Magic Lanthon

               

সারা মনামী হোসেন

প্রকাশিত ২৫ নভেম্বর ২০২৬ ১২:০০ মিনিট

অন্যকে জানাতে পারেন:

যথাযথ ক্যামেরা-ভাষার অনন্য এক সিনেমাটোগ্রাফার মাহফুজুর খান

সারা মনামী হোসেন

Cinematography is one of those professions that allows you to tell the world who you are. Because you’re working with light, you’re working with darkness, you’re working with composition. And all that comes from learning, but also comes from inside … If you want to know something about me, watch my movies.

--Janusz Zygmunt Kamiński1

একজন সিনেমাটোগ্রাফার বা চিত্রগ্রাহককে জানতে হলে তার চলচ্চিত্রগুলো দেখতে হবে বলে মন্তব্য করেছিলেন অ্যাকাডেমি অ্যাওয়ার্ড জয়ী পোলিশ চিত্রগ্রাহক ইয়ানুজ জিগমুন্ত কামিন্স্কি। কেননা চলচ্চিত্রের গল্প শুধু সংলাপ বা অভিনয়ে নির্মাণ হয় না। এক্ষেত্রে ক্যামেরার ভাষাও অন্যতম গুরুত্ব রাখে। যা সংলাপসহ তো বটেই, সংলাপ ছাড়াও যেকোনো মুহূর্তকে করে তুলতে পারে অর্থবহ। ক্যামেরার সাহায্যে ফ্রেম-এর ভিতরে শটের পর শট্ নিয়ে ইমেজ তৈরির মাধ্যমে নির্মাণ হয় চলচ্চিত্রের ভাষা। আর সেই ভাষা নির্মাণে একজন নির্মাতার দূরদৃষ্টি যেমন থাকে, তেমনই একজন চিত্রগ্রাহকের মনের গভীরতাও স্পষ্ট হয়ে ওঠে।

দৃশ্যগত আখ্যানের জন্য চিত্রগ্রহণ গুরুত্বপূর্ণ। এটি চলচ্চিত্রের ভাব বদলে দেয়। নির্মাতা সেইভাবেই দর্শকের সঙ্গে যোগাযোগ করতে পারে যেভাবে সে চায়। একজন চিত্রগ্রাহক তাই বস্তুগত ও শৈল্পিক দুনিয়ার মধ্যকার সেতু হিসেবে কাজ করে।

দুই.

বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে যে কয়জন চিত্রগ্রাহক স্মরণীয় হয়ে থাকবে তাদের মধ্যে মাহফুজুর রহমান খান অন্যতম। নয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এ চিত্রগ্রাহকের ছোটোবেলা থেকেই ছবি তোলার আগ্রহ ছিলো। ঢাকার লালবাগে বেড়ে ওঠা মাহফুজুর রহমান শখের বসে বাবার দেওয়া বক্স ক্যামেরা হাতে ছবি তোলা শুরু করেন ৬০-এর দশকে। তখন তিনি স্কুলে পড়তেন। স্নাতক শেষে তার ইচ্ছা ছিলো দেশের বাইরে গিয়ে চলচ্চিত্র ও আলোকচিত্র নিয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করার। তবে ফুফাতো ভাই নির্মাতা এহতেশাম-এর পরামর্শে একসময় তার সঙ্গে চলচ্চিত্রের সেটে ঘোরাঘুরি শুরু করেন।২ পরে চিত্রগ্রাহক রফিকুল বারী চৌধুরী ও আব্দুল লতিফ রহমান বাচ্চু’র কাছে চিত্রগ্রহণের বিভিন্ন বিষয় শেখেন। এর মধ্যে লতিফ বাচ্চুর সহকারী চিত্রগ্রাহক হিসেবে তিনি দুইটি চলচ্চিত্রে কাজও করেন। অবশেষে মাহফুজুর ১৯৭২ খ্রিস্টাব্দে আবুল বাশার চুন্নু নির্মিত কাঁচের স্বর্গ-এর মাধ্যমে প্রধান চিত্রগ্রাহক হিসেবে আত্মপ্রকাশ করেন।৩ পাশাপাশি চার-পাঁচটি চলচ্চিত্রে অভিনয়ও করেন তিনি। জড়িত ছিলেন চারটি চলচ্চিত্রের প্রযোজনার সঙ্গেও।৪ তবে আলোকচিত্রের প্রতি আলাদা টান থাকায় আর ওসব পথে না গিয়ে চিত্রগ্রহণের দিকেই বেশি মনোযোগী হন।

তিন.

চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে নির্মাতা ও চিত্রগ্রাহকের মেলবন্ধনের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্মাণের শুরুতে নির্মাতার সঙ্গে থাকে মূল গল্প ও কিছু ভাবনা। এই ভাবনাকেই চিত্রে রূপ দেন একজন চিত্রগ্রাহক। তাই অনেক সময়ই বলা হয়, চলচ্চিত্র সিনেমাটোগ্রাফি সৃষ্টি করেনি, সিনেমাটোগ্রাফি চলচ্চিত্রকে সৃষ্টি করেছে।৫ অর্থাৎ কোনো চলচ্চিত্রের পূর্ণতা পেতে চিত্রগ্রাহকের ভূমিকা অনস্বীকার্য। ক্যামেরার ভাষা নির্মাণে মাহফুজুর রহমান অনেক গুণী নির্মাতার সঙ্গেই কাজ করেছেন। তিনি প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান নায়ক রাজ্জাক নির্মিত অভিযান-এ চিত্রগ্রাহক হিসেবে কাজ করে, ১৯৮৪ খ্রিস্টাব্দে।৬ চলচ্চিত্রটির কাহিনি ও চিত্রনাট্য লেখেন প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ শামসুল হক।৭

তিন ব্যবসায়ী বন্ধুর গল্পকে কেন্দ্র করে এগিয়ে চলে অভিযান। রাজু, রউফ আর রতন। নিজেদের প্রতিষ্ঠিত করার লক্ষ্যে তারা বড়ো ব্যবসায়ী রহমান সাহেবের কাছে যায় চুক্তিভিত্তিক কাজ পাওয়ার জন্য। তাদের চুক্তি হয় নির্মাণ সামগ্রী জোগাড় করে রহমানের কন্সট্রাকশন সাইট-এ পৌঁছে দেওয়ার। একপর্যায়ে বার্জ-এ করে নদী পথে সিলেট থেকে নির্মাণ সামগ্রী আনার সময় তিন বন্ধু কুসুমকে নদী থেকে উদ্ধার করে। এদিকে রহমানের শত্রু শরীফ শুরু থেকেই এই তিন বন্ধুর কাজে ব্যাঘাত সৃষ্টি করছিলো, যাতে নির্মাণ সামগ্রী সময় মতো না পৌঁছে। ঘটনার পরিক্রমায় কুসুম ভালোবেসে ফেলে রাজুকে। আর শরীফ তাদের কাজ ভণ্ডুল করতে কৌশলে রাজুর প্রাক্তন প্রেমিকা লতাকে বার্জে তুলে দেন। লতা একসময় ফেলে চলে গিয়েছিলো বলে রাজু তাকে ঘৃণা করেন। শেষে শত্রুদের হাত থেকে রাজুদের রক্ষা করতে গিয়ে লতা প্রাণ দেন। নির্মাণ সামগ্রীও যথা সময়ে সাইটে পৌঁছে যায়।

চলচ্চিত্রের থিম, কম্পোজিশন সবকিছু বিবেচনায় নিয়ে শট্ ডিভিশন করা হলেও শট্গুলো সমন্বিতভাবে নির্দিষ্ট অর্থ তৈরি করে। সাধারণত চলচ্চিত্রের শুরুতে এমন একটি শট্ দেখানো হয় যার মাধ্যমে দর্শক কাহিনির প্রেক্ষাপট বুঝতে পারে। চারপাশের পরিবেশ, চরিত্র, গল্পের মনোভাব বা ভবিষ্যতের ইঙ্গিতও এতে পাওয়া যায়। স্টাবলিশমেন্ট শট্ তাই গুরুত্বপূর্ণ শট্ হিসেবে পরিচিত। অভিযান-এর শুরুর শট্টি হলো একটি বহুতল ভবনের। লো অ্যাঙ্গেল থেকে টিল্ট আপ হয়ে ক্যামেরার লেন্স উপরে উঠতে থাকে। এরপর জুম করে সামনে আনা হয়। দর্শক অনেকটাই বুঝে যায় এই ভবন থেকেই গল্প শুরু হবে। এবং এতো বড়ো ভবনে বিত্তশালী মানুষরা থাকে। এর পরের দৃশ্যে রাজু, রউফ ও রতনকে লো অ্যাঙ্গেল থেকে দেখানো হয়। আর রহমানকে দেখানো হয় হাই অ্যাঙ্গেলে। ক্যামেরার অ্যাঙ্গেল ও গল্প অনুযায়ী চরিত্রগুলোর মানসিক অনুভূতির সমন্বয়ে চলচ্চিত্রের দৃশ্যবিন্যাস করা হয়। এবং প্রতিটি অ্যাঙ্গেল ভিন্ন রকম অনুভূতি সৃষ্টি করে। চিত্রগ্রহণের কৌশল অনুযায়ী, ক্ষমতা প্রদর্শনের ভিন্নতা দেখানোর জন্য এ ধরনের শটের ব্যবহার প্রায়ই করা হয়। তা থেকে ভালো-মন্দ দুই-ই জানানো যায়। দৃশ্যবস্তু এ সময় আয়তনে বড়ো দেখায়। ফলে ভাবগত গুরুত্ব প্রকাশ পায়। দৃশ্যটিতে তিন বন্ধুকে নিজেদের কাজের ব্যাপারে আত্মবিশ্বাসী করে দেখানো হয়। যার প্রকাশ ঘটে লো অ্যাঙ্গেল শটের মাধ্যমে। তবে রহমান সাহেবকে ভালো মানুষের চরিত্র হিসেবে দেখানো হলেও তার মধ্যে আত্মবিশ্বাসের ঘাটতি দেখা যায়। কারণ কাজে অভিজ্ঞতা নেই এমন মানুষদের কাছে তিনি দায়িত্ব দিতে দ্বিধা করছিলেন। এ কারণে তাকে নেওয়া হয় হাই অ্যাঙ্গেল থেকে। অবশ্য পরিস্থিতি বিবেচনায় মাহফুজুর রহমান এই দুইটি পদ্ধতি কয়েকবার ব্যবহার করেন। রাজুদের বার্জে লতাকে পাঠানোর পরিকল্পনা করার সময় শরীফ ও তার দলকে হাই অ্যাঙ্গেল থেকে দেখানো হয়। কারণ এই শটের মাধ্যমে কোনো চরিত্র বা অবস্থার শুধু অসহায়ত্বই প্রকাশ পায় না, চারিত্রিক বৈশিষ্ট্য বোঝানোর ক্ষেত্রেও এ পদ্ধতি ব্যবহার করা হয়। আবার কুসুমকে পানি থেকে উদ্ধারের পর রতন, রউফদের লো অ্যাঙ্গেল থেকে দেখানো হয়। এ পদ্ধতিতে চরিত্রের সহযোগিতা ও সহমর্মিতার জায়গাটি তুলে ধরা হয়।

মূলত চলচ্চিত্রে প্রতিটি দৃশ্যের জন্য ফ্রেম নির্বাচন করে শট্ বাছাই করা হয়। নির্মাতা ও চিত্রগ্রাহক যদি এ ব্যাপারে আগে থেকে পরিকল্পনা না করে, তবে কাহিনির সঙ্গে দৃশ্য অসঙ্গতিপূর্ণ হতে পারে। এই ফ্রেম বলতে আকৃতির প্রকাশ বোঝায়। অর্থাৎ ক্যামেরার লেন্স দিয়ে শব্দ, ভাষা, অভিব্যক্তি প্রভৃতির মাধ্যমে কোনো মুহূর্তের আবেগ ও অনুভূতির প্রকাশ ঘটে।৮ সেদিক থেকে পুরো চলচ্চিত্রে মাহফুজুর রহমানের ব্যবহৃত যে শট্গুলো বেশি চোখে পড়ে সেগুলো হলো--ক্লোজ শট্, মিড শট্, লঙ শট্, এক্সট্রিম লঙ শট্, টপ শট্, জুম ইন ও জুম আউট শট্। এছাড়া গল্পের প্রয়োজনে ডিপ ফোকাস ব্যবহার ও কমপোজিশনের ক্ষেত্রে ফ্রেমের ভিতরে ফ্রেম তৈরি করে একে গতিশীল করে তোলার চেষ্টা এক ধরনের ভালো অনুভূতির সৃষ্টি করে। বিশেষ করে নির্মাণ সামগ্রী জোগানের কাজ পাওয়ার পর তিন বন্ধুর উল্লাস ও চারপাশের কর্মযজ্ঞ তুলে ধরার ক্ষেত্রে কিছু অংশে এক্সট্রিম লঙ শটের ব্যবহার আলাদা মাত্রা যোগ করে। চলচ্চিত্রে সাধারণত এক্সট্রিম লঙ শট্ বড়ো এলাকা জুড়ে ধারণ করা হয়। অনেকে একে এক্সট্রিম ওয়াইড শট্ নামেও চেনে। এর বৈশিষ্ট্যই হলো বিষয়বস্তু ও তার চারপাশের পরিবেশ দূর থেকে ধারণ করা। লঙ শটের সঙ্গে এর পার্থক্য হলো, এখানে বিষয়বস্তুকে দর্শক সহজে খুঁজে পায়। যা এক্সট্রিম লঙ শটে পাওয়া যায় না।৯

আনন্দে তিন বন্ধুর নাচগান করার বেশকিছু দৃশ্য ডিপ ফোকাস ও এক্সট্রিম লঙ শটে তুলে ধরেন মাহফুজুর রহমান। রাজু-রউফ-রতন যখন গান গাইতে থাকে তখন তার পিছনে সারি বেঁধে পাথর তোলার শ্রমিকদের যেতে দেখা যায়। শ্রমিকদের পাথর তোলা দেখানোর বেশ কয়েকটি দৃশ্যে লঙ শট্ ও ডিপ ফোকাস ব্যবহার করা হয়। চিত্রগ্রাহক সবকিছু স্পষ্টভাবে দৃশ্যমান করে তোলার জন্য ডিপ ফোকাস ব্যবহার করেন। এতে দর্শকের জন্য ঘটনার প্রেক্ষাপট বোঝা সহজ হয়ে যায়। শ্রমিকের আসা-যাওয়া, পাথর ফেলার দৃশ্য, এ পদ্ধতির মাধ্যমে দেখিয়ে বোঝানো হয়েছে রাজুরা কতো বড়ো কাজ হাতে পেয়েছে এবং এটা তাদের জন্য কতোটা গুরুত্বপূর্ণ। এছাড়া ডিপ ফোকাসের আরেকটি চিত্রায়ণ ছিলো কুসুমকে পানি থেকে উদ্ধারের পর সবাই যখন তাকে ঘিরে জড়ো হয়। আবার লতাকে উদ্ধার করে জাহাজে তোলার জন্য রাজু তার অন্য দুই বন্ধুকে দোষারোপ করতে থাকে। এ সময় ওই তিনজনসহ কুসুম ও লতাকে একই ফ্রেমে রাখেন চিত্রগ্রাহক। এছাড়া ওঝার দল, কুসুমের জন্য বাজারে চুড়ি কেনার মতো দৃশ্যে এর ব্যবহার পাওয়া যায়।

যে কোনো চলচ্চিত্রে ফ্রেম উইদ ইন ফ্রেম পদ্ধতি তখনই আনা হয় যখন নির্মাতা কোনো নির্দিষ্ট বিষয়বস্তু বা চরিত্রের প্রতি দর্শকের আলাদা মনোযোগ চায়। চিত্রগ্রাহকও ফুটিয়ে তোলে সেভাবে। অভিযান-এ মূল চরিত্রগুলোকে কোনো না কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে ফ্রেম উইদ ইন ফ্রেমে দেখানো হয়েছে। চলচ্চিত্রের প্রথম গানেই তিন বন্ধু আর বার্জের চালককে এই ফ্রেমে রাখেন নির্মাতা। বয়স্ক এই চালককে পরে দেখা গেছে অভিভাবকের ভূমিকায়। তারও যে একটি গল্প আছে সে ইঙ্গিত দেওয়া হয়।

কুসুম যখন রাজুর কথা ভেবে লজ্জা পেয়ে হাসতে থাকেন বা বয়স্ক চাচার সঙ্গে গল্প করতে আসেন, তখন চিত্রগ্রাহক তাকে এ ফ্রেমে দেখান। রাতের আঁধারে রাজু আর কুসুম একসঙ্গে দাঁড়িয়ে থাকা কিংবা ঘটনার পর্যায়ক্রমে লতা বার্জে উঠলে রাজুর সঙ্গে দেখা হওয়ার মুহূর্তে তাকে দেখানো হয় দরজার মাঝে। চলচ্চিত্রের শেষে রহমান পুলিশসহ এসে শত্রুর কাছ থেকে রাজুদের উদ্ধার করেন। তিনি ফিরে যাচ্ছেন, এমন একটি দৃশ্যে তাকে ফ্রেম উইদ ইন ফ্রেমে রাখা হয়। এছাড়া চলচ্চিত্রে আরো একটি দৃশ্য আছে, যা ভালো লাগার মতো--তা হলো মাতাল রাজু যখন বিছানায় বেহুঁশ, তখন কুসুম তাকে ধরে কাঁদতে থাকে আর সামনের জানালার একটি অংশ দিয়ে লতাকেও কাঁদতে দেখা যায়।

অভিযান-এ মিড শটের ব্যবহার ক্লোজ শটের তুলনায় বেশি। মিড শটের সুবিধা হলো এতে চরিত্র বা বিষয়বস্তুর অঙ্গভঙ্গি বোঝা যায়। সংলাপের সঙ্গে অবাচনিক যোগাযোগ কাহিনি বা নির্দিষ্ট কোনো মুহূর্তের গুরুত্ব আরেকটু বাড়িয়ে তোলে। মাহফুজুর রহমান তিন বন্ধুকে বেশিরভাগ সময় মিড শট্ কিংবা ফুল শটে দেখিয়েছেন। যার ফলে বন্ধুদের মধ্যে আন্তরিকতা বা তাদের মধ্যকার বন্ধন যে কতো জোরালো সেটি তিনি বোঝাতে পেরেছেন। খলনায়ক শরীফকেও কিছু দৃশ্যে মিড শটে দেখানো হয়। মনোযোগ দিয়ে লক্ষ করলে দর্শক বুঝতে পারে শরীফের যে নেতিবাচক মনোভাব সেটি তার দেহভঙ্গিমার মধ্যেও ফুটে আছে। অ্যাকশন দৃশ্যগুলোতেও এ ধরনের শটের ব্যবহার ছিলো। কিন্তু তা নিতান্তই সাদামাটা দেখায়। দর্শকের চিন্তায় কোনো ছেদ ঘটায় না বা অস্থিরতা তৈরি করে না। এই ধরনের অস্থিরতার অনুভূতি যেমন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় অ্যাকশন থ্রিলার বর্ন সিরিজ কিংবা সায়েন্স ফিকশন ও অ্যাকশন সিরিজ ম্যাট্রিক্স-এ দেখা যায়। এসব চলচ্চিত্রের অ্যাকশন দৃশ্যে বিভিন্ন ধরনের শট্ নেওয়া হয়, ক্যামেরার অ্যাঙ্গেল ঘন ঘন পরিবর্তন হয়। অনেক সময় চিত্রগ্রাহক কাঁধের উপর ক্যামেরা বসিয়ে এসব দৃশ্যে চরিত্রদের সঙ্গে দৌড়ে বেড়ায়। তাতে পর্দার বাইরে যারা আছে, তাদের মনে হয় তারাও ছুটছে।১০

অভিযান-এ ক্লোজ শট্, মিড শট্, লঙ শট্ ও এক্সট্রিম লঙ শটের ক্ষেত্রে জুম ইন ও জুম আউটের ব্যবহার দেখা যায়। ৬০ ও ৭০-এর দশকে নির্মাতা ও চিত্রগ্রাহকরা এ পদ্ধতি অনেক ব্যবহার করতো।১১ ক্যামেরার লেন্স-এর মাধ্যমে কোনো বিষয়কে এমনভাবে সামনে নিয়ে আসে, দর্শক ওই বিষয়ের আবেগ বা পরিস্থিতির সঙ্গে নিজেকে একাত্ম করতে পারে। ফলে ক্যামেরাকে স্থির রেখে জুম শট্ থেকে মিড, ক্লোজ বা লঙ শটে আনা কোনো দৃশ্য আলাদা প্রভাব ফেলে। এই শটের ব্যবহার এ চলচ্চিত্রে বেশ কয়েকটি দৃশ্যে ব্যবহৃত হয়েছে। তবে ঘন ঘন ব্যবহার অনেক সময় একটু বিভ্রান্তিকর মনে হতে পারে। কারণ কাউকে লঙ শটে দেখতে স্বাভাবিক লাগা চোখ হঠাৎ ক্লোজ বা মিড শটে দেখলে মনে হতে পারে বিষয়বস্তু অতিরিক্ত কাছে চলে এসেছে।

অন্যদিকে চিত্রগ্রহণের নানামুখী কৌশলের একটি হলো টপ শট্। কোনো চিত্রগ্রাহক এ ধরনের শট্ ব্যবহার করে নির্দিষ্ট কোনো সময়ে নির্দিষ্ট কোনো পরিস্থিতির একটি সামগ্রিক চিত্র বোঝানোর জন্য। টপ শট্ অনেকটা পাখির চোখে দেখার মতো করে বোঝানো হয়। অর্থাৎ নিচে কী চলছে তা উপর থেকে দেখা। এ চলচ্চিত্রে কয়েকটি টপ শটের ব্যবহার করেছেন মাহফুজুর। যেমন, কুসুমের পরিবারের পরিচয় বের করতে নৌকায় করে রউফ ও রতনের ঘাটে নামা, কুসুমের নদীতে মনের আনন্দে সাঁতার কাটা। এতে রাতের আঁধারের নিরিবিলি পরিবেশ আর বার্জ ও নদীর দৃশ্য বেশ ভালোভাবে দেখা সম্ভব হয়েছে। এর সঙ্গে এই চলচ্চিত্রে একটি মাত্র দৃশ্যে পয়েন্ট অব ভিউ শট্ ব্যবহার করা হয়। সাধারণত দৃশ্যে কোনো নির্দিষ্ট বস্তু বা চরিত্র দেখাতে এটি ব্যবহার করে চিত্রগ্রাহক। এতে যে দেখছে তার মানসিক অবস্থা দর্শক বুঝতে পারে।১২ অভিযান-এ শরীফ তার বাইনকুলার দিয়ে রাজুদের বার্জটিকে অনুসরণ করার চিত্রটি এ শট্ দিয়ে ধারণ করা হয়।

কম্পোজিশন হলো ফ্রেমের সামগ্রিক বিন্যাস। নির্মাতার শৈল্পিক ভাবনা এর মাধ্যমেই প্রকাশ পায়।১৩ অভিযান-এ নদীর ওপর পাখির উড়াউড়ি, সূর্যের আলোয় জাহাজের পানিতে সৃষ্টি হওয়া ঝিকিমিকি ঢেউ আর সূর্যাস্তের দৃশ্য দেখলে জীবনের জটিল ভাবনা থেকে মন দূরে সরে যায়। এছাড়া নদীর ঘাটে শ্রমিকের আনাগোনা, বাচ্চাদের গোসল কিংবা লঞ্চের চলাচল দেখলে দর্শকের প্রাত্যহিক জীবনের গল্পগুলো মনে পড়ে যেতে পারে। ডিটেইলস ব্যবহারের ক্ষেত্রেও পরিমিতি বোধ আছে। লঞ্চে খুব বেশি আয়োজন নেই। পাথর, থাকার জন্য বিছানা, টায়ার, হারিকেনের মতো কিছু জিনিস দেখা যায়।

এখানে টোনের ব্যবহার বেশ উজ্জ্বল। পরিস্থিতি অনুযায়ী তেমন কোনো পার্থক্য লক্ষ করা যায় না। সেই সঙ্গে আলোর ব্যবহারও অতিরিক্ত মনে হয়। রাতের দৃশ্যগুলোতে আলো অতিমাত্রায় উজ্জ্বল। রাজু যখন বার্জের চালকের সঙ্গে গল্প করেন তখন সামনে হারিকেন জ্বালানো থাকে, অথচ তাদেরকে স্পষ্ট দেখা যায়। তবে রাজু আর কুসুমের গল্প করা ও মদ্যপ রাজুর সবার সামনে ক্ষোভ প্রকাশের দৃশ্যগুলোয় আলোর ব্যবহারের কৃত্রিমতা ধরা পড়ে।

চার.

নাফ নদীর একটি ছোট্ট দ্বীপ শাহপরীর জেলেদের যাপিত জীবনের গল্পে নির্মিত পোকা মাকড়ের ঘর বসতি। প্রখ্যাত ঔপন্যাসিক সেলিনা হোসেন রচিত এ উপন্যাসকে চলচ্চিত্রে রূপান্তর করেন আখতারুজ্জামান। দরিদ্র এসব মানুষের জীবন যেনো পোকামাকড়ের মতোই! একটু আশ্রয় আর পেটের জ্বালা নিবারণে নিত্য সংগ্রাম করা জেলে পরিবারগুলো দারিদ্র্যের সঙ্গে যুঝতে যুঝতে দিনাতিপাত করে। তারপরও স্বপ্ন দেখে দিন বদলের। প্রকৃতিও বার বার রুদ্র মূর্তি নিয়ে তাদের ওপর আছড়ে পড়ে। তারা আবারও ঘর বাঁধে, সমুদ্রে মাছ ধরতে যায়, ফসল ফলায়। হয়তো কোনো একদিন তারা সাগরকে শাসন করবে এমন একটি আশার আভাস পাওয়া যায়।

অবশ্য সাহিত্যের সঙ্গে চলচ্চিত্রের সম্পর্ক পুরনো বলা চলে। অনেক চলচ্চিত্রকারই সাহিত্যকে সেলুলয়েড-এ তুলে এনেছে। এর কোনো কোনোটি ইতিহাসে কালজয়ী চলচ্চিত্র হিসেবেও পরিচিতি পেয়েছে। ১৮৯৬ খ্রিস্টাব্দে প্রথম এই ঘরানার ট্রিলবাই অ্যান্ড লিটল ব্লি নির্মিত হয়। ওই বছর ৪৫ সেকেন্ডের দৃশ্য তুলে ধরা হয় ১৮৯৫ খ্রিস্টাব্দের জনপ্রিয় উপন্যাস ‘ট্রিলবাই’ থেকে। যদিও ফুটেজটি পরে হারিয়ে যায়। এছাড়া ১৯০২ খ্রিস্টাব্দে মুক্তিপ্রাপ্ত জর্জ মেলিয়ে’র আ ট্রিপ টু মুন নেওয়া হয় বিখ্যাত ঔপন্যাসিক জুল ভার্ন-এর ‘ফ্রম দ্য আর্থ টু দ্য মুন’ গল্প থেকে।১৪ বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসেও সাহিত্য অবলম্বনে প্রায় ২৮টির মতো চলচ্চিত্র আছে। পোকা মাকড়ের ঘর বসতির কাহিনি উপন্যাস থেকে একটু ভিন্ন হলেও মূলভাব অপরিবর্তিত রয়েছে। এটি সেরা চলচ্চিত্রসহ চারটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। এর মধ্যে আখতারুজ্জামান সেরা নির্মাতা ও সেরা চিত্রগ্রাহকের পুরস্কার পান মাহফুজুর রহমান।১৫

চলচ্চিত্রের কাহিনিতে মূল চরিত্র হাঙর ও মুক্তা শিকারি মালেক। তার মুক্তার ব্যবসার অংশীদার সাফিয়া, এলাকার খামখেয়ালি ও বেপরোয়া মানুষ শুক্কুর, মেয়ে দায়গ্রস্ত বাবা সুজা ও মাছ ব্যবসায়ী তোরাব আলী। সহজসরল মালেক সাগরে হাঙর ধরায় পারদর্শী। তার সংসারে আছে অন্ধ মা আর ছোটো দুই ভাই। হাঙর না পাওয়ার মৌসুমে তিনি ঝিনুক সংগ্রহ করেন আর সাফিয়া সেখান থেকে পাওয়া মুক্তা বিক্রি করে লভ্যাংশ তুলে দেন। মালেকের সঙ্গে সাফিয়ার প্রেমের সম্পর্ক। এদিকে শুক্কুরও সাফিয়াকে ভালোবাসে। ঘটনার একপর্যায়ে তিনি জোরজবরদস্তি করে সাফিয়াকে বিয়েও করেন। অন্যদিকে তোরাব আলী দ্বীপের জেলেদের দিয়ে কাজ করিয়ে সহায় সম্পত্তি বাড়াতে থাকে। কিন্তু জেলেদের ভাগ্যের কোনো উন্নতি হয় না। অবস্থা দেখে মালেক জেলেদের সঙ্গে নিয়ে গড়ে তোলে সমবায় সমিতি। তারা টাকা জমিয়ে নিজেদের ট্রলার কেনে, জাল কেনে। তোরাব আলীর এসব পছন্দ হয় না। তিনি লোকজন দিয়ে মালেককে পেটান, শুক্কুরকে খুন করেন। মালেক সুস্থ হয়ে দলবলসহ হাঙর ধরতে সাগরে বেরিয়ে পড়েন। কিন্তু তোরাব আলীর লোক ও হাঙরের আক্রমণে সবাই মারা যায়। আর হাঙরের কামড়ে আহত মালেক চোখ বোজার আগে স্বপ্ন দেখতে থাকেন সুদিন আসার।

চলচ্চিত্রটির কম্পোজিশনে নির্মাতা ও চিত্রগ্রাহকের বাস্তব চিন্তা প্রকাশ পায়। সমুদ্রপাড়ের জনজীবন ক্যামেরার চোখে তুলে ধরতে তারা এমনভাবে সবকিছু সাজায়, তা মেকি মনে হয় না। দিনের দৃশ্যগুলোতে স্বাভাবিক আলো ব্যবহার করা হয়েছে। তবে সে অনুভব অনেকটা ম্লান হয়ে যায় রাতের দৃশ্যগুলোতে। ঘরের ভিতরে ধারণ করা দৃশ্যগুলো উজ্জ্বল। ঘরের বাইরের কিছু কিছু দৃশ্যও সেই আলোতে একটু বেমানান। জুয়ার আসরে জ্বলতে থাকা হারিকেনের আলো যেমন তীব্র, তেমনই রাতের অন্ধকারে উঠোনে বসে সাফিয়ার মুখও বেশ স্পষ্ট দেখায়। তবে রাতের আঁধারে সাগর তীরে আছড়ে পড়া ঢেউ, সাফিয়ার বিয়ের পর সূর্যাস্তে সাগর পাড়ে বিষণ্ন মালেকের লঙ শটে বসে থাকার দৃশ্য, অন্ধকারে ডলির সঙ্গে মদ্যপ মালেকের গল্পের দৃশ্যগুলো চমৎকার! সেই সঙ্গে জেলেদের ছোটো ঝুপরিগুলো মলিন; ঘরে কেবল নিত্য প্রয়োজনীয় তৈজসপত্র--ঘটি, হাঁড়িপাতিল, চুলা, কুলো, জামাকাপড়।

চলচ্চিত্রটির স্টাবলিশমেন্ট শট্ তৈরি হয়েছে মালেকের ক্লোজ আপ ও এক্সট্রিম ক্লোজ আপ শট্ দিয়ে। এরপর উত্তাল সাগর, তীরে থাকা নৌকার ফুল শট্, জেলেদের আনাগোনার এক্সট্রিম লঙ শট্, ল্যান্ডস্কেপ-এ পাখিদের উড়াউড়ি, বালু নিয়ে শিশুদের খেলা, কাঁকড়া--এসব দৃশ্য কাহিনির ভিত তৈরি করে। এরপর টপ শটে মালেকের ঝিনুক কুড়ানো, সঙ্গে হাঙর চলাচলের দৃশ্য মিড লঙ শটে আসে। অর্থাৎ গল্পের মূল চরিত্র মালেক ও তার পেশা সম্পর্কে দর্শক সহজে ধারণা করতে পারে।

মাহফুজুরের ক্যামেরার ভাষার ধরনের মধ্যে লঙ শট্, ফুল শট্, মিড শট্, ক্রেন শট্, হাই অ্যাঙ্গেল-লো অ্যাঙ্গেল শট্ ও জুম ইন-আউটের ব্যবহার চোখে পড়ে বেশি। এছাড়া ঘটনা বিশেষে ফ্রেমের ভিতরে ফ্রেম, ওপেন ফ্রেম, ডিপ ফোকাস, ওভার দ্য শোল্ডার শট্ আলাদা বৈচিত্র্য তৈরি করে। কাহিনির শুরুর দিকে মালেক যখন সাফিয়াকে ঝিনুক দেন, তখন তাদের ফ্রেম উইদ ইন ফ্রেমে দেখানো হয়। চিত্রগ্রাহক এ কৌশলের মাধ্যমে গুরুত্বপূর্ণ চরিত্রগুলোর দিকে দর্শকের মনোযোগ আকর্ষণ করেন। মালেক ও সাফিয়া এ ধরনের ফ্রেমে থাকায় বোঝা যায় তাদের প্রত্যেকের নিজস্ব গল্প আছে। আবার টাকার অভাবে মেয়ের বিয়ে নিয়ে চিন্তিত সুজাকে দুইবার এভাবে দেখানো হয়। প্রথমবার সুজা সহকর্মীদের সঙ্গে পারিবারিক সমস্যা নিয়ে আলোচনা করছেন, আর দ্বিতীয়বার নিজেদের অভাব ঘোচাতে তোরাব আলীর অগোচরে সহকর্মীর দেওয়া মাছ বিক্রির পরামর্শে প্রতিবাদ করেন। এক্সট্রিম লঙ শটে এই ফ্রেমের ভিতরে ফ্রেম ব্যবহার করে সুজার পরিবারকেও পর্দায় দেখে দর্শক। মনে হতে পারে গাছের ফাঁক দিয়ে ওই পরিবারকে দেখা যাচ্ছে। এদিকে শুক্কুর খুন হওয়ার আগে জুয়া খেলতে যান। ঘটনার আগের মুহূর্তে তাকে ফ্রেম উইদ ইন ফ্রেমে দেখা যায়।

কয়েকটি দৃশ্যে ওপেন ফ্রেমও ব্যবহার করেন মাহফুজুর। এ ধরনের ফ্রেম দর্শককে কৌতূহলী করে তোলে। তবে সে কৌতূহল বেশিক্ষণ চিত্রগ্রাহক ধরে রাখেননি। হাঙর ধরার শিকলে এক জোড়া হাত দেখানোর মুহূর্তের মধ্যে মালেককে দেখানো হয়। তিনি ওই শিকল পরীক্ষা করে দেখছিলেন। তেমনই একজোড়া স্যান্ডেল পরা পা’কে হাঁটাচলা করতে দেখতে না দেখতে পায়ের মালিক তোরাব আলী দৃশ্যমান হন। এতে ওপেন ফ্রেমের আগ্রহ জাগানিয়া সুরটি অনেকটা হালকা হয়ে যায়। আবার চলচ্চিত্রের কয়েকটি দৃশ্যে ওভার দ্য শোল্ডার-এর ব্যবহার আছে। দর্শক যখন কোনো দৃশ্য দেখে তখন তার অচেতন মন কাজ করতে থাকে। কাঁধের উপর দিয়ে অন্য চরিত্রকে দেখার সময় সে জানে কার কাঁধের উপর দিয়ে দেখছে। মালেক আর তোরাব আলীর স্ত্রীর মধ্যকার কথোপকথনের সময় এ শট্ নেওয়া হয়। আবার সুজা ও বিদেশি নৌকার লোকের মধ্যকার কথোপকথন, মালেক-সাফিয়ার গল্প--এমন কিছু দৃশ্য এ শটে ধারণ করেন মাহফুজুর। তবে সবসময় দর্শক কাঁধের মালিককে দেখতে পাবে এমনটি নাও হতে পারে। নির্মাতার সিদ্ধান্তে চরিত্রের চেহারা অনেক সময় দেখানো হয় না। কল্পনা করে নিতে হয়। উদাহরণ হিসেবে এ ধরনের একটি দৃশ্য সত্যজিৎ রায়ের প্রতিদ্বন্দ্বীতে চোখে পড়ে।

চলচ্চিত্র নির্মাণের সময় নির্মাতা নানা ধরনের কৌশল বা পদ্ধতি ব্যবহারের মাধ্যমে গল্পের প্রতি দর্শকের মনোযোগ আকর্ষণের চেষ্টা করে। নির্মাতার চাওয়া অনুযায়ী কৌশল প্রয়োগ করে চিত্রগ্রাহক। অনেক সময় চিত্রগ্রাহক নিজের অভিজ্ঞতা ও কল্পনার মিশেলে নির্মাতার চাহিদা আরো নান্দনিকভাবে ফুটিয়ে তোলে। চলচ্চিত্রটিতে ক্যামেরার বিভিন্ন কলাকৌশলে ডিপ ফোকাসের মাধ্যমে লঙ শট্ চোখে পড়ে। ডিপ ফোকাসে ফ্রেমের আশপাশে সবকিছু স্পষ্ট দেখা যায়। এ পদ্ধতিতে চরিত্রের আবেগের গভীরতা যেমন বোঝা সম্ভব তেমনই প্রত্যেক চরিত্রের অবস্থানও বোঝানো যায়। কাহিনির নানা জায়গায় যেমন তোরাব আলীর বাড়ির উঠোনে মালেকের সঙ্গে হাঙর ধরা নিয়ে আলাপ, মালেকদের সমবায় সমিতির আলোচনা কিংবা সুজাদের দল যখন মানিকের মৃত্যুর খবর তোরাবকে জানায়, তখন ডিপ ফোকাসের ব্যবহার পাওয়া যায়। এছাড়া সুজাদের ট্রলারের দৃশ্যগুলোতেও এ পদ্ধতিতে মিড শট্ থেকে ফুল শটে চরিত্রগুলো বসে বা দাঁড়িয়ে থাকে।

ক্রেন শটের মাধ্যমে বেশকিছু টপ শট্ নিয়েছেন চিত্রগ্রাহক। ১৯১৬ খ্রিস্টাব্দে ডি ডব্লিউ গ্রিফিথ এ ধরনের একটি কৌশল আবিষ্কার করেন। যদিও সেসময় ক্রেন ছিলো না। তিনি কাঠ দিয়ে একটি অস্থায়ী টাওয়ার তৈরি করেছিলেন উপর থেকে শট্ নেওয়ার জন্য। তবে ৩০-এর দশকে মোটামুটি এর ব্যবহার শুরু হয়ে যায়।১৬ এ ধরনের শট্ ব্যবহারের কারণ হিসেবে বলা হয়, ক্রেনের মুভমেন্ট ও একটি নির্দিষ্ট উচ্চতা থেকে শট্ নেওয়ার মাধ্যমে প্রত্যেক দর্শককে এক ধরনের ক্ষমতা দেওয়া হয়। যার ফলে দর্শক এমন কিছু দেখে যা গল্পের অন্য চরিত্ররা দেখতে পায় না। আবার অনেক সময় কোনো ঘটনাকে নাটকীয় বা মহৎ করে তুলতেও চিত্রগ্রাহক ক্রেন শট্ ব্যবহার করে থাকে।১৭ পোকা মাকড়ের ঘর বসতিতে মাহফুজুর এ ধরনের কিছু করেন না। তিনি মূলত সামগ্রিক পরিবেশ বোঝাতে ও চরিত্রের সঙ্গে দর্শকের সংযোগ স্থাপনে ক্রেন শট্ ব্যবহার করেন। সাফিয়াকে ঘরে পৌঁছে দেওয়ার সময় মালেক-সাফিয়ার কথোপকথন, সালেক-জুলেখার অন্তরঙ্গ সময় কাটানো, সেন্টমার্টিনে গবেষক ও শিক্ষার্থীদের ভ্রমণ, প্রথমবারের মতো নিজস্ব ট্রলার নিয়ে মালেকদের হাঙর শিকারে যাওয়ার প্রস্তুতির মতো কিছু দৃশ্য এ শটে তুলে ধরা হয়।

বেশিরভাগ সময় চরিত্রগুলোকে ফুল শট্, মিড লঙ শট্ ও মিড শটে দেখানো হয়। চরিত্রের কর্মকাণ্ড বোঝাতে এবং চরিত্রকে তার আশপাশের পরিবেশের সঙ্গে সম্পৃক্ত করতে ফুল শট্ ও মিড লঙ শটের ব্যবহার অহরহ চোখে পড়ে। আর মিড শট্ দিয়ে চিত্রগ্রাহক এখানে চরিত্রের অভিব্যক্তির দিকে গুরুত্ব দিয়েছেন। এজন্য জেলে পাড়ার চরিত্রদের কর্মকাণ্ড দেখাতে তাদের ফুল ও মিড লঙ শটে দেখানো হয়। সাফিয়া, মালেক, শুক্কুর বা তোরাব আলীর আবেগ, ভীতি, ক্রোধসহ বিভিন্ন অনুভূতিকে দৃশ্যমান করে তুলতে মিড শট্ ব্যবহার করেন মাহফুজুর। এক্ষেত্রে কিছু জায়গায় জুম ইন ও আউটের কৌশল নিয়েছেন তিনি।

চলচ্চিত্রটিতে ক্ষমতার প্রকাশ বোঝাতে হাই অ্যাঙ্গেল ও লো অ্যাঙ্গেল শটের ব্যবহার করা হয়। তোরাবের অধীনস্ত এক জেলে বিপদে সাহায্যের আশায় তার কাছে এলে তিনি কথা শুনিয়ে দেন। এ সময় তোরাবকে হাই অ্যাঙ্গেলে দেখানোর মাধ্যমে তার ছোটো মানসিকতা তুলে ধরা হয়। আবার তোরাবের ভাতিজা মানিককে হত্যার উদ্দেশ্যে সুজা সাগরে ফেলে দেওয়ার পর তাকে লো অ্যাঙ্গেলে দেখানো হয়। দারিদ্র্য ঘোচাতে বিধ্বংসী হয়ে ওঠা সুজা সেসময়টুকুতে ক্ষমতাশালী হয়ে ওঠেন। তখন তোরাবকে না জানিয়ে বিদেশি নৌকায় মাছ বিক্রি করে টাকা আয় করাই তার কাছে মুখ্য হয়ে ওঠে। এ পথে যে বাধা দেবে তাকে তিনি পরোয়া করবেন না বলে বুঝিয়ে দেন। আবার সমবায় গড়ায় মালেক যখন নেতৃত্ব দেন, তখন তাকেও ক্যামেরা লো অ্যাঙ্গেল থেকে দেখায়।

পোকা মাকড়ের ঘরবসতিতে সুন্দর দুইটি দৃশ্য আছে। প্রথমত, জুলেখার আত্মহত্যার আগের মুহূর্ত--ক্লোজ আপ শটে জুলেখা সমুদ্রের দিকে এগিয়ে যেতে থাকেন; এরপর বিক্ষুব্ধ সমুদ্রের ঢেউ আর ওপেন ফ্রেমে, ক্লোজ আপ শটে মাটিতে এক জোড়া হাতকে কোদাল চালাতে দেখা যায়। বিয়ের আগেই সন্তানসম্ভাবা জুলেখাকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে চান না সালেক। অপমানিত ও সমাজের ভয়ে ভীত জুলেখার মনের তোলপাড়কে প্রকাশ করে সমুদ্র। কোদাল চলতে থাকার দৃশ্য দেখে দর্শক বুঝে যায় জুলেখার করুণ পরিণতি। কিছুক্ষণ পরেই কোদাল চালানো ব্যক্তি পর্দায় ভেসে ওঠে। পরে ফুল শটে দুজন ব্যক্তিকে কবরের মাটি খুঁড়তে দেখা যায়। নির্মাতা একবারও জুলেখাকে ডুবে যেতে বা মৃত জুলেখাকে দেখান না। ক্যামেরা কৌশলে পাথরের উপর সমানে আছড়ে পড়া ঢেউ আর খোঁড়া কবর দেখে জুলেখার আত্মহননের ঘটনা বুঝতে কষ্ট হয় না। এছাড়া এক্সট্রিম লঙ শটে মালেকের সমুদ্র পাড়ে বসে থাকার দৃশ্যটিও চমৎকার। নীল সমুদ্রের সাদা ঢেউয়ের সামনে বসে থাকা মালেককে দেখলে বিষণ্নতার সুর মনে বাজে। সমুদ্রের গর্জন তার মনের অস্থিরতাকে তুলে ধরে। আবার এই সমুদ্র তাকে দুদণ্ড শান্তি দেয়। যা দর্শক মনকেও আন্দোলিত করে।

চিত্র-১০

চলচ্চিত্রটিতে টোন ব্যবহারের ক্ষেত্রেও ভারসাম্য বজায় রাখার চেষ্টা দেখা গেছে। আলোর ক্ষেত্রে উজ্জ্বল টোনের ব্যবহার করেছেন মাহফুজুর। বেশিরভাগ  দিন ও রাতের দৃশ্যে এই উজ্জ্বল ভাব ছিলো। কয়েকটি দৃশ্য যেমন মদ্যপ মালেক ও ডলির অন্ধকারে সমুদ্র তীরে বসে কথা বলা কিংবা সূর্যাস্তের আলোয় লুকিয়ে সাফিরার বাড়ির সামনে মালেকের দাঁড়িয়ে থাকার মতো দৃশ্যে পরিমিতি বোধ আছে। এছাড়া দিনের বেলার সমুদ্রের দৃশ্যগুলো দারুণ লাগে। পাশাপাশি চরিত্রের পোশাকে আধা ফিকে রঙের ব্যবহার আছে। একমাত্র সাফিয়াকেই উজ্জ্বল রঙের পোশাকে দেখানো হয়।

পাঁচ.

প্রখ্যাত সাহিত্যিক হুমায়ূন আহমেদ ২০০০ খ্রিস্টাব্দে নির্মাণ করেন শ্রাবণ মেঘের দিন। এটি তার লেখা উপন্যাস অবলম্বনে নির্মিত। মূলত ভাটি অঞ্চলের মানুষের জীবনের গল্প নিয়ে চলচ্চিত্রের কাহিনি। শুরুটা হয় গ্রামের এক সময়কার জমিদারের দুই নাতনি শাহানা ও নিতুর গ্রামে ঘুরতে আসাকে কেন্দ্র করে। আসার পথে তাদের পরিচয় হয় গায়ক মতির সঙ্গে। মতিকে ভালোবাসে গ্রামের তরুণী কুসুম। গ্রামের সাবেক জমিদার ইরতাজ উদ্দিনের সঙ্গে একমাত্র ছেলের দুই যুগ ধরে যোগাযোগ নেই। কারণ স্বাধীনতা যুদ্ধে তিনি একদল পাকিস্তানি সেনাকে আশ্রয় দিয়েছিলেন; এজন্য গ্রামবাসীরাও তাকে অপছন্দ করে। এছাড়া ইরতাজ এখনো গ্রামবাসীদের প্রজা জ্ঞান করেন। একদিন মতিকে শাহানা দাওয়াত দিলে ইরতাজ নাতনিদের না জানিয়ে বাড়ির নিচে বসিয়ে তাকে খাইয়ে বিদায় করেন। নিতুকে ভয় দেখানোয় বেদেনিদের চুল কেটে দেন, নৌকা পুড়িয়ে দেন। তবে শাহানা আর নিতুর কারণে একসময় এই চিত্র বদলাতে থাকে। মিষ্টভাষী ও পেশায় চিকিৎসক শাহানা ঘটনাক্রমে দরিদ্র এক ঢোলবাদকের স্ত্রীর সন্তান প্রসবে সাহায্য করেন। যার চিকিৎসা বেশ জটিল ছিলো। এতে জমিদার বাড়ির প্রতি সবার ভালোবাসা জেগে ওঠে। এদিকে তিন মাস লাপাত্তা থাকা কুসুমের বাবা ফিরে আসেন সুরুজকে সঙ্গে নিয়ে; কুসুমের বিয়ে দেবেন বলে। সুরুজও ভালো গান করেন। কুসুমের খেয়ালি আচরণ দেখে তাকে ভালোবেসে ফেলেন তিনি। এই পরিস্থিতিতে কুসুম মতিকে তার ভালোবাসা বোঝানোর চেষ্টা করেন। তবে সংসারী মানুষের গলায় গান বসে না ভেবে তাকে ফিরিয়ে দেন মতি। এরপর ছুটি কাটানো শেষে দাদাকে সঙ্গে নিয়ে শাহানা-নিতু ঢাকায় ফিরে যান। আর বিয়ের দিন বিষপানে কুসুমের আত্মহত্যার মধ্য দিয়ে গল্পের সমাপ্তি ঘটে।

শ্রাবণ মেঘের দিন-এর শুরুতে অর্থাৎ স্টাবলিশমেন্ট শট্ শুরু হয় দূর পর্যন্ত যাওয়া রেললাইনের চিত্র দিয়ে। যার অর্থ অনেকটাই এমন--এই পথ দিয়ে যাবে নয়তো কেউ আসবে। সঙ্গে মূল কাহিনি বিয়োগান্তক হওয়ার আভাসও পাওয়া যায়। রেললাইনের দুই সমান্তরাল ধার যেমন মিলবে না, জীবনের কিছু হিসাবনিকাশও তেমনই অমীমাংসিত থেকে যাবে। এরপরই প্যান করে ক্যামেরার লেন্স চলে যায় লঙ শটে থাকা এক তরুণী ও কিশোরীর দিকে। ফ্রেমের ভিতর ফ্রেমে তরুণী কাউকে খুঁজতে থাকে। দর্শক একপর্যায়ে জানতে পারে তরুণীর নাম শাহানা, কিশোরীটি তার ছোটো বোন নিতু। এভাবে চলচ্চিত্রে ফুল শট্, মিড শট্, ক্লোজ শট্, জুম শট্, লো অ্যাঙ্গেল ও হাই অ্যাঙ্গেল শট্, ডিপ ফোকাস, ওপেন ফ্রেম ও ফ্রেম উইদ ইন ফ্রেমের ব্যবহার লক্ষ করা যায়। অনেক সময় প্যান শট্, ডলি শট্ ও ক্রেন শটের মাধ্যমে এ ধরনের শট্গুলো তৈরি করা হয়েছে।

চলচ্চিত্রটিতে ফ্রেমের ভিতরে ফ্রেম তৈরি করে সুন্দর কিছু দৃশ্যের চিত্রায়ণ করা হয়। যেমন, মতিকে যখন জমিদার শাহানাদের সঙ্গে বসে খেতে না নিয়ে অপমান করে, তখন তিনি কষ্ট পেয়ে ঢোলবাদক পরাণের বাড়িতে যান। মতি গান ধরলে একসময় কুসুম লুকিয়ে সেখানে আসে। একপাশে মতি, আরেকপাশে কুসুম। মাঝে একটি দেয়াল। কুসুম গান ভালোবাসে, মতিও তাই। কিন্তু তাদের মধ্যে ভালোবাসার আরেকটি অদৃশ্য দেয়াল আছে যা তাদের এক হতে দেয় না। তাদের দুজনেরই আলাদা গল্প আছে। কিন্তু দুজনার কেউ তা প্রকাশ করতে পারে না। আরেকটি দৃশ্যে, সন্তান জন্ম দিতে গিয়ে পরাণের স্ত্রী মৃত্যু পথযাত্রী। ছেলে সুবলকে নিয়ে তিনি সূর্যাস্তের সময় সাঁকো পার হয়ে বাড়ি ফিরছেন স্ত্রীর পাশে থাকতে। এ সময় সাঁকোর এক অংশে পরাণদের হেঁটে চলা, অন্য অংশে অস্তগামী সূর্য দেখা যায়। ওই সূর্যের মতোই সুবলদের পরিবারের সুখগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে বলে মনে হতে থাকে।

ওপেন ফ্রেমেরও কয়েকটি ব্যবহার এখানে আছে। এ ফ্রেমের মাধ্যমে দর্শককে কৌতূহলী করে তোলা হয় পরের দৃশ্যে কী ঘটবে তা দেখার জন্য। এমন একটি দৃশ্যে একটি হাতকে সবুজ রঙের কাপড় নাড়াচাড়া করতে দেখে দর্শক। কিন্তু হাতটি কার তা তৎক্ষণাৎ জানা যায় না। দর্শকের মনে যখন প্রশ্ন জাগে এটা কার হাত; তখনই ক্যামেরায় মতিকে দেখা যায়। তিনি জমিদার বাড়িতে দাওয়াত খাওয়ার প্রস্তুতি হিসেবে জামা ইস্ত্রি করছেন। আবার কাহিনির আরেক অংশে একটি মেয়ের হাতকে দাবার গুটি সাজাতে, অন্য দৃশ্যে বোতল থেকে আচার তুলতে দেখা যায়। কয়েক সেকেন্ড পরই জানা যায় দাবা সাজানো হাতটি নিতুর; আর আচার তুলছিলো কুসুম। সবচেয়ে আগ্রহোদ্দীপক ছিলো মেঝেতে দাঁড়ানো একজোড়া পা’কে হাত ইশারা দিয়ে সরে যাওয়ার ইঙ্গিত দেওয়ার দৃশ্যটি। দর্শক দেখে ইরতাজ উদ্দিন কুসুমের ছোটো বোন পুষ্পকে তার কাছ থেকে আরো দূরে দাঁড়ানোর জন্য ইশারা করছিলেন।

শ্রাবণ মেঘের দিন-এ ব্যক্তির সামাজিক অবস্থান ও চরিত্রের পরিপ্রেক্ষিতে মাহফুজুর লো এবং হাই অ্যাঙ্গেল থেকে নেওয়া শট্গুলো ব্যবহার করেন। যেমন, কাহিনির শুরুতে ভাড়া না থাকায় শাহানাদের নৌকায় উঠে পড়েন মতি। অথচ গ্রামের মানুষের কাছে তিনি বড়ো গাতক। গান গাওয়ার সময় তাকে লো অ্যাঙ্গেল থেকে দেখানো হয়। আবার জমিদার ইরতাজ যখন জানতে পারেন তার নাতনিরা এসেছে, তখন লোকসমেত ঘাটে এলে তাকেও লো অ্যাঙ্গেল থেকে দেখানো হয়। তবে কিছু ক্ষেত্রে নির্মাতা এখানে অন্য কৌশলেরও আশ্রয় নিয়েছেন। মতি জমিদার বাড়ির নাতনিদের গান শোনাতে এলে দুই বোন দোতলার বারান্দায় কিছুক্ষণ দাঁড়িয়ে গান শোনে। চিত্রগ্রাহক তখন ওভার দ্য শোল্ডার শটে হাই অ্যাঙ্গেল থেকে মতিকে দেখান। তাদের সঙ্গে মতির পার্থক্য এখানে বোঝা যায়। আবার মতির গানের দলকে আই লেভেলে রেখে বোনদের বারান্দায় দাঁড়ানোর দৃশ্যটি দেখানো হয়। স্বাভাবিকভাবেই তাদের তখন উঁচুতলার মানুষ বলে মনে হয়। আবার গ্রামের এক দোকানে তেল কিনতে গেলে দোকানি কুসুমকে তার বাবা সম্পর্কে নানা নেতিবাচক কথা বলেন। কুসুমকে রাতবিরাতে গান গাইতে নিষেধ করেন। এ সময় তাকে হাই অ্যাঙ্গেল থেকে দেখা যায়। তার মানসিকতা নিম্নমানের, এ ধারণাটি ক্যামেরার ভাষায়ও ফুটে ওঠে। কিন্তু এ কথাগুলো শোনার সময় কুসুমকে একটু লো অ্যাঙ্গেল থেকে দেখানো হয়। কারণ কুসুমের চরিত্রটি খেয়ালি হলেও তিনি নিজের মনমতো চলেন। আত্মবিশ্বাস নিয়ে সবকিছু গ্রহণ করেন। অন্যের কথায় কান দিয়ে সময় নষ্ট করার মানুষ নন কুসুম।

এছাড়া নৌকা বাইচ উপলক্ষে মতি ও তার গানের দল যখন গানে গানে ঘোষণা দেয়, তখন জমিদার বাড়ি থেকে শাহানাদের ক্লোজ শটে দেখানো হয়। তবে তা ক্যামেরার লেন্স জুম ইন করে আনা হয়। বাড়ির ছাদের একটি ফাঁকা বৃত্তাকার অংশে দুই বোনের চেহারা ও অভিব্যক্তি স্পষ্ট হয়ে ওঠে। এদিকে কুসুমের বাবার জন্য কুসুমের মায়ের অপেক্ষার কষ্টের অনুভূতি এবং জটিল পদ্ধতিতে সন্তান প্রসবে সাহায্য করার সময় ভীত ও চিন্তিত শাহানার মুখের ঘাম দেখানো হয় ক্লোজআপ শটের মাধ্যমে। এছাড়া বিভিন্ন সময়ে মতি সম্পর্কে কুসুমের অভিব্যক্তি ও অনুভূতির দৃশ্য, মায়ের জন্য সুবলের কান্না, অপমানিত মতির চোখের জল, জমিদারের রাগের প্রকাশ ইত্যাদি এ শটের মাধ্যমে চিত্রায়ণ করা হয়। সুরুজ যখন ‘একটা ছিলো সোনার কন্যা’ গানটি গান, তখন ‘দুই চোখে তার আহারে কী মায়া’ বলতেই কুসুমের একটি চোকার শট্ নেওয়া হয়। চোখের মায়া বোঝানোর জন্য।

চিত্র-১০, চিত্র-১১

ইরতাজ উদ্দিন ও তার নাতনিদের কথোপকথনের দৃশ্যের বেশিরভাগ ফুল শট্ ও মিড শটে ধারণ করা হয়েছে। গ্রামের মানুষের হাঁটা-চলা অর্থাৎ দেহভঙ্গিমার মধ্যে যে বেশ পার্থক্য আছে এবং তাদের আশপাশের পরিবেশও যে ভিন্ন তা ফুল শটের মাধ্যমে বোঝানো সম্ভব হয়েছে। পাশাপাশি অন্যান্য চরিত্রগুলোর মধ্যকার পারস্পরিক মিথষ্ক্রিয়ার সময়েও এসব শট্ নেওয়া হয়। যেমন, মতি ও সুরুজের প্রথম সাক্ষাতের ঘটনাটি ফুল শটে ধারণ করা হয়। এ ধরনের শট্ মূল চরিত্রের সঙ্গে অন্য চরিত্রগুলোরও সংযোগ ঘটায়। আর মিড শট্ হলো ক্লোজ শট্ ও লঙ শটের মাঝামাঝি। এর মাধ্যমে চরিত্র বা বিষয়বস্তুর মুভমেন্ট-এ ভারসাম্য থাকে। জমিদার বাড়িতে মতির গানের দল, শাহানাদের সঙ্গে নিজ বাড়ির সামনে কথোপকথন, মতি ও কুসুমের মধ্যকার আলাপ, বিয়ের আগের দিন সুরুজ ও কুসুমের কথাবার্তা ইত্যাদি দৃশ্যগুলো বেশ ভালো।

শ্রাবণ মেঘের দিন-এ জুম শটেরও সুন্দর ব্যবহার করা হয়েছে। জুম ইন ও আউটের সাহায্যে কোনো চরিত্র বা বিষয়কে নির্দিষ্ট করে তোলা হয়; পরিস্থিতির সঙ্গে চরিত্রের বা চরিত্রের সঙ্গে দর্শকের সংযোগ ঘটানো যায়। নৌকা বাইচের ঘোষণামূলক গানে এ ধরনের কিছু শট্ নেওয়া হয়েছে। প্রথমে হয়তো মতিকে ক্লোজ শটে দেখা যাচ্ছে, এরপর জুম আউট হয়ে গ্রামবাসী বা গানের দলকে দেখানো হয়। ইরতাজ উদ্দিন শাহানাকে তার স্ত্রী মারা যাওয়ার গল্প শোনানোর শুরুতে ক্লোজ শটে তাকে একা এবং জুম আউট করে শাহানাকে দেখানো হয়। এর থেকে বোঝা যায়, তিনি কাকে গল্প শোনাচ্ছিলেন। আবার শাহানা গ্রামে ঘোরাঘুরির সময় একজন অন্ধ বৃদ্ধার সঙ্গে আলাপ করেন। বৃদ্ধা চলে যাওয়ার আগে তাকে দোয়া করার দৃশ্যটি ক্যামেরা জুম করে ক্লোজ শটে এনে তার আবেগের অভিব্যক্তি তুলে ধরেন চিত্রগ্রাহক।

গ্রামীণ পরিবেশের কিছু আলাদা আবেদন আছে। ভাটি অঞ্চলের গল্প বলার জন্য তাই টপ শটে কিছু দৃশ্য নেওয়া হয়েছে। আবারও নৌকা বাইচের গানে গ্রামের এক নারীকে মাটিতে ধান শুকাতে দেখা যায়। মতি গান গাওয়ার সময় নদী, চলন্ত নৌকা এমনকি পাশে দাঁড়ানো দুটি গরুও চোখে পড়ে। শেষের দিকে কুসুম একা একা বিয়ের উঠোন সাজাতে থাকেন। এতে পুরো সাজানো বিয়ে বাড়িটি চোখে পড়ে। বিষপান করা কুসুমকে নিয়ে মতি ও সুরুজ যখন নৌকা বাইতে থাকে শাহানার কাছে পৌঁছানোর জন্য, এ সময় আরেকবার এ শট্ নেন মাহফুজুর। অথৈই নদীতে মৃত্যুকে হারিয়ে দেওয়ার চেষ্টায় সংগ্রামরত তিনজন মানুষের আবেগ দর্শককে নাড়া দেয়। একই সঙ্গে চলচ্চিত্রটিতে ক্রেন শটের ব্যবহারও রয়েছে। যার মাধ্যমে কিছু বৈচিত্র্য সৃষ্টি করেছেন চিত্রগ্রাহক। যেমন, জমিদার বাড়ি প্রথমবার দেখানোর সময় তিনি মূল ফটক থেকে শুরু করে একেবারে উপরে উঠে ফটকের মাথায় থাকা সিংহের উপর ক্যামেরার লেন্স স্থির করেন। এর মাধ্যমে জমিদার বাড়ির আভিজাত্য প্রকাশ পায়। পাশাপাশি শাহানা সুবলের স্ত্রীর চিকিৎসার জন্য রওনা দিতে দোতলা থেকে নিচে নামার দৃশ্যে কোনো সিঁড়ি দেখানো হয় না। বাড়ির বাইরে ক্রেনে থাকা ক্যামেরা নিচে নামে। চরিত্রকে সিঁড়ি দিয়ে নামতে দেখার অনুভূতি পর্দার বাইরের ব্যক্তিরা পেয়ে যায়।

চলচ্চিত্রটির কম্পোজিশনও চমৎকার। গ্রামের মাটির ঘর, বাঁশের জানালার ফাঁক দিয়ে দেখতে পাওয়া নদী, গাছপালা, ক্ষেত, সবকিছুর সঙ্গে চরিত্রের সমন্বয় করা হয়েছে। যাতে মনে হয় এরা আসলেই ভাটি অঞ্চলের সহজসরল মানুষ। ল্যান্ডস্কেপ ভিউয়ে নদীর বুকে পালতোলা নৌকা, পশ্চিমে ঢলে পড়া সূর্য কিংবা পানিতে ফুটে থাকা শাপলার মধ্যে কুসুমের নৌকা চালানো মনকে প্রসন্ন করে।

টোনেও মোটামুটি পরিমিতবোধ লক্ষ করা যায়। গ্রামীণ পরিবেশের টোন পুরোটাই এসেছে। সূর্যাস্তের সময়কার দৃশ্যগুলো বেশি সুন্দর। আলোর উপস্থিতিও ভালো। রাতের কিছু দৃশ্যে আলোর ব্যবহার প্রাকৃতিকই মনে হয়েছে। তবে কিছু জায়গায় বেশ কৃত্রিমও লাগে। নিতু আর পুষ্পের ভূতের গল্পের দৃশ্যে সামনে হারিকেনের মতো জিনিস রাখা, কিন্তু সে আলো অনেক বেশি উজ্জ্বল। জমিদার বাড়ির দৃশ্যগুলোর অধিকাংশতেই আলোর এই বৈসাদৃশ্য চোখে পড়ে।

ছয়.

প্রত্যেক চিত্রগ্রাহকের নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকে। মাহফুজুর রহমান খানও নিজ স্বতন্ত্রতায় তার জাত চিনিয়েছেন। যে কারণে তার চিত্রগ্রহণে নির্মিত চলচ্চিত্রগুলোর গল্প হয়ে উঠেছে জীবনঘনিষ্ঠ; প্রতিটি কাজের ক্ষেত্রে তিনি দেখিয়েছেন পেশাদারিত্বের ছাপ। অভিযান-এর মতো বাণিজ্যিক চলচ্চিত্রেও তিনি যেমন একঘেয়েমি রাখেননি; নানামুখী কৌশলে উপভোগ্য করে তুলেছেন। তেমনই পোকা মাকড়ের ঘরবসতি কিংবা শ্রাবণ মেঘের দিন-এর মাধ্যমে দর্শকমনে জীবনের আনন্দ-বেদনার আঁচড় কাটতে সক্ষম হয়েছেন। যদিও প্রযুক্তিগত মাধ্যমে সীমাবদ্ধতা রয়েছে; তারপরও চিরউদ্যম ও সৃষ্টিশীল কর্মের মধ্যে অমর হয়ে থাকবেন চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান।

লেখক : সারা মনামী হোসেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন-এ পড়ান।

saramonami@gmail.com

https://www.facebook.com/sara.m.hossain

 তথ্যসূত্র

1. https://www.premiumbeat.com/blog/janusz-kaminski-cinematography/; retrieved on: 08.04.2021

2. https://www.youtube.com/watch?v=ARxjiIHW5P0; retrieved on: 07.04.2021

3.https://cutt.ly/rnj25sN; retrieved on: 07.04.2021

4.https://cutt.ly/ynj9gpq; retrieved on: 07.04.2021

৫. সেন, সন্তোষ (২০০৯ : ১৮৭); সিনেমাটোগ্রাফি; প্রতিভাষ, কলকাতা।

6. https://cutt.ly/Lnj9UiI; retrieved on: 07.04.2021

7. https://www.imdb.com/title/tt5378690/; retrieved on: 07.04.2021

৮. প্রাগুক্ত; সেন (২০০৯ : ১৮৯)।

9. https://www.studiobinder.com/blog/what-is-an-extreme-long-shot/; retrieved on: 07.04.2021

10. https://www.youtube.com/watch?v=sEnL3ukPauM; retrieved on: 07.04.2021

11. https://nofilmschool.com/2017/02/visual-and-emotional-effects-using-dolly-and-zoom-shots-your-film; retrieved on: 07.04.2021

12. https://www.bhphotovideo.com/explora/video/tips-and-solutions/filmmaking-101-camera-shot-types; retrieved on: 07.04.2021

১৩. দাশ, ধীমান (১৯৮৭ : ১৩); কম্পোজিশন; বাণীশিল্প, কলকাতা।

9. https://www.studiobinder.com/blog/what-is-an-extreme-long-shot/; retrieved on: 07.04.2021

10. https://www.youtube.com/watch?v=sEnL3ukPauM; retrieved on: 07.04.2021

11. https://nofilmschool.com/2017/02/visual-and-emotional-effects-using-dolly-and-zoom-shots-your-film; retrieved on: 07.04.2021

12. https://www.bhphotovideo.com/explora/video/tips-and-solutions/filmmaking-101-camera-shot-types; retrieved on: 07.04.2021

বি.দ্র. এই প্রবন্ধটি ম্যাজিক লণ্ঠন ২১তম সংখ্যা, জুলাই ২০২১ এ প্রকাশিত হয়েছ

 

 

 

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন