দ্র. এই প্রবন্ধটি ম্যাজিক লণ্ঠন ২১তম সংখ্যা, জুলাই ২০২১ এ প্রকাশিত হয়েছে।

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন