Magic Lanthon

               

শাকিল আহাম্মেদ

প্রকাশিত ০৭ নভেম্বর ২০২৬ ১২:০০ মিনিট

অন্যকে জানাতে পারেন:

‘বেকাস’, শেষপর্যন্ত ক্ষমতাবানের পক্ষেই থাকলো

শাকিল আহাম্মেদ


বেকাস-এ যাওয়ার আগে

মানুষের ‘উন্নত’ জীবনযাত্রার সূচনাটা বেশি দিনের নয়, মাত্র ১২ হাজার বছরের;১ যখন থেকে মানুষ ভূমিকে কাজে লাগানোর কথা ভাবলো; শস্য ফলিয়ে কৃষি কাজটা শিখলো। অথচ এই কৃষি কাজের ধারণাটা মাথায় আসতেই তাদের লেগে গেছে লাখ লাখ বছর। ডারউইনের তত্ত্ব অনুসারে গাছ থেকে মানুষ প্রথমে মাটিতে নামে, দুই জোড়া পা থেকে বিচরণের সুবিধার্থে সামনের পা জোড়াকে হাতে রূপান্তর করে। লম্বা হাত, হিংস্র থাবা, কদাকার দাঁত, মুখ, নখ বিবর্তন হতে হতে পশু-জগৎ থেকে তারা সুসংগঠিত মানুষে পরিণত হয়েছে। একেকটি বিবর্তন হতে লেগেছে হাজার হাজার বছর। একটি নির্দিষ্ট পর্যায়ে আসার পর তারা জগতকে এগিয়ে নিয়ে গেছে ব্যাপকভাবে। উদ্ভব হয়েছে নানা রাষ্ট্র, সম্প্রদায়, শাসনব্যবস্থার। সেই সঙ্গে বিকশিত হয়েছে শিল্প-সাহিত্য-সংস্কৃতির। বিশেষ করে গত একশো বছরে প্রযুক্তির অগ্রগতি হয়েছে বিস্ময়কর। বর্তমানে যোগাযোগ, শিক্ষা, চিকিৎসা, কৃষি থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে বিজ্ঞানের ব্যবহার মানুষের প্রাত্যহিক জীবনযাপনে দারুণভাবে প্রভাব ফেলছে। বিজ্ঞানকে কাজে লাগিয়ে মানুষ প্রতিনিয়ত উদ্ভাবন করছে নতুন নতুন প্রযুক্তি। এসব প্রযুক্তির প্রয়োগে প্রতিদিন একটু একটু করে বদলে যাচ্ছে পৃথিবীর হালহকিকত; পাল্টে যাচ্ছে মানব জীবনধারা।


বোঝা যাচ্ছে মানুষ অপরিসীম ক্ষমতার অধিকারী। অনেক কিছুই করে ফেলেছে তারা। এতোকিছু করলেও তাদের সবচেয়ে বড়ো সীমাবদ্ধতা হলো তারা আজও পুরোপুরি মুক্ত, স্বাধীন হতে পারেনি। আদিম সাম্যবাদী সমাজ ভেঙে যাওয়ার পর যে দাস সমাজের উদ্ভব হয়েছিলো, সে দাস-প্রথা আজও সমাজে বিদ্যমান। কেবল দাসের সংজ্ঞা পরিবর্তন হয়েছে। যুগ যুগ ধরে শোষণ, নিপীড়ন, বঞ্চনার শিকার হয়ে এসেছে তারা। আর সবসময় স্বপ্ন দেখেছে একটা নিয়ন্ত্রণহীন নিঃস্বাধীন জীবনের এবং খুঁজেছে নিরাপদ আশ্রয়। সেই আশ্রয় থেকেই আদিম মানুষ প্রথমে আগুন, বৃক্ষ, সূর্যকে দেবতা বানিয়েছে। এছাড়া আর যা যা প্রাকৃতিক উপাদান তাদের প্রতিদিনের জীবনে প্রভাব ফেলতো, শুধু তাদেরই উপাসনা করেছে তারা। কিন্তু একটা সময় যখন সমাজ, শাসক-শাসন ও কিছু রীতিনীতি গড়ে উঠলো, তখন মানুষ সেসব প্রাকৃতিক উপাদানের বাইরেও সর্বনিয়ন্ত্রক কোনো মহাশক্তির কথা ভাবলো, ঈশ্বরের অনুসন্ধান করলো, ধর্ম আনলো এবং একপর্যায়ে তৈরি করলো নানা দেব-দেবীর মূর্তি। তারা ধরে নিয়েছিলো অতিমানবীয় এসব দেব-দেবীই তাদের সব দুঃখ-কষ্ট দূর করবে, বিপদে রক্ষা করবে। কাল যতো গড়িয়েছে, ততো এগুলোকে কেন্দ্র করে সমাজে বিস্তার লাভ করেছে ক্ষমতা ও রাজনীতির লড়াই। সেই সঙ্গে যুগে যুগে অতিমানবীয় শক্তির ধুয়া তুলে বেড়েছে মানবজাতির ওপর নিয়ন্ত্রণ।


কখনো শিল্পে, কখনো সাহিত্যে এবং অনেক পরে চলচ্চিত্রেও ঢুকে পড়ে তাদের কর্তৃত্বের চর্চা। এ চর্চার ধারাবাহিকতায় একসময় অতিমানবীয় শক্তি হিসেবে হাজির করা হয় সুপারম্যান, স্পাইডারম্যান, ব্যাটম্যানদের; এবং চলচ্চিত্রসহ বিভিন্ন মাধ্যমে যাদের উপস্থাপন করা হয় মানুষ, সমাজ, রাষ্ট্র তথা পৃথিবীর যতো অসঙ্গতি, সমস্যার সমাধানকারী ও রক্ষাকর্তা হিসেবে। এই সুপারহিরোদের বানিয়ে এখনো যারা সাধারণ মানুষকে পৃথিবীর হাল ধরার স্বপ্ন দেখায়, তাদের মূল কারিগর আমেরিকা। আর এ স্বপ্ন দেখানোর পিছনে কারণটা হচ্ছে পুঁজি আর সাম্রাজ্য। যে সাম্রাজ্য টিকিয়ে রাখতে করতে হয় অনেক হিসাবনিকাশ। কখনো বিশ্বরাজনীতি-অর্থনীতি, কখনো বিশ্ববাণিজ্যসহ প্রতিটি ক্ষেত্রে হস্তক্ষেপের মধ্য দিয়ে নিজেদেরকে সমস্ত রাষ্ট্রের অভিভাবক হিসেবে ঘোষণা করে। তাদেরই প্রতিনিধিত্ব করে তাদের সৃষ্টি এই সুপারহিরোরা। সাদামাটা গল্পের অন্তরালে এসবের কথাই বলে ইরাকের চলচ্চিত্র বেকাস। 


বেকাস ও কারজান কাদের

গল্পটা যুদ্ধবিধ্বস্ত একটি রাষ্ট্রের। কিছুদিন আগেই অবসান হয়েছে দীর্ঘ আট বছর ধরে চলা ইরাক-ইরান যুদ্ধের। ক্ষমতায় তখনো সাদ্দাম হোসেন। তার সময়ে যুদ্ধ পরবর্তী ইরাকের নিপীড়িত, অত্যাচারিত অঞ্চল কুর্দিস্তানের অবস্থাটা কেমন দাঁড়িয়েছিলো তারই প্রতিচিত্র দেখা যায় বেকাস-এ। কুর্দি শব্দ বেকাস-এর বাংলা অর্থ এতিম বা আশ্রয়হীন। নামকরণের সার্থকতা চলচ্চিত্রের গল্পের উপরিকাঠামোতেই খুঁজে পাবে দর্শক। 


দুই ভাই দানা ও যানা। বাবা-মা সাদ্দাম বাহিনীর হাতে নিহত হওয়ায় ওরা এখন অনাথ। চুরি করে চলচ্চিত্র দেখতে গিয়ে তারা পরিচিত হয় সুপারম্যানের সঙ্গে। জানতে পারে, সুপারম্যান আমেরিকায় থাকে, সবকিছুই করতে পারে সে--খারাপ মানুষদের ধ্বংস করে দেয়। তাই তাদের ইচ্ছা আমেরিকায় গিয়ে সুপারম্যানকে তাদের দেশে নিয়ে আসবে। সব খারাপ লোককে মেরে দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনবে। মানচিত্রের পাতায় আমেরিকাকে কাছেই মনে হয় তাদের। কিন্তু যাবে কীভাবে, টাকাইবা পাবে কোথায়? তারপরও তারা উঠে পড়ে লাগে আমেরিকা যাওয়ার জন্য। পাসপোর্টের জন্য টাকা জমাতে জুতা পালিশের কাজ পর্যন্ত করে। একসময় মানচিত্রকে সঙ্গী করে গাধায় চড়ে যাত্রা শুরু করে ইরাক থেকে আমেরিকার উদ্দেশে। নানা প্রতিকূলতায় ট্রাকে, গাড়িতে, পায়ে হেঁটে তারা দৃঢ়তার সঙ্গে এগিয়ে যেতে থাকে। মুগ্ধ করার মতো বিষয় হচ্ছে, নির্ভেজাল, নির্মল রাষ্ট্র নির্মাণের স্বপ্ন বাস্তবায়নে দুই ভাইয়ের প্রতিনিয়ত লড়াইয়ের মধ্যেও দর্শক অকৃত্রিম এক ভ্রাতৃত্বের বন্ধন খুঁজে পায়। পুরো চলচ্চিত্রে কোথাও অস্ত্র, যুদ্ধ দেখা না গেলেও যুদ্ধে বিপর্যস্ত এক জাতিকেই দেখা যায় নির্মাতা কারজান কাদের-এর ক্যামেরায়। অনাথ দুই কিশোর সহোদরকেও সেই যুদ্ধের ক্ষত শরীরে মেখেই গাধার পিঠে চেপে ছুটতে হয় আমেরিকায়। তাই এটাকে নিছক ফ্যান্টাসি চলচ্চিত্রের কাতারে ফেলার আগে কিছু বিষয় নিয়ে পরবর্তী অংশে আলোচনা করা দরকার। তার আগে এর নির্মাতা কারজান কাদেরকে পরিচয় করে দেওয়া যাক।


কারজান কাদেরের জন্ম ১৯৮২ খ্রিস্টাব্দে ইরাকের কুর্দিস্তানে। ১৯৯০-এ ইরাকে উপসাগরীয় যুদ্ধ শুরু হলে কুর্দিদের ওপর সাদ্দাম সরকারের নৃশংস নির্যাতনের অভিযান থেকে বাঁচতে মাত্র নয় বছর বয়সেই তাকে সপরিবারে সুইডেনে পালিয়ে যেতে হয়। কিন্তু সেসময়ে দেখা মাতৃভূমির চরম বিপর্যয় ও সঙ্কট হয়তো তাকে ভাবিয়েছিলো। যে কারণে ২০১২-তে এসে নির্মাণ করেন বেকাস; যেখানে তিনি তুলে ধরেন ৯০ দশকের কুর্দিস্তানকে। তাই বলা যেতে পারে চলচ্চিত্রটি তার জীবনের আংশিক কাহিনি নিয়ে নির্মিত। অবশ্য এর আগে ২০০৭ খ্রিস্টাব্দে চলচ্চিত্র নিয়ে পড়াশোনার জন্য কাদের ‘সুইডেন অ্যাকাডেমি অব ড্রামাটিক আর্টস’-এ ভর্তি হন। সেখানে অধ্যয়নকালে ২০০৯-এ বেকাস নামেই তিনি একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন এবং ২০১১-তে জিতে নেন শিক্ষার্থীদের অস্কার বা স্টুডেন্ট অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস।২ একই বছর কোয়ান, কলিশন নামে আরো দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হয়েছিলো তার হাত ধরে। ওই বছরই কাদের ট্রেডিং পেইন্ট নামে একটি অ্যাকশনধর্মী চলচ্চিত্রও নির্মাণ করেন।


যানা’দের জীবন ও সাদ্দামের কুর্দি বিদ্বেষ

বেকাস-এর পুরোটা জুড়ে দেখা যায় একখণ্ড কুর্দিস্তানকে। এই কুর্দিস্তানকে ধরেই তৎকালীন ইরাকের রাষ্ট্রপতি সাদ্দাম হোসেনকে খুব সূক্ষ্মভাবে চলচ্চিত্রে তুলে ধরেছেন নির্মাতা। চলচ্চিত্রের ২০ মিনিট সাত সেকেন্ডে ছোটো যানাকে খাতা কিনতে দেখা যায়। সেই খাতায় যানা তার দেখা খারাপ লোকদের তালিকা করতে থাকে; যাতে আমেরিকায় গিয়ে সুপারম্যানকে তাদের কথা সহজেই বলতে পারে। যে তালিকার একদম প্রথমেই যানা যে নামটি লিখে তা সাদ্দাম হোসেনের। একপর্যায়ে তাকে বলতেও শোনা যায়, সাদ্দামের কারণেই সে বাবা-মাকে হারিয়েছে। যানারা আজ নিঃস্ব। রাষ্ট্রের সবচেয়ে বিচ্ছিন্ন, অবহেলিত, অসহায় নাগরিক। তাদের এই অবস্থা কিন্তু একদিনে হয়নি। এর পিছনে রয়েছে কুর্দিদের স্বাধীনতা সংগ্রামের এক ঐতিহাসিক ভূমিকা এবং তাদের ওপর ইরাক সরকার তথা সাদ্দাম শাসনের বেপরোয়া দমন-পীড়ন নীতি। কুর্দিদের সঙ্গে সাদ্দামের এই বিরোধের যে চিত্র দুই ভাইয়ের আলাপের মধ্য দিয়ে তুলে এনেছেন নির্মাতা, তার যথার্থতা বিচারে কিছু তথ্য উপাত্ত তুলে না ধরলেই নয়।


কুর্দি অধ্যুষিত ইরাকের উত্তরাঞ্চল জুড়ে বিশাল কুর্দিস্তান। ইরাক ছাড়াও ইরান, তুরস্ক, সিরিয়া ও আর্মেনিয়াসহ বিভিন্ন দেশে অসংখ্য কুর্দি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ২০১৭ খ্রিস্টাব্দের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যা আনুমানিক সাড়ে চার কোটি।৩ যে কারণে মধ্যপ্রাচ্যের চতুর্থ বৃহত্তম নৃতাত্ত্বিক জনগোষ্ঠী বলা হয় কুর্দিদের। তবে তাদের নিজস্ব কোনো স্বাধীন রাষ্ট্র নেই। কুর্দিরা ইরাকের মোট জনসংখ্যার ২০ শতাংশ হওয়া সত্ত্বেও পৃথক কোনো রাষ্ট্র গঠন করতে পারেনি। যদিও দশকের পর দশক ধরে তারা একটি পৃথক স্বাধীন রাষ্ট্র গঠনের দাবিতে লড়ে যাচ্ছে। ১৯৭০ খ্রিস্টাব্দের ইরাক-কুর্দিস্তান চুক্তি অনুযায়ী কুর্দিস্তানকে স্বায়ত্তশাসন দেওয়ার কথা থাকলেও শেষপর্যন্ত কথা রাখেনি ইরাক সরকার।৪ এরই মধ্যে ১৯৭৯ খ্রিস্টাব্দে ইরাকের ক্ষমতায় বসেন বহুল আলোচিত বাথ পার্টির সাদ্দাম হোসেন। অন্যান্য শাসকদের মতো সাদ্দামও চাননি রাষ্ট্র দ্বিখণ্ডিত হোক, কোনো নির্দিষ্ট সম্প্রদায় নিয়ে নতুন আরেকটি স্বাধীন রাষ্ট্র গড়ে উঠুক। তাই সবসময় নানাভাবে তাদের দমিয়ে রাখার চেষ্টা করেছেন। কিন্তু তাদের স্বাধীনতার দাবি শুধু আন্দোলনের মধ্যেই থেমে থাকেনি, কখনো কখনো সশস্ত্র যুদ্ধেও রূপ নিয়েছে।


ইরাকের সামরিক বাহিনীর অভিযানে রক্ত ঝরেছে, প্রাণ গেছে অনেক বিদ্রোহী কুর্দির। কিন্তু জাতিগত বৈষম্যের শিকার কুর্দিদের ওপর সাদ্দামের ব্যাপক নিষ্ঠুরতার পরিচয় পাওয়া যায় তার নেতৃত্বে শুরু হওয়া ইরাক-ইরান যুদ্ধে। যুদ্ধ চলাকালীন কুর্দিরা নিজেদের স্বার্থের কথা ভেবে সাদ্দামের বিরুদ্ধে যোগ দেয় ইরান শিবিরে। আর এই সুযোগে কুর্দিদের আরো বিদ্রোহী করে তুলতে সহায়তা দেয় ইরান।৫ যুদ্ধের শেষ দিকে সাদ্দাম কিছুটা কোণঠাসা হয়ে পড়ায় এক ধ্বংসযজ্ঞে নামে কুর্দিদের বিরুদ্ধে। ১৯৮৬-৮৯ পর্যন্ত তাদের বিরুদ্ধে চালানো হয় ‘আল-আনফাল’ নামে একটি সামরিক অভিযান, যাতে ব্যবহার করা হয়েছিলো ভয়াবহ রাসায়নিক অস্ত্র। উদ্দেশ্য ছিলো কুর্দিদের জাতিগত নির্মূল ও তাদের সংঘবদ্ধতায় আঘাত করা। হিউম্যান রাইটস ওয়াচের জরিপে এ নির্মম অভিযানে নিহত হয় সাধারণ মানুষসহ প্রায় এক লাখ কুর্দি।৬ সাদ্দামের অন্য কোনো অভিযানে হয়তো যানার বাবা-মাও তাদের মতো প্রাণ হারিয়েছিলো। আর সেই পরিস্থিতির শিকার হয়ে আজ তারা পথশিশু। চলচ্চিত্রে ছোটো যানার কথায় তাই সাদ্দামের প্রতি তীব্র আক্ষেপ প্রকাশ হতে দেখা যায় এবং সুপারম্যানকে দেওয়ার জন্য সে খারাপ মানুষদের যে তালিকা তৈরি করে, তাতেও সর্বপ্রথমে রাখে সাদ্দামের নাম। পর্দায় তার উপস্থিতি দর্শক সেভাবে না পেলেও যানাদের এই অনিশ্চিত জীবনের পিছনে যে অনিবার্যভাবে জড়িয়ে আছে সাদ্দাম, তা বুঝতে কষ্ট হয় না।


রাষ্ট্র বিনির্মাণে সুপারম্যান উপস্থাপন

বেকাস-এর সবচেয়ে উল্লেখযোগ্য দিকটি হলো সুপারম্যান অনুষঙ্গ। নির্মাতা কাদের রাষ্ট্রের অর্থনৈতিক ও সামাজিক মুক্তির পথ হিসেবে দেখান সুপারম্যানকে, যে আমেরিকায় থাকে। যার দর্শন লাভের জন্য গাধার পিঠে চড়ে এক দুঃসাহসিক যাত্রায় নামে দানা ও যানা। একটু পরখ করে দেখলে সেই সুপারম্যান যে আমেরিকা, তা বুঝতে বেশি সময় লাগবে না দর্শকের। চলচ্চিত্রে দৃশ্যগত জায়গায় কোথাও আমেরিকাকে দেখা না গেলেও নির্মাতা পরিস্থিতি বিবরণে সুপারম্যানের অন্তরালে আমেরিকাকে যেভাবে তুলে ধরেন, তার এই ‘চালাকি’ প্রশংসার দাবি রাখে। কিন্তু মানবতা ও অন্যায়ের বিচারক হিসেবে সুপারম্যান ও আমেরিকাকে একসঙ্গে যুক্ত করে নির্মাতা যা দেখান, তা একই সঙ্গে সমালোচনারও সুযোগ করে দেয়। চলচ্চিত্রে সুপারম্যান আমেরিকার যে উপস্থাপন, তার সঙ্গে বাস্তবের আমেরিকার চরিত্র কিন্তু একেবারেই ভিন্ন। তাই পর্দার আমেরিকার সঙ্গে বাস্তবের কর্তৃত্ববাদী আমেরিকাকে মেলানোটা জরুরি। তার আগে সুপারম্যানকে নিয়ে দু-চার কথা বলতেই হয়।


চলচ্চিত্রের ৪৪ মিনিট ১৯ সেকেন্ডে বড়োভাই দানাকে প্রশ্ন করে যানা, ‘ভাই, সুপারম্যান কীভাবে সুপারম্যান হলো?’ দানা ঠিকঠাক উত্তর দিতে না পারলেও বিশ্ববাসীর কাছে উত্তরটা ঠিকই জানা। সুপারম্যান নামক কাল্পনিক চরিত্রটির প্রথম আবির্ভাব ঘটে বিংশ শতকের শুরুর দিকে। আমেরিকান কমিক বই প্রকাশনা প্রতিষ্ঠান ডিটেকটিভ কমিক বা ডি সি’র হাত ধরে। অল্প সময়ের মধ্যেই এটি পড়ে ফেলে অসংখ্য মানুষ। এরপর জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে সুপারম্যান স্থান করে নেয় রেডিও, টেলিভিশন, ভিডিও গেইম এমনকি সংবাদপত্রের পাতায়। পরবর্তী সময়ে সুপারম্যানের অতিবাস্তব ক্ষমতা চলচ্চিত্রের পর্দায় হাজির হলে ব্যাপক সাড়া পড়ে বিশ্বজুড়ে। ব্যাপক সাফল্য নিয়ে সুপারহিরোদের অন্যতম মানুষের কল্পনায় জায়গা করে নেয় সুপারম্যান।


তবে এর পিছনে সুপারম্যান ডিসকোর্সটির রাজনৈতিক অর্থনীতিটাও কম গুরুত্বপূর্ণ নয়। সারাবিশ্বেই ক্ষমতাসীন ব্যক্তিরা সবসময়ই চেয়েছে সমাজের নিম্ন শ্রেণিকে শোষণ করতে, দমিয়ে রাখতে। এই দমিয়ে রাখতে গিয়ে কেউ কেউ কর্তৃত্ববাদী ভূমিকায় অবতীর্ণ হয়েছে আবার অনেকে বেছে নিয়েছে আধিপত্যকে। এই আধিপত্যের মূলে আছে ক্ষমতা। জার্মান দার্শনিক ফ্রেডরিখ নীটসের মতে, এ ক্ষমতাকে কাজে লাগিয়ে রাষ্ট্রের মঞ্চে বসে থাকা আমলারা নৈতিকতার বিভিন্ন কোড তৈরি করে।৭ এই কোডগুলোই নির্ধারণ করে দেয় শ্রেণিভেদে সামাজিক সম্পর্ক, আচার-আচরণ, উচিত-অনুচিত এমনকি কথা বলার মাপকাঠিও। আর বেধে দেওয়া এসব সীমানার মধ্যেই থাকতে হয় সমাজের নিম্ন শ্রেণির মানুষদের।


শুধু তাই নয়, রাষ্ট্র পরিচালনায় মুখস্থ কিছু উদারনৈতিক মনোভাব ব্যক্ত করে তারা নিজেদের রাষ্ট্রের প্রভু হিসেবে আত্মস্বীকৃতি দেয়। বিভিন্ন সময়ে তৈরি হওয়া নানা অস্থিতিশীল পরিস্থিতি সামাল দিয়ে নিয়ন্ত্রণ করে শ্রমিক শ্রেণি থেকে সুশীল সমাজ, সমস্ত প্রতিষ্ঠান ও সংগঠনকে। এভাবে তারা রাষ্ট্রের তথাকথিত সুপারম্যান তকমা নিয়ে সাধারণ জনমনে সৃষ্টি করে বাস্তব-অতিবাস্তবের বিভ্রম। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত পার্ক ডিজনিল্যান্ডের কথা পাঠক হয়তো জেনে থাকবেন। সেই ডিজনিল্যান্ড নিয়ে উত্তরাধুনিকতার অন্যতম তাত্ত্বিক জাঁ বদ্রিয়া বলেন, ‘ডিজনিল্যান্ড হলো আসল আমেরিকা’।৮ এ কথার ব্যাখ্যায় বলা হচ্ছে, ডিজনিল্যান্ড এমন সব উপকরণ নিয়ে বানানো, যে কেউ ঢুকলে বাস্তব জীবন থেকে দূরে এক ভার্চুয়াল রাজ্যে চলে যায় এবং যেখানে সবকিছুই মনে হয় স্বপ্নের মতো সুন্দর। তাই ডিজনিল্যান্ডকে অতিবাস্তব দেখিয়ে নিজেদের বাস্তব হিসেবে প্রমাণ করতে চায় আমেরিকা। কিন্তু সে বাস্তব নিয়েও আছে নানা বিভ্রান্তি। মানুষ যতোটা না বাস্তব লস অ্যাঞ্জেলস, ওয়াশিংটন, নিউ ইয়র্ককে জানে, তার থেকে বেশি চেনে ভিডিও গেইমস, টেলিভিশন, সংবাদ ও চলচ্চিত্রের দেখানো চোখ দিয়ে। সেখানকার বাড়িঘর, রাস্তাঘাট, শহরের অলিগলি, মানুষের চলাফেরা, জীবনাচরণ প্রভৃতি আসলেই কী অতোটা সমৃদ্ধ, যতোটা ব্যাপকতার সঙ্গে প্রচারিত হয় দুনিয়াব্যাপী? সম্প্রতি শুরু হওয়া করোনা ভাইরাসের অতিমারিকালে তাদের চিকিৎসা ব্যবস্থার নাজেহাল অবস্থা দেখেছে বিশ্ব! এতো ‘উন্নত’ চিকিৎসা ব্যবস্থাতেও যেখানে দীর্ঘ সময় চলেছে মৃত্যুর মিছিল। অথচ উন্নত ও স্বাধীন জীবনযাত্রার বিজ্ঞাপনে কোনো কমতি নেই তাদের।


এসব বাস্তব-অতিবাস্তবের বিভ্রমে পড়ে প্রকৃত সত্যকে ভাবার সুযোগ দেওয়া হয় না মানুষকে। এতে করে যা হয়, বাস্তব আর অতিবাস্তবের মধ্যকার পার্থক্যটা লোপ পেয়ে তা মনুষ্য চেতনার আড়ালে চলে যায়। মার্কিন অভিনয়শিল্পী রিতা হেওয়ার্থ নাকি শেষ বয়সে একবার বলেছিলেন, ‘পুরুষেরা বড় আহ্লাদে আমার সঙ্গে নিশি যাপনে আসে। রাতে আমার মুখে থাকে রুজ-লিপস্টিক। তা দেখে সবাই ভাবে, আহা! এ নিশ্চয় মানবী নয়, দেবী। আর সকালে সেই রুজ-লিপস্টিক উঠে গেলে তারা তাকিয়ে দেখে, ওমা, দেবী কোথায়! এ তো আস্ত এক বুড়ি, পেতনি।’৯ কিম্বা বাংলা চলচ্চিত্রে অসহায়, খেটে খাওয়া মানুষের প্রতিনিধি হয়ে নায়ক মান্না যখন সমস্ত অন্যায়ের বিরুদ্ধে গিয়ে তাদের অধিকারের কথা বলেন, তখন দর্শক হাততালি দিয়ে বাহবা দেয় তাকে। কিন্তু বাস্তবের মান্না কিন্তু একজন স্রেফ অভিনয়শিল্পী। একইভাবে ব্যাটম্যান, স্পাইডারম্যানদের মতো সুপারহিরোরাও বাস্তবে কখনোই পৃথিবীতে ছিলো না। তাদেরকে বানিয়ে ব্যবহার করা হয়েছে মানুষের মনস্তাত্ত্বিক অস্বস্তিকে শান্ত করতে, তাদের মস্তিষ্কে আধিপত্য স্থাপন করে নিজেদের (ওইসব ক্ষমতাসীনদের) অস্তিত্ব বা প্রচলিত ব্যবস্থাটাকে টিকিয়ে রাখার কৌশল হিসেবে।


চলচ্চিত্রে ফিরে যাই আবার; ৪৩ মিনিট ৪৪ সেকেন্ডে যানা তার ভাইয়ের কাছে জানতে চায়, ‘সবাই জানে সাদ্দাম খারাপ লোক। সুপারম্যান যেহেতু সবই পারে, তাহলে সে সাদ্দামকে মারছে না কেনো?’ নির্মাতা কাদেরের এ বয়ানে বিভ্রান্ত হতে পারে দর্শক। কারণ এ কথা মোটামুটি সবারই জানা যে, সাদ্দামের পতন হয়েছিলো আমেরিকার হস্তক্ষেপেই। শুধু তাই নয়, ক্ষমতায় বসার শুরু থেকেই তার যে বেপরোয়া শাসন নীতি ও আগ্রাসী মনোভাব বিশ্ব দেখেছে, তার প্রশ্রয়দাতা হিসেবেও ছিলো আমেরিকা। ইরাক-ইরান যুদ্ধের কথাই বলা যেতে পারে। যুদ্ধের সূচনালগ্নে সাদ্দাম যেভাবে ইরানের দখল নিতে শুরু করেছিলো, তার পিছনে ছিলো আমেরিকার সামরিক সহায়তা। এ সহায়তার কারণও বেশ পরিষ্কার। বিশ্বের অন্যতম প্রধান তেল উৎপাদনকারী দেশ ইরাকের পক্ষ নিয়ে তেলসম্পদ নিজেদের হাতে রাখা।


সমস্যাটা তৈরি হলো সাদ্দাম যখন সমগ্র মধ্যপ্রাচ্যে তেল জাতীয়করণের কথা ভাবলো। নিজেদের তেল সম্পদকে নিজেদের উন্নয়নেই কাজে লাগাতে চাইলো। ঠিক তখনই ইরাক থেকে সরে গেলো আমেরিকা। যার ফলে দীর্ঘ আট বছর যুদ্ধে কেউই জয়ের নিশান উড়াতে পারেনি। ব্যাপক ক্ষয়ক্ষতির অনুধাবন করে পরিশেষে যুদ্ধবিরতিতে যায় উভয় দেশ। এদিকে হাত গুটিয়ে বসে থাকার পাত্র নয় আমেরিকা। মূলত তারই কূটনৈতিক হস্তক্ষেপে ইরাক-ইরান যুদ্ধের দুই বছর না পেরোতেই শুরু হয় উপসাগরীয় ও ইরাক-কুয়েত যুদ্ধ। এবার সেই আমেরিকা নিলো কুয়েতের পক্ষ। উদ্দেশ্য ছিলো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে অস্ত্র ব্যবসাটা ঠিকঠাক রাখা। সঙ্গে তেল ও রাজনৈতিক দখলটাও যাতে জারি থাকে।


শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের পথকে আরো সুগম করতে সাদ্দামের নামে রাসায়নিক অস্ত্র ব্যবহারসহ নানা মিথ্যে অভিযোগ তুলে তাকে ক্ষমতাচ্যুত করে মার্কিন প্রশাসন।১০ সম্প্রতি ইরানের জেনারেল কাশেম সোলাইমানি হত্যার ক্ষেত্রেও একই চিত্র দেখা যায়। ইরানের কুর্দস ফোর্সের সবচেয়ে শক্তিশালী জেনারেল ছিলেন কাশেম সোলাইমানি। ইরান তথা পুরো মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে নেতৃত্ব দিয়ে রীতিমতো বিশ্বের এক নম্বর জেনারেল হয়ে উঠেছিলেন তিনি। একই সঙ্গে পরিণত হয়েছিলেন যুক্তরাষ্ট্রসহ ইসরায়েল, সৌদি আরবের চরম শত্রুতে। যে কারণে বিশ্বের অন্যতম দক্ষ গোয়েন্দা সংস্থা সি আই এ ও মোসাদ-এর তৈরি হিট লিস্টেও তার নাম ছিলো এক নম্বরে।১১


শেষপর্যন্ত মার্কিন বাহিনীর হাতে সোলাইমানি হত্যার মধ্য দিয়ে ইরানকেও হার মানতে হলো। অথচ হত্যার পর তারা বললো, ‘যুদ্ধ শুরু করতে নয়; বরং তা থামাতেই ইরানের প্রভাবশালী জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার নির্দেশ দেওয়া হয়েছে’।১২ এসব ঘটনা থেকে সহজেই বোঝা যায়, স্বার্থ হাসিলে একেক সময় একেক ভূমিকায় অবতীর্ণ হয় সুপারম্যান আমেরিকা। যে সুপারম্যান কখনো ইরাক, কখনো কুয়েত, কখনোবা ইরানের বিরুদ্ধে গিয়ে মানবজাতির শান্তি ও সম্প্রীতির কথা বলে।


বেকাস-এর পর্দায় আমেরিকার সাংস্কৃতিক আধিপত্য

উপরের আলোচনা থেকে এতোক্ষণে হয়তো বোঝার বাকি নেই যে, চলচ্চিত্রে নির্মাতার দেখানো সুপারম্যান আসলে কে? এ সুপারম্যান যে শুধু দেশে দেশে রাজনীতি আর অর্থনীতির চাকাটা ঘুরায়, তা নয়। কোনো রাষ্ট্রের নিজস্ব সংস্কৃতির ওপরও নজরদারি করে। সহজভাবে বললে, পরোক্ষভাবে নিজ রাষ্ট্রের সংস্কৃতি অন্য রাষ্ট্রের ওপর চাপিয়ে দিয়ে সে দেশের সংস্কৃতিতে আধিপত্য বিস্তার করে। এটাকে অনেকে নয়া উপনিবেশবাদও বলছে। নির্মাতা কাদেরের কৌশলী উপস্থাপনায় সুপারম্যানের এ আধিপত্যের ব্যাপারটা একটু খেয়াল করলেই ধরে ফেলা যায়।


চলচ্চিত্রের ৪৪ মিনিট ১০ সেকেন্ডে যানা তার ভাইকে জিজ্ঞাসা করে, ‘সুপারম্যান কি আমাদের ভাষা জানে?’ উত্তরে দানা বলে, ‘সুপারম্যান অনেক শক্তিশালী। সে পৃথিবীর সব ভাষাই জানে।’ দানা ঠিকই বলে। বিশেষ করে বিশ্বের উন্নয়নশীল রাষ্ট্রগুলোর শিল্প-সংস্কৃতির হালচাল সম্পর্কে সে ভালোই খোঁজখবর রাখে। যে কারণে এসব রাষ্ট্রের জনগণের আনুষ্ঠানিক ভাষা থেকে তার প্রতিদিনের খাদ্যাভ্যাসটা কেমন হবে, তা সহজেই নির্ধারণ করে দিতে পারে তারা। আগে বৃটিশরা করেছে। তারও আগে করেছে রোমানরা। বর্তমানে সে জায়গা দখল করেছে আমেরিকা। কর্তৃত্ব টিকিয়ে রাখতে এই পরাশক্তি তার শিল্প-সংস্কৃতিকে বিচিত্রভাবে তুলে ধরে প্রমাণ করে, তারা একদম ব্যতিক্রমী এক দেশ। নিজেদের আধুনিক দাবি করে তাদের জীবনধারাকে সর্বজনীন গ্রহণযোগ্য করার জন্য নানা কায়দায় বোঝানো হয় বিশ্ববাসীকে। ইন্টারনেট, গণমাধ্যম, বিভিন্ন সামাজিক মাধ্যমের প্রাচুর্যে তাদের এ চর্চা বর্তমানে আরো সহজ হয়ে গেছে। এসব মাধ্যম ব্যবহারে তারা নিজেদের তৈরি পণ্যের চিত্তাকর্ষক বিজ্ঞাপন প্রচার করে আর সারাবিশ্বের ভোক্তাদের মধ্যে তৈরি করে কৃত্রিম চাহিদার। চলচ্চিত্রে এই ফাঁদে পা ফেলতে দেখা যায় দানা ও যানাকেও। ৪৪ মিনিট ৪৬ সেকেন্ডে যাত্রাপথে তারা কোমল পানীয় কোকাকোলা বোঝাই একটি গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে। গাড়ি চলছে ইরাকের রাস্তায় অথচ সে গাড়ি বহন করছে আমেরিকান পণ্য কোকাকোলা; এর লোভ সামলাতে না পেরে সাময়িক বিভ্রান্তির মধ্যে পড়ে দানা ও যানা।


কাদের আসলে এর মাধ্যমে কী বুঝিয়েছেন, তা পুরোপুরি স্পষ্ট না হলেও ধরে নেওয়া যায় সারা পৃথিবীজুড়ে বহুজাতিক পণ্যের বাজারটা আমেরিকার হাতেই। কোকাকোলা ছাড়াও ম্যাকডোনাল্ড, কে এফ সি, ওয়ালমার্ট, অ্যাপলের মতো অসংখ্য বহুজাতিক কোম্পানিগুলোই এখন বিশ্বায়নের মূল চালিকাশক্তি। এসব প্রতিষ্ঠানকে যারা নিয়ন্ত্রণ করছে, তারাই প্রতিনিয়ত উৎপাদন করে চলেছে ‘পণ্য ভোগবাদী সংস্কৃতি’র নামে কোটি ভোক্তার মস্তিষ্কে একচ্ছত্র আধিপত্য। এবং তাদের হাত ধরেই বিকশিত হচ্ছে বিশ্ব পুঁজিবাদ ব্যবস্থা। তবে বিশ্বায়ন, আধুনিকতা, নিয়ন্ত্রক মানেই যে আমেরিকা, বিষয়টা মোটেও সেরকম নয়। অন্যান্য দেশ বা রাষ্ট্রও এক্ষেত্রে নিজেদের মতো করে সাম্রাজ্য প্রতিষ্ঠায় ভূমিকা রাখে। তবে আমেরিকার অবদান মুখ্য। অধ্যাপক বদরুল আলম খান বিষয়টি ব্যাখ্যা করেন এভাবে--মার্কিন যুক্তরাষ্ট্র সাম্রাজ্য বিস্তারে আসলে দুই ধরনের শক্তি প্রয়োগ করে থাকে। এক. দমনমূলক শক্তি। অস্ত্র, সামরিক বাহিনী দিয়ে বিভিন্ন যুদ্ধ ও প্রতিপক্ষকে চ্যালেঞ্জ করা। দুই. নরম শক্তি (persuasive power)।১৩ এই নরম শক্তি বলতে তিনি বোঝাচ্ছেন আদর্শ ও বিশ্বায়নের অজুহাতে অন্যের মনকে প্রভাবিত করা। সহযোগিতা ও সাংস্কৃতিক বন্ধনের নামে প্রতিনিধি আদান-প্রদানসহ মার্কিন চলচ্চিত্র, গান এমনকি মিডিয়া জগতকে ব্যবহার করে মোটাদাগে মার্কিন জীবনধারা প্রচার করা। এটা অবশ্য নতুন কিছু নয়। বহু বছর থেকেই এসব মাধ্যমে বিনোদনের নামে বিক্রি করা হয়েছে সে দেশের ভাষা থেকে দিন যাপনের যাবতীয় উপাদান।


বেকাস-এর একটি দৃশ্য


আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতা ও উৎসবের পিছনে রাজনৈতিক অর্থনীতিটা বিশ্লেষণ করলেও তাদের নিজেদের কর্তৃত্বটাই দেখা যায়। এমনকি নাচগানসহ বিভিন্ন গণমাধ্যমেও তার সংস্কৃতির চালান অব্যাহত ছিলো। বেকাস-এও সেরকম দৃশ্য লক্ষ করা যায়। আমেরিকায় যাওয়ার জন্য দানা ও যানা যে গাধাটা কেনে, তার নাম দেয় মাইকেল। একসময়ের জনপ্রিয় মার্কিন গায়ক মাইকেল জ্যাকসনের নামানুসারে। এবং মাইকেল জ্যাকসন কীভাবে নাচে, তাও চলচ্চিত্রের একপর্যায়ে করে দেখায় যানা। একটু অবাকই লাগে আসলে! দুটো ছোটো শিশু যারা আমেরিকা কোথায়, কীভাবে যেতে হয় এর কিছুই জানে না; অথচ আমেরিকার সুপারম্যান, কোকাকোলা, মাইকেল জ্যাকসন সম্পর্কে ঠিকই জানে!


অবাক হলেও সত্যি যে, বাংলাদেশের তরুণরাও দেশের আউশ-আমন-বোরো, আব্দুল আলিম, লালন, আব্বাসউদ্দীন, সূর্য দীঘল বাড়ী, আলফার কথা না জানলেও কে এফ সি, কোকাকোলা, জাস্টিন বিবার, জোকার-এর কথা আগেভাগেই জেনে ফেলে। যার ফলে জাতীয় কথাটির গুরুত্ব আর থাকছে না আন্তর্জাতিকতাবাদের কাছে। পোশাক-পরিচ্ছদ থেকে শিক্ষা, খাদ্যাভ্যাস, কথা বলার ভঙ্গি, এমনকি ইংরেজি উচ্চারণে এসেছে নানা মাত্রা। অসংখ্য বিদেশি পণ্য দেশীয় পণ্যের সঙ্গে মিশে প্রভাব ফেলছে সে দেশের সংস্কৃতিতে। ফলে নিজেদের বলে আর থাকছে না কিছুই।


শেষ কথা

সামগ্রিক পর্যালোচনায় বলা যায়, বেকাস আসলে চারটি বিষয় নিয়ে কথা বলে--কুর্দিস্তান, সাদ্দাম, সুপারম্যান ও আমেরিকা। এতোগুলা বিষয়কে একসঙ্গে সমন্বয় করে নির্মাতা কারজান কাদের চলচ্চিত্রের গল্পটা যেভাবে বলেন তা এককথায় অনবদ্য! কী অসাধারণ অভিনয় ও সংলাপ দুই ভাই যানা ও দানার! আর কাদেরের বুদ্ধিদীপ্ত নির্মাণশৈলী ও উপস্থাপনায় ঘুরেফিরে দেখা যায় এক অদৃশ্য অতিবাস্তব আমেরিকাকে। যে আমেরিকা সুপারম্যান সেজে অন্য রাষ্ট্রকে তার মুক্তির পথ দেখানোর কথা বলে বেড়ায়। অথচ প্রয়োজন ফুরোলেই পাল্টে যায় তার রূপ। বেকাস-এ উঠে আসা সাদ্দাম হোসেনের ইরাকে উত্থান-পতনের ইতিহাস থেকেও সেটা বোঝা যায়। শুধু তাই নয়, একেক দেশে সংস্কৃতির যে ওঠানামা তাও নানা কায়দায় নিয়ন্ত্রণ করে আমেরিকা। যে কারণে একটা ইরাকি গাধার নাম হয়ে যায় মাইকেল জ্যাকসন এবং দানাও এক বৃদ্ধ লোকের সঙ্গে আলাপে আলাপে ইংরেজিতে বলে ওঠে ‘গুড মর্নিং’। চলচ্চিত্রের আরো গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো, ৯০ দশকের যুদ্ধবিধ্বস্ত ইরাক যার ভেলকিতে ভেঙে পড়েছিলো, তা পুনর্গঠনের জন্য কাদের যেনো ইরাককে আবার তার কাছেই নিয়ে গেলেন। আর তাকে তুলে ধরলেন সুপারম্যান হিসেবে। এসবের বাইরেও মাত্র দেড় ঘণ্টার বেকাস দর্শককে মুগ্ধ করে রাখবে পুরোটা সময়, এটা নিশ্চিতভাবেই বলা যায়।


লেখক : শাকিল আহাম্মেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

shakilmcj26@gmail.com

https://www.facebook.com/shakilahamed1689

 তথ্যসূত্র

১. হারারি, ইয়ুভাল নোয়াহ (২০১৯ : ৩); ‘কিঞ্চিৎকর এক প্রাণী’; স্যাপিয়েন্স : মানবজাতির সংক্ষিপ্ত ইতিহাস; অনুবাদ : সৈয়দ ফায়েজ আহমেদ ও প্রত্যাশা প্রাচুর্য, দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, ঢাকা।

2. https://imdb.to/3lO6EIg; retrieved on: 28.11.2020

3. https://rb.gy/588rr9; retrieved on: 28.11.2020

4. https://bbc.in/2ISrt7b; retrieved on: 20.10.2020

৫. হোসেন, এ বি এম (২০১৩ : ২৩৭); ‘ইরাক-ইরান যুদ্ধ’; মধ্যপ্রাচ্যের ইতিহাস, অটোমান সাম্রাজ্য থেকে জাতিসত্তা রাষ্ট্র; বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, আগারগাঁও, ঢাকা।

6. https://rb.gy/tszaxb; retrieved on: 28.11.2020

7.https://rb.gy/rohhvw; retrieved on: 28.11.2020

৮. বদ্রিয়ার, জে. (১৯৮৩ : ২৫); উদ্ধৃত; লফে, ড্যান; ‘বদ্রিয়ার : অতিবাস্তববতা (হাইপার-রিয়ালিটি) ও ছদ্মসদৃশতা (সিমুলেশন)’; যোগাযোগ; সম্পাদনা : ফাহমিদুল হক ও আ-আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়, সংখ্যা ১৩, জুলাই ২০১৯, পৃ. ৩৯।

9.https://rb.gy/ujznwb; retrieved on: 28.11.2020

10.https://www.bd-pratidin.com/various/2020/01/08/490193; retrieved on: 28.11.2020

11. https://www.thedailystar.net/bangla/আন্তর্জাতিক/কে-এই-কিংবদন্তী-বীর-জেনারেল-কাশেম-সোলাইমানি-130057#:~:text=জেনারেল কাশেম সোলাইমানি শুধু ইরানের, গল্প ছিলো মানুষের মুখে মুখে।; retrieved on: 28.11.2020

12. https://rb.gy/imblxj; retrieved on: 29.11.2020

13.https://rb.gy/6b9o3y; retrieved on: 29.11.2020

বি.দ্র. এই প্রবন্ধটি ম্যাজিক লণ্ঠন ২০তম সংখ্যা, জানুয়ারি ২০২১ এ প্রকাশিত হয়েছে।

 

 

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন