তানভীর শাওন
প্রকাশিত ২২ নভেম্বর ২০২৬ ১২:০০ মিনিট
অন্যকে জানাতে পারেন:
কিম কেনো ‘চুপ’ থাকলেন
তানভীর শাওন

শিল্পে নীরবতার দর্শন এবং ‘নীরব’ কিম
‘কঠোরতম নীরবতা মুখ বন্ধ রাখা নয়, কথা বলে যাওয়া’১--উক্তিটি কিয়ের্কেগার্ড-এর। এ থেকেই অনুমান করা যায় নীরবতার অর্থরূপতা সবসময় নীরবতায় পর্যবসিত করা কতোটা অনর্থক। ঈশ্বর ‘নীরব থাকেন’ মানে ‘ঈশ্বর থাকেন না’ তা তো নয়। অথবা ‘রক্তকরবী’র রাজা সবসময় থাকেন জানালার ওই পাশটায়; তাকে দেখা তো যায়ই না, অনেকটা সময় শোনাও যায় না। প্রজা, খনিশ্রমিক কিংবা নন্দিনী--সবার সঙ্গেই কথা বলেন আড়াল থেকে। তাই বলে রাজার কর্তৃত্বে কি ভাটা পড়ে যায়! মোটেও না; বরং রাজাও কর্তৃত্বের লৌহমুকুট পরে ‘নীরব থাকা ঈশ্বরের’ মতোই মহাঅস্তিত্বশীল হয়ে ওঠেন, বিরাজিত হন। আসলে নীরবতা হলো সব ভাষ্যের, বয়ানের আদিগর্ভ; যেখানে সব সচেতন উক্তির অচেতন সংকেতরূপে বসবাস। নীরবতা যেকোনো শিল্পেরই তীর্থভূমি। শিল্প আপাতভাবে নীরব বলেই তা নৈর্ব্যক্তিক। আর যাই হোক মুখস্থ বয়ান ঢেলে গাঁথা এক মহাবয়ান শিল্পের প্রতিভূ হতে পারে না; হয়তো তা কোনো রাজনৈতিক প্রকল্প হয়, ঈশ্বর-প্রজার ধর্মীয় রথ নামাবার এক স্বপ্নভূমি হয়, ব্যবসায়িক ধান্দাও হয়; কিন্তু ও দিয়ে শিল্প হয় না। শিল্পের প্রথম শর্ত ভাবতে দেওয়ার অবকাশ; যা আসলে স্বাধীনতারই ভিন্ন নাম।
শিল্প কোনো মতবাদ নয়। শিল্পে বাণীর বা মহাসত্যির কোনো জায়গা নেই। কোনো গোছানো ঘরদোরে বসে, গুহাবাসী হয়ে, বোধিবৃক্ষের বাসিন্দা হয়ে এ পর্যন্ত অনেক ‘মহাপুরুষ’২কেই বাণী প্রদান করতে দেখা গেছে; যা তাদের অনুসারীগণ জীবনের সর্বক্ষেত্রে মহাসত্যি বলে বিবেচনা করে চলে আসছে। অথচ স্থান কাল ব্যক্তি নির্বিশেষে সত্যি বলে এ পৃথিবীতে কিছু আছে কি না তাই নিয়ে সন্দেহ প্রকাশ করেছে অসংখ্য তাত্ত্বিক। বলা বাহুল্য এই সন্দেহটাই আজকের পোস্টমডার্নিজম দুনিয়ায় উত্তর-কাঠামোবাদীদের কাছে তথা চিহ্নবাদীদের কাছে একমাত্র সত্যি বলে দেখা দিয়েছে যে, সত্যি বলে সত্যিই কিছু নেই। এখানেও একটা ভয়ের ব্যাপার আছে। সত্যি বলে সত্যিই যদি কিছু না থাকে, তবে এই বয়ানটাও তো একটা সত্যি। আসলে সত্যি জিনিসটাই খুব বিপজ্জনক বয়ান; যার সঙ্গে চলে আসে বিশ্বাস করবার বখেড়া। কেননা প্রত্যেক বিশ্বাসেই হাত পা চোখ কান বাঁধা রাখার একটা প্রকল্প ঠিক করতেই হয়; যা কালে কালে আমাদের অস্তিত্বের, প্রাপ্তির হন্তারক হয়ে আসছে। ঠিক এই প্রকল্পের হাত ধরে শাসকের জোচ্চুরি সিদ্ধকাম হয়ে চলেছে। তাই শিল্পে সত্যির কোনো স্থান থাকবার কথা নয়। শিল্প হবে এই আপেক্ষিক, পরিবর্তনশীল দুনিয়ার যথাসম্ভব সরল বয়ান; যা জগৎ-মানুষের লড়াই, প্রতিবাদ, কামনা, প্রাপ্তি, চাহিদা, ইচ্ছা তথা তার সুখ-দুঃখের গল্প শোনাবে। যার ভাষা হবে সূক্ষ্ম অথচ তীক্ষ্ম; যা কখনো মিথ্যার জাল বুনে বুনে মহাসত্যি বলে দেবে (অবশ্য বিশেষ স্থান কাল ব্যক্তি অনুসারেই কেবল তা সত্যি হবে), কখনো তথাকথিত প্রশ্নাতীত সন্দেহাতীত ‘মহাসত্যি’র লুকায়িত মিথ্যাগুলো, অসারতাগুলো ফাঁস করে দেবে। এজন্যই নীরবতা শিল্পের এক বড়ো সহযোগী; যা শিল্পকে পদে পদে একমাত্র গোছানো বয়ান চালনার পথে প্রশ্নবিদ্ধ করেছে। নীরবতা শিল্পকে দিয়ে আরো বেশি ভাবিয়ে নিয়েছে; শিল্পকে করে তুলেছে জাগতিক মানুষের মনোভূমির চাহিদা পূরণের এক মহাস্বপ্নভূমি।
চলচ্চিত্রের ইতিহাসে ঠিক যে সময়টায় দৃশ্যকাব্যের সরবতায় চলচ্চিত্র ইমেজ ও ধ্বনিতে মুখরিত; তখনই যেনো উপরের কথাগুলো বলার প্রেরণা আরো বেশি পাই। বিশেষত কিম কি-দুক যে সময়ে চলচ্চিত্র নির্মাণে অগ্রবর্তী হোন তখন একটা দারুণ ব্যাপার তিনি ঘটিয়ে ফেলেন। তার বেশিরভাগ চলচ্চিত্র নির্মাণের বেলায় তিনি প্রথমেই যে কাজটা করেন সেটাই চলচ্চিত্রকার কিম-এর অসাধারণতা; কাজটা হলো তিনি যে সময়ে চলচ্চিত্র নির্মাণে নামেন তার চলচ্চিত্রে ঠিক সেই সময়টাকেই মাত্র থিতু হতে দেন না তিনি, অনেকটা সময় অনুপস্থিতও রাখেন; তিনি মহাকালকে তার ফিল্মরিল-এ আমন্ত্রণ জানান। অনেকটা যেনো সময়ের সিঁড়ি বেয়ে মহাকালকে ছুঁয়ে ফেলবার এক বাসনা (টাইম, ২০০৬)। অর্থাৎ তিনি কোনো নির্দিষ্ট সময়ের কথা বলতে চান না, বরং আধ্যাত্মিকতাকে নানা মানবীয় সমস্যার সমাধান কিম-এর চলচ্চিত্রে যে প্রতিক্ষেত্রেই পরিণতি পেয়েছে তা বলা যায় না। বরং সমস্যাদুষ্ট জীবনগুলোর দৃশ্যায়ন দর্শকমনে এক আধ্যাত্মিক ভাব এনে দেয়--এক্ষেত্রে বলতে হয় স্প্রিং, সামার, ফল উইন্টার অ্যান্ড স্প্রিং-এর কথা; তা যেনো কাহিনির নাটকীয়তা পেরিয়ে বেশ খানিকটা মহান হয়ে ওঠে। তবুও শেষপর্যন্ত তাকে কালনিরপেক্ষ কোনো সত্যি বলে ভাবতে পারি না। যা সঙ্গী করে তিনি সময় নিরপেক্ষ একটা গল্প বলতে চান অনেকবারই। কারণ আধ্যাত্মিকতা তো মহাকালগামী এক সফরেরই অন্য নাম। এই বিশেষ কাজে তিনি তার চলচ্চিত্রে এমন কিছু মানবিক-জাগতিক সমস্যাকে মোকাবিলা করেন তা আসলে প্রায় ক্ষেত্রেই কোনো বিশেষ কালের সমস্যা নয়; যতোটা সর্বকালের। এই কাজে তাই তার চলচ্চিত্রে নীরবতা (আপাত অর্থে যেনো সংলাপহীনতা) বিশেষভাবে জেঁকে বসে। কারণ মহাকাল তো সব তর্ক, চিৎকার, সুরবিহার, কথকতা বুকে নিয়েও এক শূন্যগর্ভ হয়েই দেখা দিচ্ছে সৃষ্টির আদি থেকে। শূন্যতা যদি হয় মহাকাল নামক ভয়েড-এর ধর্ম, তবে নীরবতা তার ভাষা। তাই কিম যখন বিশেষ বিশেষ সময়ে অসংখ্য ভঙ্গি নিয়ে নীরব থাকলেন, তখন তাকে মহাকালের পথিক ভেবে নেওয়া যেতেই পারে। আসলে সত্যিকারের শিল্পী তো মহাকালের অন্বেষণ করেই ফেরে।
সম্প্রতি তার প্রয়াণকেও লেখক মৃত্যু সম্পর্কিত নানা দর্শনকে আমলে নিয়ে ‘মহাকালের দিকে যাত্রা’রই সমর্থক ভাবতে চান। কেননা লেখকের বোঝাপড়ায় যেকোনো বয়ানদানকারীর (এখানে শিল্পী কিম) কোনোরূপ অনুপস্থিতিতে বয়ানগুলো নতুনভাবে পাঠের উপযুক্ত হয়ে ওঠে। গৌণ (এই ক্ষেত্রে) ব্যক্তিজীবন বাদ দিলে একমাত্র অনুপস্থিতিই বয়ানদানকারীর অস্তিত্বকে তার বয়ানে পুরোপুরি পর্যবসিত করে। (মরে গিয়ে শিল্পী কিম কিন্তু তার শিল্পকর্মের সমর্থকতা পেয়েছেন পুরোপুরি, কেননা ব্যক্তি কিমের অনুপস্থিতিতে আর কোনো নতুন বয়ান তো তৈরি হবে না; উপরন্তু তাকে স্পর্শ করবার এগুলোই একমাত্র মাধ্যম) অর্থাৎ বলতে পারা গেলো যে বর্তমান প্রবন্ধেও সম্প্রতি ‘নীরব’ হয়ে যাওয়া কিম-এর নীরবতার বোরাকে চড়ে মহাকালযাত্রার কিছু প্রয়াস নিয়ে আলাপ চলবে।
কিম-এর চলচ্চিত্রে নির্বাকতার দর্শন
চলচ্চিত্রকার কিম-কে নিয়ে কথা বলতে গেলে প্রথমেই বিশেষ ক’টা শব্দ মাথায় আসে। সেগুলো হলো--আধ্যাত্মিকতা, শরীর, প্রতিহিংসা, প্রায়শ্চিত্ত, সহিংসতা--এই ব্যাপারগুলোর সঙ্গে নীরবতা মিশিয়ে কিম পর্দায় যে অদ্ভুত মজার খেলাটা খেলেন সেটাই তার চলচ্চিত্রের অন্তঃপ্রাণ; প্রধানতম শক্তির জায়গা। এই নীরবতা কিন্তু কোনোভাবেই ফিল্মরিলের থেকে স্বাধীন নয় অথবা যাচ্ছেতাইভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকাও নয়। আসলে ইমেজের সঙ্গে নীরবতার বন্ধূত্ব ঠিক কোথায় কোথায় এ ব্যাপারটা কিম ধরতে জানতেন; শুধু তাই নয়, কোন ইমেজে কতোটা নীরবতা কিংবা কেমন ভঙ্গির নীরবতা বেশি চলচ্চিত্রিক অভিঘাত ফেলতে পারবে, তার একটা গড়পড়তা হিসাব কিম-এর চলচ্চিত্র দেখে ভেবে নেওয়া যায়।
ক. নীরবতা যখন অ্যাকশন-এর পটভূমি
ব্যাড গাই (২০০১) চলচ্চিত্রের শুরুতেই দেখতে পাই, এক নারীর ভিড় গলিয়ে বেরিয়ে আসা ও সম্মুখের এক আইসক্রিম পার্লার থেকে এক পুরুষের আইসক্রিম খেতে খেতে (চুষে নয় কামড়ে খেতে খেতে; এখানে কামড়ানো আসলে ভায়োলেন্স-এর রূপকতা) বের হওয়া। এরপরের দৃশ্যে দেখা যায়, শ্বেতবসনা নারী রাস্তার পাশের এক বেঞ্চিতে বসে অপেক্ষারত, যতোক্ষণে ওই যুবক আইসক্রিম শেষ করে ধারালো অগ্রভাগের (আইসক্রিমের) কাঠিটা ঠোঁটের কাছে ধরে নারীটির বিবসনা পায়ে একদৃষ্টে চোখ (কিংবা অন্তঃপ্রাণ দিয়ে) বুলিয়ে যাচ্ছে। যেনো যৌনতায় বিভোর ওই পুরুষের কামনা একটা ভায়োলেন্সই। কেননা আইসক্রিম খাওয়ার পর ওই সুচালো কাঠি দিয়ে এখন এই ‘নারী’কে ‘গেঁথে’ নিয়ে ‘খাওয়া’র পালা; অর্থাৎ এটাও আরেকটা খাওয়া মাত্র। যেনো খাওয়া মানে আরেকটা অ্যাকশন (কর্ম)। এই দৃশ্যে নির্বাকতা কিন্তু আরোপিত নয়; বরং সেটাই একান্ত কাম্য। খেতে গেলে আসলে খেতেই হয়, কথা কি মানায় তখন! সর্বপ্রকার অ্যাকশনের বেলায়ই বরং এই জীবনদর্শন প্রযোজ্য; যা কিম-এর এই একটা সংলাপবিহীন দৃশ্যেই পরিষ্কার।
ব্যাড গাই-এর ওই যুবক কিন্তু পুরো চলচ্চিত্রে কোনো কথাই বলেন না; তিনি বরং সংলাপনির্ভর অস্তিত্বকে ছুড়ে ফেলে অ্যাকশননির্ভর অস্তিত্বে নিজেকে মুড়ে রাখেন। এই সংলাপহীনতায় একটা সুপটু হাতের কাজে পরিণতি পাওয়া বোধ দর্শকের প্রত্যক্ষ হয়ে ওঠে; জগতে অস্তিত্বশীল জীব হিসেবে মানুষ প্রতিক্ষণে বিভিন্ন ক্রিয়া-কে প্রত্যক্ষ করে, শোনে, জানে--এসবের পরিণতিতে প্রায় সমস্ত মানুষ প্রত্যুত্তর হিসেবে শুধুই কথা বলে। অথচ চারপাশের ক্রিয়ার উত্তর শুধুই ক্রিয়াতেই সম্ভব--এই মূলনীতির প্রকাশ ঘটাতেই যেনো এই ব্যাড গাই-এর উদয়; যে যুবক কঠোরতম নীরবতাকে ভেঙে দিয়ে মজাররকম অস্তিত্বের ধারক হয়ে ওঠেন। তার কাজ অথবা চাওয়ার তোড়ে চারপাশের ‘কথা দিয়ে উত্তর করা’‘নামমানুষ’দের মধ্যে নিদারুণ চাঞ্চল্যের প্রকাশ দেখতে পাই চলচ্চিত্রজুড়ে। সেই সঙ্গে এটাও বেশ পরিষ্কার হয়, যারা কেবল কথাকে পুঁজি করে একটা মানবজীবন ‘চেখে’ দেখবে বলে ঠিক করে তাদের মনোভূমি হয়ে দাঁড়ায় স্কেপটিসিস্ট ধরনের। কেবল সন্দেহই তাদেরকে তাড়া করে বেড়ায়; সিদ্ধান্ত আর নেওয়া হয়ে ওঠে না। আসলে সিদ্ধান্ত বলে যদি কিছু থেকেই থাকে তবে তার প্রকাশ একমাত্র কাজেই সম্ভব। তাই বলতেই হয়, কখনো কখনো নীরবতা হয়ে ওঠে বরং ভীষণরকম অ্যাকশনের পটভূমি।
একই চলচ্চিত্রে আরেকটা মজার ব্যাপার লক্ষ করলেও বেশ আনন্দ পাওয়া যায়। একমাত্র চলচ্চিত্র কিংবা নাটকের কথা বাদ দিলে পড়ে থাকে বাদবাকি যে ভিজ্যুয়াল আর্ট মিডিয়াম--সেসব কিন্তু আপাত অর্থে ‘নীরব’ (বলা ভালো, নীরবের মতো দেখায়)। একটা ফটোগ্রাফ কিংবা একটা তৈলচিত্র আমরা শুধুই দেখি। ছবিটা জাগতিক পরিপ্রেক্ষিত মেনে আপাত নীরব, এমনকি ব্যক্তি যে মুহূর্তে আর্টহাউজ-এর দর্শক তখন সেও নীরব হয়ে চিত্র দর্শনে ব্যস্ত। কিন্তু আপাত এই নীরবতা যে কতো অর্থবহ আর কতোটা ভীষণরকম নৈর্ব্যক্তিক, শিল্পিত মননের অনুভূতির সম্মিলন--সেসব কি বর্তমান ‘নীরবতা’ ভেঙে কথার ধ্বনি তুলে বোঝানো সম্ভব! তার চেয়ে সেসব বরং নীরবতার গর্ভেই মানায়, সেখানেই একমাত্র তাদের বেড়ে ওঠা আর শোভা ছড়ানোর অর্থবহতা মেলে। ব্যাড গাই-এর কয়েকটি দৃশ্যের সম্মিলনভাগেও উক্ত বোধের নাগাল পাই; মিউজ-এর (প্রেমিকা) প্রতি প্রোটাগনিস্ট ‘নীরব’ যুবকের যে প্রণয় ধীরে ধীরে অর্থবহ হচ্ছিলো গল্পের শুরুর ভাগে তা ওই নারী প্রথমদিকে বুঝতে সমর্থ হননি যুবকের সংলাপহীনতার তোড়ে। কিন্তু পরেরদিকে দুটো ফটোগ্রাফ-এর ছেঁড়া টুকরোগুলোর ক্রমশ মিলন যেনো সেই প্রণয়ের পূর্ণতার সমরেখ হয়ে দাঁড়ায়; শুধুই ‘কথা দিয়ে উত্তর করা’ মানুষদলের এক নারী শেষমেশ বুঝতে পারে ‘নীরবতার’ ভাষা।
খ. রাষ্ট্রীয় কুচকাওয়াজ নীরবতায় কুপোকাত
কোস্ট গার্ড (২০০২) চলচ্চিত্রে দেখতে পাই এক প্লাটুন সীমান্তরক্ষী তরুণের কুচকাওয়াজের তোড় ভেদ করে সংলাপবিহীন ‘নীরব’৩ এক তরুণীর এগিয়ে আসা। এক রাতে সমুদ্র তীরবর্তী সীমান্ত পাহারায় বন্দুক হাতে এক কোস্ট যুবক যখন রাষ্ট্রীয় মন্ত্র আওড়াতে মগ্ন, ঠিক তখন নেটিভ এক যুবতীকে তার প্রেমিকসহ কাঁটাতারের অসহনীয় ‘নীরবতা’র দিকে হাসতে হাসতে এগিয়ে যেতে দেখা যায়। একসময় ঘটনার প্রবাহ গিয়ে ছুঁয়ে ফেলে প্রেমিক-যুগলের ওপর আছড়ে পড়া ঢেউ অনুরূপ উদাত্ত যৌনমিলনকে; সাক্ষী হয়ে দাঁড়ায় বাইনোকুলার-এ গাঁথা রাষ্ট্রীয় নজরদারির জ্বালামুখসম দুটো চোখ--ওই কোস্ট যুবক। এক্ষণে রাষ্ট্রীয় নির্দেশনা মানতে একটুও দেরি করেন না ওই কোস্ট গার্ড--মিলনের ‘নীরবতা’য় শায়িত যুবকের পিঠ নিমেষে ঝাঁঝরা হয়ে যায় রাষ্ট্রীয় কুৎসিত ‘সরবতা’র রাইফেল-এ।
এই গল্পমুখের গতিপথ--যার শুরু হলো রাষ্ট্রের কাছে দুঃসহ যে ‘নীরবতার তিমির’ অর্থাৎ মিলনের ‘নীরবতা’ ভেঙে দিয়ে তা কিন্তু এখানেই থেমে থাকে না। যদিও মিলন (শারীরিক-মানসিক-আত্মিকসহ যা কিছু আছে) নীরবের মতো দেখায় আপাতদৃষ্টে, ন্যায়ত তা ব্যাপকই সরব আর সহিংস; যে সরবতা কিংবা সহিংসতা--দুই’ই রাষ্ট্রের জন্য মারাত্মক রকমের ভীতিপ্রদ। খেয়াল করবার বিষয়, এই মিলন কিম দেখাচ্ছেন একেবারে রাষ্ট্রীয় মিলনবিরুদ্ধতার মূল কেন্দ্রে (সীমান্তে)। যেখানে রাষ্ট্র কোনোরূপ ট্রেসপাসিং’ই গ্রাহ্য করে না, সেখানে কিনা পৃথিবীর সবচাইতে ‘অহিংস-নীরব’ মিলন; যার ভার, অভিঘাত এক রাষ্ট্রীয় প্রতিনিধি (কোস্টগার্ড) সহ্য করতে পারলো না। সহ্য না করারই কথা আসলে। কারণ, এই আপাত নীরবতার (যৌনমিলন) সরবতা কিংবা আপাত অহিংসতার (যৌনমিলন) সহিংসতা তো রাষ্ট্রীয় সরবতার-সহিংসতার যাবতীয় মিলিটারি কুচকাওয়াজকেও ছাড়িয়ে যায়। এখানেই কিম-এর নীরবতা একশো একটা ভাষার মুখরতা পেয়ে যায় যেনো! বিশেষ রকমের এই নীরবতা এখানে মাত্র সরব হয়েই থেমে থাকে না; হয়ে দাঁড়ায় এক মানবিক বোধের খোলা আকাশ--যার তলায় কোনো কাঁটাতার, দেয়াল কিংবা বেষ্টনীর জায়গা নেই। অহর্নিশ মিলনোৎসব নামের একমাত্র নিয়মই যেখানে বর্তমান থাকে শুধু।
এরপরের ঘটনা ‘নীরবতা’র আরো দুরন্ত হয়ে ওঠার। প্রেমিকের শোকে আগের হাস্যোজ্জ্বল মুখরতায় পূর্ণ সে তরুণী এবার যেনো বিষাদপূর্ণ নীরবতার তাপে আস্ত এক বেয়নেট হয়ে ওঠে; যে গোলাবারুদের ভয় তো পায়ই না উল্টো গোটা একটা কোস্টগার্ড প্লাটুনকে একরাশ বিভ্রান্তির কোঁপে নাস্তানাবুদ করে তোলে। প্রণয়শোকগ্রস্ত ওই নারী বিষাদোদ্ভূত পাগলাটে হাসি হেসে রাতে দিনে হঠাৎ হঠাৎ যখন খুনি কোস্টগার্ডের সামনে দাঁড়ায় তখন যেনো ‘ব্যক্তি যুবক’-এর অনুশোচনায় ‘রাষ্ট্রীয় কোস্টগার্ড’ গোলাবারুদসমেত ভেঙে পড়তে চায়, সহিংস সেনামন্ত্রপাঠে যুবকের উচ্চারণ ভুল হয়। একপর্যায়ে এসব অসহ্য হয়ে উঠলে একসময়ের রাষ্ট্রীয় লেফট-রাইটে প্রবলমাত্রায় সরব থাকা যুবকের শরীর-মনেও নীরবতার নিনাদ ভর করে; যুবক প্লাটুন ছেড়ে চলে যেতে বাধ্য হন। এরপর দলের অন্যান্য সেনাসদস্যের সামনেও ওই তরুণী সমস্ত ঘৃণাজাত ‘নীরবতা’য় ঝেঁপে দাঁড়াতে থাকে, যদিও কিছু যুবকসেনা এর মধ্যে খুঁজতে থাকে শুধুই একটা নারী শরীর। তারপরেও পরিণামে প্লাটুনের একত্র সেনামূল্যবোধ ভেঙে পড়ে, শুরু হয় অন্তর্দন্দ্ব।
গ. নীরবতার ক্রোড়
পিয়েতায় (২০১২) যে নীরবতা এসেছে তা দৃশ্য-শব্দগত নয় বরং বিশেষ এক নীরবতার পরিস্থিতি; পুরো গল্পে প্রায় প্রত্যেক পাত্রপাত্রীই আলাপের প্রয়োজনে মুখর, কথা বাঁচাবার তাড়া নেই তেমন কারুরই। তবে এই পরিস্থিতি একটু সরবতা পেয়েই আরো হাজারগুণ নীরব হয়ে ওঠে শেষে। সুদখোর এক যুবাকে গ্রাহকদের কাছে অভিনব নির্মমতায় লাভ আদায় করতে দেখা যায় গল্পের অগ্রভাগে; টাকা না পেলে গ্রাহকদের পঙ্গু করে দেন ওই যুবক, যাতে অগ্রিম বীমার চুক্তিতে সম্মতি দেওয়া দলিলপত্র দেখিয়ে লাভের কয়েকগুণ তুলে নেওয়া যায়। নির্মমতার স্বীকার হওয়া এমনই আরেক যুবক সর্বস্ব খুইয়ে আত্মহত্যা করেন। ফলে ভিক্টিম যুবকের মা’কে দেখা যায় সুদখোর যুবকের প্রতি প্রতিশোধপরায়ণ হতে। সেজন্যই বোধহয় জন্মাবধি মা ছাড়া বেড়ে ওঠা সুদখোরের সামনে মা সেজে হাজির হতে দেখা যায় ওই নারীকে।
এখানে মাতৃহারা যুবকের বেড়ে ওঠার যে দীর্ঘ শূন্যতা তা যেনো এক ভীষণ বাজে স্নেহ-আদর-ভালোবাসাহীন ‘নীরবতা’ তার কাছে; যার সমরেখে, যার সমান্তরালে যুবকের চেতনাও হয়তো হয়ে উঠেছে নির্মমতাপুষ্ট। কিন্তু এই বাজে রকম শূন্যতা কিংবা নীরবতা যুবকের কাছে ব্যথাদায়ী উপলব্ধি হয়ে ওঠে তখনই, যখন ‘মা’ তার সামনে এসে দাঁড়ান। এ যেনো নীরবতার ক্রোড়ে পুষ্ট হতে থাকা এক তীব্র অনুভূতির হঠাৎ জেগে ওঠা। এরপর ওই নারী ‘ছোটোবেলায় জন্মের পরই ফেলে যাবার জন্য’ যুবকের কাছে দীর্ঘ এক ক্ষমা প্রার্থনাপূর্বক ‘সন্তান’-এর বিশ্বাস আনয়নে পারগ হয়ে ওঠেন। এতে করে ওই যুবক মায়ের প্রতি যাবতীয় ক্ষোভ ঝেড়ে ফেলে যখনই ওই নারীর মাতৃত্বকে পূজাপূর্বক নতুন সুখে আশাবাদী হতে থাকেন, তখন ‘মা’ তার ‘সন্তান’-এর সামনেই একদিন প্রাণ ঝেরে ফেলেন। পরিণামে ওই যুবকের মনে নতুন করে মাতৃবিয়োগের বিষাদবীজ গজিয়ে উঠতে দেখা যায়; ফলে ওই যুবকও আত্মঘাতী হন। এই গল্পের সারাৎসার আসলে এক সুন্দর নীরবতার কোলে বেড়ে ওঠা মহৎ বোধ। মাকে মা হিসেবে বুঝে ওঠার আগেই যদি কেউ মা-হারা হয়ে যায় তবে সেই দুঃখবোধ বোধহয় অনেক ক্ষেত্রেই অতোটাও তীব্র হয়ে উঠতে পারে না; যদিও ছিপছিপে নীরব বিষাদ তাতে ঘুমিয়ে থাকে। তার চেয়ে বরং সেই দীর্ঘ জননীবিহীন নীরব নদীর বুকে এক কূলকূল ধ্বনি ছড়ানো মাতৃত্বের নৌকা ভেসে যাওয়া দেখানো গেলে উক্ত নীরব বিষাদ আরো সুনসান হয়ে দাঁড়ায় লক্ষগুণ। তাই এই গল্প আসলে এক বুকচাপা নীরবতার সরব জীবনশ্বাস হয়ে উঠতে চেয়ে বরং দমবন্ধ নীরবতা হয়ে ওঠার।
চুপভাষার নান্দনিকতা
ইউরোপের বাইরে গিয়ে ক্রিস্তফ কিস্লস্কি’র সবথেকে জমাটি ভাবসঙ্গী যদি একজনকেও বেছে নিতে হয় তবে সে কিন্তু কিম কি-দুক; সেটা নানা কারণেই। যদিও তাদের মধ্যে অমিলের জায়গাও কম নয়; প্রথমত, উভয়ের চলচ্চিত্রেই সহিংসতা এক স্বতন্ত্র স্বপ্নভূম রচনা করে ফিরে ফিরে; যেখানে জীবনের ওপর প্রায় বিশ্বাস হারাতে বসা মানুষগুলো মুক্তির উপায় হিসেবে কোনো না কোনোভাবে সহিংস হয়, হতে চায়। যদিও পরে তারা পিছু হটে যায়; একটা প্রায় ফিকে হয়ে আসা বাস্তবতাকেই শেষমেশ পরম তৃপ্তিভরে গ্রহণ করে, কখনো উল্টোটাও হয়। দ্বিতীয়ত, উভয়েই ‘সময়নিরপেক্ষ মানবিক কিছু সমস্যা’কে নিজেদের ফিল্মরিলে ঢেলেছে। যদিও কিস্লস্কি’র সময়নিরপেক্ষ মানবিক সমস্যাকে কিম আরো খানিকটা এগিয়ে নিয়ে গেছেন কিছুটা পরে এসে, যেমনটা ইতালির নিউরিয়ালিজম-এ ঘটেছিলো; জাভাত্তিনি-রোসেলিনি-ডি সিকা’রা যেখানে গিয়ে শেষ সেখানে এসেছিলো পিয়ের পাওলো পাসোলিনি-মাইকেলাঞ্জেলো’রা। ক্ষুধা, ধ্বংস, রক্ত, হাহাকার অর্থাৎ ‘বাইরেটা’কে নিউরিয়ালিজম-এর জ্বালানি বানিয়ে যে ধোঁয়ার বার্তা পৃথিবীর দশগ্রামে পৌঁছতে থাকলো শুরুর দিকে, তা পরে নিভে যেতে শুরু করে; পুরো ঝিমুনি আসার আগেই পাসোলিনি-মাইকেলাঞ্জেলো’রা একই আন্দোলনে ঢেলে দিলো মনোবেদনা, মানসিক টানাপড়েন, যুদ্ধোত্তর মানুষের মনোবৈকল্য অর্থাৎ মানুষের ‘ভিতর’কে। এভাবেই নিউরিয়ালিজম নাগাল পেয়েছিলো একটা সুরাহাবিন্দুর; টিকে গিয়েছিলো।
এমনই এক গতিধারা মেনেই যেনো কিস্লস্কি’র ‘চুপভাষার নান্দনিকতা’কে কিম তার কাজে একটি ভিন্নতর পর্যায়ে নিয়ে যান। কিস্লস্কির চলচ্চিত্রে (থ্রি কালারস্ ট্রিলজি, ডেকালগ) সংলাপমুখর দৃশ্যের ভিড়েও মাঝে মাঝে যে বিশেষ বিশেষ সংলাপহীনতার কিছু ভিন্নধর্মী গভীর দৃশ্য খুঁজে পাওয়া যায়, সেসবের একটা সুন্দর নান্দনিকতা আছে; ‘চুপভাষার নান্দনিকতা’ মানে এ ব্যাপারটিকেই বোঝানো হচ্ছে। কিম তার পুরো কর্মজীবনে এই ব্যাপারটিকে নিজের মতো করে শুধু বয়েই নিয়ে যাননি বরং উন্নতও করেছেন। তার মানে কিম শুধু তার অভিঘাতধর্মী নীরবতাগুলো দিয়ে একটা সর্বজনীন দার্শনিক অবস্থানের খোঁজ করেই থেমে থাকেননি, পাশাপাশি তিনি নীরবতার সৌন্দর্যবর্ধনেও মনোযোগী হয়েছেন। নীরবতা তার চলচ্চিত্রে এসেছে মৃদু বাতাস হয়ে; যে বাতাস শুধুই শরীরগতভাবে উপলব্ধ হওয়ার বাসনায় থেমে থাকেনি, বরং চুপিসারে অসংখ্য বৃক্ষপত্রে দিয়েছে অগুনতি দোলা; যা দর্শনে চোখ-মন উভয়েই শান্তি মেলে। ফলে কিম-এর চলচ্চিত্রে অসংখ্য জীবনবৃক্ষের ন্যায় বেড়ে ওঠা পাত্রপাত্রীদের নীরব চাহনি, দৃষ্টির বিনিময়, নির্বিবাদে কিংবা ধারালো বিবাদেও ‘নীরব থাকা’ দেখে চোখে-মনে আলাদা একটা সুখ অনুভূত হয়। এই ব্যাপারটিই তো নান্দনিকতার উপকূল ছুঁয়ে ফেলা এক নাবিক হয়ে ওঠে।
উপরভাসা কোলাহলে ঢাকা ‘মৌন’ ন্যারেটিভ
অ্যাড্রেস আননোন (২০০১) দেখতে গেলে পুরো গল্পটাই মনে হয় সংলাপে পুঞ্জীভূত; প্রত্যেকে রাগে-ক্ষোভে-ভালোবাসায়-স্বপ্নে একেবারে দমে গিয়েও যেনো চুপ হতে পারে না; কাঁদতে গিয়েও যেনো সবাই মুখর; একেকটা স্বপ্নের ভগ্নাবশেষ যেনো প্রত্যেকের তীর্থভূমি হয়ে দাঁড়ায় বার বার। এতোসব গুঞ্জরণ সত্ত্বেও বলতে গেলে এই চলচ্চিত্র খুবই নীরব; কেননা ন্যারেটিভের প্রধান যে অনুষঙ্গ তা এই চলচ্চিত্রে মৌখিকভাবে খুবই অনুচ্চারিত। কোরিয়া’য় আমেরিকান বেস ক্যাম্পে কর্মরত এক মার্কিন সেনা এক কোরিয়ান নারীকে ভালোবেসে ফেলেন। তাদের এক সন্তান হলে পরে ওই সেনা কোরিয়ান তরুণীকে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে কোরিয়া ছাড়েন; যদিও তাকে আর ফিরতে দেখা যায় না। অতঃপর একের পর এক চিঠি লিখে সেই কোরিয়ান তরুণীর মহা অপেক্ষার গল্পই হলো অ্যাড্রেস আননোন। যদিও এ অপেক্ষার কথা তিনি কাউকেই বলতে পারেন না; এমনকি তার কথা শুনতে চায় না তার একমাত্র অবলম্বন ছেলেটিও। এ রকম একটি ‘মৌন’ অপেক্ষাকে পর্দায় তুলে আনতে গিয়ে, কিম আসলে কোরিয়ায় একটা বড়ো সময় ধরে আমেরিকান সেনাঘাটিগুলো কী রকম বিশৃঙ্খলা তৈরি করেছিলো সেই নেটিভ পরিস্থিতির বিবরণ দিয়ে গেছেন চলচ্চিত্রজুড়ে; তাতে করেই এক (?) সেনা সদস্যের কোরিয়ান তরুণীকে দেওয়া মিথ্যে আশ্বাসজাত অপেক্ষার মহিরুহ কতো প্রখর নীরব দুঃসহ দুঃখ হয়ে উঠতে পারে তা-ই চলচ্চিত্রটিতে পরিচ্ছন্নভাবে ফুটে উঠেছে।
এই চলচ্চিত্রে নীরবতার এক প্রখর বুদ্ধিদীপ্ত ব্যবহারে যেমন স্পষ্ট হয় ‘মৌনভাষার নান্দনিকতা’, তেমনই আরেকটা নীরবতার দার্শনিকতা দর্শককে হতবিহ্বল করে ফেলে; যাকে বলা উচিত ‘নীরবতার অসহনীয়তা’। চলচ্চিত্রের অন্যতম জরুরি একটি দৃশ্যে দেখা যায়, এক আমেরিকান সেনা ও কোরিয়ান নারী তাদের কাপোল স্কেচ করিয়ে নিচ্ছে, সেখানে হাসিমুখে পোজ দিতে যাওয়া যুগলের মাঝ বরাবর পিছনের দেয়ালে ঝুলে থাকতে দেখা যায় তৎকালীন দক্ষিণ কোরিয়ান নেতার হাসিমুখের ছবি। এ থেকে বোঝা যায়, একনায়ক রি সিং-ম্যান এর সময় থেকে যে দক্ষিণ কোরিয়া সোভিয়েত-মার্কিন স্নায়ুযুদ্ধের এক ছোট্ট খেলনা পুতুলে পরিণত হয়েছে; এবং সেই অধ্যায়ের শেষ আজও হয়নি। বরং এই গৃহযুদ্ধের পিছনে জ্বালানি হিসেবে জাতীয়তাবাদ, ভাষা, খাদ্যসহ অন্যান্য কিছুর মতো ভালোবাসা’কেও স্পেক্ট্যাকল৪ হিসেবে ব্যবহার করতে পারলে রাষ্ট্রপ্রধানরা খুশিই হয়। কিম প্রেমিক-যুগলের হাসির সঙ্গে রাষ্ট্রপ্রধানের হাসি’র এক অদ্ভুত মিল এঁকেছেন ওই আপাত ‘নীরব’ দৃশ্য দিয়ে। এখানে প্রেমিক-যুগল ও রাষ্ট্রীয় নেতার এই হাসি কিন্তু মারাত্মক অসহনীয়; যা একবার দর্শনেই বছরের পর বছর ধরে চলা বিদেশি পক্ষের মদদে চলা গৃহযুদ্ধের সমস্ত ক্ষয়ক্ষতি, ধ্বংসযজ্ঞ হাসিমুখগুলোতে জেগে ওঠে।
এছাড়াও দেখা যায়, ‘আমেরিকান ড্রিম’-এ বিভোর সেই নারী অনবরত চিঠি লিখেও যখন উত্তর পান না তার চলে যাওয়া সেই প্রেমিকের কাছে থেকে, তখন একই চিঠি স্রেফ স্ট্যাম্প পাল্টে পাঠাতে থাকেন; দর্শক হিসেবে তখন ওই ‘নীরবতা’ (চিঠির প্রত্যুত্তর না মেলা এবং একই চিঠি বার বার পাঠানোর নীরবতা) দেখে একটু অসহ্যই লাগে বৈকি! এরপর দেখা যায়, কোরিয়ান নারীটি ইংরেজি ছাড়া কথা বলেন না; যা তার নেটিভ’রা মেনে নিতে পারে না, দোকানি তার কাছে পণ্য বিক্রি করা বন্ধ করে দেয়। হয়তো ‘জাতীয়তাবাদ’ ভুলতে বসা ওই নারীটির মুখে কোরিয়ান ভাষার অনুপস্থিতি তাদের কাছে ভয়ানক অসহনীয় হয়ে ওঠে। অর্থাৎ ইংরেজির পুনরাবৃত্তি কোরিয়ান ভাষার চরম অনুপস্থিতিই ডেকে আনে যেনো! চলচ্চিত্রের শেষাংশে নীরবতার অসহনীয়তার অভিঘাত আরো তীব্র হয়ে ওঠে যখন দেখা যায় সেই নারীর ছেলে তার স্তন কেটে নিতে বদ্ধপরিকর; কেননা স্তনজুড়ে তার ফেলে যাওয়া প্রেমিকের নামের ‘নীরব’ উপস্থিতির এক বীভৎসরকম সরবতা’ই (উপস্থিতি) আছে যেনো! মিথ্যুক বাবার এ রকম অসহনীয় অস্তিত্ব ছেলেটির পক্ষে মেনে নেওয়া যেনো অসম্ভব!
সংলাপহীনতার সংলাপ
যেহেতু চলচ্চিত্র কোনো রেকর্ড প্লেয়ার-এ বাজবার সামগ্রী নয় মাত্র; তা শোনা-দেখা-পড়ারও ব্যাপার। সর্বাপেক্ষা শক্তিশালী এই ভিজ্যুয়াল মাধ্যমের রয়েছে ইমেজ, টেক্সট, ধ্বনি, রঙ ইত্যাদি উপাদান। তাই কানমাত্রেই অস্তিত্বশীল কোনো কথোপকথন অর্থাৎ--শ্রুতিনাটকের সংলাপহীনতা আর চলচ্চিত্রের সংলাপহীনতা এক হতে পারে না। ‘নীরবতা’ বা ‘সংলাপহীনতা’ যাই বলি--তার ধর্ম ধ্বনিনির্ভর মিডিয়াম-এ একরকম আর ধ্বনি-ছবিনির্ভর মিডিয়ামে অন্যরকম। সংলাপহীন হলেই যে সবকিছু বোবা হয়ে যায় না তার সবচেয়ে যৌক্তিক উদাহরণ চলচ্চিত্র। কেননা চলচ্চিত্রে মুখ্য ব্যাপার কিন্তু শোনানো নয়, দেখানো। নির্মাতা ফেদরিকো ফেলিনি’র কথাগুলো এক্ষেত্রে লাগসই--
আমার ছবি তাই। আমার মনে হয় এটা চলচ্চিত্রের একটা প্রয়োজনীয় ও স্বাভাবিক বৈশিষ্ট্য। পাতার পর পাতা সংলাপ লিখলেন তারপর শিল্প নির্দেশকের সঙ্গে আলোচনা করে এমন একটা ঘর বানালেন যে ঘরের মধ্যে দিয়েই সব বলা যায়। তখন উপলব্ধি করবেন সংলাপের আর প্রয়োজন বা মূল্য নেই। সংলাপ ছাড়াই আপনি একই বক্তব্য আরো প্রত্যক্ষ, বোধগম্য ও সঠিকভাবে পেশ করতে পারেন।
আমার বর্তমান ছবি থেকে একটা দৃষ্টান্ত দিই। জুলিয়েত-এর বাড়ি ছেড়ে জর্জিও চলে যাচ্ছে। এই দৃশ্যের জন্য নির্ধারিত সংলাপ সত্যিই সুন্দর, সুলিখিত ও উপযুক্ত ছিল। কিন্তু আমি ঐ দৃশ্যটি এমনভাবে গ্রহণ করেছি যে চরিত্র দুজনের কাউকেই একটাও শব্দ উচ্চারণ করতে হয় নি। জর্জিও সুটকেস গোছাল, জুলিয়েত তাকে কিছু খেতে দিল, এবং তারপর তারা নিস্তব্ধতার মধ্যে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। শেষে জর্জিও বলল, ‘Ciao’ এবং ধূসর শূন্য ঘরে জুলিয়েতকে একা ফেলে রেখে চলে গেল।৫
এ থেকে বুঝতে পারা যায়, চলচ্চিত্রে ইমেজ নিজেই সংলাপের পরিবাহক হয়ে উঠতে পারে; তথাকথিত সংলাপ তখন হয়ে ওঠে বাহুল্য, অপ্রয়োজনীয়। সাধারণ্যে সংলাপ যেমন করে ভাব আর বোধ সঞ্চারিত করে--তা হয়তো সাহিত্যে ক্ষুরধার; চলচ্চিত্রে সে সুযোগ কমই। বরং চলচ্চিত্রে যদি ইমেজ সংলাপের বিকল্প হয়ে উঠতে পারে তখনই তা আসলে চলচ্চিত্র হয়ে ওঠে। বলাই বাহুল্য, যে ইমেজ কথা বলতে পারে চলচ্চিত্রিক শৈল্পিকতায় সে থাকে তুঙ্গে; কোনো সংলাপ আর তার সঙ্গে পেরে ওঠে না।
কিম কি-দুক-এর চলচ্চিত্রে প্রায়শ উল্লিখিত ব্যাপারখানারই জয়জয়কার; তার বেশিরভাগ ইমেজই অবিরত সংলাপের আধার। কিম-এর এই চিত্রভাষার পটুত্বে যে সম্মোহনী ইমেজের মায়া দর্শকের মনোভূমিতে পতিত হয় তা কিন্তু আসলে এক ধরনের সংলাপই--এই সংলাপের বিশেষত্ব হলো তা দর্শকমনে বোধ নয়, ছড়ায় বিশেষ ধরনের ভাব। চলচ্চিত্র আসলে এই ঔচিত্য মেনেই চলচ্চিত্র হয়ে ওঠে। সাহিত্যের ক্ষেত্রে--লেখক জীবন-জগতের জরিপ করতঃ যা যা খুঁটিনাটি পেয়ে যান তা থেকে তার মনে জমে ওঠে ভাব, এই ভাব টেক্সট-এ রূপান্তরিত হয়ে তৈরি করে বোধ। কিন্তু চলচ্চিত্রে--নির্মাতা জীবন-জগতের থেকে ভাব না কুঁড়িয়ে বরং গভীরভাবে সুক্ষ্মতর বোধ সংগ্রহ করে, তারপর সেই বোধকে ইমেজভাষার সাহায্যে ভাব-এ রূপ দেয়। সাহিত্য আর চলচ্চিত্রের এই হলো মৌলিক পার্থক্যের জায়গা। তাই যে চলচ্চিত্র যতো বেশি ‘সংলাপহীন সংলাপ’ বলায় পটু তা ততো বেশি চলচ্চিত্র হয়ে ওঠে। এ দিক থেকে কিম কি-দুক কিন্তু অনেকটাই অগ্রবর্তী।
বিকল্প বাস্তবতা’র ঠিকানা
‘সংলাপহীনতার সংলাপ’ দিয়ে থ্রি আয়রন (২০০৪)-এ অসংখ্য বাস্তবতা লালন করতে দেখি কিম’কে। দেখা যায়, অতিমাত্রায় আপেক্ষিক এই জগতের যেকোনো বাস্তবতার ফাঁক বেয়েই অন্য অনেক বাস্তবতা বেড়ে ওঠে। হয়তো সেই বিকল্প বাস্তবতাগুলো ‘দেখা’ যায় না, ‘শোনা’ যায় না; অর্থাৎ ‘নীরব’ থাকে। তাই বলে সেই বাস্তবতাগুলোর যে অস্তিত্ব নেই এমন নয়। একই বাস্তবতা’য় পৃথিবীকে ব্যাখ্যা করতে যাওয়ার আরেক বিপদ আছে; তাতে বয়ানগুলো অনাচারে ভরে যায়, হয়ে ওঠে প্রতিক্রিয়াশীল। আমার দুনিয়ায় ‘ব্যক্তি আমাকে’ আমি কিন্তু ‘অপর’ হিসেবে খুঁজে পাই না; সেইটা কারো পক্ষেই পাওয়া সম্ভব নয় তাদের নিজ নিজ দুনিয়ায়। তাই পৃথিবীকে এক-এর মতো দেখালেও তা তো একটা মাত্র নয়। আমাদের সবার পৃথক পৃথিবী মেনে নিয়ে বলতে হয় পৃথিবী আসলে অসংখ্য। সেজন্য আমাদের প্রত্যেকের বাস্তবতা অন্যের থেকে আলাদা। রিচার্ড লিংকলেটার-এর বয়হুড (২০১৪) চলচ্চিত্রে দেখেছি, একটা বছর চারেকের শিশুর কাছে বৃষ্টির বড়ো বড়ো ফোটাগুলিকে উড়ে আসা বোলতা বলে মনে হয়; ওর ওই ‘মনে হওয়া’কে আমার কাছে মিথ্যে লাগে না কিংবা অজ্ঞতার কথাফল মনে হয় না। আমার বরং মনে হয় ওটা একটা আলাদা দৃষ্টিভঙ্গিজাত বাস্তবতা; যেখানে সত্যি-মিথ্যার জাজমেন্ট কখনোই জরুরি নয়; জরুরি হলো পরিস্থিতি।
একই চলচ্চিত্রে মূল চরিত্রের অপরদের ‘প্রাইভেট লাইফ’ ছুঁয়ে বাঁচবার যে পরিক্রমা তা কিন্তু ওই বিকল্প বাস্তবতারই ইঙ্গিত দেয়। ‘এক জীবনে’ বহু জীবনকে ছুঁয়ে বাঁচবার ইচ্ছেটাও একই কারণেই। চলচ্চিত্রে ওই তরুণ অনাকাঙ্ক্ষিত আগন্তুক হয়ে বিভিন্ন ফ্ল্যাটের দরজা খোলেন, বাড়িওয়ালার অনুপস্থিতিতে তাদেরই জীবনঘনিষ্ঠ দৈনন্দিনকে নাড়াচাড়া করতে থাকেন। এতে করে ওই তরুণ নিজের একঘেয়ে (হয়তো তার কাছে) বাস্তবতা অন্যদের জীবনবাস্তবতায় যোগ করে সিম্যুলেশন ঘটিয়ে সম্পূর্ণ ভিন্ন এক জীবনের নাগাল পেতে চান। স্বাভাবিকভাবেই তাতে ব্যাঘাত ঘটে। কিন্তু এই কথা এড়িয়ে যাওয়া যায় না, কিম-এর সেই ‘নীরবতা’র ঝাঁপি টেনে শুধুই নীরব থেকে, এই তরুণ যে ভিন্ন ভিন্ন জীবনের অসংখ্য বাস্তবতার দিকে তাকিয়ে থাকছেন তা কিন্তু উপরে আলোচ্য’র একটা চমৎকার প্রামাণ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। ওই তরুণ অন্যদের ‘প্রাইভেট লাইফ’-এর দিকে তাকিয়ে থেকেই ওই বাস্তবতাগুলোয় মিশে যাচ্ছেন, হয়ে পড়ছেন তাদের অবিচ্ছিন্ন অংশ; ঠিক যেভাবে আমরা একটা নির্দিষ্ট বাস্তবতায় বসে চলচ্চিত্র দর্শনের সময় আর আগের বাস্তবতায় থাকি না; চলচ্চিত্রের বাস্তবতায় সেঁটে যাই।
কিম কি-দুক তার স্বল্পায়ু জীবনের পুরো শিরদাঁড়া হেঁটে যে আয়োজন ডেকেছেন প্রত্যেকটা চলচ্চিত্রে, তাতে কমতির ভাগ কমই। ‘নীরবতা’‘সংলাপহীনতা’‘চুপভাষা’--এ রকম সাপেক্ষ বিষয়গুলো যেভাবেই আসুক কিংবা যতোটাই ছড়িয়ে ছিটিয়ে থাকুক তা কিন্তু তার চলচ্চিত্রের অবশেষ কৃতকার্যতার একমাত্র সাক্ষ্যকথা নয়; বরং একটামাত্র দিক। কিম আসলে তার চলচ্চিত্রে চলচ্চিত্রভাষার সার্থক প্রয়োগ ঘটাতে চেয়েছেন; চলচ্চিত্রকে চলচ্চিত্র হিসেবেই ব্যবহার করবার একটা ‘পাঁয়তারা’ করে গেছেন জীবনভর। এমন পাঁয়তারা’ই শিল্পীকে সাজে। অনেক কিছুর মতো ‘নীরবতা’ও যে হতে পারে চলচ্চিত্রের ‘চলচ্চিত্র’ হয়ে ওঠার এক নির্বিবাদ সঙ্গী,--তা প্রমাণেই যেনো এই মহান শিল্পী খরচ করলেন এক মহাজীবন।
লেখক : তানভীর শাওন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
shawonmcj26@gmail.com
https://www.facebook.com/tanveeshawon
তথ্যসূত্র ও টীকা
১. কামু, আলবেয়ার (২০১৮ : ৪৮); ‘মিথ অব সিসিফাস’; এবং মুশায়েরা; কলকাতা।
২. Prophet শব্দের সমার্থক।
৩. বরং, কোটেড-আনকোটেড নীরব (‘নীরব’) বেশি সরব অর্থে ব্যবহৃত হয়েছে বর্তমান রচনায়।
৪. কোনো বয়ান কিংবা ডিসকোর্স-এর স্রেফ ছবি হয়ে যাওয়া (পর্যবসিত) অতঃপর কিছু ভিন্ন সমাজবাস্তবতায় তার যথেচ্ছ ম্যানিপুলেট হওয়া।
৫. পত্রী, পূর্ণেন্দু (১৯৫৯ : ১৩); ‘চলচ্চিত্রের খোলা জানালা’; সিনেমা সিনেমা; ডি এম লাইব্রেরী, কলকাতা।
বি.দ্র. এই প্রবন্ধটি ম্যাজিক লণ্ঠন ২১তম সংখ্যা, জুলাই ২০২১ এ প্রকাশিত হয়েছে।
এ সম্পর্কিত আরও পড়ুন