Magic Lanthon

               

মাওলানা মোহাম্মদ ইসহাক

প্রকাশিত ১০ নভেম্বর ২০২৬ ১২:০০ মিনিট

অন্যকে জানাতে পারেন:

এফ ডি সি’র প্রতি আমার কোনো মায়া তৈরি হয়নি

মাওলানা মোহাম্মদ ইসহাক

অজস্র মানুষ নানাভাবে নিজের বিশ্বাস আর আদর্শকে লালন করে চর্চায় ব্রত হয়। তবে শেষপর্যন্ত তিনিই সফল হন, যিনি জীবনের একেবারে অন্তিম সময়ে এসেও অন্তত নিজের কাছে তার ধারণ করা বিশ্বাসকে আগলে রাখতে পারেন এবং দৃঢ়তার সঙ্গে জানিয়ে দেন নিজের অবস্থানের কথা। মাওলানা মোহাম্মদ ইসহাক এমনই একজন মানুষ, যিনি তার ভাষায়, জীবনের শুরু থেকে যে বিশ্বাস ধারণ করেছিলেন, তা এখনো আগলে রেখে চলেছেন এবং শেষদিন পর্যন্ত তা বয়ে নিয়ে চলতে প্রতিজ্ঞাবদ্ধ। মাওলানা মোহাম্মদ ইসহাক বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বি এফ ডি সি) এর ভিতরে অবস্থিত এফ ডি সি জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘ পাঁচ দশকের বেশি সময়। মসজিদটির প্রতিষ্ঠাকাল থেকে তিনি এর ইমামের দায়িত্ব পালন করছেন। তার বাবার নাম মুন্সি আব্দুল হাই; জন্ম কুমিল্লার লাকসামে।

বড়ো পরিসরে নতুন একটি মসজিদ কমপ্লেক্স নির্মাণের উদ্দেশ্যে এফ ডি সি’র পুরনো মসজিদটি ভাঙার কাজ শুরু হয়েছে--এমন সংবাদ পেয়ে ২০১৮ খ্রিস্টাব্দের ১২ ডিসেম্বর সকালে এফ ডি সিতে উপস্থিত হয় ‘ম্যাজিক লণ্ঠন’। পুরনো মসজিদটি ভাঙার কাজ শুরু হওয়া দেখতে দেখতে হঠাৎই চোখ চলে যায় অশীতিপর মাওলানা মোহাম্মদ ইসহাকের দিকে। যিনি মসজিদের বারান্দায় ঠাঁয় দাঁড়িয়ে চুপচাপ দেখছিলেন তার প্রিয় মসজিদের দেয়াল ভেঙে ফেলার দৃশ্য। আরেকটু কাছে গিয়ে দেখা যায়, তার চোখ দুটি ছলছল করছে। মোহাম্মদ ইসহাকের কাছে প্রশ্ন করা হয়, মসজিদটি ভেঙে তো নতুন হবে, তারপরও কষ্ট পাচ্ছেন কেনো? প্রশ্নের কোনো উত্তর না দিয়ে ওজুখানার দিকে চলে যান তিনি। ওজু শেষ করে এসে খানিকবাদে নিজ থেকেই বলেন, ‘আমার জীবনের সব স্মৃতি এই জায়গায়। এই মসজিদটাই হলো আমার আত্মীয়, বন্ধু, স্বজন। কারও সঙ্গে দিনের পর দিন দেখা না হলেও এখানে আমার কখনো একা লাগেনি।’ এভাবে খানিকটা অগোছালো কথা দিয়ে শুরু হয় তার সঙ্গে কথোপকথন।

এর প্রায় দুই বছর পর চলতি বছরের (২০২০) ২০ নভেম্বর এফ ডি সি প্রাঙ্গণে মাওলানা মোহাম্মদ ইসহাকের সঙ্গে দ্বিতীয় দফায় কথা হয় ‘ম্যাজিক লণ্ঠন’-এর। বয়সের ভারে এখন আর আগের মতো কথা বলতে পারেন না এফ ডি সি জামে মসজিদের এই ইমাম। তারপরও চেষ্টা করলেন কথা বলার। দুই দফায় নেওয়া মাওলানা ইসহাকের সাক্ষাৎকারটি ‘ম্যাজিক লণ্ঠন’-এর পাঠকদের উদ্দেশে প্রকাশ করা হলো। মাওলানা ইসহাকের কথোপকথনে প্রমিত ও আঞ্চলিকতার মিশেল থাকায় কথা বলার শৈলী ঠিক রেখে প্রমিত বাংলায় অনুলিখন করা হয়েছে। ম্যাজিক লণ্ঠন-এর পক্ষ থেকে সাক্ষাৎকার নিয়েছেন রুবেল পারভেজ।

রুবেল পারভেজ : ইমাম সাহেব কেমন আছেন আপনি?

মাওলানা মোহাম্মদ ইসহাক : জি ভালো আছি, আলহামদুলিল্লাহ। তবে বয়স বেড়েছে, এজন্য একটু এদিক সেদিক হয় শরীরটার। এর বাইরে আল্লাহর রহমতে, সবার দোয়ায় ভালোই আছি।

রুবেল : এফ ডি সির পুরনো ও একমাত্র এই মসজিদটির কাঠামো ভেঙে নতুন একটা ঝকঝকে মসজিদ নির্মাণ করা হচ্ছে। আপনার তো খুশি হওয়ার কথা, কিন্তু আপনাকে এতো বিমর্ষ দেখাচ্ছে কেনো?

মোহাম্মদ ইসহাক : না, না কী যে বলেন, অবশ্যই আমি খুশি। আল্লাহর ঘর মসজিদ দেখতে সুন্দর দেখাবে, বড়ো হবে, বেশি মানুষ নামাজ পড়তে পারবে, এতে তো খুশিই হওয়ার কথা। অবশ্য, এটাও ঠিক, অনেক বছর ধরে এই মসজিদে নামাজ পড়াই, এখানেই পড়ে থাকি সবসময়। তাই মায়া তো একটু লাগছে, কষ্টও হচ্ছে। এক একটা ইট যখন ভাঙা হচ্ছে, তখন আমার বুকের ভিতরটাও যেনো হু হু করে উঠছে। আমার সারাটা জীবনের সবচেয়ে বেশি স্মৃতি এ মসজিদের সঙ্গেই। যে কারণে এর জন্য মায়া তো লাগবেই!

রুবেল : শুরুতে এই মসজিদ কেমন ছিলো?

মোহাম্মদ ইসহাক : একদম শুরুতে এই জায়গায় একটা গ্যারেজ ছিলো। তারপর এখানে টিনের ঝুপড়ি ঘরের মতো জায়গা বানিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়াতাম। সেসময় অবশ্য জুম্মার নামাজ পড়া হতো না। এরপর মহসিন[?] সাহেবকে বলেকয়ে রাজি করানোর পর তিনি অর্ডার দিলেন এবং তারপরই দালান হলো। আসলে এই মসজিদ চালানোর জন্য কয়েকজন মানুষ খুব খেদমত করেছে। যাদের মধ্যে আছেন আলি আহমদ, সামছু মোল্লা ও নায়ক রাজ্জাক সাহেব। আমিও তো অনেক দিন ধরে এখানে আছি। আমি জানি তারা বহু কষ্ট করেছেন এর পিছনে। এখন আর কেউ তাদের মতো দরদ দিয়ে মসজিদের খেয়াল করে না।

রুবেল : ইমামতি করার পর তো আপনি এখানেই থাকেন?

মোহাম্মদ ইসহাক : হ্যাঁ, এখানেই থাকি, মাঝে মধ্যে গ্রামের বাড়ি কুমিল্লায় যাই। কয়েক দিন থেকে আবার চলে আসি।

রুবেল : আপনি কতো সালে এফ ডি সিতে এসেছিলেন?

মোহাম্মদ ইসহাক : ১৯৬৯ সালে আমি এখানে আসি। ওই বছরই আমি বিবাহ করেছিলাম। মনে আছে, তখন অভ্যুত্থান চলছিলো, ওর কয়েক মাস পর মানে বৈশাখ মাসে আমার বিবাহ হয়। তবে ততোদিনে আমি লেখাপড়াও শেষ করেছি এবং তারপরই এফ ডি সিতে এসে ঢুকেছি। এখান থেকে আল্লাহ কখন, কবে নেয় জানি না।

রুবেল : ১৯৬৯ সালে আপনার বয়স কতো ছিলো?

মোহাম্মদ ইসহাক :’৬৯-এ তো আসলাম এখানে। মনে হয় তখন ২০/২২ বছর বয়স ছিলো আমার। আসলে ঠিক কখন আমার জন্ম, মনে রাখতে পারি নাই। 

রুবেল : ১৯৬৯ সালে ইমাম হিসেবেই এখানে ঢুকেছিলেন?

মোহাম্মদ ইসহাক : হ্যাঁ, ইমাম হিসেবে ঢুকেছিলাম।

রুবেল :’৭১-এ মুক্তিযুদ্ধের সময় তো আপনি এখানে মানে এফ ডি সিতেই ছিলেন?

মোহাম্মদ ইসহাক : হ্যাঁ, হ্যাঁ এখানেই ছিলাম। এখানে বাঙ্কার ছিলো। যুদ্ধ শুরু হলে, প্লেন আসতে দেখলে আমরা বাঙ্কারের ভিতর ঢুকে যেতাম। কখনো কখনো নামাজ পড়া শেষ করেই বাঙ্কারে ঢুকে যেতাম। যুদ্ধের পুরোটা সময় এখানেই ছিলাম।

রুবেল : যুদ্ধের সময় এফ ডি সির অবস্থা কেমন ছিলো? এখানে তো মিলিটারিরা আসছিলো। এগুলো মনে আছে কিছু?

মোহাম্মদ ইসহাক : যুদ্ধের সময়ও সিনেমার কাজ হতো এখানে।

রুবেল : কারা করতো, তাদের কথা মনে আছে?

মোহাম্মদ ইসহাক : নায়ক রাজ্জাক সাহেবসহ আরো নায়ক ছিলো, যারা ওই সময় এখানে শুটিং করতেন। খান আতা, ফতেহ লোহানী, মুস্তাফিজ সাহেবও ছিলো। অনেক সময় মিলিটারিরা এখানে আসতো। মনে চাইলে তাদের কেউ কেউ এই মসজিদে নামাজও পড়ছে।

রুবেল : পুরনো দিনের কথা মনে আছে?

মোহাম্মদ ইসহাক : সেসময় তো অনেক সিনেমা হতো। এখন তো সিনেমা নাই। আগে শাবানা, রাজ্জাক, ববিতা, সুচন্দা, রোজী সামাদরা অভিনয় করতো।

রুবেল : একটা সময় মানুষের ভিড়ে এফ ডি সিতে পা রাখা যেতো না, এরপর ধীরে ধীরে ফাঁকা হতে শুরু করে। এটা দেখে আপনার কেমন লাগে?

মোহাম্মদ ইসহাক : ভালোই তো লাগে মানুষজন কম দেখে।

রুবেল : মানুষজন না দেখে ভালো লাগে আপনার!

মোহাম্মদ ইসহাক : অনেক মানুষ আসতো। কিন্তু আমি তাদের কাছে যেতাম না। তারা তাদের তালে থাকতো। আমি আমার কাজ করতাম। তবে হ্যাঁ, একেবারেই মানুষ না থাকলে একটু ফাঁকা ফাঁকা লাগে।

রুবেল : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এফ ডি সি মানে সিনেমা শিল্প বিকাশে অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, জানেন তো নিশ্চয়ই?

মোহাম্মদ ইসহাক : আমরা তো বঙ্গবন্ধুর নৌকার পক্ষেই আছিলাম। বঙ্গবন্ধুকে আমি একবার ঈদ মোবারক দিছি। সোনারগাঁও হোটেলে দেখা হইছে, সেমাই খাইয়েছিলো আমাদের সবাইকে।

রুবেল : বঙ্গবন্ধুকে কাছ থেকে দেখেছেন। তিনি এফ ডি সি নিয়ে অনেক কাজ করেছেন। আপনি কি মনে করেন তিনি বেঁচে থাকলে এফ ডি সি আরো উন্নত হতো?

মোহাম্মদ ইসহাক : অবশ্যই আরো অনেক বেশি উন্নত হতো। এফ ডি সি তো বঙ্গবন্ধুই দিয়ে গেছেন। তাই তার মায়াও বেশি থাকতো বেঁচে থাকলে।

রুবেল : এফ ডি সির মসজিদে ইমামতি শুরুর পর প্রথম দিকে কতো টাকা পেতেন আর এখন কী রকম পান?

মোহাম্মদ ইসহাক: কতো টাকা! প্রথমে ছিলো ১২ টাকা পাকিস্তানের লাস্ট পিরিয়ডের সময়। সেই টাকার মধ্যে ছয় টাকা না জানি কয় টাকা দিয়ে একটি গোল গলার গেঞ্জি আর আকাশি রঙের একটা লুঙ্গি কিনেছিলাম। সেসময় টাকার দাম ছিলো অনেক। আমাকে নিয়মিত বেতন দেওয়া হতো। এফ ডি সিতে যারা চাকরি করতো, তাদের কাছ থেকে টাকা কালেকশন করে আমাকে বেতন দেওয়া হতো। তারপর মাস্টাররোলে ঢুকলাম। এরপর থেকে নিয়মিত আড়াইশো তিনশো টাকা করে পেতাম। তারপর বাড়তে থাকে। তবে কী জানেন, ৫০ বছর পর এখনো আমার চাকরিটা কিন্তু স্থায়ী হয় নাই! ইউনিয়নের কতো লোকের কাছে গেছি। কেউ ব্যবস্থা নেয় নাই। মাসে মাসে অল্প কিছু বেতন দেওয়া হতো। অবশ্য একজন হিন্দু ডাইরেক্টর এসে আমার বেতন ১৫ হাজার করে দিয়েছেন।

রুবেল : আপনি পড়াশোনা করেছেন কতোদূর?

মোহাম্মদ ইসহাক : টাইটেল পাস করেছি।

রুবেল : কোথায় পড়েছেন?

মোহাম্মদ ইসহাক : চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা (চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসা) থেকে।

রুবেল : ওখানে কতো বছর পড়েছিলেন?

মোহাম্মদ ইসহাক : দুই বছর পড়েছি, দাওরায়ে হাদিস নিয়ে।

রুবেল : এটা কতো সালে?

মোহাম্মদ ইসহাক : তা কি আর এখন মনে আছে! কতো বছর আগের কথা।

রুবেল : হাটহাজারী মাদ্রাসায় পড়েছেন, এটা নিয়ে গর্ব হয় আপনার?

মোহাম্মদ ইসহাক : এতো বড়ো মাদ্রাসায় পড়েছি, গর্ব হবে না! এটা তো সারাদেশের মধ্যে সেরা।

রুবেল : আপনি যেহেতু হাটহাজারী মাদ্রাসার ছাত্র, তাহলে আল্লামা শাহ আহমদ শফী হুজুরকে তো অবশ্যই দেখেছেন?

মোহাম্মদ ইসহাক : দেখবো না মানে! শফী সাব তো আমার ওস্তাদ।

রুবেল : ওনার কাছে যাওয়ার সুযোগ হয়েছে?

মোহাম্মদ ইসহাক : হবে না কেনো? অনেকবার হয়েছে।

রুবেল : প্রথমে কীভাবে জানলেন, ইনিই শফী হুজুর?

মোহাম্মদ ইসহাক : শফী সাব তো ভারতের বিখ্যাত দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা থেকে পড়ে আসছেন। উনি ছিলেন ঝানু ও জানলেওয়ালা মানুষ। তাই স্বাভাবিকভাবে ওনাকে সবাই চিনতো, ভক্তি করতো। অন্য বেশিরভাগ মানুষের মতো আমিও তাকে এভাবেই চিনতাম। আমার আরো কয়েকজন প্রিয় মানুষ ছিলো ওখানে, এনাদের মধ্যে আছেন আবুল হাসান সাব ...। আর বাকিদের নাম এখন মনে নাই, ভুলে গেছি, আল্লাহ মাফ করো।

রুবেল : শাহ আহমদ শফী হুজুরের সঙ্গে আপনার সঙ্গে কথাবার্তা হয়েছিলো?

মোহাম্মদ ইসহাক : হয়েছিলো। উনি তো আমাদের চেয়ে বয়সে বড়ো। আমরা ছিলাম ওনার ছেলের বয়সি। মানুষটা খুব সৌখিন ছিলো। তার কথাবার্তা, রুচি আমাদের ঘোরের মধ্যে রাখতো। ভাবতাম, এতো সুন্দর কথাবার্তা বলে কীভাবে একজন মানুষ! তার চলাফেরা অসম্ভব ভালো ছিলো। এতো বড়ো জ্ঞানী মানুষ ছিলেন!

রুবেল : তার আদর্শকে আপনার কাছে কেমন মনে হয়?

মোহাম্মদ ইসহাক : হুম। তিনি যেভাবে বলেছেন, আমাদের সেভাবেই চলা উচিত। তিনি এদেশকে ইসলামি দেশ হিসেবে দেখতে চান। আমি তার পক্ষে একশো ভাগ একমত। আমিও চাই ইসলামিক রাষ্ট্র হোক বাংলাদেশ। ইসলামের শাসন কায়েম হোক এখানে।

রুবেল : শফী হুজুরের আর কী কী ভালো লাগতো আপনার?

মোহাম্মদ ইসহাক : তিনি তো আমার ওস্তাদ। তার অনেক কিছুই আমার ভালো লাগতো। তা এখন আর অতো বেশি মনে নাই। তবে ওস্তাদ হিসেবে তিনি অসাধারণ ছিলেন।

রুবেল : এফ ডি সিতে তো আপনি প্রায় পাঁচ দশক ধরে আছেন; কখনো সিনেমা দেখেছেন?

মোহাম্মদ ইসহাক : জি না, আমি সিনেমা দেখি নাই।

রুবেল : একবারও না?

মোহাম্মদ ইসহাক : না, একবারের জন্যও আমি সিনেমা দেখি নাই।

রুবেল : কেনো বলেন তো?

মোহাম্মদ ইসহাক : আল্লাহর কোরাআনে আছে, কিতাবে আছে, হাদিসে আছে নাচগান করা হারাম। এগুলো দেখলে গুনাহ হয়। আমি তো ইমাম, আমি তো মানুষকে আল্লাহর পথে ডাকি। সেই আমি কীভাবে কিতাববিরুদ্ধ কাজ করি। এ কারণেই আমি কোনোদিন সিনেমাহলে যাই নাই। অবশ্য এখন তো আরব দেশেও নাচগান করে শুনছি।

রুবেল : কেউ কখনো বলেনি, চলেন যাই সিনেমা দেখে আসি?

মোহাম্মদ ইসহাক : বলছে তো অনেকেই। কিন্তু আমাকে কেউ সিনেমাহলের গেইট পর্যন্ত নিতে পারেনি। আমি তাদেরকে বলেছি কীভাবে যাই বলো, আমি তো সিনেমা দেখতে চাই না। আসলে আমাকে কখনোই সিনেমা টানেনি।

রুবেল : এই যে এফ ডি সিতে ইমামতি করেন; বাইরের মানুষজন কিংবা আপনার পরিবার, গ্রামের লোকজন কখনো বলেনি, এফ ডি সির মসজিদে ইমামতি করো কেনো?

মোহাম্মদ ইসহাক : না। এখানে তো আমার হাতেই মসজিদটা হয়েছে। মানুষকে আল্লাহর পথে ডাকছি না আমি! ভালো খারাপ সবই আছে সবখানে। যারা ভালো তারা আমার ডাকে সাড়া দিয়ে মসজিদে আসছে। আর যারা খারাপ তারা আসেনি। আসলে আমার ভাগ্যে আছে এফ ডি সির মসজিদের ইমামতি করা, সেটাই করছি। আল্লাহ তায়ালা যা চেয়েছেন তাই হয়েছে, তাই আমার তো অন্য কোনো দিকে যাওয়া সম্ভবই ছিলো না।

রুবেল : আপনি বলছেন, সিনেমা খারাপ। কিন্তু দেখেন, অনেক অভিনেতা, অভিনেত্রী, পরিচালকই কিন্তু সিনেমা থেকে আয় করে সেই অর্থ খরচ করে হজ করে আসে। এ বিষয়টিকে আপনি কীভাবে দেখেন?

মোহাম্মদ ইসহাক : আসল কথা হলো, জায়েজ নাই, হারাম। এখন কী আর বলবো; তারা যাচ্ছে!

রুবেল : আবার দেখেন, এফ ডি সির এই মসজিদটা চলে সিনেমাশিল্পের সঙ্গে যারা জড়িত, তাদের অর্থে। তারা সিনেমা বানায়, বিক্রি করে এবং সেখান থেকে যে রোজগার করে সেই টাকা দিয়ে মসজিদও চলে। টাকাটা তো সিনেমার মাধ্যমেই আসছে, তাই না?

মোহাম্মদ ইসহাক : মসজিদটা কী দিয়ে চলে এটা তো অফিস জানে, আমি তো জানি না। আমার কাজ খেদমত করা, আমি খেদমত করতেছি, খেদমত করে যাচ্ছি। তারা কোথা থেকে টাকা আনে আমি জানি না, আমি খবর নিই না। বুঝলেন তো! তারা মানুক না মানুক, আমার যা বলার দরকার, যে দাওয়াত দেওয়ার দরকার, তা আমি মানুষকে বলে যাচ্ছি। আমি সবার সামনে এ কথাই বেশি বেশি বলি তাহলো, মুসলমানদের এক আল্লাহর ওপর বিশ্বাস রাখতে হবে। তা না হলে ইমান থাকবে না। আমি মানুষকে আহ্বান করি তোমরা আল্লাহর কাছে আসো, অসৎ কাজ থেকে বিরত থাকো।

রুবেল : মসজিদে যখন খুতবা দিতেন, তখন কী বলতেন, সিনেমা হারাম?

মোহাম্মদ ইসহাক : বলতাম মাঝে মধ্যে।

রুবেল : আপনার পিছনে দাঁড়িয়ে যারা নামাজ আদায় করেছে তাদের প্রায় সবাই কোনো না কোনোভাবে সিনেমার সঙ্গে জড়িত।

মোহাম্মদ ইসহাক : হুম। এখানে তো আর বাইরের লোকজন খুব বেশি আসতে পারে না। সিনেমার সঙ্গে যারা জড়িত, তারাই আসলে এখানে নামাজ-কালাম পড়তে আসে। মনে করেন, দিনশেষে যে তারা আল্লাহকে স্মরণ করে মসজিদে আসে, এতেই আমি খুশি!

রুবেল : এফ ডি সিতে থাকার কারণে অভিনেতাদের সঙ্গে আপনার সম্পর্ক গড়ে উঠেছিলো?

মোহাম্মদ ইসহাক : হ্যাঁ, রাজ্জাক সাহেবের সঙ্গে একটু বেশিই সম্পর্ক ছিলো। রাজ্জাক সাহেব নিজের পয়সা খরচ করে মসজিদের এই ওযুখানা বানিয়ে দিয়ে গেছেন। পুরনো দিনের অনেক লোকই তো এখন আর নেই।

রুবেল : আর কার কার সঙ্গে আপনার ভালো পরিচয় ছিলো?

মোহাম্মদ ইসহাক : নাম তো মনে আসছে না। তবে পুরাতন ছাড়াও নতুন নায়কদের সঙ্গেও আমার পরিচয় আছে।

রুবেল : নায়ক সালমান শাহকে দেখেছেন, কথাবার্তা হয়েছে?

মোহাম্মদ ইসহাক : না। ওইভাবে খুব বেশি কথাবার্তা হয়নি, তবে বেশ কয়েকবার সামনাসামনি দেখা হয়েছে।

রুবেল : তার মারা যাওয়ার খবর তো পেয়েছিলেন, খারাপ লেগেছিলো?

মোহাম্মদ ইসহাক : এটা খুবই স্বাভাবিক যে খারাপ লাগবে! একটা টগবগে ছেলে মারা গেলো, খারাপ লাগবে না!

রুবেল : তার মারা যাওয়ার কারণ সম্পর্কে আপনার কী মনে হয়?

মোহাম্মদ ইসহাক : মানুষের সঙ্গে সম্ভবত শত্রুতা ছিলো। তাই মানুষ ওকে মেরে ফেলছে।

রুবেল : এখনকার নায়কদের মধ্যে আর কার সঙ্গে আপনার পরিচয় আছে?

মোহাম্মদ ইসহাক : নাম মনে পড়ছে না ...। ও মনে পড়ছে, শাকিব খান। গত শুক্রবার নামাজ পড়তে এসেছিলো। নামাজ পড়ার পর আমার কাছে এসে খোঁজখবর নিলো। কেমন আছি জানতে চাইলো। এরপর আমার হাতে তিন হাজার টাকা দিয়ে গেছে। আসলে সত্যি কথা বলতে গেলে, মাঝে মধ্যে ও আমাকে সাহায্য সহযোগিতা করে। বিশেষ করে রমজান মাস আসলে বেশি করে। শাকিব আমার ওপর খেয়াল রাখে ভালোই। ও সিনেমার কাজ করলেও লোক খারাপ না।

রুবেল : একটু আগে বলছিলেন সিনেমা হারাম। তো এই ‘হারাম পথ’ থেকে যে রোজগার হয় সেটাও তো ‘হারাম’? শাকিব খানও তো সিনেমা থেকেই টাকা রোজগার করে আপনাকে দিয়েছে? সেটা হারাম বলবেন না?

মোহাম্মদ ইসহাক : (হাসি) সে কোন কাজ থেকে রোজগার করে এনে আমাকে টাকা দিয়েছে তা তো জানি না। কোন খাত থেকে সে দিলো সেটা আমার দেখারও দরকার নাই। নেক দিল-এ আমাকে দিয়েছে, এটাই আমার কাছে বড়ো ব্যাপার। তবে এখানে অনেক দিন থাকার কারণে এটা আমি বলতে পারি যে, এফ ডি সি মানে এখানকার বেশিরভাগ মানুষই ভালো, তাদের মন অনেক বড়ো। কিন্তু তারা যে কাজটা করে সেটা খারাপ।

রুবেল : এদের জন্য আপনি দোয়া করেন?

মোহাম্মদ ইসহাক : অবশ্যই দোয়া করি; এই দোয়া করি যে, আল্লাহ তুমি তোমার এই বান্দাদের হেদায়েত করো। যারা মরে গেছে আল্লাহ তুমি তাদেরকেও মাফ করে দাও। মিলাদ, খুতবায় সবার জন্য দোয়া করি। আল্লাহর কাছে দুই হাত তুলে বলি, হে পরওয়ারদিগার, ওরা না বুঝে, না জেনে হয়তো এ কাজ করছে। কিন্তু ওরা তো তোমারই বান্দা। এফ ডি সির সবার জন্যই আমি দোয়া করি দিল খুলে।

রুবেল : অভিনেত্রীদের সঙ্গে কখনো কথাবার্তা বলেছেন?

মোহাম্মদ ইসহাক : না, না, কোনোদিনও বলিনি।

রুবেল : কারও সঙ্গে সামনাসামনি দেখাও হয়নি?

মোহাম্মদ ইসহাক : তা তো অনেককেই দেখেছি--শাবানা, ববিতা, শাবনূর, পূর্ণিমা ... অনেক দেখছি। কিন্তু কথা হয়নি। অনেক সময় শুটিং চলাকালে সামনাসামনি পড়ে গেছে, কিন্তু আমাকে দেখে ওরা মাথা নিচু করে চলে যেতো, আর আমিও মাথা নিচু করে চলে আসতাম।

মাওলানা মোহাম্মদ ইসহাক

রুবেল : ইমাম সাহেব, সাধারণ নারী আর নায়িকাদের মধ্যে কী কোনো পার্থক্য আছে বলে আপনি মনে করেন?

মোহাম্মদ ইসহাক : নায়িকারা পর পুরুষদের খুশি রাখে। আর সাধারণ নারীরা ঘরের মধ্যে থাকে, বাইরের সঙ্গে তারা কম মেলামেশা করে। বাড়ির মেয়েছেলেরা তো ভালো কাজ করে। নায়িকারা যা করে তা মস্ত বড়ো গুনাহ। এরা সব পুরুষের সামনে দেখা দেয়, নাচাগানা করে।

রুবেল : পরিচালকদের সঙ্গে আপনার কথাবার্তা হয় না?

মোহাম্মদ ইসহাক : কথা হয় না বললেই চলে। তবে তারা আমাকে ডাকতো। কিন্তু বেশিরভাগ সময়ই আমি যেতাম না।

রুবেল : শুটিং দেখতেন?

মোহাম্মদ ইসহাক : না শুটিংও দেখিনি।

রুবেল : সৌদি আরব তো ইসলামিক রাষ্ট্র। ওখানেও বছরখানেক হলো সিনেমাহল খুলছে। আগে তো ওখানে সিনেমাহল চলতো না। এখন সেখানে সিনেমা ব্যবসা দাঁড়াচ্ছে। সিনেমা নিয়ে ইসলামিক একটা দেশের এ ধরনের সিদ্ধান্ত দেখে আপনার কী মনে হয়?

মোহাম্মদ ইসহাক : ঠিক কীভাবে বলবো! আসলে সৌদিরা যে সবাই ভালো তা তো নয়, ওখানেও বেয়াদব লোক, খারাপ লোক আছে। আসলে ভালোর সঙ্গে তো খারাপও আছে।

রুবেল : আপনি কি বোঝাতে চাইছেন, যারা সিনেমা করে তারা খারাপ?

মোহাম্মদ ইসহাক : না; আসলে মানুষকে কেনো ঘৃণা করবো বলেন? তার কাজকে ঘৃণা করবো। মানুষ তো মানুষই। মানুষ ভালো কাজের সুফল পাবে, খারাপ কাজের শাস্তি পাবে। কোনো কাজ খারাপ হলে তার সেই কাজকে ঘৃণা করা উচিত। কখনো মানুষকে ঘৃণা করতে নেই। মানুষ কাজ করে, ভালো-মন্দ দুটোই করে। তবে ভালো কাজ করা ভালো। শরিয়ত বিরোধী কাজ করা হারাম।

রুবেল : এই এফ ডি সি আছে বলেই তো কিছু মানুষের পেট চলে; রুটি রোজগারের ব্যবস্থা হয়। যদি এটা না থাকতো তাহলে এ মানুষগুলো তো না খেয়েও থাকতে পারতো। সেই রুটি-রুজির জায়গা থেকেও কি এফ ডি সিকে খারাপ মনে হয় আপনার কাছে?

মোহাম্মদ ইসহাক : হ্যাঁ; সেদিক থেকে ঠিক আছে।

রুবেল : কখনো মনে হয়নি এফ ডি সি ছেড়ে চলে যাবেন?

মোহাম্মদ ইসহাক : না, চাকরি যতোদিন আছে ততোদিন তো করতেছি। নামাজ-কালাম পড়াই। এখন জীবনের শেষ দিকে এসে পড়েছি। চাকরিও শেষ। চাকরিটা শেষ হয়ে গেলেই তো গেলাম, খালাস।

রুবেল : জীবনের বেশিরভাগ সময় এফ ডি সিতেই কাটিয়েছেন। এটার প্রতি মায়া তৈরি হয়নি কখনো?

মোহাম্মদ ইসহাক : না, এফ ডি সির প্রতি আমার কোনো মায়া তৈরি হয়নি।

রুবেল : কেনো?

মোহাম্মদ ইসহাক : বললাম না, এটা খারাপ জায়গা। আসলে কী বুঝলেন, এইখানে আসাটা আমার তকদিরে লেখা ছিলো, আমি তো চাইনি। আল্লাহ এখানে রেখেছেন, এটা কিসমতে লেখা ছিলো। হয়তো, হতে পারে, তিনি এখানে রেখে আমার পরীক্ষা নিয়েছেন। হয়তো তিনি এখানে আমাকে তার পথে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছেন। তারপরও, এটা ভালো জায়গা না, বুঝলেন?

রুবেল : আপনার ছেলেমেয়ে কয়জন? তারা কে কী করেন?

মোহাম্মদ ইসহাক : আমার তিন ছেলে, তিন মেয়ে। বড়ো ছেলে আমার মতোই মসজিদে ইমামতি করে, ছোটোটা একটা মাদ্রাসায় পড়াশোনা করে। আর মেজোটা দেশে থাকে, ও পড়ালেখা কম করছে। মেয়ে তিনটার বিবাহ দিয়েছি, ইনশাল্লাহ।

রুবেল : আপনি কি মনে করেন আপনার সন্তানরা সঠিক পথে আছে?

মোহাম্মদ ইসহাক : না, আমার মেজোটা একটু বেপথে আছে। নামাজ-কালাম করে না, কথা শোনে না। সে তার মতো করে চলে। তবে বড়ো আর ছোটোটা আমার পথে চলে। ওরা ঠিক পথে আছে।

রুবেল : এতোটা বছর টানা ইমামতি করলেন; আর এখন আরেকজন ইমামের পিছনে দাঁড়িয়ে একই মসজিদে নামাজ পড়ছেন। তো কেমন লাগছে?

মোহাম্মদ ইসহাক : সময় যাবে মানুষ আসবে। স্বাভাবিকভাবেই আমি দেখি এগুলোকে। আমি চিরদিন কি আর থাকবো?

রুবেল : চাকরি শেষ, এখন গ্রামে গিয়ে কী করবেন?

মোহাম্মদ ইসহাক : জানি না আল্লাহ কী করাবেন।

রুবেল : কবে নাগাদ যাবেন?

মোহাম্মদ ইসহাক : বিদায় দিলেই যাবো। এই মাসের (নভেম্বর ২০২০) শেষের দিকে যাওয়ার কথা আছে। পয়সাকড়ি কী দেয় দেখি। দেবে তো বলছে।

রুবেল : গ্রামের বাড়ি যেতে বলে না ছেলেমেয়েরা?

মোহাম্মদ ইসহাক : হ্যাঁ, ওরা তো যেতে বলে সবসময়। আমিও বলি আসবো। এখন সবকিছু গুছিয়ে তারপরই তো যেতে হবে।

রুবেল : এফ ডি সি ছেড়ে চলে যাচ্ছেন; কোনো আক্ষেপ আছে আপনার জীবনে, কষ্ট?

মোহাম্মদ ইসহাক : না; কীসের কষ্ট। যাবোই তো একদিন চলে। তবে আক্ষেপ আছে, চাকরিটা দিলো না। ৫০টা বছর ধরে চাকরি করলাম, কিন্তু স্থায়ী করলো না। মাস্টাররোলেই রেখে দিলো।

রুবেল : এফ ডি সির মানুষজন আপনাকে কেমন জানে?

মোহাম্মদ ইসহাক : ভালোবাসে কি না জানি না। জানার চেষ্টাও করি না। খুব কম মিশি তো। নামাজের সময় হলে নামাজটাই পড়াই আর বাকি সময় আল্লাহ-বিল্লাহ করি।

রুবেল : আপনি বলছেন সিনেমা হারাম। তো ছবি তোলাকে কী বলবেন?

মোহাম্মদ ইসহাক : এটাও হারাম।

রুবেল : আমি তো আপনার ছবি তুলছি এখন?

মোহাম্মদ ইসহাক : আমি তো আর আমার নিজের ইচ্ছায় ছবি তুলি নাই। নিজের ইচ্ছায় তোলা আর পরের ইচ্ছায় তোলা বেশ-কম আছে। নিজে যদি ইচ্ছা করে ওঠাই তাহলে গুনাহ হবে। আর যদি কেউ আমার ছবি তুলে নেয় তাহলে সে গুনাহগার হবে, আমি না।

রুবেল : এখন আপনি একা, ঠিকমতো চলতে ফিরতে পারেন না, আপনাকে কে খাবার এনে দেয়?

মোহাম্মদ ইসহাক : খাওয়া-দাওয়া আল্লাহ যা খাওয়ায় তা পয়সা দিয়ে কিনে খেতে হয়, আমি নিজেই এনে খাই। আগে নিজে পাক (রান্না) করতাম। এখন হোটেলে খাই। সকালে পরোটা আর দুপুরে-রাতে ভাত খাই। একবারেই কিনে আনি।

রুবেল : সন্তানরা আপনাকে নিতে আসবে?

মোহাম্মদ ইসহাক : হ্যাঁ, নিতে আসবে।

রুবেল : হজে গিয়েছেন?

মোহাম্মদ ইসহাক : আমি দুইবার হজে গেছি। ২০১৩ সালে প্রথমবার আর ওমরাহ করেছি গত বছর (২০১৯)। নিজের জায়গা জমি থেকে যা আয় হয়েছে তা দিয়ে হজ করেছি।

রুবেল : ছোটোবেলা কী হতে চেয়েছিলেন?

মোহাম্মদ ইসহাক : আমি তো বাংলা পড়িনি। আরবি লাইনে পড়েছি। তবে আমি ছোটোবেলা থেকেই মাওলানা হতে চেয়েছিলাম; তাই হয়েছি।

রুবেল : এই এফ ডি সিতে আপনি জীবনের সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন? নিজের বাড়ি মনে হয়নি কখনো?

মোহাম্মদ ইসহাক : না; কখনো আপন হয় নাই। মনের মধ্যে কখনো ভালো লাগতো না; বাধ্য হয়েই থেকেছি। চাকরির জন্য থাকতে হয়েছে তাই থেকেছি।

রুবেল : এই খারাপ লাগা নিয়ে এতোটা বছর পার করে দিলেন, কীভাবে!

মোহাম্মদ ইসহাক : কীভাবে যে পার করে দিলাম এতোটা বছর, তা বুঝলামও না!

রুবেল : আপনার মতে, ধর্মে আছে সিনেমা খারাপ, তাই এফ ডি সিতে থাকতেও খারাপ লাগতো?

মোহাম্মদ ইসহাক : হুম।

রুবেল : আপনি চান এই এফ ডি সি আরো বড়ো হোক?

মোহাম্মদ ইসহাক : না, চাই না।

রুবেল : এফ ডি সি ভেঙে যদি বিরাট একটা মসজিদ বানানো হয়, সেটা আপনি চান?

মোহাম্মদ ইসহাক : মসজিদ তো হচ্ছেই। আর মসজিদ বানালেই হবে! জায়গাটাই তো ভালো না।

 রুবেল পারভেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী। বছর চারেক সাংবাদিকতা পেশায় থেকে বর্তমানে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক-এর মাইগ্রেশন প্রোগ্রামে ডিস্ট্রিক্ট ম্যানেজার হিসেবে কর্মরত।

rubelmcj@gmail.com

https://www.facebook.com/rubel.pervez.14

বি.দ্র. এই প্রবন্ধটি ম্যাজিক লণ্ঠন ২০তম সংখ্যা, জানুয়ারি ২০২১ এ প্রকাশিত হয়েছে।

 

 

 

 

 

 

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন