জাহিদ হোসেন
প্রকাশিত ০৯ নভেম্বর ২০২৬ ১২:০০ মিনিট
অন্যকে জানাতে পারেন:
ম্যাজিক স্মৃতি
স্টেশন বাজারের সিনেমা দেখা সেই দিনগুলো
জাহিদ হোসেন

গল্পটা শুরুর আগে কয়েকটা কথা বলে নিই। এ এমন এক সময়ের গল্প যখন ইন্টারনেট নেই, মোবাইল ফোনসেট নেই, এমনকি ডিশ লাইনও নেই। দেশের বিনোদন জগতে সবেমাত্র ভিসিপি আর ভিসিআর আসতে শুরু করেছে। বাড়িতে ভিসিআর-এ সিনেমা দেখা নিষিদ্ধ নয়। কিন্তু সিনেমাশিল্প ও সিনেমাহল ব্যবসার ক্ষতির আশঙ্কায় বাণিজ্যিকভাবে ভিসিআর-এর ব্যবহার নিষিদ্ধ। তরুণদের আনন্দিত হওয়ার প্রধান মাধ্যম তখন বই পড়া, রেডিও শোনা, ক্যাসেট প্লেয়ারে (কেউ কেউ চেঞ্জারও বলতো) গান শোনা আর ‘বিটিভি’র অনুষ্ঠান দেখা। এন্টেনার জোর থাকলে কলকাতা দূরদর্শনও দেখা যেতো। বাঁশের মাথায় বসানো অ্যালুমিনিয়ামের এন্টেনা ঠিকঠাক মতো ঘুরিয়ে অপেক্ষাকৃত ভালো সিগনাল আনার চেষ্টা করতে হতো। বাড়ির মাথায় বাঁশের ডগায় রুপালি এন্টেনা দেখে আমরা বাড়িওয়ালার আর্থিক অবস্থা যাচাই করতাম। মফস্বল শহরের একটা পাড়ায় ৮-১০টার বেশি এন্টেনা ছিলো না। বেশিরভাগ বাড়িতেই ছিলো সাদা-কালো টিভি, কদাচিৎ দুয়েক বাড়িতে কালার টিভি ছিলো। কোনো টিভিকেই তখন রিমোট থেকে কন্ট্রোল করা যেতো না। টিভির কানে মোচড় দিয়ে বা নাকে টিপ দিয়ে চ্যানেল বদলাতে হতো।
এই পটভূমি সঙ্গে নিয়ে ১৯৮৪-৮৫ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম। তখন প্রতিটি বিষয়ে আলাদা আলাদা ভর্তি পরীক্ষা হতো। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পরীক্ষার জন্য রাজশাহী থাকতে হতো প্রায় এক মাস। একটার পর একটা পরীক্ষা হতো, রেজাল্ট হতো, ভর্তি হতো, ওয়েটিং লিস্ট থেকে টানতো। সে এক মহা মচ্ছব। ভর্তি মৌসুম শেষ হলো। আমার থাকার জায়গার ঠিক নেই। এখানে ওখানে থেকে থেকে ভর্তি তো হলাম, এখন থিতু হওয়ার পালা। তখন একটা ব্যাগেই আমাদের জীবন এঁটে যেতো। ক’টা বইখাতা আর দুটো প্যান্ট-জামা একটা ব্যাগে নিয়ে আমরা অনায়াসে আমাদের ঠিকানা পরিবর্তন করতে পারতাম। বন্ধু শরীফুল খেলোয়াড় কোটায় ভর্তি হলো। এস এম হল (শাহ্ মখদুম হল) কর্তৃপক্ষ ওকে বললো, সিট নেই কিন্তু আড়াইতলার সিঁড়ির ফাঁকে দুটো স্টোর রুম আছে, তার একটা ছাপসুতরো করে সে নিতে পারে। আমরা দুজনে একটা রুম পরিষ্কার করে নিয়ে থাকা শুরু করলাম। সেই রুমটাই এখন ০০৮ নম্বর রুম নামে পরিচিত। এরপর গেলাম মেহেরচণ্ডীর ‘শরীফা ছাত্রাবাস’ এ। দোতলার উত্তর দিকের রুমে থাকতাম। তারপর দ্বিতীয় বর্ষের শুরুতেই সোহরাওয়ার্দী হলে সিট পেলাম। উঠলাম ১৪৭ নম্বর রুমে।
বলে রাখা ভালো তখন দেশে সামরিক শাসন চলছে। এরশাদ বিরোধী আন্দোলনে ক্যাম্পাস ছিলো প্রগতিশীলতার সূতিকাগার। সভা, মিছিল, পথনাটক, গান, কবিতা, নাচ, ডিবেটে ভরপুর চারদিক প্রতিদিন। আমরা ক্লাস সেরে কোনোদিন সরাসরি রুমে ফিরতাম না। কিছু না কিছুতে যুক্ত হয়ে রাতে একেবারে খেয়েদেয়ে ফিরতাম। এতো যে দোর্দণ্ড প্রতাপ জেনারেল, তারপরও তিনি পারেননি ক্যাম্পাসে পুলিশ পাহারা বসাতে। মাঝে মধ্যেই হল ভ্যাকেন্ট করার আদেশ আসতো। বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা আসতো। আমাদের শিক্ষাজীবন ইলাস্টিকের মতো টেনে টেনে লম্বা করে দিয়েছিলেন এরশাদ। ছাত্রদের ওপর ছিলো তার সবচেয়ে বেশি ক্রোধ। আলুভর্তা দিয়ে নাস্তা, হলের ডাল, অথবা রফিক, জামালদের হোটেলের গ্যাটিস খেয়েও কী উদ্দাম আর প্রাণশক্তিতে ভরপুর যে ছিলাম আমরা! বয়সটাই ছিলো সৃষ্টির আর প্রতিবাদের। সুকান্ত যেমন লিখেছেন, ‘আঠারো বছর বয়স কী দুঃসহ/ স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি/ আঠারো বছর বয়সেই অহরহ/ বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি’।
ক্যাম্পাসে তখন ছাত্রশিবির নেই। তবে আশপাশের গ্রামে আছে। শরীফা ছাত্রাবাসে আমার পাশের রুমেই ছিলেন রফিকুল ইসলাম খান। পরবর্তী সময়ে তিনি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি হয়েছিলেন। ছাত্রদল শক্তিশালী। ততোধিক শক্তিশালী ছাত্র মৈত্রী, বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ সমর্থিত) এবং সম্মিলিতভাবে ছাত্র সংগ্রাম পরিষদ। এ সময় মাঝে মধ্যেই শুনতাম ছাত্র রাজনীতিতে এরশাদের ভাড়া করা দল ‘নতুন বাংলা ছাত্র সমাজ’ যেকোনো দিন ক্যাম্পাসে এসে হল দখল করে নেবে। রাত জেগে পালা করে হল পাহারা দেওয়ার ব্যবস্থা হয়েছিলো তখন। এ সময় একটা কবিতায় এরকম কটা লাইন লিখেছিলাম,
ক্যাম্পাসে নতুন বাংলা, পাহারায় সাজ সাজ রব
হল গেটে ব্যারিকেড, প্রস্তুত কমরেড,
ফাঁকা রেখে পেছনের গেট
ছোট ক্ষতি যুদ্ধে নামায়
সারারাত নীলছবি, বড় ক্ষতি বড় ভালো লাগে,
যৌন সুড়সুড়ি দেয়
এই কবিতার পিছনের কারণ নিয়েই মূলত আজকের গল্প। আগেই বলেছি, তখন ভিসিআর এসেছে। মেহেরচণ্ডী, বিনোদপুর, কাজলায় ছোটো ছোটো খুপরি ঘরে গড়ে উঠেছে সিনেমার ব্যবসা। একটা ভিসিআর বা ভিসিপি, একটা কালার টিভি (২০-২৪ ইঞ্চি), ইলেক্ট্রিক কানেকশন, মেঝেতে চাটাই বা খড় বিছানো, তিন-চার জন স্থানীয় যুবক, ৩০-৪০ জন দর্শক (শতকরা প্রায় একশো ভাগ বিশ্ববিদ্যালয়ের ছাত্র)--এই নিয়েই একটা সিনেমা-জগৎ। কোনো কোনো ঘরের দেয়াল ফাঁকা করে অন্যদিকে ভিসিআর বা ভিসিপিটা রাখা হতো যাতে পুলিশ রেইড করলে ওই ছোটো কিন্তু দামী মেশিনটা নিয়ে দৌড়ে পালানো যায়।
রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন। এর আশেপাশেই গড়ে উঠেছিলো সেসময়কার ‘সিনেমাহলগুলো’।
স্টেশন বাজারের হোটেলগুলোর দেয়ালে, ইলেক্ট্রিক পোলে, গাছের গায়ে হাতে লেখা পোস্টারে সিনেমার বিজ্ঞাপন দেওয়া হতো। সাদা এ-ফোর সাইজের কাগজে অথবা পোস্টার পেপার কেটে আলতা বা নীল রঙে কাঁচা হাতে লেখা বিজ্ঞাপন দেখে জানা যেতো আজ কোথায়, কখন, কী সিনেমা আছে। ছুটির দিনে সকাল ১০টা আর অন্য দিন দুপুর থেকে শুরু হয়ে মধ্যরাত অব্দি একটার পর একটা সিনেমা চলতো। টিকিট ছিলো তিন থেকে ছয় টাকার মধ্যে। ছোটো একটা চিরকুটের মতো টিকিট। তারিখ আর সময় লেখা, সঙ্গে একটা সাঙ্কেতিক স্বাক্ষর।
বিজ্ঞাপনে লেখাগুলো ছিলো খানিকটা সাঙ্কেতিক ও শর্ট হ্যান্ড টাইপ। কিন্তু বুঝতে অসুবিধা হতো না। যেমন “১০-সাগরিকা, ৩-জাস্টিস চৌধুরি, ৬-তোফা, ৯-ইয়ারানা (বোনাস), রাত ১২টা ‘আছে’”। লোকেশন লেখা থাকতো ‘স্টেশনের নিচে পশ্চিমে’, ‘স্টেশনের নিচে পূর্বে’, ‘স্টেশনের নিচে আমতলা’, ‘স্টেশনের নিচে জামতলা’--এই ভাবে। এই ‘আছে’টা কখনো অন্য কালিতে বা মোটা করে লেখা হতো। আমরা বুঝতাম রাত ১২টায় ‘আছে’ মানে তখন নীলছবি চলবে। আর নয়টার শো যারা দেখবে তারা সিনেমা শেষে ১৫-২০ মিনিটের নীলছবির একটা খণ্ডাংশ দেখতে পারবে। মাঝে মধ্যে এক টিকিটে দুই ছবি, একটা বাংলা একটা হিন্দি, একটা হিন্দি একটা অ্যাকশন (ইংরেজি)--এমনও ছিলো।
শহীদ সোহরাওয়ার্দী, শহীদ শামসুজ্জোহা, মাদার বখ্শ ও শহীদ হবিবুর রহমান হলের ছাত্রদের জন্য স্টেশনের আশপাশের লোকেশনগুলো ছিলো সহজগম্য। নবাব আবদুল লতিফ, সৈয়দ আমীর আলী ও শাহ্ মখদুম তিন হলের ছাত্রদের জন্যে বিনোদপুর; আর শের-ই-বাংলা ও মতিহার হলের জন্য কাজলার লোকেশনগুলো।
রাতে নীলছবির সময় খুব ভিড় হতো। এইটিজ আর আর্লি নাইন্টিজের পর্ন ছবিগুলোর দৈর্ঘ্য হতো এক থেকে দেড় ঘণ্টা, কিছুটা কাহিনি থাকতো, সামান্য হলেও স্টোরিলাইন ছিলো (যেমন, প্রাইভেট স্কুলগার্লস)। কিন্তু একপর্যায়ে দেখা গেলো, দর্শকের অনেকে এই ‘ধান ভানতে শীবের গীত’ পছন্দ করছে না। তারা টাকা দিয়ে টিকিট কেটেছে ব্লু দেখার জন্য, তারা পুরোটা সময় ‘অ্যাকশন’ চান। ফলে পরবর্তী সময়ে কেবল মিলনদৃশ্য সম্বলিত জোড়া দেওয়া কাটপিস জনপ্রিয় হয়ে উঠলো। এভাবে বাংলাদেশি ও ভারতীয় পর্নের চাহিদা বাড়লে দক্ষিণ ভারতীয় অ্যাডাল্ট মুভিও দেখানো শুরু হয়। এতে দুধের স্বাদ ঘোলে মিটতো অনেকের।
অনেক ভারতীয় হিন্দি ও বাংলা ছবি তখন দেখা যেতো এই সব ‘সিনেমাহলে’। ইংরেজিও ছিলো, তবে তার সবগুলো অ্যাকশনধর্মী মারপিটওয়ালা। বিশ্বচলচ্চিত্রের কোনো ধ্রুপদী সিনেমা প্রদর্শিত হতে কখনো দেখা যায়নি। চাহিদাও ছিলো না। ফবি ক্যাটসের সিনেমা ব্লু লেগুন সেসময় খুব নাম করেছিলো। সিনেমাটা এক্স-রেটেডও ছিলো। কিন্তু আমরা কয়েকজন বন্ধু একটা লোকেশনের ব্যবস্থাপকদের অনেক বলে কয়েও সিনেমটা আনাতে পারিনি। তাদের এক কথা, ‘থ্রি’ ছাড়া কিছু চলবে না।
মেয়েরা এসব ‘হলে’ সিনেমা দেখতে আসতে পারতো না। তবে সহপাঠী-বন্ধুদের কাছে শুনতো। আমরা যখন থার্ড ইয়ারে তখন তাপসী রাবেয়া হলে ছাত্রী বসবাস শুরু হলো। এর কিছুদিন পর কোনো এক ফিস্টের দিনে ওই হলে ভিসিআর দেখানো হয়েছিলো সম্ভবত হলের নেতাদের উদ্যোগে। সেখানে নীলছবি দেখানো হওয়ায় অথবা দেখানোর উদ্যোগ নেওয়ায় একটা ঝামেলা হয়েছিলো এমন শুনেছিলাম।
অনেক মজার ঘটনাও ঘটেছে তখন। মারামারিও হতো সিনেমা দেখতে গিয়ে, অবশ্য তা বেশি দূর গড়াতো না। পিছনে ক্ষমতার চেইন ছিলো। রাত ১২টার ‘আছে’ দেখতে মুখটা একটু আড়াল করেই সবাই যেতো। একবার আমার এক বন্ধুর সঙ্গে তার আপন ভাতিজার দেখা হয়ে দুজনেই বড়ো লজ্জা পেয়েছিলো। আরেক বন্ধু একবার বিছার কামড় খেয়ে মারাত্মক যন্ত্রণা পেয়েছিলো। একজন বিমোহিত দর্শক বন্ধু হঠাৎ টের পেয়েছিলো যে তার পুরো পশ্চাদ্দেশ ভেজা, কারণ আগের কোনো এক দর্শক প্রস্রাব করার জন্যে আর বাইরে যায়নি, ওই খড়ের উপরেই কাজ সেরে গিয়েছিলো।
একটা আবদ্ধ অন্ধকার ঘর। ফ্যান নেই। প্রায় সবাই ধূমপান করছে। বসে আছে নিচে খড় দেওয়া চাটাই বা কোথাও কেবল চাটাই বা কেবল খড়ের উপর। সামনে ২০-২৪ ইঞ্চি টিভির স্ক্রিনে উন্মুক্ত যৌনতা, শীৎকার ধ্বনি, সামনে ৩০-৪০ জন কামোত্তেজিত তরুণ--এই প্রায় নৈমিত্তিক নৈশকালীন দৃশ্য থেকেই কবিতার ওই কটা লাইন মাথায় এসেছিলো।
আজ এই পরিণত বয়সে ভাবি, সেই দ্রোহের কালেও, অবদমন, অবরুদ্ধতা আর অপচয়ও ছিলো আমাদের তারুণ্যের আরেক দিক।
লেখক : জাহিদ হোসেন, মানবাধিকার বিশেষজ্ঞ। হিউম্যান রাইটস অফিসার ইউ এন আর সি অফিস, ঢাকা, বাংলাদেশ।
https://www.facebook.com/Zahid66
বি.দ্র. এই প্রবন্ধটি ম্যাজিক লণ্ঠন ২০তম সংখ্যা, জানুয়ারি ২০২১ এ প্রকাশিত হয়েছে।
এ সম্পর্কিত আরও পড়ুন