ইব্রাহীম খলিল
প্রকাশিত ২৩ নভেম্বর ২০২৬ ১২:০০ মিনিট
অন্যকে জানাতে পারেন:
কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিজিটাল দুনিয়ায় আপামরের অসহায়ত্ব
ইব্রাহীম খলিল

জানা কথা
বলা হয়ে থাকে জ্ঞানই শক্তি। কিন্তু কেনো জ্ঞান শক্তি? এই প্রশ্নের উত্তর খুঁজতে প্রাসঙ্গিক কিছু বিষয়ের অবতারণা জরুরি। জ্ঞান-প্রজ্ঞা দিয়ে মানুষ কেবল মানুষকেই নয়, অন্য জীবকেও চালনা/প্রভাবিত করতে পারে। ফলে পৃথিবীতে সবচেয়ে বুদ্ধিমান-চতুর জীব বলতে মানুষকেই বোঝানো হয়। বিজ্ঞানীদের তথ্যানুযায়ী, বুদ্ধিমানের তালিকায় মানুষের পরেই সামুদ্রিক প্রাণী ডলফিনের অবস্থান। যদিও কোনটা ভালো কোনটা মন্দ সব উপাধি মানুষই দেয়; তারপরও দৃশ্যত সারাবিশ্ব যেহেতু মানুষই শাসন করে, ফলে এ তত্ত্বও অমূলক নয়। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো তথ্য ও প্রযুক্তির কল্যাণে এখন কেবল জীব নয়, ‘জড়ো’ও বুদ্ধিমানের তালিকায় চলে এসেছে! শুধু তাই নয়, এটি স্বয়ংক্রিয়ভাবে ক্রমাগত তথ্য সংগ্রহ করে নিজেই নিজেকে সমৃদ্ধ করে চলেছে। ফলে বর্তমান পরিস্থিতিতে এদের নিয়ন্ত্রণ তাদের স্রষ্টাদের (গুটি কয়েক মানুষের) হাতে থাকলেও কখনো কখনো তা আমজনতার জন্য সঙ্কট তৈরি করেছে। কারণ নিয়ন্ত্রণে রাখা স্রষ্টারাই ব্যবসার জন্য এগুলোকে আমজনতার বিরুদ্ধে ব্যবহার করছে। কখনো কখনো তাই উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি করা এ জড়োর নাম ‘কৃত্রিম বুদ্ধিমত্তা’(Artificial Intelligence)
কৃত্রিম বুদ্ধিমত্তার হালহকিকত
কোনো যন্ত্র যখন বুদ্ধিমান মানুষের মতো কাজ করে বা প্রতিক্রিয়া দেখায়, সেটাকেই কৃত্রিম বুদ্ধিমত্তা (এ আই) বলে। অর্থাৎ স্বাভাবিকভাবে যেসব বিষয়ের জন্য মানুষের প্রয়োজন হয়, যেমন কারো চেহারা দেখে বা কণ্ঠ শুনে তাকে চিনতে পারা, বিশেষজ্ঞের মতো সিদ্ধান্ত গ্রহণ করা, যুক্তি, সমস্যা সমাধান, মানুষের ভাষা বোঝার ক্ষমতা, উপলব্ধি, শিক্ষা, পরিকল্পনা, কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটানো বা কোনো বিষয়ে হস্তক্ষেপ করার মতো সামর্থ্য সম্পন্ন যন্ত্রই হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন। ১৯৫৫ খ্রিস্টাব্দে জন ম্যাক্যার্থি সর্বপ্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা বাArtificial Intelligence নামক টার্মটি ব্যবহার করেন। তাকে কৃত্রিম বুদ্ধিমত্তার অন্যতম জনক বলা হয়। তার অন্যান্য সহযোগীরা ছিলেন, মার্ভিন মিনস্কি, অ্যালেন নিউয়েল এবং হার্বাট এ সায়মন।১ তারপর থেকে এ কৃত্রিম বুদ্ধিমত্তা ক্রমাগত রূপান্তর হয়েছে, হচ্ছেই। এর পরিধি এতো ব্যাপক ও বিস্তৃত যে, এটি কোথায় কীভাবে ব্যবহার হচ্ছে সেই বিষয়ে দৃঢ় কোনো সিদ্ধান্তে আসাই বর্তমানে দুরূহ বিষয়!
উদ্ভাবনের শুরু থেকে বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থাগুলো এ আই-এর সবচেয়ে বেশি ব্যবহার করে আসছে। স্নায়ুযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এন এস এ) ও বৃটেনের গভর্নমেন্ট কমিউনিকেশনস হেডকোয়ার্টার্স (জি সি এইচ কিউ) প্রাথমিকভাবে এ আই ব্যবহারের প্রক্রিয়া শুরু করে। তাদের লক্ষ্য ছিলো এ আই ব্যবহার করে সোভিয়েত ইউনিয়নের নানা ধরনের ফোনকলে আড়ি পেতে বিপুল পরিমাণে প্রতিলিপি তৈরি এবং অনুবাদ করতে সহায়তা পাওয়া। ৭০-এর দশকে তারা এর ব্যবহার বহুগুণে বাড়িয়ে দেয়। তবে ওই সময় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ছিলো অপরিণত। সাম্প্রতিক বছরগুলোতে এ আই প্রযুক্তিকে ব্যাপকভাবে উন্নত করা হয়। ব্যবসা ক্ষেত্রে এ আই-এর ব্যবহারকে আকর্ষণীয় করে তোলার ক্ষেত্রে আরো বেশি ডেটা বা তথ্যের সহজলভ্যতা, উন্নত অ্যালগরিদম ও আরো প্রসেসিং ক্ষমতা বৃদ্ধির মতো বিষয়গুলো যুক্ত করা হয়েছে। তাই গোয়েন্দা সংস্থাগুলো কৃত্রিম বুদ্ধিমত্তাকে ঘিরে ব্যাপক উচ্চাশা পোষণ করতে শুরু করেছে। অনেক দেশের তো এ আই’ভিত্তিক প্রযুক্তি রপ্তানি, সেবা বিক্রিই পরিণত হয়েছে তাদের আয়ের অন্যতম প্রধান উৎসে।
গোয়েন্দা সংস্থার বাইরে গুগল, ফেইসবুক ও মাইক্রোসফট-এর মতো প্রযুক্তিভিত্তিক জায়ান্ট প্রতিষ্ঠানগুলোও তার গ্রাহকদেরকে এ আই দিয়েই ‘নজরদারি’ করছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, এ আই-কে আরো শক্তিশালী করতে কে কার চেয়ে বেশি বিনিয়োগ করে অন্যদের চেয়ে বেশি সফলতা পেতে পারে সেটারই যেনো প্রতিযোগিতা শুরু হয়েছে। ফলে স্বভাবত যুদ্ধ সরঞ্জাম, সর্বক্ষেত্রে নজরদারি চালানো, লেখালেখি, গান শোনা-গাওয়া, যান চালনা, জলবায়ু পরিবর্তন, মত পরিবর্তনে প্রভাবিত করাসহ মানবিক-অমানবিক সব ধরনের কাজে সফলতা পেতে এ আই প্রযুক্তি সংযুক্ত করছে উন্নত বিশ্ব। তবে মজার বিষয় হলো, এ আই দিয়ে কেবল পিছিয়ে পড়া মানুষ নয়, বরং উন্নত বিশ্বের বুঝনেওয়ালারাই বেশি নিয়ন্ত্রণ হচ্ছে! যারা যতো বেশি প্রযুক্তির সংস্পর্শে থাকে, তারা ততো বেশি অরক্ষিত!
কারণ কোনো ব্যক্তি যখন স্মার্টফোন, টেলিভিশন বা ইন্টারনেটযুক্ত কোনো ডিভাইস বা ইন্টারনেট ব্যবহারযোগ্য কোনো ডিভাইস ব্যবহার করে, তখন সে কী খায়, কী ভালোবাসে, কোথায় যায়, কার সঙ্গে যায়, কী করে-দেখে সবই মনিটর করা যায়/হয়। ডিভাইসে ব্যবহার করা সামাজিক যোগাযোগমাধ্যমসহ অধিকাংশ অ্যাপ ব্যক্তিকে অনুসরণ করে তথ্য-উপাত্ত ধারণ, সংগ্রহ, সংরক্ষণ ও বিশ্লেষণ করে--এমনকি তা তৃতীয় পক্ষের কাছে বিক্রিও করে [যদিও ব্যবসাই তাদের মূল লক্ষ্য]। তাতে ব্যক্তির ডিভাইস যদি বন্ধও থাকে তবুও তার সব তথ্য প্রয়োজন অনুযায়ী নেওয়া সম্ভব!২ ফলে একদিকে মানুষের যেমন অনিরাপত্তা তৈরি হয়, অন্যদিকে জীবনও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। তবে এ আই কিন্তু কেবল মানুষকে নজরদারি করতেই ব্যবহার হয় না। এটি মানুষের দৈনন্দিন জীবন সহজ করতেও সর্বক্ষেত্রে নানাভাবে ব্যবহার হচ্ছে।
আশীর্বাদ নাকি অভিশাপ
বিজ্ঞানীরা অনুমান করছে, ২০৪৯ খ্রিস্টাব্দের মধ্যে এ আই সম্পন্ন রোবট সর্বাধিক বিক্রিত বই লিখতে সক্ষম হবে। যদিও ইতোমধ্যে জাপানে এ আই সম্পন্ন রোবট রচিত একটি উপন্যাস দেশটির সাহিত্য পুরস্কারের জন্য বিবেচিত হয়েছে। অন্যদিকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী অভিমত ব্যক্ত করেছে, আগামী একশো ২০ বছরের মধ্যে মানুষের সব কাজ বুদ্ধিমান যন্ত্রের মাধ্যমে সম্পন্ন করা যাবে। স্ট্যাম্পফোর্ড ইউনিভার্সিটির গবেষকরা দাবি করে, তারা এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করেছে; যেটি সহজেই শরীরের বিভিন্ন অর্গান পরীক্ষা করে কবে মানুষের মৃত্যু হবে, সেটা বলে দিতে পারে! এছাড়া বয়োবৃদ্ধদের উন্নত পরিচর্যায়, ওষুধ তৈরিসহ নানা ধরনের সমাজের উন্নয়নমূলক কাজে এ আই-কে ব্যবহার করা হচ্ছে। বিপরীতে প্রায় ৫০টিরও বেশি দেশ যুদ্ধক্ষেত্রে ব্যবহারযোগ্য রোবট তৈরি করছে। যেগুলো স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্য নির্ধারণ এবং শত্রুকে হত্যা করবে।
সম্প্রতি ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরিযাদ’কে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন একটি উপগ্রহ নিয়ন্ত্রিত বন্দুক দিয়ে ইসরাইল হত্যা করেছে বলে অভিযোগ করেছে ইরান। দেশটির রিভল্যুশনারি গার্ড-এর এক কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাস্থলে কোনো মানব হামলাকারী উপস্থিত ছিলো না। একটি পিকআপ-এর উপর কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন বন্দুকটি লাগানো ছিলো। ওই মেশিনগানটি ইনটেলিজেন্ট স্যাটেলাইট সিস্টেম থেকে নিয়ন্ত্রণ করা হয়। মেশিনগানটি জুম করে ফখরিযাদের মুখের দিকে এমনভাবে টার্গেট করেছিলো যে, তার স্ত্রী মাত্র ২৫ সেন্টিমিটার (১০ ইঞ্চি) দূরে থাকা সত্ত্বেও, তিনি গুলিবিদ্ধ হননি। ওই মেশিনগানটি ইসরাইল থেকে কয়েক ধাপে ইরানে নিয়ে আসে ইসরাইলের এজেন্টরা।৪ অন্যদিকে গত বছর নাগার্নো কারাবাখ এলাকা নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ায় যে যুদ্ধ হয় তাতেও এ আই প্রযুক্তিসম্পন্ন অস্ত্র দিয়ে আর্মেনিয়ার ব্যাপক ক্ষতিসাধন করে আজারবাইজান।
ফলে স্বভাবত প্রশ্ন ওঠে, কৃত্রিম বুদ্ধিমত্তা আশীর্বাদ নাকি অভিশাপ? এ নিয়েও রয়েছে নানা মতভেদ, ই-কমার্সের জায়ান্ট প্রতিষ্ঠান আলিবাবা’র প্রতিষ্ঠাতা জ্যাক মা কৃত্রিম বুদ্ধিমত্তাকে বিশ্ব মুক্তির জন্য হুমকি মনে করার পাশাপাশি একে সমর্থনের কথাও উল্লেখ করেছেন। তিনি মনে করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবট অসংখ্য চাকরি কেড়ে নেবে। কারণ ভবিষ্যতে অনেক কিছুই করা হবে মেশিন দিয়ে। তবে মানুষ সবসময়ই এর নিয়ন্ত্রকের ভূমিকায় থাকবে। অন্যদিকে কৃত্রিম বৃদ্ধিমত্তাকে শীঘ্রই নিয়ন্ত্রণে না আনলে এটা ‘অমর স্বৈরশাসকে’ পরিণত হবে এবং এর হাত থেকে মানুষ কোনোভাবেই মুক্তি পাবে না বলে সতর্ক করেছেন গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান টেসলা ও স্পেসএক্স-এর প্রধান ইলন মাস্ক। এ আই নিয়ে এক ডকুমেন্টারি'তে ইলন মাস্ক বলেন, ‘কোনো খারাপ স্বৈরশাসক এলে, ওই মানুষটি অন্তত মারা যাবেন। কিন্তু এ আই-এর কোনো মৃত্যু নেই। এটি সারাজীবন বাঁচবে, আর আপনারা পাবেন এক অমর স্বৈরশাসক। এ থেকে আপনারা কখনও পালাতে পারবেন না।’৫ একই সঙ্গে তিনি এ আই-এর উন্নয়নকে দৈত্য ডেকে আনার শামিল আখ্যায়িত করে এটাকে মানবজাতির জন্য সবচেয়ে ভয়ঙ্কর হুমকি হিসেবে অভিহিত করেন।৬
কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণায় অগ্রণী ভূমিকা পালনকারী প্রতিষ্ঠান গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে বিপর্যয়ের আশঙ্কার কথা বলেছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর উচিত, কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রুখতে নির্দিষ্ট নীতিমালা মেনে চলা। আর কীভাবে প্রযুক্তির অপব্যবহার হতে পারে, তা নিয়ে আগেই ভাবা উচিত। শুধু নতুন প্রযুক্তি উদ্ভাবন ও উন্নয়ন করলেই চলবে না, সে প্রযুক্তির ব্যবহার যেন মানবসভ্যতার বিপক্ষে না যায়, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।’৭ যদিও এ বিষয়ে নৈতিকতা না মানার ক্ষেত্রে গুগলের বিরুদ্ধেই অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনীকে তারা এ আই ব্যবহার করে নিরাপত্তাজনিত নানা তথ্য দিয়ে থাকে। এ বিষয়ে প্রতিষ্ঠানটির কর্মীরা এক চিঠিতে উদ্বেগও প্রকাশ করে। অন্যদিকে বিশ্বে এ আই প্রযুক্তিতে এগিয়ে থাকা ইসরাইলের ইতিহাসবিদ জুভাল নোয়া হারারি মনে করেন, পরমাণু বোমার তুলনায় এ আই’তে বিপদ এতোটা স্পষ্ট নয়, তবে কিছু ব্যক্তির জন্য এটি সুবিধা করে দিতে পারে। এ আই-এর মাধ্যমে শরীর, মস্তিষ্ক, জীবন হ্যাক করে এমন জায়গায় যাওয়া সম্ভব। এতে ব্যক্তির নিজের চেয়ে তৃতীয় পক্ষের কাছেই বেশি তথ্য থাকবে।৮
অনেক দেশ এ আই’কে জলবায়ু পরিবর্তনের কল্যাণে কাজে লাগানোর বিষয়েও কাজ করছে বলে ঘোষণা দিয়েছে। কিন্তু তা নিয়েও অনেক ঝুঁকি রয়েছে বলে মনে করেন আধুনিক যন্ত্র সক্ষমতা প্রযুক্তির বিষয়ে বিশেষজ্ঞ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্টুর্ট রাসেল। তিনি এ বিষয়ে এ আই-এর হুমকির একটি কল্পিত উদাহরণ তুলে ধরেন--
কল্পনা করুন যে, আমাদের একটি শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা আছে, যেটি বিশ্বের জলবায়ু নিয়ন্ত্রণ করতে পারে এবং সেটি ব্যবহার করে আমরা প্রাক-শিল্প পর্যায়ের কার্বন ডাই-অক্সাইড মাত্রার আবহাওয়ায় ফিরে যেতে চাই। তখন সেটি ঠিক করলো যে, এটা করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে পৃথিবী থেকে সব মানুষকে সরিয়ে ফেলা, কারণ পৃথিবীতে কার্বন ডাই-অক্সাইড নিঃসরণের দিক থেকে মানুষই সবচেয়ে এগিয়ে রয়েছে। আপনি হয়তো বলতে চাইবেন, তুমি যা চাও সব কিছুই করতে পারবে, শুধুমাত্র মানুষের ক্ষতি করতে পারবে না। তখন ওই সিস্টেম কী করবে? এটি তখন আমাদের সন্তান কম নেয়ার ব্যাপারে প্রভাবিত করবে, যতক্ষণ না পৃথিবী থেকে মানুষ শেষ হয়ে যায়।৯
অনেকের মনে হতে পারে একটি রোবট কীভাবে নিজে থেকে মানুষের কমান্ড অতিক্রম করে কাজ করবে? তবে এটাও সম্ভব, কারণ শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিনিয়ত ইন্টারনেটের মাধ্যমে নিজেই নিজেকে তথ্যে সমৃদ্ধ করে। একই সঙ্গে অনেক বিষয়ে নিজেই সিদ্ধান্ত নিতে পারে বা তাকে সেই ক্ষমতা দেওয়া হয়। ফলে সেই সিদ্ধান্ত যেকোনো নেতিবাচক ক্ষেত্রে ব্যবহার হলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। তবে এটাও ঠিক, সবসময়ই সূক্ষ্ম কিছু দক্ষতার প্রয়োজন পড়বে, যা কেবল মানুষেরই থাকে। এসব দক্ষতার মধ্যে রয়েছে বোধশক্তি এবং প্রযুক্তি তৈরি ও পরিচালনার ক্ষমতা। তবে এ আই যেহেতু এখনো উদীয়মান শিল্প, ফলে এর নির্দিষ্ট নীতিমালা থাকা জরুরি বৈকি।
নিয়ন্ত্রণ করে নাকি নিয়ন্ত্রণ হয়?
পড়ার টেবিলে, আড্ডায় কিংবা অফিসে বসে আছেন। হাতে স্মার্টফোন। অচেতনেই স্ক্রল করতে শুরু করেছেন ফেইসবুক। চালু হলো একটা ভিডিও। সেটি শেষ হতেই শুরু হলো আরেকটা; চোখ আটকে গেলো তাতেও। উগান্ডায় ঘটে যাওয়া কোনো মজার কাণ্ডের পর চালু হলো ভিয়েতনামের স্থানীয় কোনো রেসিপি কিংবা দেশের বিডি ভিলেজ অ্যারাউন্ড-এর নতুন কোনো ভিডিও। একটার পর একটা আসছেই। আড্ডায় আছেন নাকি অফিসের মিটিং-এ, সেটাও ভুলে গেলেন। বেশ খানিকটা সময় পর যখন ফোনটা অবশেষে লক করলেন, ততোক্ষণে জীবন থেকে হারিয়ে গেলো গুরুত্বপূর্ণ অনেকটা সময়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, ঘণ্টার পর ঘণ্টা কখন পেরিয়ে গেছে, কতোগুলো ভিডিও দেখেছেন সেটাও মনে নেই! প্রশ্ন হলো, আপনি কেনো এমন লাগাতার ভিডিও একের পর এক দেখতে থাকেন? গবেষণা বলছে, ফেইসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমগুলো এ আই সম্পন্ন বৃদ্ধিমত্তা দিয়ে তাদের অ্যাপ বা পেইজ এমনভাবে গড়ে তুলছে যেনো আপনাকে আসক্ত করে তুলতে পারে। ফলে ফেইসবুকের অ্যালগরিদমটাও সেভাবেই সাজানো।
মনোরোগ বিশ্লেষকরা বলছে, আপনি যে এক ঘণ্টায় দশম বারের মতো নিজের ফেইসবুক নিউজফিড স্ক্রল করছেন, সেটা কেউ দেখে ফেলার আগে সূক্ষ্ম উপায়ে লুকিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে নেওয়ার কৌশলটিও আয়ত্ত করে নিয়েছেন। আর তা সম্ভব হয়েছে আসক্তির কারণেই।১০ কয়েকটি ওয়েবসাইট-এর দেওয়া তথ্য অনুযায়ী ‘এখন গড়ে প্রতিদিন ফেসবুকে ৪০০ কোটি ভিডিও ভিউ (একই ভিডিও একাধিক ভিউ হিসেবে) হচ্ছে। এতে ৫০ কোটি ব্যবহারকারীর প্রতিদিন ১০ কোটি ঘণ্টা সময় যাচ্ছে! এদের মধ্যে আবার ৮৫ ভাগই ভিডিও দেখছে অডিও ছাড়া। অর্থাৎ বিশেষ কোনও তথ্য তারা পাচ্ছে না, স্রেফ ভিডিওটাই দেখছে।’১১ ইন্টারনেট ব্রাউজার মজিলা’র সাবেক কর্মকর্তা আজা রাসকিন বলেন, ‘এটা অনেকটা স্বভাবগত নেশাজাতীয় বস্তুর মতো এবং সেটা পুরো ইন্টারফেসে ছড়িয়ে দেওয়া হচ্ছে। ... প্রত্যেকটি ফোনের স্ক্রিনের পেছনে কয়েক হাজার ইঞ্জিনিয়ারের অবদান আছে। শুধু পর্দার প্রতি আপনার মনোযোগ কী করে বাড়ানো যায়, সেজন্য কাজ করছেন তারা।’১২
এখন প্রশ্ন হলো, ফেইসবুক ও ইউটিউব-এর এসব ভিডিও আপনাকে দেখায় নাকি আপনি দেখেন? যদি আপনি নিজের ইচ্ছায় সেগুলো দেখে থাকেন, তাহলে আপনার পছন্দ অনুযায়ী একের পর এক ভিডিও আসে কেনো? তাহলে কি তারা আপনার পছন্দ-অপছন্দ অনুভব করতে পারে? আসলে তাদের অ্যালগরিদম সেভাবেই সাজানো। যারা ভিডিও আপলোড করে তাদেরকেও কিছু কিওয়ার্ড ব্যবহারের পরামর্শ দেওয়া আছে। বাকি কাজ তারাই করে দিবে। অনেকে প্রশ্ন করতে পারে, সামান্য ভিডিও দেখা না দেখা নিয়ে এতো কীসের আলাপ? আসলে এইসব ভিডিও দেখার মাধ্যমে ব্যবহারকারী বিভিন্ন প্রতিষ্ঠানের ভোক্তায় পরিণত হয়। নিজের মতামত আপাত দৃষ্টিতে নিজেরা নিলেও সেটা বহুজাতিক প্রতিষ্ঠানই ঠিক করে দেয়। ভাবছেন কীভাবে? ২০১৭ খ্রিস্টাব্দে তরুণ নির্মাতা অভিরূপ ঘোষ তার কে : সিক্রেট আই চলচ্চিত্রে তেমনই এক বার্তা দিয়েছেন--
মানুষের নিজস্ব কোনো মতামত, কোনো চয়েসও নেই! সব মার্কেটিং। ইন্ডিভিজ্যুয়াল কোনো ব্যাপারই নেই। সবকিছু বলে দেওয়া, মুখস্ত বিদ্যা। আপনি কাকে কেনো ভোট দিবেন, [কেনো ভোটের মাঠে যাবেন না] সেই যুক্তি মার্কেটিং কোম্পানি ও মিডিয়া জনসাধারণের মাথায় ঢুকিয়ে দেয়। আপনি কোন পণ্য কিনবেন, কেনো কিনবেন? কারণ তারা হেনতেন মাল দেন না। তাদের প্রভাবিতকরণের মাত্রা একসময় এমন হতে পারে, তারা বলে দিলো সবাই গোলাপ মার্কায় ভোট দিন, কিন্তু ভোটের বুথে দেখা গেলো সেখানে গোলাপ চিহ্নই নেই। ফলে তারা কলম দিয়ে গোলাপ এঁকে সেখানেই ভোট দিবে! বিজ্ঞাপন, খবর, সোস্যাল মিডিয়ার মাধ্যমে এসব প্রতিষ্ঠান তাদের নির্দেশনা মানুষের অবচেতন মনে এমনভাবে ঢুকে দিবে একসময় মানুষ নিজের অজান্তেই তা অনুসরণ করে।১৩
বিষয়টি অনেকের কাছে কল্পিত হলেও পরিস্থিতি বিবেচনায় সেদিন হয়তো বেশি দূরেও নয়। যারা ফেইসবুকে নিজেদের পোস্ট বুস্ট করে, তারা বিষয়টি সহজেই অনুমান করতে পারে। তাদের পোস্ট কোন বয়সের মানুষ বেশি দেখছে, কোন পোস্ট বেশি দেখছে--এমন নানা তথ্য দিয়ে ফেইসবুক ব্যবসা বৃদ্ধির জন্য সহায়তা করে। একই সঙ্গে তারা ব্যক্তির যাবতীয় তথ্যও সংরক্ষণ করে। ফেইসবুক, গুগল, মাইক্রোসফট তাদের নেটওয়ার্কে কোনো ধরনের নেতিবাচক কর্মকাণ্ড ঘটলে সেই বিষয়ে সরাসরি চুক্তিবদ্ধ দেশকে যাবতীয় তথ্য দিয়ে সহায়তা করে। ফলে কোন তথ্য কার জন্য নেতিবাচক বা ইতিবাচক কিংবা এই নেতিবাচক-ইতিবাচক নির্বাচনইবা করবে কে, সেটা ব্যবহারকারী ব্যক্তির জন্য একেবারেই গৌণ বিষয়।
এ আই-এর নজরদারিতে পথচারীরা
অনেকে মনে করতে পারে, আপনি প্রযুক্তি বিষয়ক এ আই সংশ্লিষ্ট কোনো কিছুই ব্যবহার করেন না। আপনার অতোসতো জেনে লাভ কী? কিন্তু বিশেষজ্ঞরা বলছে, তারপরও আপনি সম্পূর্ণ নিরাপদে নেই! সংবাদমাধ্যম, নিউ মিডিয়ার কল্যাণে বা একটু ইন্টারনেটে ঢু মারলে সহজেই বুঝতে পারবেন, চিনের সাংহাই আর শেনঝেন এই দুটি শহরের রাস্তাঘাট রীতিমতো হিংসার বিষয়। কী দারুণ চকচকে ঝকঝকে। প্রতিটি গাড়িই লেন মেনে চলছে। কোথাও কাউকে হর্ন বাজাতে হচ্ছে না। রাস্তায় কেউ নেই, কিন্তু সবুজ বাতি জ্বলেনি বলে গাড়ি থেমে আছে। পথচারীরাও নিয়ম মেনে ফুটপাত দিয়েই হাঁটছেন। রাস্তা পার হতে হলে নির্দিষ্ট জেব্রা ক্রসিং মেনেই পার হচ্ছেন। অপেক্ষা করছেন কখন সবুজ বাতি জ্বলবে। প্রশ্ন উঠতে পারে তাদের এমন নিয়ম মানার রহস্য কী? এর কারণ রাস্তার নির্দিষ্ট দূরত্ব পর পর বসানো আছে সিকিউরিটি ক্যামেরা। এই ক্যামেরা নেটওয়ার্ক একটি কেন্দ্রীয় ব্যবস্থার সঙ্গে যুক্ত। এই নিরাপত্তা ক্যামেরায় ধরা পড়বে কে নিয়ম ভাঙলো। তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া যাবে। ভাবছেন এতো ভিড়ের মধ্যে সবাইকে শনাক্ত করবে কীভাবে? এর জন্যই ব্যবহার হচ্ছে এ আই প্রযুক্তির ফেসিয়াল রিকগনিশন বা মুখ শনাক্ত করার বিশেষ পদ্ধতি। এতে রাস্তায় চলাচলকারী যেকোনো ব্যক্তিকে সহজেই বের করা সম্ভব!১৪ ফলে প্রযুক্তির জোয়ারে আর ক্ষমতায় টিকে থাকতে যেকোনো সময় আপনার দেশেও চলে আসতে পারে এ প্রযুক্তি। তাই আপনি নিয়ন্ত্রণ করেন নাকি নিয়ন্ত্রণ হন, সেটা আরেকবার ভেবে দেখতে পারেন।
চলচ্চিত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা
টেলিভিশনকে একটা সময় বোকা বাক্স বলা হতো। পর্দায় অনর্গল সম্প্রচার ছাড়া সৃষ্টিশীল কোনো কাজেই তার সামর্থ্য নেই। কিন্তু এখনকার টিভিতে ইন্টারনেট সংযোগের সাহায্যে স্ট্রিমিং-এর মাধ্যমে অনলাইন কনটেন্টও দেখা যায় অনায়াসে। কিন্তু আশঙ্কার কথা হলো, স্মার্ট টিভিতে এ আই-এর মাধ্যমে অটোমেটিক কনটেন্ট রিকগনিশন (এ আর সি) ব্যবহার করে টেলিভিশনে আপনি যে কনটেন্টই উপভোগ করেন না কেনো, এসব কনটেন্টের চরিত্র বুঝে গ্রাহকের পছন্দ-অপছন্দের তথ্য ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দেয় থার্ড-পার্টি, অ্যাড এজেন্সিগুলোর কাছে।১৫ পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, টেলিভিশনের নানা সেটিং বদলে ফেলেও এর সমাধান হয়তো সম্ভব নয়। এ বিষয়ে অনেক দেশে মামলাও হয়েছে। উইকিলিকস-এর ফাঁস করা ২০১৪ খ্রিস্টাব্দের এক নথিতে দেখা গেছে, স্যামসাং-এর স্মার্ট টিভিগুলোতে এমন স্পাইওয়্যার বসানো হয়েছিলো যাতে ব্যবহারকারী টিভি বন্ধ করলেও তা বন্ধ হতো না। স্ক্রিন অন্ধকার হয়ে ব্যবহারকারীকে ধোঁকা দিলেও আসলে তা থাকতো সি আই-এর নিয়ন্ত্রণে। এসব টিভি আশপাশের শব্দ রেকর্ড করতো, পরে টিভি আবার চালু হলে ওয়াইফাইয়ের মাধ্যমে সেসব শব্দ সি আই-এর সার্ভারে পাঠিয়ে দিতো। সি আই-এর ‘ফিউচার সেকশন’ বিভাগ পরে ওই টিভিগুলো দিয়ে ব্যবহারকারীর অজান্তে ‘স্ন্যাপশট’ নেওয়ারও ব্যবস্থা করে বলে জানিয়েছে উইকিলিকস।১৬
অনেকে বলতে পারে, গোয়েন্দা সংস্থাগুলো তাদের নিজ স্বার্থে এগুলো ব্যবহার করে সেটা না হয় বুঝলাম। অ্যাড এজেন্সি এগুলো দিয়ে বিজ্ঞাপন তৈরি করে সেটাও বুঝলাম। কিন্তু চলচ্চিত্রের পাঠক-দর্শক হিসেবে এসব তথ্য জেনে লাভ কী? যারা প্রযুক্তি নিয়ে নিয়মিত খোঁজ রাখে, তারা হয়তো ইতোমধ্যেই বিষয়টি আঁচ করতে পেরেছে। কারণ সম্প্রতি মার্কিন চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স বেশ ঘটা করেই চুক্তি করেছে সিনেলাইটিক নামের এক স্টার্টআপ কোম্পানির সঙ্গে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসভিত্তিক এ প্রতিষ্ঠানটি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করে। এখন প্রশ্ন হলো, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে চলচ্চিত্রের সম্পর্ক কী? সম্পর্ক আছে। কারণ এ প্রতিষ্ঠানটির মূল কাজ হলো, কোনো চলচ্চিত্র ব্যবসাসফল হবে কি না, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তা পূর্বানুমান করা। কোনো চলচ্চিত্র নির্মাণের দায়িত্ব তারা নেবে কি না, সে সিদ্ধান্ত গ্রহণে চুক্তি সই পর্বেই ওয়ার্নার ব্রাদার্সকে সাহায্য করবে সিনেলাইটিকের অ্যালগরিদম।১৭
শুধু তাই নয়, চলচ্চিত্রের জন্য স্ক্রিপ্ট লেখা; পোস্ট প্রোডাকশন-এর কাজ হিসেবে লোকেশন, কস্টিউম, কোন অভিনয়শিল্পীকে দিয়ে কাজ করলে চলচ্চিত্রটি ব্যবসাসফল হবে অর্থাৎ অভিনয়শিল্পী বাছাই, কোন এলাকার মানুষ এটা বেশি দেখবে, বিদেশে কোথায় ব্যবসা করবে সে সম্পর্কে কেবল ধারণা নয়, ব্যাখ্যাসহ তথ্য দিবে এ আই। একই সঙ্গে চলচ্চিত্রের আবহ সঙ্গীত, সঙ্গীত কম্পোজিং, এডিটিং-এও সহায়তা করবে। চলচ্চিত্র নির্মাণ শেষ হলেই তার কাজ শেষ নয়, নির্মাণ পরবর্তী সময়ে চলচ্চিত্রটির প্রমোশন-এর জন্যও কাজ করবে এ আই।১৮ ফলে আসন্ন ভবিষ্যতে বিশ্ব চলচ্চিত্রশিল্পে বড়ো ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা সাধারণত বিদ্যমান তথ্যনির্ভর। ফলে এতে আগের চলচ্চিত্রগুলোর তথ্য ইনপুট দিয়ে প্রযুক্তিটিকে প্রশিক্ষিত করার পাশাপাশি বিভিন্ন মাধ্যম থেকে দর্শকের পছন্দ-অপছন্দের তথ্য সন্নিবেশিত করে তাকে প্রস্তুত করা হয়। একই সঙ্গে চলতি যেকোনো দেশের খবর ও তথ্যে নিজেকে সমৃদ্ধ করে নিজেই এগিয়ে থাকবে এ আই। এ বিষয়ে ওয়ার্নার ব্রাদার্সের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট টনিস কিস জানিয়েছেন, ‘কীভাবে চলচ্চিত্র তৈরি এবং দর্শকের কাছে পৌঁছে দেওয়া হবে, তা ঠিক করতে আমরা প্রতিদিন অনেক কঠিন সিদ্ধান্ত নিয়ে থাকি। আমাদের তথ্য যত সঠিক হবে, তত দর্শকদের টানতে পারব।’১৯
বিনোদনে যখন অসুরের হানা
সাধারণত সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুক, ইউটিউবসহ প্রযুক্তিভিত্তিক নানা অ্যাপ ব্যবহার করা হয় বিনোদনের জন্য। এ আই প্রযুক্তির মাধ্যমে এসব অ্যাপ ইতোমধ্যেই নানা বিতর্ক তৈরি করেছে। সম্প্রতি বেলজিয়ান ভিজ্যুয়ালস ইফেক্ট বিশেষজ্ঞ ক্রিস উমে (Chris Ume)‘ডিপফেইক’ নামে একটি সফটওয়্যার উদ্ভাবন করেন। যেটা কারো ছবি বা ভিডিওকে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নিখুঁতভাবে তৈরি করে হুবহু আসলের মতো বলে প্রচার করছে। মানে ভুয়া ভিডিও কিন্তু একেবারে আসলের মতো দেখাবে। এই প্রযুক্তি ব্যবহার করে প্রায়ই সেলিব্রেটিদের নিয়ে ভুয়া পর্নোগ্রাফিক ভিডিও ক্লিপ তৈরি করা হচ্ছে। এতে মূলত ছবি বা ভিডিওতে এক ব্যক্তির সাদৃশ্য অন্যের ক্ষেত্রে প্রতিস্থাপনের জন্য ব্যবহৃত হয়। যেখানে দেখা যায়, সংশ্লিষ্ট ব্যক্তি বক্তব্য রাখছেন, মুখ নাড়াচ্ছেন বা অন্য কিছু করছেন। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, মৃত ব্যক্তিকেও ভার্চুয়ালি হাজির করা সম্ভব হচ্ছে এই ডিপফেইকের মাধ্যমে। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রোগ্রাম দিয়ে তৈরি এসব ভিডিওতে কোনো ব্যক্তিকে এমন কথাও বলতে শোনা যায়, যা তারা বলেনি। এমন কাজ করতে দেখা যেতে পারে, যা তারা করেনি।
ধরুন, লিওনার্দো দ্য ভিঞ্চি’র অন্যতম সেরা চিত্রকর্ম ‘মোনালিসা’। কয়েকশো বছর আগের আঁকা চিত্রকর্মটি নিয়ে মানুষের মধ্যে এখনো আগ্রহের শেষ নেই। তিনি হাসছেন নাকি অভিমান করে আছেন, প্রায়শ ওঠে এ বিতর্ক। আপনি ডিপফেইকের মাধ্যমে চিত্রকর্মটির একটি ছবি তুলে তাকে জীবন্ত করে ফেলতে পারবেন। সঙ্গে পুরনো কারো কোনো ভয়েস যুক্ত করে দিয়ে তাকে বলালেন ‘আমি হাসছিও না, অভিমানও করে নেই। শিল্পীর প্রতি বিরক্ত নিয়ে তাকিয়ে ছিলাম! আর শুনুন, আমার ছবিটি ভিঞ্চি আঁকেনি। এঁকেছে পিকাসো!’ আর ছবিটি এতোই জীবন্ত দেখাবে তাতে সাধারণ মানুষের বিশ্বাস করতেই কষ্ট হবে সেটা মোনালিসা বলেননি। অনেকে হয়তো ভুলেই যাবে সেই সময় এ রকম ডিজিটাল রঙিন ক্যামেরাই ছিলো না!
এতো গেলো সেলিব্রেটি ও মৃত ব্যক্তির আলাপ। কারো পরিচিত কোনো ব্যক্তির ছবি বা ভিডিও নিয়েও হরহামেশাই সেটা তৈরি করা সম্ভব। সঙ্গে ওই ব্যক্তির যদি কয়েক সেকেন্ডের অডিও সংগ্রহ করা যায়, তাহলে আপনি যেটা বলবেন ওই অডিও হুবহু ছবির ব্যক্তির অনুকরণে কথা বলবে! যা এ আই প্রযুক্তির মাধ্যমে নিখুঁতভাবে করা হয়। ফলে ডিজিটাল প্রক্রিয়ায় বিকৃত করা এসব ভিডিও কনটেন্ট প্রচলিত টেক্সট ও বিকৃত করা ছবির চেয়েও বেশি মারাত্মক হয়ে উঠছে। কারণ ডিপফেইক কনটেন্ট বাংলাদেশ ও ভারতসহ বহুজাতিক জনসংখ্যার দেশে ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে। দুষ্কৃতিকারীরা বিকৃত কনটেন্ট ব্যবহার করে বিবাদ সৃষ্টি করতে পারে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে। ফলে কথিত উস্কানি, নানা অবমাননার অভিযোগে ভয়াবহ পরিস্থিতির উদয় হতে পারে। ইতোমধ্যে বার্তা সংস্থা আই এ এন এস’কে প্রযুক্তি বিশেষজ্ঞ প্রশান্ত কে রয় বলেছেন, ‘জনবহুল, কম সাক্ষরতা জ্ঞানসম্পন্ন ও জাতিগত স্পর্শকাতরতা রয়েছে--এমন জাতির জন্য ডিপফেক মারাত্মক বিপদের ঝুঁকি তৈরি করতে পারে।’২০
মজার বিষয় হলো, সম্প্রতি ফেইসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ সদৃশ ডিপফেইকের একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে জাকারবার্গের মতো কথা বলার বা মাথা নাড়ার দৃশ্য রয়েছে। ভিডিওটিতে জাকারবার্গের সফলতার পিছনে একটি গোয়েন্দা সংস্থার হাত রয়েছে বলে দাবি করা হয়। ভুয়া ভিডিওটি আবার ফেইসবুকের মালিকানাধীন ইন্সটাগ্রাম-এ পোস্ট করা হয়! সব জেনেশুনেও ফেইসবুক কর্তৃপক্ষ বলেছে, ওই ভিডিও তারা সরাবে না। তবে ফেইসবুক আশ্বাস দিয়েছে ডিপফেইকের ভিডিও শনাক্তের প্রযুক্তি তারা উদ্ভাবন করছে। নেতিবাচক সব ধরনের ভিডিও তারা সরিয়ে দেবে, তবে যেগুলো নেতিবাচক নয়, সেগুলো সরাবে না। ইতোমধ্যে মাইক্রোসফটও ডিপফেইকের ভিডিও শনাক্তকরণে ব্যাপক বিনিয়োগ করেছে। তবে ডিপফেইক নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিশেষজ্ঞরা বলছে, সাধারণ ভুয়া খবর বা তথ্য সরানোর চেয়েও ডিপফেইক কনটেন্ট সরানো কঠিন হয়ে যাবে। একই সঙ্গে বিকৃত ভিডিও মানুষের মধ্যে সাম্প্রতিক ঘটনা ও বিষয়গুলো নিয়ে বেশি বিভ্রান্তি সৃষ্টি করবে। অবস্থা এমন হতে পারে--মানুষ তখন নিজের চোখে দেখা বিষয়গুলোও অবিশ্বাস করতে চাইবে না। মানুষের মধ্যে বিশ্বাস নষ্ট হয়ে যাবে। দুর্বৃত্তরা এ সুযোগ কাজে লাগিয়ে ভুয়া ভিডিও বা কনটেন্ট তৈরি করে ব্যক্তি, বিশেষ গোষ্ঠী ও সম্প্রদায়ের ওপর মিথ্যা প্রমাণের চেষ্টা চালাবে।
মাকিন নির্মাতা ও অভিনয়শিল্পী জডান পিলি এভাবেই ডিপফেইকের মাধ্যমে মাকিন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে দিয়ে হুবহু নিজের বাতা প্রকাশ করেন
অন্যদিকে সম্প্রতি গুগল অ্যাসিস্ট্যান্ট-এর সঙ্গে গ্রাহকদের আলাপচারিতার এক হাজারেরও বেশি সাউন্ড রেকর্ডিং ফাঁস হয়েছে। বিষয়টি স্বীকারও করেছে মার্কিন ওয়েব জায়ান্টটি।২১ কিন্তু কীভাবে ফাঁস হয়েছে সেই তথ্য তারা দেয়নি। গুগল, অ্যামাজন-এর মতো এসব প্রতিষ্ঠান দাবি করে আসছে নিজেদের স্মার্ট অ্যাসিস্ট্যান্টগুলোর জবাব উন্নত করতে তারা এসব অডিও রেকর্ড নিয়ে থাকে। আপনি যখন কোনো কিছু লেখার পরিবর্তে মুখে নির্দেশ দেন তখন আপনার সঙ্গে আলাপচারিতা বা সাহায্য করে গুগল অ্যাসিস্ট্যান্ট। কিন্তু আশ্চর্যের বিষয় হলো গুগলসহ অন্যরা এসব তথ্য নিজের উন্নতির জন্য রাখলেও ওই ভয়েসটি কার, কোন ফোন থেকে বলা হয়েছে বা কোথা থেকে বলা হয়েছে এবং বর্তমানে ওই ভয়েস দাতার অবস্থান কোথায়, সব তথ্য নিমিষেই বের করে ফেলে এ আই। ফলে নিজেদের উন্নতির নামে যখন আপনার তথ্য তাদের ব্যবসার উদ্দেশ্যে ব্যবহৃত হয়, তখন আপনার জীবনই হ্যাকড হয়ে যায়! অন্যদিকে রাষ্ট্রও ব্যবসায়িক স্বার্থে বেমালুম চেপে যায় সবকিছু। যার কারণে এসব জায়ান্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধেও দৃষ্টান্তমূলক কোনো ব্যবস্থা নেওয়া হয় না।
ভেবে দেখেছো কী ...
শেষ করছি দেশের একটি ঘটনা দিয়ে। চলতি ২০২১-এর জানুয়ারিতে বরিশালের এক ছেলেশিশুকে যৌন নিপীড়নের অভিযোগে তরুণকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সি আই ডি)। সংবাদমাধ্যমকে নিরাপত্তা বাহিনীটি জানায়, ২১ বছরের ওই তরুণ বছর দেড়েক আগে নিপীড়নের দৃশ্যের ভিডিও ধারণ করে নিজের মুঠোফোনে রাখেন। ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগল এ তথ্য পৌঁছে দেয় যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়টেড চিলড্রেন-এর (এন সি এম ই সি) কাছে। তারা এ তথ্য জানায় সি আই ডিকে। এরপর সি আই ডির সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশন বিভাগ ওই তরুণকে শনাক্ত ও গ্রেপ্তার করে। এন সি এম ই সি শিশু যৌন নির্যাতন বন্ধ, শিশু পর্নোগ্রাফি নির্মূলসহ শিশুদের অধিকারসংক্রান্ত বিভিন্ন বিষয়ে কাজ করে। যুক্তরাষ্ট্রে নিবন্ধন করা প্রযুক্তি প্রতিষ্ঠান ফেইসবুক, গুগল, মাইক্রোসফট তাদের নেটওয়ার্কে শিশুদের যৌনকাজে ব্যবহার, যৌন নিপীড়নসংক্রান্ত বিভিন্ন তথ্য এন সি এম ই সিকে প্রাতিষ্ঠানিকভাবে জানায়। গত বছরের ডিসেম্বর থেকে এন সি এম ই সির সঙ্গে যুক্ত হয়েছে সি আই ডি। সেখান থেকে পাওয়া তথ্য অনুযায়ী ডিসেম্বর থেকেই অভিযান চালাচ্ছে তদন্ত সংস্থাটি। এর আগে রাজধানীর তুরাগে ২০২০-এর আগস্টে নিজ ফুফা ও ফুফুর হাতে যৌন নিপীড়নের শিকার হয় ১১ বছরের এক মেয়েশিশু। ভিডিওটি নিজেদের মুঠোফোনে রেখেছিলেন এই দম্পতি। ওই ভিডিওটিও এন সি এম ই সিকে দেয় গুগল। সঙ্গে যুক্ত করে দেয় ওই দম্পতির মুঠোফোনের আই এম ই আই নম্বরও। গত বছরের ২৯ ডিসেম্বর তাদের গ্রেপ্তার করেছে সি আই ডি।২২
অপরাধ ও সহিংসতা বিবেচনায় গুগল বেশ ইতিবাচক ভূমিকা রেখেছে সেটা নিঃসন্দেহেই বলা যায়। কিন্তু সেবা দেওয়ার নামে তারা প্রত্যেকের ব্যক্তিগত মুহূর্ত যেভাবে অবলোকন করে চলেছে, সেটাতে হচকিত হতে হয়! কারণ রাষ্ট্র যখন কোনো নাগরিককে হুমকি মনে করে, তখন যেকোনো সময় এসব প্রতিষ্ঠানের কাছে তার সম্পর্কে তথ্য চেয়ে বসে। কখনো বাধ্য হয়ে তারা দেয়, কখনো দেয় না। কিন্তু রাষ্ট্র ঠিকই তার বিকল্প খুঁজে নেয়। ফলে এ আই প্রযুক্তিতে অন্যতম সেরা দেশ হিসেবে ইসরাইলের কদর অন্যান্য দেশের সঙ্গে মুসলিম দেশের শাসকদের কাছে রাতারাতি বৃদ্ধি পেয়েছে। আনুষ্ঠানিক সম্পর্ক না থাকলেও বিকল্প পথে তাদের কাছ থেকে নজরদারির প্রযুক্তি আমদানি করতে হয়। কারণ যতো নজরদারি করে ব্যক্তিগত তথ্য হাসিল করা যায়, ততোই যে কাউকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলা সহজ হয়। সম্প্রতি হেফাজতে ইসলামসহ অন্যান্য বিরোধীদলীয় নেতাদের করুণ দশা সে কথাই বলে। তবে আমজনতা হিসেবে বর্তমানে কেউই নিরাপদে নেই। কখন কার কাছে কে আমজনতা না হয়ে শত্রু হিসেবে গণ্য হয়ে যাবে, সেটা ব্যক্তির ওপর নির্ভরও করে না। ফলে প্রযুক্তির সংস্পর্শে এলেই নিরাপত্তাহীনতা বেড়ে যায়। তবে এটাকে অস্বীকার করারও কোনো পথ নেই। তাই বাধ্য হয়ে চিনের মানুষের (আগেই উল্লেখ করা হয়েছে, চিনের জনগণ অনেক ক্ষেত্রেই নজরদারির মধ্যে থাকে) মতো মেনে নেওয়া ছাড়া পথ থাকে না। তার পরও আশা থেকে যায়, এ অসুরকে ঠেকিয়ে দিতে নিশ্চয় মানুষই এগিয়ে থাকবে।
লেখক : ইব্রাহীম খলিল, চলচ্চিত্র ও গণমাধ্যম লেখক। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যুরো অব ইকোনোমিক রিসার্চ-এর অধীনে টোব্যাকো ট্যাক্স প্রজেক্ট-এর প্রকল্প কর্মকর্তা হিসেবে কর্মরত।
ibrahimrumcj@gmail.com
https://www.facebook.com/ibrahimrumcj
তথ্যসূত্র ও টীকা
1. https://cutt.ly/8nTvA6X; retrieved on: 10.05.2021
2.https://cutt.ly/inTvVgh; retrieved on: 08.05.2021
3.https://cutt.ly/vnTv2RX; retrieved on: 05.05.2021
4.https://cutt.ly/xnTbp9T; retrieved on: 06.05.2021
5.https://cutt.ly/9nTbbPi; retrieved on: 05.05.2021
6.https://cutt.ly/cnTbFFD; retrieved on: 07.05.2021
7.https://cutt.ly/2nTb065; retrieved on: 05.05.2021
8. https://cutt.ly/enTnp80; retrieved on: 10.05.2021
9.https://cutt.ly/tnTnZj7; retrieved on: 25.05.2021
10.https://cutt.ly/AnTnMIL; retrieved on: 15.05.2021
11. https://cutt.ly/0nTQuHt; retrieved on: 20.05.2021
12.https://cutt.ly/lnTQgXD; retrieved on: 15.05.2021
13.https://cutt.ly/8nTQxbV; retrieved on: 18.05.2021
14. https://cutt.ly/nnTQQzg; retrieved on: 27.05.2021
15. https://cutt.ly/4nTQPev; retrieved on: 26.05.2021
16.https://cutt.ly/tnTQJUm; retrieved on: 03.06.2021
17.https://cutt.ly/ZnTQXke; retrieved on: 30.05.2021
18.https://cutt.ly/pnTQMct; retrieved on: 06.05.2021
19.https://cutt.ly/6nTQ9gw; retrieved on: 13.05.2021
20.https://cutt.ly/onTQ467; retrieved on: 14.05.2021
21. https://cutt.ly/SnTWw9F; retrieved on: 19.05.2021
22. https://cutt.ly/PnTWu9G; retrieved on: 05.05.2021
বি.দ্র. এই প্রবন্ধটি ম্যাজিক লণ্ঠন ২১তম সংখ্যা, জুলাই ২০২১ এ প্রকাশিত হয়েছে।
এ সম্পর্কিত আরও পড়ুন