Magic Lanthon

               

শৈবাল চৌধূরী

প্রকাশিত ২০ নভেম্বর ২০২৬ ১২:০০ মিনিট

অন্যকে জানাতে পারেন:

বঙ্গসংস্কৃতির অগ্রপুরুষ সৌমিত্র

শৈবাল চৌধূরী


কৃতি মানুষেরা দুইভাবে বেঁচে থাকেন। নশ্বর জীবনে একবার, যে জীবন তারা জীবদ্দশায় কাটিয়ে যান। আরেকটি অবিনশ্বর জীবন, যে জীবন তার সৃষ্টির মহিমায় অমরত্ব পেয়ে যায়। স্বভাবতই যাপিত জীবন একটি নির্দিষ্ট সময়ের। কিন্তু সেই যাপিত জীবনের কীর্তির গুণে তাদের অবিনশ্বর জীবন হয় অসীম, শাশ্বত। সৃষ্টিশীলতার ব্যাপ্তিতে নির্দিষ্ট সময়ের জীবনটি অবশ্য ব্যাপকতা অর্জনে সমর্থ হয়। অনেকের বেলায় সেই ব্যাপকতা বহুমাত্রিক হয়ে ওঠে। সেরকমেরই একজন কৃতি মানুষ সৌমিত্র চট্টোপাধ্যায়, অভিনয়শিল্পী প্রধান পরিচয় হলেও আরো বহু গুণে যিনি গুণান্বিত ছিলেন। বাংলা চলচ্চিত্রের অভিনয়ে যিনি সঞ্চার করেছিলেন স্বতন্ত্র এক শৈলী, যা পরিপূর্ণ ছিলো স্বাভাবিকতা, স্বতঃস্ফূর্ততা এবং বলিষ্ঠতায়।

চলচ্চিত্রে অভিনয়ে আসার আগে থিয়েটার-এ অভিনয়ের ধারাবাহিকতা ছিলো সৌমিত্রের। সেই অভিনয় পর্ব দীর্ঘ না হলেও শিশির ভাদুড়ীর সংস্পর্শ তাকে অনেকটাই গড়েপিটে দিয়েছিলো। শিশির ভাদুড়ীর পাশাপাশি তিনি সাহচর্য পেয়েছিলেন অহীন্দ্র চৌধুরীর। এই দুই মহীরুহ সৌমিত্রের অভিনয় সত্তাকে জারিত করে জীবন রসের জারকে। অহীন্দ্র চৌধুরীর কাছে শিখেছেন স্বাভাবিক স্বতঃস্ফূর্ত অভিনয়শৈলী আর শিশির ভাদুড়ীর কাছ থেকে পেয়েছেন অভিনয়ের বলিষ্ঠতা। দুজনের অভিনয়শৈলীর সমস্বরে যে অভিনয় আঙ্গিকে তিনি আত্মস্থ হতে চলেছিলেন তাকে শাণিত করেন সত্যজিৎ রায়। থিয়েটারে যে বেশি অভিনয় করেছিলেন প্রথম দিকে তা কিন্তু নয়, সৌমিত্রের থিয়েটার ক্যারিয়ার-এর প্রকৃত পর্বটা আরো পরে, চলচ্চিত্রাভিনয়ের মধ্য পর্যায়ে। বলতে গেলে তার সামগ্রিক অভিনয় জীবনের প্রায় শুরুর দিকে তিনি সত্যজিতের সাহচর্যে এসেছিলেন, যে সান্নিধ্য ও নির্দেশিকা সৌমিত্রের অভিনয় জীবনেই কেবল পরিপূর্ণতা এনে দিয়েছে তা নয়, তার জীবনকেও অনন্য করে তুলেছে।

দুই.

অভিনয় শিল্পের স্তানিশ্লাভস্কি ঘরানার শিল্পী ছিলেন সৌমিত্র। সে ঘরানার প্রধান বৈশিষ্ট্য হলো অভিনীত চরিত্রের মধ্যে বিলীন হয়ে যাওয়া। এক্ষেত্রে অভিনয়শিল্পীর ব্যক্তিসত্তার বিলোপ ঘটানোর প্রয়োজন পড়ে। অনেক তারকা-শিল্পীরাও এই সত্তা বিলোপে সমর্থ হতে পারে না। ফলে তারা ওই চরিত্রে পরিণত না হয়ে তারকাই রয়ে যায়। কিন্তু সৌমিত্র ছিলেন সম্পূর্ণরূপে স্তানিশ্লাভস্কি রীতির সফল অভিনয়শিল্পী। অভিনীত চরিত্রের গভীরে অবলীলায় আত্মস্থ হয়ে যেতে পারতেন অত্যন্ত সাবলীলভাবে। নিজের তারকা সত্তার বিলোপ ঘটিয়ে। এর ফলে তার অভিনীত চরিত্রটিই জীবন্ত হয়ে উঠতো দর্শকের সামনে। হারিয়ে যেতেন ব্যক্তি সৌমিত্র। তারকা সৌমিত্রকে দর্শক ভুলে যেতো নিমিষে। যে তারকা সত্যজিতের ১৪টি কাহিনিচিত্র ও দুটি প্রামাণ্যচিত্রে বিভিন্ন চরিত্রে কাজ করেছেন। কখনো উঠতি তরুণ, কখনো গেঁয়ো বামুন, কখনো বিদ্রোহী মাস্টারমশাই, কখনো ধোপদুরস্ত শহুরে প্রেমিক, কখনো গোয়েন্দা, কখনো পাগল, আবার কখনো লোভী ভণ্ড প্রপঞ্চক রাজনীতিক। প্রতিটি চরিত্রেই তিনি স্বতঃস্ফূর্ত এবং স্বতন্ত্র। কোথাও কোনো পুনরাবৃত্তি নেই।

নিজের ক্ষমতা সম্পর্কে শতভাগ নিশ্চিত ছিলেন বলেই নিজেকে ভাঙার ক্ষেত্রে এগিয়ে থাকতেন সৌমিত্র। ক্যারিয়ারের একেবারে শুরুর দিকেই খলনায়ক চরিত্রে অভিনয়ের সাহস দেখিয়েছিলেন--তপন সিংহ-এর ঝিন্দের বন্দীতে। ১৯৬১ খ্রিস্টাব্দে মুক্তি পাওয়া ঝিন্দের বন্দী সৌমিত্র অভিনীত সপ্তম চলচ্চিত্র। এই চলচ্চিত্রে দুর্ধর্ষ খলনায়ক ময়ূরবাহন-এর চরিত্রে উত্তম কুমার-এর বিপরীতে অভিনয় করেন তিনি। কতোটুকু সাহস এবং আত্মবিশ্বাস থাকলে এটা সম্ভব! উত্তম কুমার সে সময়ে ডাকসাইট-এ নায়ক। তার বিপরীতে খলনায়কের অভিনয় সৌমিত্রের উদীয়মান ক্যারিয়ারের জন্য রীতিমতো চ্যালেঞ্জিং। কিন্তু এই চ্যালেঞ্জ তিনি সাফল্যের সঙ্গে অতিক্রম করেছিলেন অসাধারণ অভিনয় গুণে। কেবল অতিক্রম নয় উত্তরণও বটে। যে উত্তরণ তার অভিনয়শৈলীকে ক্রমশ পরিণত ও উন্নত করেছে। এ ধরনের নেতিবাচক চরিত্রে তিনি আরো কয়েকবার অভিনয় করেছেন--জোড়াদিঘির চৌধুরী পরিবার (১৯৬৬), সুদূর নীহারিকা (১৯৭৬), ঘরে বাইরে (১৯৮৪) এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য। সুদূর নীহারিকায় যমজ দুই ভাইয়ের চরিত্র--একজন শঠ-ধূর্ত, অন্যজন নিরীহ, আরেকটি চরিত্র পুনর্জন্মের--মোট তিনটি চরিত্রে তিনি সমান্তরাল অভিনয় করেছেন। এর মধ্যে ধূর্ত ভাইয়ের চরিত্রে সৌমিত্রের অভিনয় ছিলো রীতিমতো রোমহর্ষক। জোড়াদীঘির চৌধুরী পরিবার তার প্রথম দিকের চলচ্চিত্র, যেখানে তার চরিত্র ছিলো লম্পট জমিদারের। ঘরে বাইরেতে সৌমিত্রের ধারণা ছিলো তিনি জমিদার নিখিলেশ-এর চরিত্রটি করবেন। কিন্তু সত্যজিৎ তাকে নির্বাচিত করেন স্বদেশী ভণ্ড রাজনীতিক সন্দীপ-এর চরিত্রে। সৌমিত্রের মৃদু আপত্তি ও বিস্ময়ের উত্তরে রায় বলেছিলেন, এই চরিত্রের যে ভার্সেটাইল বৈশিষ্ট্য, অর্থাৎ উপরে স্বদেশী রাজনীতিক ও দরদী প্রেমিক, অথচ তলে তলে তার ভণ্ডামি ও শঠতা, এটা সৌমিত্র ছাড়া অন্য কারও পক্ষে ফুটিয়ে তোলা সম্ভব নয়। পরে চলচ্চিত্রটি দেখে সৌমিত্র নিজেও উপলব্ধি করতে পেরেছিলেন রায়ের পর্যবেক্ষণ ক্ষমতা।

চলচ্চিত্রে সৌমিত্রের অভিষেক সত্যজিতের অপুর সংসার-এর মাধ্যমে ১৯৫৮ খ্রিস্টাব্দে। অপুর সংসার ১৯৫৯ তে মুক্তি পায়। সেই থেকে শাখা-প্রশাখা (১৯৯০) পর্যন্ত সত্যজিতের ১৪টি কাহিনিচিত্র, শেষ চিত্রনাট্য অনুযায়ী সন্দীপ রায় পরিচালিত উত্তরণ, সত্যজিৎ নির্মিত দুটি প্রামাণ্যচিত্র রবীন্দ্রনাথ ও সুকুমার রায়-এ সৌমিত্র অভিনয় করেন। সুকুমার রায়-এর ধারাবর্ণনাকারীও সৌমিত্র। সৌমিত্রের মানস পিতা (যেহেতু সৌমিত্রকে তার মানসপুত্র বলে অভিহিত করা হয়ে থাকে) সত্যজিৎ তার সম্পর্কে বলছেন,

১৯৫৮ সালে সৌমিত্রর প্রথম ছবি ‘অপুর সংসার’। ‘অপরাজিত’ ছবি হচ্ছে জেনে সৌমিত্র আমার কাছে এসে অপুর ভূমিকায় অভিনয় করার ইচ্ছে প্রকাশ করে। আমি তখন বলি--অপুর পক্ষে তোমার বয়স বেশি। তার দু-বছর পরে যখন অপুর সংসার করা স্থির করি তখন আমি নিজেই সৌমিত্রকে ডেকে নিই।

আমার তরফ থেকে সৌমিত্রকে সার্টিফিকেট দেবার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। আমার সাতাশটি ছবির চৌদ্দটিতে সে প্রধান ভূমিকায় অভিনয় করেছে। এ থেকেই বোঝা যায় আমি তার প্রতি কতটা আস্থা রাখি। এবং অভিনেতা হিসেবে আমি তাকে কোথায় স্থান দিই। তার প্রতি আমার নির্ভরশীলতা আমার শিল্পীজীবনের শেষদিন পর্যন্ত বজায় থাকবে, এটা আমি জানি।১


সত্যজিৎ যদিও বলেছিলেন, ‘আমার তরফ থেকে সৌমিত্রকে সার্টিফিকেট দেবার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না।’ তারপরেও এর চেয়ে বড়ো সার্টিফিকেট মনে হয় আর হতে পারে না। সৌমিত্রের প্রতি সত্যজিতের নির্ভরশীলতা তার শিল্পীজীবনের শেষদিন পর্যন্ত বজায় ছিলো। দ্বিতীয়ত, শেষ চলচ্চিত্র শাখা-প্রশাখার কেন্দ্রীয় চরিত্রে সৌমিত্রকে নিয়েছেন, যে চরিত্রটি পুরো চলচ্চিত্রের ভরকেন্দ্র। শেষ যে চলচ্চিত্রটির চিত্রনাট্য শেষ করেও শুটিং শুরু করতে পারেননি সত্যজিৎ, সেই উত্তরণ-এর মুখ্য চরিত্র চিকিৎসকের ভূমিকায় অভিনয় করেছেন সৌমিত্র, যা সত্যজিৎ ঠিক করে রেখেছিলেন। এটি পরিচালনা করেন সত্যজিৎপুত্র সন্দীপ রায়।

তিন.

সৌমিত্রের অভিনয় জীবনের আরেকটি দিক চরিত্রাভিনয়। প্রচলিতভাবে যাকে পার্শ্বচরিত্রের অভিনয় বলা হয়। সাধারণত যারা নায়ক চরিত্রে অভিনয় করে তারা পরিণত বয়সে বা ক্যারিয়ারের শেষ পর্যায়ে এ ধরনের চরিত্রে অভিনয় করে থাকে। কিন্তু সৌমিত্র যখন নায়ক চরিত্রে রীতিমতো দর্শকপ্রিয়, সেই সময়ে তিনি অবলীলায় চরিত্রাভিনয় করে গেছেন--মণিহার (১৯৬৬), অপরিচিত (১৯৬৯), স্ত্রী (১৯৭২) তে। এসব চলচ্চিত্রের নায়ক (প্রচলিত কথায়) বিশ্বজিৎ, উত্তম কুমার। সৌমিত্র এই চ্যালেঞ্জ নিতেন চরিত্রের গুরুত্ব ও অভিনয়ের ব্যাপ্তি বিবেচনা করে। দেখা যেতো দর্শকের মনোযোগ কেন্দ্রস্থিত হতো তার অভিনীত চরিত্রের ওপর। এই বিষয়টি তার অভিনয় জীবনের শেষপর্যন্ত লক্ষণীয় ছিলো।

ঋতুপর্ণ ঘোষ তার অসুখ চলচ্চিত্রটি নির্মাণের সময় একটি সাময়িকীর সম্পাদকীয়তে বলেছিলেন, ‘সৌমিত্রদাকে নিয়ে এক বড় মুশকিলে পড়েছিলাম কিছুতেই তাঁকে বুড়ো বানানো যাচ্ছিল না। ঋজু টান টান শরীর। শরীরে কোথাও শৈথিল্য বা বলিরেখা নেই।’২ শেষপর্যন্ত অনেক চেষ্টা চরিত্র আর মেকআপ করিয়ে তাকে অসুখ-এ বয়োবৃদ্ধ বাবার অবয়বে এনেছিলেন ঋতুপর্ণ, যে কথা সম্পাদকীয়ের শেষ দিকে জানিয়েছিলেন। তখনই সৌমিত্রের পরিণত বয়স। কিন্তু নিয়মতান্ত্রিক জীবনযাপন, পরিশীলিত শিল্পচর্চা, আর আধুনিক মননশীলতার কারণে জীবনের শেষ সময় পর্যন্ত তার সে ঋজুতা অক্ষুণ্ন ছিলো। তারপরেও নির্মম কোভিড-এর আক্রমণে ৪০ দিনের জীবনযুদ্ধের শেষে হার মানতে হলো এই শিল্প মহীরুহকে ১৫ নভেম্বরের দুপুরে। সালটা ২০২০। সৌমিত্র ক্যান্সারেও ভুগছিলেন দীর্ঘদিন ধরে। কিন্তু দৃঢ় মনোবলের কল্যাণে ক্যান্সারের সঙ্গে যুঝতে পারলেও কোভিডের সঙ্গে পারলেন না।

চার.

সৌমিত্রের ছিলো রীতিমতো সারস্বত বন্ধুমহল। যা অন্য অভিনয়শিল্পীর বেলায় বিরল। সুধীর চক্রবর্তী (শৈশব থেকে সহপাঠী), শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, ভূমেন্দ্র কিশোর রায়চৌধুরী, গৌরমোহন মুখোপাধ্যায়, নির্মাল্য আচার্য হয়ে সুশান্ত বন্দ্যোপাধ্যায়, অশোক পালিত, অমিতাভ দাশগুপ্ত, অলোকরঞ্জন দাশগুপ্ত, অমিতাভ চৌধুরী, হিরণ মিত্র, বিভাষ চক্রবর্তী পর্যন্ত এ এক বিস্ময়কর পরিমণ্ডল, যার ওপর বিশাল মহীরুহের মতো ছায়া দিয়ে রেখেছিলেন সত্যজিৎ। এই পরিমণ্ডলের প্রতিজন স্ব স্ব ক্ষেত্রে কৃতবিদ্য ও কিংবদন্তি।

নির্মাল্য আচার্য-এর সঙ্গে ‘এক্ষণ’ পত্রিকা সম্পাদনা করেন সৌমিত্র। ‘এক্ষণ’ বাংলা শিল্পসাহিত্যে অন্যতম শ্রেষ্ঠ পত্রিকা, যার সঙ্গে সত্যজিৎ যুক্ত ছিলেন নানাভাবে। নামকরণ, নামলিপি ও প্রচ্ছদ অঙ্কন, আঙ্গিক ও অঙ্গসৌষ্ঠব নির্বাচন, চিত্রনাট্য প্রকাশ এসবের মধ্য দিয়ে সত্যজিতের ছত্রছায়া ছিলো ‘এক্ষণ’ প্রকাশনায়। সবমিলিয়ে পত্রিকাটি ঈর্ষণীয় রূপ ও মর্যাদা পেয়েছিলো। নির্মাল্য আচার্যের মৃত্যুর পরে পত্রিকাটি বন্ধ হয়ে যায়। সৌমিত্র একা আর হাল ধরেননি।

চলচ্চিত্রে আসার আগে সৌমিত্র থিয়েটার, বেতার ও আবৃত্তি শিল্পের সঙ্গে সংযুক্ত ছিলেন। পরবর্তী সময়ে তার থিয়েটার ও আবৃত্তি সম্পৃক্ততা যে কেবল বৃদ্ধি পেয়েছে তা নয়, স্বতন্ত্র দুটি ক্ষেত্রে পরিণত হয়েছে। লেখালেখি, বিশেষত কবিতা ও প্রবন্ধে তার হাতযশ ঈর্ষণীয় পর্যায়ে পৌঁছায়। থিয়েটারে তার কাজ কেবল অভিনয় ও নির্দেশনায় সীমাবদ্ধ ছিলো না। এক্ষেত্রেও তিনি কলম ধরেছেন নাটক রচনা ও অনুবাদে। বেতার নাটকেও কাজ করেছেন পরে। শেষ বয়সে হাতে তুলে নিয়েছিলেন রঙ তুলি। অঙ্কন শিল্পেও নিজস্ব ক্ষেত্র তৈরিতে সক্ষম হয়েছিলেন।

ব্যক্তিগত বন্ধুমহলের মতো এসব ক্ষেত্রেও স্বভাবতই অনেক বন্ধু-স্বজন তার ছিলো। সব মিলে তার জীবন আবর্তিত হতো এক উন্নত, পরিশীলিত ও মননশীল সারস্বত সমাজকে ঘিরে। যার প্রত্যক্ষ প্রভাবে তার সার্বিক সৃষ্টিশীলতা প্রাণচঞ্চলতা আর জীবনবোধে পরিপূর্ণ হয়ে উঠতে পেরেছিলো।

পাঁচ.

নিঃসন্দেহে সত্যজিৎ নির্মিত ১৪টি চলচ্চিত্র সৌমিত্রের অভিনয় জীবনের সেরা ১৪টি মাইলস্টোন। ফেলুদা নিয়ে যে দুটি চলচ্চিত্র সত্যজিৎ করেন সেখানে ফেলুদা চরিত্রে অভিনয় করেন সৌমিত্র। ফেলুদা সিরিজের সবকটি বইয়ের ইলাস্ট্রেশন-এ ফেলুদার যে অবয়ব দেখা যায় তার সঙ্গে সাদৃশ্য পাওয়া যায় সৌমিত্রের। দর্শকমনে ফেলুদার চেহারা মানেই সৌমিত্রের চেহারা যেনো খোদাই করা হয়ে গেছে। অন্তত প্রথম দিকের কয়েক প্রজন্মের দর্শকের কাছে।

ফলে পরবর্তী সময়ে ফেলুদাকে নিয়ে তৈরি চলচ্চিত্রগুলোতে ফেলুদা চরিত্রে অন্য অভিনয়শিল্পীদের মেনে নিতে কেমন জানি মন সায় দেয় না। সত্যজিৎ নির্মিত সোনার কেল্লা ও জয় বাবা ফেলুনাথ-এ যেভাবে সৌমিত্র গোয়েন্দা চরিত্রটির স্মার্টনেস ও কারিশমা চিত্রিত করেন, অন্যদের নির্মিত ফেলুদা চরিত্রে অভিনয়শিল্পীদের সেই চমৎকারিত্ব নেই বললেই চলে। এর নেপথ্যে সত্যজিতের মুন্সিয়ানার পাশাপাশি অবশ্যই সৌমিত্রের অভিনয় দক্ষতার বিষয়টিও আছে। সত্যজিতের বিভিন্ন চলচ্চিত্রে যখন তিনি অভিনয় করেন, প্রতিটি চরিত্রের মধ্যে এমনভাবে একাত্ম হয়েছেন, তাতে ওই চরিত্রের বাইরে তাকে যেমন অন্য কিছু ভাবা যায়নি, তেমনই মনে হয়েছে চরিত্রটি যেনো তারই জন্যে সৃষ্ট।

সত্যজিতের বাইরে মৃণাল সেন, তপন সিংহ, নিত্যানন্দ দত্ত, চিদানন্দ দাশগুপ্ত, তরুণ মজুমদার, সরোজ দে হয়ে অপর্ণা সেন, গৌতম ঘোষ, সন্দীপ রায়, ঋতুপর্ণ ঘোষ, অঞ্জন দত্ত থেকে হালের কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, অতনু ঘোষ, সুমন ঘোষ, সপ্তাশ্ব বসু, অনিরুদ্ধ রায় চৌধুরী, মৈনাক ভৌমিক পর্যন্ত বিভিন্ন প্রজন্মের প্রায় সব প্রতিভাবান নির্মাতার সঙ্গে কাজ করেছেন সৌমিত্র। এছাড়া বাণিজ্য প্রাধান্যশীল চলচ্চিত্রের নির্মাতাদের সঙ্গেও তিনি কাজ করেছেন--সলিল সেন, সলিল দত্ত, অজয় কর, অসিত সেন, অরূপ গুহঠাকুরতা, ও সি গাঙ্গুলি, বিজয় বসু, দীনেন গুপ্ত, অরবিন্দ মুখোপাধ্যায়, প্রভাত রায়-এর পাশাপাশি অঞ্জন চৌধুরী, স্বপন সাহা, সুখেন দাস।

পেশাগত কারণে অনেক চলচ্চিত্রেই কাজ করতে হয়েছে সৌমিত্রকে। গল্প, চিত্রনাট্য, নির্মাণের দিক থেকে অত্যন্ত দুর্বল অনেক চলচ্চিত্র কেবল সৌমিত্রের অভিনয়ের প্রসাদগুণে দর্শনীয় হয়ে উঠেছে। কতো উদ্ভট চরিত্রেও তাকে অভিনয় করতে হয়েছে, কিন্তু তার অভিনয় দক্ষতায় উদ্ভট সে চরিত্র প্রাণবন্ত হয়ে উঠেছে, বিশ্বস্ততা অর্জনে সক্ষম হয়েছে। প্রশ্ন করলে বলতেন, ‘খাবো কী? বাধ্য হয়ে মুখ বুজে এসব অভিনয় করতে হয়।’

ছয়.

মুম্বাই-এর হিন্দি চলচ্চিত্রে ডাক পেয়েছেন অনেকবার। না যাওয়ার মূল কারণ, ওদের সঙ্গে মানিয়ে নিতে পারতেন না। সেখানকার নামজাদা এক নির্মাতার সঙ্গে কাজ করতে গিয়েছিলেন। কিন্তু একদিন শুটিং করেই ফিরে আসেন। যেহেতু বঙ্গসংস্কৃতির নানা দিকে ঘনিষ্ঠভাবে সংযুক্ত ছিলেন--পত্রিকা সম্পাদনা, আবৃত্তি, লেখালেখি, সর্বোপরি থিয়েটার। মুম্বাইয়ের মুখ গোঁজা ব্যস্ততায় এসব যেমন সম্ভবপর নয়, তেমনি তার এসব কাজ বন্ধ হয়ে যাবারও ছিলো সমূহ আশঙ্কা। শেষ দিকে ২০০৬-এ একটি হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেন নবীন দুই নির্মাতা অভিজ্ঞান ঝা ও অভিজ্ঞান রাজহংস-এর জোরাজুরির কারণে। চলচ্চিত্রটির নাম গেহরা পানি।

সৌমিত্র অভিনীত হার্ডকোর বাণিজ্য প্রাধান্যশীল চলচ্চিত্রগুলোতে বাণিজ্যিক উপাদানের পাশাপাশি শিল্পগুণের সফল প্রয়োগ দেখা যায়। স্বভাবতই এখানেও সৌমিত্র সফল হয়েছেন। তিন ভুবনের পাড়ে চলচ্চিত্রে সৌমিত্রের সেই অসাধারণ নৃত্য সত্যিই অবিস্মরণীয়। তেমনি স্মরণীয় হয়ে রয়েছে একই অঙ্গে এত রূপ, মণিহার, হঠাৎ দেখা, বাঘিনী, চেনা অচেনা, জীবন সৈকতে, অপরিচিত, সংসার সীমান্তে, কোনি, একটি জীবন, পাষণ্ড পণ্ডিত, বেনারসী, গণদেবতা, চাঁদের বাড়ি, ভালোবাসার অনেক নাম, পাতালঘর প্রভৃতি চলচ্চিত্র। এই তালিকা খানিকটা দীর্ঘ করা যায়।

বিশেষ করে সংসার সীমান্তে চলচ্চিত্রে চোর, পাষণ্ড পণ্ডিত-এ টোলো পণ্ডিত, অগ্রদানীতে পিণ্ডখেকো বামুন, কোনির সাঁতার প্রশিক্ষক, একটি জীবন-এর ব্যাকরণবিদ চরিত্রে তার অসামান্য অভিনয় সত্যিই অবিস্মরণীয়! চলচ্চিত্রের অভিনয়কে অন্য এক মাত্রায়, ভিন্ন এক উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন তিনি। সৌমিত্রের এই অভিনয় উৎকর্ষের কথা দেশ-বিদেশের অনেক শিল্পী কলাকুশলী শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে, যাদের মধ্যে নাসিরুদ্দিন শাহ, ওম পুরী, জিলো পন্টিকর্ভো, ক্যাথরিন বার্জ, শ্যাম বেনেগাল, মৃণাল সেন, যোগেন চৌধুরী, তাপস সেন, মহাশ্বেতা দেবী, চিদানন্দ দাশগুপ্ত, সন্দীপন চট্টোপাধ্যায়, মার্টিন স্করসেস, নিকোলাস, এন্ড্রু রবিনসন, ডেরেক ম্যালকম-এর মতো প্রতিথযশা অভিনয়শিল্পী, নির্মাতা, সাহিত্যিক, কবি, চিত্রসমালোচক, চিত্রকরের নাম অগ্রগণ্য। সৌমিত্র সম্বন্ধে বিশ্বসেরা ইতালীয় নির্মাতা জিলো পন্টিকর্ভো বলেন,

সত্যজিৎ রায়ের অভিনেতা বলতে আমি একজনকে জানি, তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়। আমার মনে হয় রায়ের ওয়ান ম্যান ইন্ডাস্ট্রির চালক এবং নায়ক স্বয়ং সৌমিত্র চট্টোপাধ্যায়। ... রায় জহুরির চোখে আসল লোকটিকেই বেছে নিয়েছিলেন। সৌমিত্রের অধ্যবসায়, নিষ্ঠা এবং কঠোর অনুশীলনের ছাপ--আমি যে ক’টা ছবি দেখেছি তার সবেতেই খুঁজে পেয়েছি। সিনেমা মাধ্যমটাই পরিচালকের স্বকীয় মাধ্যম। অভিনেতাকে পরিচালকের হাতের ক্রীড়নক হয়েই থাকতে হয়। কিন্তু সৌমিত্রের মতো অভিনেতার ক্ষেত্রে ব্যাপারটা উলটো হতেই পারে। দুয়ে দুয়ে চার হয়েছিল বলেই সৌমিত্রকে নিয়ে করা রায়ের ছবিগুলো এক ঈর্ষণীয় সাফল্যে উপনীত হয়েছিল।

সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো এমন ভার্সেটাইল অভিনেতা  আমি খুব কম দেখেছি। তার আরও একটা বিশেষত্ব সিনেমা ভেরি-র স্টাইলটাকে তিনি সঠিকভাবে আয়ত্ত করতে পেরেছিলেন। অপু বা গঙ্গাচরণ ম্যাচো নায়ক নন। সিনেমা ভেরির নির্মম কঠোর বাস্তবের অভিঘাতেই দুটি চরিত্রের পূর্ণতা-পরিবেশ পরিস্থিতি একেবারে মেঠো। একেবারে জীর্ণ কালশিটে পড়া হাড় জিরজিরে বাস্তবটাকে সেজেগুজে নায়কোচিত ভঙ্গিমায় সেলুলয়েডে তোলা যায় না। না খেতে পাওয়া হাভাতে মানুষের স্বপ্নটাকে সৌমিত্র তাঁর অন্তর দিয়ে উপলব্ধি করতে পেরেছিলেন। তিনি তাঁর শরীর এবং মন দিয়ে সেই সত্যিটাকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। এবং আমি বলতে পারি তিনি সেটা অনায়াসে পেরেছেন। অভিনয়ের প্রতি এই নিষ্ঠা সারা পৃথিবীতে বিরল। আমিও মার্লোন ব্রান্ডোকে দিয়ে আমার ছবি বার্ন, কোয়েমাদায় অভিনয় করিয়েছি। মার্লোন বিরাট অভিনেতা। হলিউডের বাজারে তাঁর চাহিদা বিশাল। কিন্তু মার্লোনের অসুবিধেটা হলো তিনি আপাদমস্তক নায়ক। নায়কের খোলসটা মার্লোনের গা থেকে কিছুতেই খসে পড়ে না। কিন্তু মার্লোনের প্রতিভার কোনো অভাব নেই। সৌমিত্র এখানেই অনন্য। নায়ক হয়েও তিনি নায়ক নন।

যে কোনো পরিস্থিতিকে নিজের অনুকূলে নিয়ে আসতে পারেন। মানিয়ে যান যে-কোনো ভূমিকায়। শুধু তাই নয় সিনেমাটা দেখার পর মনে হয় সৌমিত্র ছাড়া এই ভূমিকায় অন্য কাউকেই মানাতো না। চরিত্রটা সৌমিত্রকে মনে রেখেই তৈরি। এই আত্তীকরণ ক্ষমতা বা অ্যাডাপটেবিলিটি আমি অন্তত খুব বেশি দেখিনি। সব দিক থেকেই, তাই সৌমিত্র চট্টোপাধ্যায় আন্তর্জাতিক মানের অভিনেতা।৩

জিলো পন্টিকর্ভোর এই মূল্যায়ন বাংলা চলচ্চিত্রের এই অর্জুন অভিনয়শিল্পীকে যেমন চিনিয়ে দেয়, তেমনি চিনিয়ে দেয় তার জাত। স্তানিশ্লাভস্কি ঘরানার এই সার্থক অভিনয়শিল্পী বাংলা চলচ্চিত্রের অভিনয়কে আন্তর্জাতিক স্তরে সম্মাননীয় করে তুলেছেন। তেমনভাবে বাংলা চলচ্চিত্রের যে কয়েকজন অভিনয়শিল্পী আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত তাদের মধ্যে নিজেকে তুলে ধরতে সক্ষম হয়েছেন।

সাত.

চলচ্চিত্রে স্তানিশ্লাভস্কি রীতির অভিনয়ই মানানসই। যদিও ব্রেখটীয় রীতিরও প্রয়োগ কারও কারও মধ্যে লক্ষণীয়। তবে প্রথমোক্ত রীতির অভিনয়ই চলচ্চিত্রের আন্ডারটোনাল অভিনয়ের ক্ষেত্রে প্রয়োগসিদ্ধ। এই দুই রীতি ছাড়াও আরো কিছু সুনির্দিষ্ট বৈশিষ্ট্য চলচ্চিত্রের অভিনয়ে বিদ্যমান। অভিব্যক্তির চূড়ান্ত বহিঃপ্রকাশ, নিচু লয়ের বাচিক অভিনয় এবং দৈহিক অভিনয়ের সাবলীলতা ও পরিমিতি বোধ সে বৈশিষ্ট্যের কয়েকটি, যা অন্য মাধ্যমের অভিনয়ের সঙ্গে চলচ্চিত্রাভিনয়ের একটি সুষ্পষ্ট স্বাতন্ত্র্য তৈরি করেছে।

সৌমিত্রের অভিনয়ে এসব বৈশিষ্ট্য দৃশ্যমান ছিলো, যা স্বাভাবিক অভিনয় বা ন্যাচারলিস্টিক অ্যাকটিং-এর চূড়ান্ত নিদর্শন। সৌমিত্র চলচ্চিত্রাভিনয়ে আসার আগে শিশির ভাদুড়ী ও অহীন্দ্র চৌধুরীর সংস্পর্শে এসেছিলেন। শিশির ভাদুড়ী সে যুগের মঞ্চাভিনয়ে বিপ্লব নিয়ে এসেছিলেন, পাল্টে দিয়েছিলেন যাত্রা প্রভাবিত উঁচু লয়ের অভিনয়রীতি। অহীন্দ্র চৌধুরীও স্তানিশ্লাভস্কি ঘরানার অভিনয়শিল্পী ছিলেন। এবং নাটকে ও চলচ্চিত্রে তিনি একই আঙ্গিকে অভিনয় করতেন। সৌমিত্র এই দুই অভিনয়গুরুর রীতিনীতি আত্মস্থ করেছিলেন। চলচ্চিত্রে শুরু থেকেই পেয়ে গিয়েছিলেন সত্যজিৎকে। ফলে এই তিন মহাশিল্পীর অভিভাবকত্ব তার মনন ও মেধাকে পরিশীলিত ও বুদ্ধিদীপ্ত করে তুলেছে ক্যারিয়ারের গোড়া থেকেই, যার বহিঃপ্রকাশ তার ক্ষুরধার তীক্ষ্ম অভিনয় এবং অন্যান্য শিল্পচর্চা।

সত্যজিতের চলচ্চিত্রে নিয়মিত অভিনয় এবং এর পাশাপাশি অন্যান্য নির্মাতাদের চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে সৌমিত্র ক্রমশ যেমন পরিণত হয়ে উঠেছেন, তেমনই আরো ব্যক্তিত্বপূর্ণ হয়ে উঠেছে তার অভিনয় যা তাকে চরম আত্মবিশ্বাসী করে তোলে। আর এই আত্মবিশ্বাসের শক্তিতে তিনি বিচিত্র সব চরিত্রে অভিনয় করে গেছেন অবলীলায়। অজানা শপথ-এ প্রথমে মাস্তান পরে ভদ্রচাকুরে, তিন ভুবনের পারে চলচ্চিত্রে প্রথমে পাড়ার বখাটে পরে কলেজের অধ্যাপক। দুর্দান্ত সাবলীলতায় তিনি চরিত্র দুটির দুই রকমের শেড ফুটিয়ে তুলেছিলেন। ঝিন্দের বন্দী, পাষণ্ড পণ্ডিত, গণদেবতা, সংসার সীমান্তে, অগ্রদানী প্রভৃতি চলচ্চিত্র প্রসঙ্গ আবার টানলে পুনরাবৃত্তি হবে না। আশ্চর্যজনকভাবে প্রতিটি চরিত্রে তিনি সফল। তবে এটা মোটেই আশ্চর্যজনক নয়, সম্পূর্ণ স্বাভাবিক সৌমিত্রের জন্যে। পন্টিকর্ভোর কথায়, ‘নায়ক হতে চাননি’। প্রথম চলচ্চিত্রটিও প্রচলিতভাবে নায়ক চরিত্র নয়। কখনোই নায়কের প্রচলিত খোলসে, তথাকথিত ইমেজ-এ, চলনেবলনে নিজেকে আবদ্ধ করে রাখেননি। সুচিত্রা সেন পরামর্শ দিয়েছিলেন তাকে, নিজেকে সীমিত করে রাখতে, অতোটা খোলামেলা জীবনযাপন না করতে, অর্থাৎ স্টারডমটা যেনো বজায় থাকে। কিন্তু সুচিত্রার পরামর্শ সৌমিত্র গ্রহণ করেননি। জনগণের অভিনয়শিল্পী হয়েই থেকেছেন সারাজীবন। যাপন করে গেছেন ছিমছাম আটপৌরে জীবন; থেকেছেন সাধারণ মানুষের কাছাকাছি। অথচ এর ফলে তার ‘স্টার ইমেজ’-এর কোনো ঘাটতি হয়নি।

সৌমিত্রের আরেক সহশিল্পী রুমা গুহঠাকুরতার মূল্যায়ন এক্ষেত্রে যথেষ্ট প্রাসঙ্গিকতার দাবি রাখে। তিনি বলছেন,

কোনো ফর্মালিটির ধার ধারে না সৌমিত্র। মানবিকতার মূল্য দিতে জানে ও। মানুষ হিসেবে ওর তুলনা ও-ই নিজে। অভিনেতা সংঘ (সৌমিত্র ছিলেন এই সংঘের সম্পাদক। প্রাবন্ধিক।) চালানোর ব্যাপারেও তো খুব কাছ থেকে দেখেছি ওকে। সেই সংরক্ষণ সমিতির আন্দোলনের সময়ে সৌমিত্রর কার্যকরী ভূমিকা যে কতখানি ইনস্পায়ারিং ছিল সদস্যদের কাছে, তা আমি ভুলব না। দুঃস্থ শিল্পী আর কলাকুশলীদের কাছে সৌমিত্রর পরিচয় একজন হৃদয়বান মানুষ হিসেবে। পৃথিবীসুদ্ধ তাবড় তাবড় শিল্পীদের নানা ধরনের ইগো নিয়ে হাজারো গল্প শুনি, কিন্তু আমাদের সৌমিত্র চ্যাটার্জির মধ্যে তার এতটুকুও নজরে পড়ে না। এখনও সে অমনবদনে হাঁটতে পারে কলেজ স্ট্রিটের রাস্তায়, টালিগঞ্জ পাড়ায়। নিজেকে কাচের ঘরের বাসিন্দা করে রাখেনি সে। জীবনকে নিজের অভিজ্ঞতা দিয়ে উপলব্ধি করতে চায় সৌমিত্র। আর সে জন্যই তার অভিনয়ে আমরা জীবনের উত্তাপকে ধরতে পারি যেন।৪

রুমার বক্তব্যের শেষ দুটি পঙক্তিতেই লুকিয়ে রয়েছে সৌমিত্রের স্বতঃস্ফূর্ত অভিনয়ের রহস্য।

আট.

ঋত্বিক ঘটকের সঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায়ের কাজ করা হয়ে ওঠেনি। এটা অবশ্যই বাংলা চলচ্চিত্রের একটি খামতি। তবে ঋত্বিক নির্মিত চলচ্চিত্রগুলোর চরিত্র ও নির্মাণকাল একটু খুঁটিয়ে দেখলে এটা অস্বাভাবিক মনে হয় না। বছর কয়েক আগে ঋত্বিককে নিয়ে একটি বিপরীতধর্মী মন্তব্য তার জবানে দু-একটি পত্রিকায় ও অনলাইনে প্রকাশ হলে বিতর্কের ঝড় ওঠে। কিন্তু সৌমিত্র এটা সম্পূর্ণ অস্বীকার করেন। তার পরিশীলিত চরিত্রের সঙ্গে প্রকৃতপক্ষেই এই আচরণ সামঞ্জস্যহীন। এটা হয়তো সৌমিত্রকে হেয় প্রতিপন্ন করার নিতান্তই এক অপপ্রচার।

সত্যজিতের পর যে নির্মাতা সৌমিত্রকে বিভিন্নভাবে চরিত্রায়িত করেছিলেন তিনি তপন সিংহ। তিনি সৌমিত্রকে বলতেন, ‘সংযমশাসিত প্রতিভাবান অভিনেতা।’ তপন সিংহ বলেছিলেন,

সৌমিত্রকে (ক্ষুধিত পাষাণে) নেওয়ার পর আমরা প্রবল উৎসাহে প্রচুর রিহার্সালের ব্যবস্থা করেছিলাম। চিরকাল আমরা যেটাকে রিহার্সাল বলেছি, এখন তার নাম হয়েছে ওয়ার্কশপ। ... সৌমিত্র সম্পর্কে প্রথমেই যেটা আমাকে খুব খুশি করেছিল, সেটা ওর শেখার আগ্রহ। এমনিতে ও চিরকালই ভদ্র, মার্জিত, শিক্ষিত ছেলে। প্রতিভা নিশ্চয়ই ওর মধ্যে ছিল, কিন্তু যে কোনো প্রতিভাবানকেও কাজটা শিখতে, জানতে হয়। বয়স নিশ্চয়ই এখন ষাট পঁয়ষট্টি হয়েছে (২০০০ সালে), বিরাট খ্যাতিও পেয়েছে, কিন্তু শেখার মনটা আজও ওর মধ্যে রয়ে গেছে।

... ঝিন্দের বন্দীতে সৌমিত্রকে ময়ূরবাহন চরিত্রে নেওয়াতে সেই সময়ে অনেকে অবাক হয়েছিলেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আত্মবিশ্বাসী ছিলাম। আমি ভেবেছিলাম একজন দক্ষ অভিনেতা হিসেবে সৌমিত্র শুধুমাত্র রোমান্টিক হিরোর ভূমিকায় কাজ করবে কেন? বিদেশে বহু বিখ্যাত অভিনেতারা সুযোগ পেলেই বারবার নিজেদের নানা চরিত্রে উপস্থিত করেছেন, সুতরাং আমরাই বা করবো না কেন। যে কোনো ভালো অভিনেতারই এভাবে নিজেকে, নিজের  ইমেজকে ভাঙার প্রয়োজন আছে, এতে অভিনয়ে বৈচিত্র্যের বিস্তৃতি বাড়ে।

সৌমিত্রকে ডেকে যখন ময়ুরবাহনের চরিত্রটার কথা বললাম, ও তো প্রায় লাফিয়ে উঠে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। ... সকলেই জানেন সৌমিত্র কী অসাধারণ কাজ করেছিল।৫

প্রায় সব অভিনেত্রীর সঙ্গে কাজ করেছেন সৌমিত্র। তবে বৈদগ্ধ্যের দিক থেকে শর্মিলা ঠাকুর, অপর্ণা সেন এবং মাধবী মুখোপাধ্যায়-এর সঙ্গেই ছিলো যথাযথ স্ক্রিন কেমিস্ট্রি। সত্যজিতের চলচ্চিত্রে তিন জনের সঙ্গেই তিনি অভিনয় করেছেন। মাধবী মুখোপাধ্যায় বলেছেন,

মানুষ সৌমিত্র যেমন বন্ধু হয় তেমন, খুব সুন্দর বন্ধু। প্রতি কাজের মধ্যে বিনয়, সংযম, ভদ্রতা সব কিছু নিয়েই আমি সৌমিত্রবাবুকে দেখেছি। উনিও আমাকে সেভাবে দেখেন। আর অভিনেতা সৌমিত্র দিনে দিনে অসাধারণ অভিনেতা হয়ে উঠেছেন। প্রতিদিন যেন তাঁর অভিনয় দক্ষতা বেড়ে যাচ্ছে। ...  আবার অভিনেতা সৌমিত্র যখন ডিরেক্টর সৌমিত্র (নাটকে), তখন একটা অদ্ভুত মানুষ, ভীষণ কঠিন, হাসি ঠাট্টা কোনোটাই নেই, ... সৌমিত্রবাবুর সবচাইতে বড় গুণ তাঁর কোনো চাহিদা নেই।৬

সৌমিত্রের পরিমণ্ডল নিয়ে আগেই কথা বলেছি। অভিনয়শিল্পী বিপ্লব চট্টোপাধ্যায় যখন বলেন,

সৌমিত্রদা ... আমাকে একটা কথা বলেছিল যেটা আমি কোনোদিনও ভুলব না। বলেছিল, ‘যদি অভিনেতা হিসেবে দর্শকদের মনে চিরস্থায়ী জায়গা করে নিতে চাও তাহলে, অভিনয়ের বাইরে একটা অন্য জিনিস সব সময় খেয়াল রাখবে। তোমার বন্ধু-বান্ধব, তোমার আড্ডার সার্কেল এমন তৈরি করবে, যেন তাতে তোমার চেয়ে বেশি বুদ্ধিধারী লোকেরা থাকে। তাহলে তোমার নিজেরই প্রকাশের ব্যাপ্তিটা অনেক বেশি হবে। অভিনয়ে যেটা দারুণ দরকার।৭

তখন সৌমিত্রের সারস্বত পরিমণ্ডলের গুরুত্বটা অনুধাবন করা যায়।

সৌমিত্রের প্রথম নায়িকা (অপুর সংসার) শর্মিলা ঠাকুর যখন বলেন,

ওর সঙ্গে দশ মিনিট সময় কাটানোও এমন একটা অভিজ্ঞতা, যা সারা জীবন মনে রাখা যায়। ওর সঙ্গে কথা বলতে গিয়ে একেবারেই তরল কথাবার্তা বলা যায় না, পরনিন্দা-পরচর্চা-গসিপে সময় কাটানো যায় না। আবার এও নয় যে সৌমিত্র শুধু জ্ঞানের কথা বলে, ভারী ভারী কথা বলে। ওর স্বভাবের মধ্যেই ‘সিরিয়াসনেস’-এর পাশাপাশি একটা খোলামেলা ভাব আছে। যা আপনাকে আকর্ষণ করবেই করবে। মেকি কথা বলে বাহবা কুড়োবার প্রবণতা কোনোদিনই ওর মধ্যে ছিল না। সৌমিত্র নিজে যা বিশ্বাস করে না, সেটা কখনো বলে না। ... প্রথাগত ব্যাপারে সব সময়েই অনীহা। সাধারণের মধ্যে থেকেও অসাধারণ।৮

তখন শর্মিলার এই বয়ানের মধ্য দিয়ে মানুষ সৌমিত্রকে খুঁজে পাওয়া যায়। যিনি ‘সাধারণের মধ্যে থেকেও অসাধারণ।’

নয়.

সৌমিত্র চলচ্চিত্রের পাশাপাশি মঞ্চ ও টেলিভিশনে অভিনয় করেছেন। চলচ্চিত্রের আগে বেতার (ঘোষক) ও থিয়েটারে কাজ করেছেন। পরবর্তী সময়ে চলচ্চিত্রের সমান্তরালে কাজ করেছেন থিয়েটারে। নাটক রচনা ও নির্দেশনা দিয়েছেন। সঙ্গীত পরিচালনা করেছেন। অভিনয় তো রয়েছে-ই। ছড়া, কবিতা, প্রবন্ধ লিখেছেন প্রচুর। চলচ্চিত্র বিষয়ক তার লেখাগুলোও যথেষ্ট উৎকৃষ্ট। উৎকৃষ্ট তার কবিতা। আত্মস্মৃতি বিষয়ক লেখাগুলোও সুখপাঠ্য। আবৃত্তি শিল্পে সৌমিত্রের অবদান স্বতন্ত্র। এক্ষেত্রে তিনি প্রতিষ্ঠা করেছেন স্বকীয় ঔজ্জ্বল্য। বেতার ঘোষক হিসেবে তার শিল্পী ক্যারিয়ারের শুরু। ফলে কণ্ঠশীলনের সুযোগটা জীবনের প্রথম পর্যায়েই পেয়ে গিয়েছিলেন। যেটা ক্রমশ আরো পরিশীলিত এবং যথাযথ মাত্রা পেয়েছে দুই নাট্য মহারথী এবং এক চলচ্চিত্র মহারথীর প্রশিক্ষণে ও পরিচর্যায়।

তিন মায়েস্ত্রোর সাহচর্য ও শিক্ষায় নিজেও পরিণত হয়েছিলেন মায়েস্ত্রোতে। হয়ে উঠেছিলেন কিংবদন্তি। রেয়ার ভার্সেটাইল জিনিয়াস। আরো বিস্তৃতভাবে বললে, পারফেক্ট রেয়ার ভার্সেটাইল জিনিয়াস। প্রায় ৭০ বছর ধরে শিল্প-সংস্কৃতির বিভিন্ন শাখায় নিরবচ্ছিন্ন এক পথচলা তার। স্বভাবতই প্রতিটি ক্ষেত্রেই সাফল্যের সোনার হরিণ ধরা দিয়েছে তার হাতে। বাংলা সাহিত্যে স্নাতকোত্তর সৌমিত্রের ইংরেজি ভাষা ও সাহিত্যেও তুখোড় দক্ষতা ছিলো। ফরাসি ভাষাতেও আগ্রহ ছিলো তার।

চলচ্চিত্রে আগমনের আগেই তিনি স্বাধীনভাবে নাট্য নির্দেশনা দিয়েছেন। ১৯৫৬ খ্রিস্টাব্দে তার প্রথম নির্দেশিত নাটক--‘মুখোশ’। ডব্লিউ ডব্লিউ জ্যাকবস্-এর দ্য মংকি’স প নাটকের অনুবাদ সৌমিত্র নিজেই করেছিলেন এবং অভিনয়ও করেন তাতে। এটা অপুর সংসার-এর তিন বছর আগের ঘটনা। সেই থেকে ২০১৬ খ্রিস্টাব্দ পর্যন্ত মোট ৫২টি নাটকে নির্দেশনা ও অভিনয় করেছেন যার সিংহভাগ তার নিজের অনুবাদ ও মৌলিক রচনা। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য--‘বিদেহী’, ‘ক্রুশবিদ্ধ কুবা’, ‘নামজীবন’, ‘ফেরা’, ‘নীলকণ্ঠ’, ‘ঘটক বিদায়’, ‘টিকটিকি’, ‘প্রাণতপস্যা’, ‘রাজা লিয়ার’, ‘কাল মৃগয়া’। অভিনয় করেননি অথচ অনুবাদ করেছেন এরকম নাটক ছয়টি। বেতার নাটক, শ্রুতি নাটক, কাব্যনাট্য, পুতুল নাটক এবং গীতি আলেখ্য ১৬টি। অর্থাৎ চলচ্চিত্রের পাশাপাশি নাটকেও সৌমিত্রের অংশগ্রহণ ও অবদান কোনো অংশে কম কিছু নয়। চলচ্চিত্রে তিনি নির্দেশনা দেননি, কিন্তু নাটকে তিনি একজন সফল নির্দেশক।

১৫টি টেলিফিল্ম-এ অভিনয় করেছেন। টেলিফিল্ম-এ অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে উল্লেখযোগ্য--চন্দ্রাবতী কথা, মহাসিন্ধুর ওপার থেকে, সল্যুউশন এক্স, টিকটিকি, চার চরিত্র, শ্যাডোস অব টাইম, অসমাপ্ত, হোমোপাখি, মুসলমানীর গল্প। এছাড়া তিনি নির্মাণ করেছেন একটি টেলিসিরিয়াল। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘স্ত্রীর পত্র’ অবলম্বনে স্ত্রী কা পত্র নামে একটি ছোটো সিরিয়াল নির্মাণ করেছিলেন। হিন্দি ভাষায় কাজের জন্য বেশ কয়েকবার আমন্ত্রণ পেয়েও যাননি। একবার গিয়ে শুটিং শুরুর ঠিক আগ মুহূর্তে ফিরে আসেন নির্মাণ পদ্ধতি পছন্দ না হওয়ায়। অনেক পরে মাত্র একটি চলচ্চিত্রে অভিনয় করেন। আরেকবার মধুর ভান্ডারকর-এর ট্র্যাফিক সিগন্যাল-এ সবকিছু চূড়ান্ত হয়ে যাবার পর আকস্মিক অসুস্থতার কারণে শেষপর্যন্ত আর মুম্বাই যেতে পারেননি। শেষে চরিত্রটিতে অভিনয় করেন ধর্মেন্দ্র।

বেতার নাটকেও অভিনয় করেছেন। এর মধ্যে ‘থ্রি পেনি অপেরা’, ‘বাক্স রহস্য’, ‘গোঁসাইপুর সরগরম’, ‘অনিঃশেষ প্রাণ’, ‘রেখো মা দাসেরে মনে’ উল্লেখযোগ্য।

অভিনয়শিল্পী সৌমিত্রের পরবর্তী পরিচয় কবি সৌমিত্র। শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়ের মতো জাঁদরেল কবি বন্ধুর নিয়ত সাহচর্যে থেকেও সৌমিত্রের কবিতা তার একান্তই নিজস্ব। মৌলিক গঠনে ও প্রয়োগে ঋদ্ধ। ২১টি কাব্যগ্রন্থ রয়েছে তার। এর মধ্যে একটি খলিল জিবরান-এর ‘দ্য প্রফেট’-এর অনুবাদ ‘দ্রষ্টা’। প্রথম কাব্যগ্রন্থ ‘জলপ্রপাতের ধারে দাঁড়াব বলে’ প্রকাশিত হয় ১৯৭৫ খ্রিস্টাব্দে। ২০১৯-এ প্রকাশ হয় তার কবিতার শেষ বই ‘অন্ত্যমিল’। ২০২০ খ্রিস্টাব্দে অমিতাভ নাগ-এর অনুবাদে সৌমিত্রের ৫০টি কবিতা নিয়ে প্রকাশিত হয় ‘Walking through the Mist’ নামে অনুবাদ কাব্যগ্রন্থ। ছড়ার বই দু’টি। প্রবন্ধ সংকলন ১৪টি। এর মধ্যে দু’টি সত্যজিৎ রায় ও একটি শিশির ভাদুড়ীকে নিয়ে। নাটকের গ্রন্থ সাতটি। এর মধ্যে একটি ‘নাটক সমগ্র-১’। গীতি আলেখ্য গ্রন্থ দু’টি। সাক্ষাৎকারমূলক গ্রন্থ রয়েছে একটি। সম্পাদিত পত্রিকা ‘এক্ষণ’ (নির্মাল্য আচার্যের সঙ্গে যুগ্মভাবে) ছাড়াও নির্মাল্য আচার্য ও অশ্রুকুমার শিকদার-এর সঙ্গে যৌথভাবে সম্পাদিত গ্রন্থ যথাক্রমে দু’টি ও তিনটি। সবমিলে রীতিমতো ঈর্ষণীয় ব্যাপার! অনেক সুপ্রতিষ্ঠিত লেখকেরও এতো প্রকাশনা নেই।

কবিতা ছিলো তার নিজের মনের কথা বলার এক নিভৃত জায়গা। তাই তিনি বলতেন, ‘কবিতাই মানুষের কাছে আমার ঋণ স্বীকার।’ বলতেন, ‘অভিনয়ের সময়, অভিনীত চরিত্রটির আড়ালে নিজেকে লুকোতে চাই আমি। যেন সেই চরিত্রটি আমার ঢাকনা, প্রচ্ছদ, অন্তরাল। আর কবিতা লেখার সময় নিজেকে উন্মোচন করি আমি। নিজেকে খুলে দিই, যতটা পারি। ভেঙে দিতে চাই আড়াল। কবিতা লেখা, তাই আমার মুক্তি।’৯

কবি মোহিত চট্টোপাধ্যায় আবার একটু ভিন্ন সুরে কবি সৌমিত্র চট্টোপাধ্যায়কে তুলে ধরতে চান--

বাংলা চলচ্চিত্রের পরিমণ্ডলে সৌমিত্র চট্টোপাধ্যায়ের নামে দামামা বেজে ওঠে, নাট্যমঞ্চে ছড়িয়ে পড়ে করতালির পুষ্পবৃষ্টি শ্রোতা-সমাবেশে তাঁর আবৃত্তি মুগ্ধতার ঢেউ তোলে। সৌমিত্রর এই খ্যাতি ও জনপ্রিয়তায় কখনও ভাটা পড়েনি--উজানে বয়ে চলেছে বহতা স্রোতে। কিন্তু নট বা আবৃত্তিকার সৌমিত্রর মতো কবি সৌমিত্রকে নিয়ে এতটা তোলপাড় নেই। অথচ কবি হিসেবে তিনি যথেষ্ট শক্তিশালী। কবিতার পাঠক সমাজে বহুকাল ধরেই তিনি সম্মানিত কবি। অভিনেতা হিসেবে তিনি নিজেকে তুলে ধরেন আত্মপ্রকাশের বিপুল দাপটে, কিন্তু কবি হিসেবে তিনি এর উল্টো--লাজুক, সংকুচিত, নিদারুণ বিনয়ী।১০

আবৃত্তিকার সৌমিত্র আরেক প্রতিভা। আবৃত্তি তো অভিনয়েরই আরেক প্রতিরূপ। যেখানে কবিতায় অন্তর্লীন কবি মূর্ত হয়ে ধরা দেন--শব্দ, ছন্দ, উপমার রূপে রসে গন্ধে। সৌমিত্রের কবিতা পাঠ একটি কবিতাকে রক্তে মাংসে জীবন্ত করে তুলতো। অপরূপ এক শরীরী ব্যঞ্জনায় ধরা দিতো শ্রোতার চোখে যেমনই তেমনই স্বর ক্ষেপনের কণ্ঠ সুধারসে অন্তরকে পরিতৃপ্ত করতো। শ্রোতা মাত্রই এটা স্বীকার করবে। সৌমিত্রের বাচিক দক্ষতা ও সাবলীলতা তার আবৃত্তিকে আরো উচ্চ মাত্রায় পৌঁছে দিয়েছিলো। আবৃত্তিশিল্পী ব্রততী বন্দ্যোপাধ্যায়-এর অভিজ্ঞতায়--‘সৌমিত্রদার পাঠে আমার ঘোর লাগে, আর সেই ঘোরের নির্জনতায় ভালো লাগে একাকী তাঁর কবিতা পড়তে।’১১

আবৃত্তিগুরু প্রদীপ ঘোষ বলেন,

... তিনি যে আবৃত্তির নিজস্ব শক্তির ওপর আস্থাবান, তথাকথিত পরীক্ষা-নিরীক্ষার অজুহাতে তাকে তাৎক্ষণিক বিনোদনের পণ্য করে তুলতে চান না এটাই তাঁর কাছে আমার মূল্যবান প্রাপ্তি। ... তাঁর গুণগ্রাহীও অগণিত। তবু আমিও যে তাঁর স্বগোত্র কিংবা তিনি আমার, এই কথা ভাবলে আমার মন পরিশীলিত আনন্দে উদ্বুদ্ধ হয়, আমিও প্রতিনিয়ত কবিতার কাছে যেতে উৎসাহিত হই। এবং অনেককে কবিতার কাছে আনতে, এই পথে আমার প্রিয় স্বজন সৌমিত্রদাও উজ্জ্বল সঙ্গী।১২

দশ.

বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন আলোক বিশারদ তাপস সেন-এর সঙ্গে সৌমিত্রের যোগাযোগ নাটকের সূত্রে। সৌমিত্র নির্দেশিত প্রথম নাটক ‘মুখোশ’-এ (যেটি নিখিল ভারত আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্য প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছিলো) ১৯৫৬ তে তাপস সেন আলোর দায়িত্ব পালন করেছিলেন। সেই থেকে দুজনের সম্পর্ক। তাপস-এর কিছু কথা এ প্রসঙ্গে উল্লেখযোগ্য--

কলকাতার থিয়েটারে একজন আধুনিক নির্দেশকের ভূমিকায় সত্যিকারের পরিচয় পেলাম সৌমিত্র যখন পেশাদার মঞ্চে এল ওরই লেখা নাটক নামজীবন-এ। নাট্যকার ছাড়াও এখানে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সার্থক ভূমিকা ছিল নির্দেশনা ও নায়কের চরিত্র অভিনয়ে। উৎপল দত্তের পর আমি এই প্রথম একজন আধুনিক শিক্ষিত ও প্রগতিশীল নাট্যবিদকে পেলাম--যার সঙ্গে সাধারণ রঙ্গালয়ের পরিচিতি ছিল একজন আগ্রহী দর্শক হিসেবে, তার চেয়ে বড় কথা শিশির কুমারের খাঁটি অনুগামী শিষ্য হিসেবে ...

নামজীবন-এ এসে দেখলাম প্রথম Script reading থেকেই ও একদম জমিয়ে দিল। ... নামজীবন-এ সৌমিত্রের শিল্পবোধ, পরিমিতি ও নিষ্ঠা আমাকে আবার নতুন করে উৎসাহিত করেছিল পেশাদার থিয়েটার (প্রফেশনাল) কথাটার মর্যাদার বিষয়ে। ...

আমার ধারণা নাট্যচার্য শিশির কুমারের অনুপ্রেরণা তো ছিলই, তার সঙ্গে দীর্ঘকাল সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করে নানা বিষয়ে বিশেষত সংগীত ও আবহ সৃষ্টির কাজ ওকে এরকম করে ভাবতে শিখিয়েছিল, যেটা হয়তো খানিকটা ফিল্ম বা প্রচলিত থিয়েটারের সংগীতের থেকে আলাদা।১৩

রবীন্দ্রনাথও জীবনের শেষ প্রান্তে চিত্রশিল্পে মনোনিবেশ করেছিলেন। দেশে-বিদেশে প্রদর্শনী হয়েছিলো। সাড়া পড়ে গিয়েছিলো রীতিমতো। রবীন্দ্রনাথ তার আঁকাআঁকিকে বলতেন, ‘আমার শেষ বয়সের প্রিয়া।’ সৌমিত্র জীবনের শেষ প্রান্তে মগ্ন হয়েছিলেন অঙ্কন শিল্পে। সুধীজনের প্রশংসাও কুড়িয়েছেন যথারীতি। চিত্রশিল্পী যোগেন চৌধুরীর কথায়--

আমি সব সময়েই ভেবে থাকি যে একজন উঁচু যে কোনো বিষয়ের সৃষ্টিশীল এবং সংবেদনশীল ব্যক্তিত্ব যখন অন্য কোনো মাধ্যমে নিজেকে বিন্দুমাত্র প্রকাশ করতে এগিয়ে আসেন সে ক্ষেত্রে তাঁর সেইসব কাজের মধ্যেও কোনো না কোনোভাবে সেই সৃষ্টিশীল ব্যক্তিত্বের গভীরতা ও সংবেদনশীলতা প্রকাশ পেতে বাধ্য--যদিও সেই মাধ্যমের সম্পূর্ণ প্রকরণগত নিপুণতা সেখানে নাও থাকতে পারে। সৌমিত্রদা’র আঁকা চিত্রকলাতেও সেই বিষয়টি স্পষ্ট। তাছাড়া তাঁর দীর্ঘ জীবনের বিচিত্র কর্মকাণ্ডের অভিজ্ঞতা, পর্যবেক্ষণ, অনুভব, সাহিত্য-সংযোগ, সিনেমা ও থিয়েটারের অজস্র মানুষজন বা চরিত্রের সঙ্গে পরিচয়--সবকিছু তাঁর ছবিতে নানারূপ ও ভাব নিয়ে প্রকাশিত হয়েছে। যা বারবার দেখবার এবং বুঝবার বিষয়। নানা খুঁটিনাটি বৈচিত্রময় সৌমিত্রদার এই অসাধারণ সব ছবিতে ছড়িয়ে ছিটিয়ে আছে। ১৪

এগারো.

স্বভাবতই প্রচুর সম্মাননা পেয়েছেন সৌমিত্র দেশে-বিদেশে; তবে রাষ্ট্রীয় সম্মান পেয়েছেন অনেক দেরিতে। এ নিয়ে তার অভিমানও ছিলো। তার অভিনীত চলচ্চিত্রগুলো একে একে শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছে, অথচ সেসব চলচ্চিত্রে অভিনয়ের জন্যে তিনি পুরস্কৃত হননি কখনো। অনেক পরে, বলতে গেলে জীবনের শেষ প্রান্তে, সুমন ঘোষ-এর পদক্ষেপ-এ অভিনয়ের জন্যে ২০০৮-এ তিনি শ্রেষ্ঠ অভিনয়শিল্পীর জাতীয় পুরস্কার পান। অথচ এর আগে ২০০৪ খ্রিস্টাব্দে তিনি ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পদক ‘পদ্মভূষণ’-এ ভূষিত হন। রীতিমতো এটা ছিলো প্রবঞ্চনা। ফলে শ্রেষ্ঠ অভিনয়শিল্পীর জাতীয় পুরস্কার গ্রহণে তার একটু দ্বিধা ছিলো! পরে সবার অনুরোধে তিনি পুরস্কারটি গ্রহণ করেন। ২০১২ খ্রিস্টাব্দে ভারত সরকার সৌমিত্রকে চলচ্চিত্রে অবদানের জন্যে আজীবন সম্মাননা ‘দাদা সাহেব ফালকে’ পদকে ভূষিত করেন। ইতালির ‘নাপোলি চলচ্চিত্র উৎসব’-এ লাইফটাইম অ্যাচিভমেন্ট আ্যাওয়ার্ড পান ১৯৯৯-এ। ভারত সরকার ১৯৯১ খ্রিস্টাব্দে অন্তর্ধান চলচ্চিত্রের জন্য বিশেষ জুরি পুরস্কার দেয়। ২০০০-এ গৌতম ঘোঘ-এর দেখার জন্যে একই পুরস্কার দেওয়া হলে তিনি তা প্রত্যাখান করেন। অবশ্য এর অনেক আগে ১৯৭০-এ তিনি ভারত সরকারের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পদক ‘পদ্মশ্রী’ও প্রত্যাখ্যান করেছিলেন। ১৯৯৮ খ্রিস্টাব্দে নাটকের জন্য সঙ্গীত-নাটক অ্যাকাডেমির পুরস্কারও তিনি পান।

ফরাসি সরকার ২০১৭ খ্রিস্টাব্দে সৌমিত্রকে দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘লিজিয়ঁ দ্য’ নর’ (লিজিয়ন অফ অনার)-এ ভূষিত করা হয়। এই সম্মাননায় সত্যজিৎ রায়কেও সম্মানিত করা হয়েছিলো ১৯৮৭ তে। ফরাসি দেশে সত্যজিৎ ও সৌমিত্র বরাবরই সমাদৃত। নানাভাবে এই দুই মহাশিল্পীকে নিয়ে সে দেশে চর্চা হয়েছে। এছাড়া ফরাসি সরকার ২০১৭ তে সৌমিত্রকে ‘কমান্দার দ্য লার্দ্র দে আর্ত’ পদকেও সম্মানিত করেন।

বারো.

ফরাসি চলচ্চিত্রনির্মাতা ক্যাথরিন বার্জ ২০০৬-এ সৌমিত্রকে নিয়ে গাছ নামে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেন। চলচ্চিত্রটি কান চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়। এর দুই প্রযোজক ছিলেন সত্যজিৎ অনুরাগী। বিশ্ব চলচ্চিত্রে ইসমাইল মার্চেন্ট-জেমস আইভরি জুটি স্বনামখ্যাত। এরা সত্যজিতের সবকটি চলচ্চিত্র ডিজিটালাইজড করে একটি সমৃদ্ধ আর্কাইভ প্রতিষ্ঠা করেছেন। স্বভাবতই সৌমিত্রকে নিয়ে প্রামাণ্যচিত্রটি নির্মাণের ক্ষেত্রে এরা আগ্রহী ছিলেন। ফলে ক্যাথরিনের প্রস্তাব তারা সানন্দে গ্রহণ করেন। ক্যাথরিন প্রচুর পরিশ্রম করে সত্যজিৎ ও সৌমিত্র সংশ্লিষ্ট জীবিত সবার সঙ্গে বিশেষত সৌমিত্রের সহ-অভিনয়শিল্পীদের সমন্বয়ে গুরুত্বপূর্ণ এই চলচ্চিত্রটি নির্মাণ করেন।

এ নিয়ে ক্যাথরিন বার্জ-এর কিছু কথা প্রণিধানযোগ্য--

সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে যে আমাকে কোনোদিন ফিল্ম করতে হবে এবং বাংলা ভাষায়, তা আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি। যেদিন থেকে ফিল্ম দেখার চোখ তৈরি হয়েছে, সেদিন থেকে আমি সত্যজিৎ রায়ের ভক্ত। সত্যজিতের সব ছবি আমি অসংখ্যবার দেখেছি। এবং দেখতে দেখতে সৌমিত্র সম্পর্কে আলাদা একটা ভালোবাসা এবং শ্রদ্ধা তৈরি হয়েছে। আকিরা কুরোসাওয়ার যেমন তোশিরো মিফুনে, আন্দ্রে ভাইদার যেমন জেরার দেপারদিউ, ইংমার বার্গম্যানের যেমন ইনগ্রিড বার্গম্যান, সত্যজিতের তেমনই সৌমিত্র। কাউকে ছোটো না করেই বলছি, সৌমিত্রকে আমার মনে হয় লরেন্স অলিভিয়ের মানের অভিনেতা। হলিউডে অভিনয় করলে সৌমিত্র ওই রকম আন্তর্জাতিক স্বীকৃতি পেতেন। ...

আমি যেভাবে ছবিটা করতে চেয়েছিলাম সেভাবেই করেছি। ... ছবির নাম গাছ। নামটা আমার দেওয়া নয়। নামটা সৌমিত্রর দেওয়া। ওঁর বাবা বলতেন, প্রত্যেক মানুষের হওয়া উচিৎ বড়ো গাছ, যা পাখিদের আশ্রয় দেবে, পথিককে দেবে ছায়া। সৌমিত্রও তো তাই-ই। কত মানুষকে যে উনি আশ্রয় দিয়েছেন তার ইয়ত্তা নেই। হয়তো সে জন্যই যখন জাকির হোসেনকে ছবির মিউজিক করতে বললাম, জাকির তো এক কথায় রাজি। ভালো কাজ করেছিলেন জাকির। আসলে সবই পুলুর জন্য। মানুষটা এত ভালো যে, ওঁর জন্য মরেও সুখ।

আমি এখনও মনে করি সৌমিত্রের যথাযথ মূল্যায়ন হয়নি। ওঁর মতো আন্তর্জাতিক মানের অভিনেতা সারা পৃথিবীতে খুব কমই আছে। ... স্বভাবত, স্বতন্ত্র এক অন্য মানুষ, যে মানুষটাকে আমি ভালোবাসি। সারা জীবন ভালোবাসবো।১৫

তেরো.

সৌমিত্রের আদি নিবাস বাংলাদেশের কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার কয়া গ্রামে। ঘনিষ্ঠ বন্ধুরা মজা করে তাকে কয়াবাবু বলে ডাকতো। ‘কয়াবাবু’ শিরোনামে অমিতাভ চৌধুরী চমৎকার একটি ছড়া লিখেছেন সৌমিত্রকে নিয়ে। সৌমিত্রের পিতামহ ললিতমোহন চট্টোপাধ্যায় ছিলেন আইনজীবী। তিনি কুষ্টিয়ার সন্নিকটে নদীয়ার সদর শহর কৃষ্ণনগরে নতুন আবাস গড়ে স্থিত হন। পিতামহী সুধাময়ী দেবী ছিলেন পণ্ডিত মদনমোহন তর্কালঙ্কার-এর দৌহিত্রী। বাবা মোহিতকুমার চট্টোপাধ্যায়ও ছিলেন আইনজীবী। পরবর্তী সময়ে সরকারি চাকুরিতে যোগ দেন। মা আশালতা দেবীও সুশিক্ষিত। এই দম্পতির তিন ছেলে এক মেয়ের দ্বিতীয় সৌমিত্র। জ্যেষ্ঠভ্রাতা সম্বিত কুমার-এর দেওয়া ডাক নাম পুলু। ১৯ জানুয়ারি ১৯৩৫ কলকাতার মির্জাপুর স্ট্রিটের ৪৯ নম্বর বাড়িতে মাতুলালয়ে সৌমিত্রের জন্ম। কৃষ্ণনগর, বারাসাত, দার্জিলিং, হাওড়া ও কলকাতায় লেখাপড়া। বাংলায় স্নাতক (সম্মান)। স্কুল জীবন থেকে নাটকে অভিনয় শুরু। যা আজীবন অব্যাহত ছিলো। তবে শুরুটা তারও আগে। বাবা-মা দুজনেই অভিনয়, আবৃত্তি ভালোবাসতো। ফলে বাড়িতেই এসবের চল ছিলো। ঘরোয়াভাবে বাড়িতে মঞ্চ বানিয়ে নাটক, আবৃত্তির আয়োজন করা হতো।

১৯৬০ খ্রিস্টাব্দের ১৮ এপ্রিল দীপা চট্টোপাধ্যায়-এর সঙ্গে সৌমিত্র পরিণয় সূত্রে আবদ্ধ হন। দীপা ছিলেন সৌমিত্রের বোনের বান্ধবী। সেই সূত্রে পরিচয় এবং প্রণয়। দীপা দর্শনশাস্ত্রে স্নাতক ও স্নাতকোত্তর। তিনি ছিলেন প্রথম সারির একজন ব্যাডমিন্টন খেলোয়াড়। দীপা দেবী সৌমিত্রবাবুর প্রয়াণের চার মাস পর ২০২১ খ্রিস্টাব্দের ৪ এপ্রিল প্রয়াত হন। তাদের দুই সন্তান সৌগত চট্টোপাধ্যায় ও পৌলোমী বসু। পৌলোমী স্বনামখ্যাত নাট্য অভিনয়শিল্পী। বাবার সঙ্গে দীর্ঘ কর্মঅভিজ্ঞতা রয়েছে তার। পৌলোমীর ছেলে রণদীপ বসুও নাটক ও চলচ্চিত্রের অভিনয়ে এসে ইতোমধ্যে দৃষ্টি আকর্ষণে সমর্থ হয়েছেন।

চৌদ্দ.

৮৫ বছরের কর্মচঞ্চল সৌমিত্র জীবনের শেষ সুস্থ দিনগুলিতেও কর্মব্যস্ত ছিলেন। ২০২০-এর সেপ্টেম্বরে তাকে নিয়ে নির্মিতব্য প্রামাণ্য চলচ্চিত্র আমি সৌমিত্র-এর কাজ শুরু হয়। তিনি শুটিংও করছিলেন। ৬ অক্টোবর কোভিড-এ আক্রান্ত হয়ে কলকাতার বেলভিউ ক্লিনিক-এ ভর্তি হন। ১৫ অক্টোবর রাত ১২টা ১৫ মিনিটে এই মহাযাত্রার অবসান ঘটে।

চারশো-এর অধিক চলচ্চিত্র, প্রায় অর্ধশত মঞ্চনাটক, ২৫টি টেলিভিশন নাটক ও টেলিফিল্মের অভিনয়শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে শ্যাম বেনেগাল বলেন,

সত্যজিৎবাবুর অভিনেতাদের মধ্যে সৌমিত্র চট্টোপাধ্যায় এক ব্যতিক্রমী আবিষ্কার। অপুর সংসার থেকে সৌমিত্রবাবুকে নিয়ে তাঁর অভিযানের শুরু। মৃত্যুর আগের দিন পর্যন্ত সে অভিযানের ধারা অব্যাহত ছিল। সত্যজিৎবাবু সৌমিত্র চট্টোপাধ্যায়কে ছাড়া স্বয়ংসম্পূর্ণ কি না--এ অত্যন্ত জটিল প্রশ্ন। সৌমিত্রবাবু যে সব চরিত্রে রূপদান করেছেন তা এতটাই জটিল ও বহুমাত্রিক যে তাঁর বিকল্প খোঁজার চেষ্টা অর্বাচীনতারই নামান্তর। ...

সৌমিত্র বাবু সম্পর্কে লিখতে বসে একটা বিশেষ গুণের কথা বারবার মনে পড়ছে। সেটা হলো সৌমিত্রবাবুর সেনসিটিভিটি। সৌমিত্রবাবুর অসংখ্য অভিনয় গুণাবলির মধ্যে এটা মাত্র একটা। কিন্তু এই বিশেষ গুণটি অভিনেতার ক্ষেত্রে এক সম্পদ। সারা পৃথিবীতে খুব কম অভিনেতা আছেন যাঁদের এই গুণটির কথা বড়ো মুখ করে বলা যায়।১৬

সৌমিত্র অভিনীত চলচ্চিত্রের প্রায় শতভাগ বাংলা। সাতটি ভিনভাষী চলচ্চিত্রে অভিনয় করেছেন। ১৯৮৮ খ্রিস্টাব্দে নিকোলাস ক্লজ (ফ্রান্স) নির্মিত ফরাসি ও ইংরেজি ভাষার দ্য বেঙ্গলি নাইট (মির্চা এলিয়া-এর ‘লা লুই বেঙ্গলি’ উপন্যাসের চিত্ররূপ), ১৯৯৫-এ ল্যামবার্তো লামবাতিনি (ইতালি) নির্মিত বৃন্দাবন ফিল্ম স্টুডিও (ইতালিয়ান ও ইংরেজি ভাষায়), ২০০৫-এ অপর্ণা সেন-এর ইংরেজি ভাষার ফিফটিন পার্ক এভিনিউ, ২০০৬ খ্রিস্টাব্দে ফ্লোরিয়ান গ্যালেনবার্গার নির্মিত ইংরেজি ভাষার শ্যাডোজ অব টাইম, একই বছর অভিজ্ঞান ঝা ও অভিজ্ঞান রাজহংস নির্মিত হিন্দি চলচ্চিত্র গেহরা পানি, ২০১২ তে সপ্তাশ্ব বসু’র ইংরেজি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দ্য ফরলোর্ন ও ২০১৩ খ্রিস্টাব্দে শান ব্যানার্জি নির্মিত ইংরেজি ভাষার দ্য নোহোয়্যার সন।

অন্যভাষা বা অন্যদেশে তেমন কাজ না করার নেপথ্যে হয়তো অনেক কারণ রয়েছে, তবে এটা প্রমাণিত সত্য যে, কেবল বাংলা চলচ্চিত্রে কাজ করেও সারাবিশ্বের কাছে পৌঁছনো সম্ভব, যেভাবে পৌঁছেছেন রবীন্দ্রনাথ, সত্যজিৎ। যেভাবে আমরা চার্লস চ্যাপলিন, জাঁ গাভাঁ, মার্শেলো মাস্ত্রোইয়ানি, তোশিবো মিফুনে, বিগনিয়েভ সিবুলস্কি, জেরার দেপারদিউ’কে আপন করে টেনে নিই, তেমনই ওরাও টেনে নেয় সৌমিত্র চট্টোপাধ্যায়কে।

এই মহাশিল্পীর সান্নিধ্যে আসার পরম সৌভাগ্য হয়েছিলো আমার দুইবার--১৯৯০ ও ১৯৯৪ খ্রিস্টাব্দে কলকাতায় ভারতীয় চলচ্চিত্র উৎসব-এর সময় নন্দন-এ। দুইবারই তিনি দীর্ঘ সময় নিয়ে নানা বিষয়ে কথা বলেছিলেন সস্নেহে। সহজসরল সৌজন্যে ও আন্তরিকতায় সেই ক্ষণিকের সান্নিধ্য আমার জীবনের সেরা স্মৃতিসম্পদ হয়ে রয়েছে।

পনেরো.

লেখাটি শেষ করি, সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্বগত সংলাপের মধ্য দিয়ে। অভিনয় সম্পর্কে তিনি বলেছিলেন,

অভিনয় কতটা মানুষের অভিজ্ঞতালব্ধ, কতটাই বা কল্পনার সৃজিত--আবার কতটা তা প্রাক্তন স্বভাবসিদ্ধ সংস্কার, এসব নিয়ে অনেক বিতর্ক চলতে পারে। আমি শুধু দেখেছি, হুঁশিয়ার থাকলে জীবনের অভিজ্ঞতাগুলি অভিনয়ে অনেক সময় কাজে লাগানো যায়। ... অভিনয় করতে করতেই অভিনেতা শেখে--তার দিগন্তটা বাড়ে। কখনও কখনও আবার তার বৃদ্ধিটা একটা চরিত্রের অভিনয়ের মধ্যে দিয়ে অনেকটা বেশি হয়ে যায়।১৭

সত্যজিৎ রায়ের চলচ্চিত্রে অভিনয় ছাড়া আরো কয়েকজন যশস্বী নির্মাতার সঙ্গে কাজ করলেও তার অভিনীত বেশিরভাগ চলচ্চিত্রই ছিলো অত্যন্ত সাধারণ মানের। পেশাগত কারণে অনেকটা বাধ্য হয়েই তাকে এসব চলচ্চিত্রে অভিনয় করতে হয়েছে। তবে এ নিয়ে তিনি অত্যন্ত অসন্তুষ্ট এবং অতৃপ্ত ছিলেন। নিজের ক্ষমতা বা সামর্থ্য দেখানোর সুযোগ তিনি পেতেন না এসব চলচ্চিত্রে। তাই হয়তো বার বার ফিরে যেতেন মঞ্চে। যেখানে নিজেকে প্রকাশ করার অবকাশ মিলতো। একটা অতৃপ্তির মধ্য দিয়ে জীবন কাটিয়ে গেছেন অনেক প্রাপ্তির মধ্যেও। তাই বলেছিলেন--

ছবির পর ছবিতে অভিনয় করে চলেছি, অথচ অচরিতার্থতার যন্ত্রণা কেন সঙ্গ ছাড়ে না, একথাটা বোধহয় তলিয়ে ভেবে দেখার সময় এসেছে। আমি যখন প্রথম ছবির জগতে আসি তখনও যেন বাংলা ছবির একটা ভবিষ্যৎ ছিল। অন্তত আমাদের চোখে তেমন একটা স্বপ্ন লেগে ছিল। ... ইতিমধ্যে স্বপ্নের অঞ্জনও আমাদের চোখ থেকে বোধ করি মুছে গিয়েছে। ... মনের মধ্যে কোথাও যেন একটা কাঁটা সবসময়ই বিঁধে রয়েছে। একের পর এক ছবিতে বিভিন্ন পোশাক পরে একই চরিত্র অভিনয় করার সময় অন্তরাত্মা হাঁপিয়ে ওঠে। তখন বাধ্য হয়ে পেছনের দিকে তাকাই, তাকাই সেই সজীব সৃষ্টিশীল আরম্ভের দিনগুলির দিকে।

... একজন পেশাদার চলচ্চিত্রাভিনেতা আমি। আমার সম্ভাবনা, আমার অভিনয় করার ক্ষমতা, আমার শ্রম--আমি বিক্রি করি--এই আমার পেশা। কিন্তু এই শ্রম বেশিরভাগ বাঙালির সংগ্রাম সংগঠনে কোনও কাজেই আসে না। কারণ, আমার শ্রম, আমার সৃষ্টিশীলতা যারা কেনে, তারা আমার বাসনা, আমার মানসিকতা, আমার আদর্শকে কেনে না। তারা আমার থেকে আমার অভিনয় করার ক্ষমতাটুকু নিষ্কাশিত করে নেয়। এবং তদ্দ্বারা ব্যবসা করে। অতএব এক সুদীর্ঘ বিচ্ছিন্নতার জন্ম হয় আমার ব্যক্তিত্ব ও আমার স্বাভাবিক বৃত্তিগুলির মধ্যে। আমার ভাবনা ও আমার কাজের মধ্যে দূরত্ব দুস্তর হয়। ছায়া দীর্ঘতর হয় আমার ও বেশিরভাগ দেশবাসীর মধ্যে। তাদের সত্যিকারের যে জীবন, সেখানে আমার কাজ কোনও কাজেই আসে না।১৮

এই স্বীকারোক্তি একজন সৎ, মহৎ ও জীবন-ঘনিষ্ঠ শিল্পীর জীবনের দীর্ঘ অভিজ্ঞতা সঞ্জাত। যে শিল্পী জীবনের প্রতিটি ক্ষেত্রে অন্বেষণের মধ্য দিয়ে এগিয়ে গেছেন। খুঁজেছেন জীবনের সত্যকে। সে সত্যকে উপলব্ধি করতে চেয়েছেন। জীবন ও শিল্পের মধ্যে এক শুদ্ধতম মিলন ঘটাতে সক্ষম হয়েছিলেন। জীবনের স্বাভাবিক চড়াই-উৎরাইয়ের মধ্যেও সমগ্র জীবন ছিলো তার আনন্দময়। শিল্পবৈচিত্র্যে পরিপূর্ণ। যাপনে পরিশুদ্ধ। আনন্দের মধ্যেই শিল্প সৃষ্টির বীজ নিহিত। সেই বীজ খুঁজে বেড়িয়েছেন আজীবন। ইপ্সিতভাবে তা পাননি হয়তো। তাই পরিতৃপ্ত হতে পারেননি। এই অতৃপ্তিই একজন শিল্পীকে তাড়িত করে এবং সেই তাড়না তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়।

তৃপ্তিতে নিঃশেষ। তৃপ্ত হলেই শিল্পসত্তার সমাপ্তি। শিল্পের ধর্ম এগিয়ে চলা। সামনের পানে। জীবনের ধর্মও তাই। এগিয়ে চলা। উপনিষদ বলে--‘চরৈবতি’। এগিয়ে চলো। সৌমিত্র চট্টোপাধ্যায়ও সবসময় এগিয়ে থেকেছেন। সামনেও এগিয়ে যাবেন। প্রজন্ম থেকে প্রজন্মে। যুগ থেকে যুগান্তরে।

লেখক : শৈবাল চৌধূরী, চলচ্চিত্রনির্মাতা,  লেখক ও সংগঠক। খণ্ডকালীন শিক্ষক (ফিল্ম এন্ড টেলিভিশন), নাট্যকলা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সভাপতি, চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র।

https://www.facebook.com/shaibal.chowdhury.56

তথ্যসূত্র ও টীকা

১. রায়, সত্যজিৎ (২০১৭ : ২৫০-২৫১);  ‘সত্যজিৎ রায়ের চিঠি’; সৌমিত্র; সম্পাদনা : অলক চট্টোপাধ্যায় ও মানস চক্রবর্তী; প্রতিভাস, কলকাতা।

২.  ‘সম্পাদকীয়’, আনন্দলোক, সম্পাদনা : ঋতুপর্ণ ঘোষ, ২ ফেব্রুয়ারি ১৯৯৯।

৩. পন্টিকর্ভো, জিলো (২০১৭ : ৮৫-৮৬); ‘বিরাট অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়’; সৌমিত্র; সম্পাদনা : অলক চট্টোপাধ্যায় ও মানস চক্রবর্তী; প্রতিভাস, কলকাতা।

৪. গুহঠাকুরতা, রুমা (২০১৭ : ২৬৩); ‘সৌমিত্রর বড়ো পরিচয় তাঁর বন্ধুত্ব’; সৌমিত্র; সম্পাদনা : অলক চট্টোপাধ্যায় ও মানস চক্রবর্তী; প্রতিভাস, কলকাতা।

৫. সিংহ, তপন (২০১৭ : ৬১-৬২, ৬৪); ‘সংযমশাসিত প্রতিভাবান অভিনেতা’; সৌমিত্র; সম্পাদনা : অলক চট্টোপাধ্যায় ও মানস চক্রবর্তী; প্রতিভাস, কলকাতা।

৬. চক্রবর্তী, মাধবী (২০১৭ : ১০০-১০১); ‘সৌমিত্রবাবুকে দ্রোণাচার্য পুরস্কার দিতে চাই’; সৌমিত্র; সম্পাদনা : অলক চট্টোপাধ্যায় ও মানস চক্রবর্তী; প্রতিভাস, কলকাতা।

৭. চট্টোপাধ্যায়, বিপ্লব (২০১৭ : ১০২); ‘দুর্দান্ত চরিত্রাভিনেতা’; সৌমিত্র; সম্পাদনা : অলক চট্টোপাধ্যায় ও মানস চক্রবর্তী; প্রতিভাস, কলকাতা।

৮. ঠাকুর, শর্মিলা (২০১৭ : ৭৭-৭৮); ‘সৌমিত্রর বন্ধুত্ব প্রাণিত করে’; সৌমিত্র; সম্পাদনা : অলক চট্টোপাধ্যায় ও মানস চক্রবর্তী; প্রতিভাস, কলকাতা।

৯. গোস্বামী, জয় (২০১৭ : ২০৬, ২০৮); ‘আশ্বিন, নাচের টুকরো’; সৌমিত্র; সম্পাদনা : অলক চট্টোপাধ্যায় ও মানস চক্রবর্তী; প্রতিভাস, কলকাতা।

১০. চট্টোপাধ্যায়, মোহিত (২০১৭ : ১৯৭); ‘কবি সৌমিত্র’; সৌমিত্র; সম্পাদনা : অলক চট্টোপাধ্যায় ও মানস চক্রবর্তী; প্রতিভাস, কলকাতা।

১১. বন্দ্যোপাধ্যায়, ব্রততী (২০১৭ : ২৪৮); ‘সৌমিত্রদার কবিতা পাঠে আমার ঘোর লাগে’; সৌমিত্র; সম্পাদনা : অলক চট্টোপাধ্যায় ও মানস চক্রবর্তী; প্রতিভাস, কলকাতা।

১২. ঘোষ, প্রদীপ (২০১৭ : ২৪০); ‘এক আবৃত্তিপ্রেমীর স্বজন সৌমিত্রদার জন্য’; সৌমিত্র; সম্পাদনা : অলক চট্টোপাধ্যায় ও মানস চক্রবর্তী; প্রতিভাস, কলকাতা।

১৩. সেন, তাপস (২০১৭ : ১৪৭-১৪৮), ‘নাটকীয়’; সৌমিত্র; সম্পাদনা : অলক চট্টোপাধ্যায় ও মানস চক্রবর্তী; প্রতিভাস, কলকাতা।

১৪. চৌধুরী, যোগেন (২০২১ : ১৫৭, ১৫৯); ‘সৌমিত্রদার ছবি’; সৌমিত্র চট্টোপাধ্যায়--দেখি বিস্ময়ে; সম্পাদনা : সৌমিত্র মিত্র; পূর্ব পশ্চিম ও দে’জ পাবলিশিং, কলকাতা।

১৫. বার্জ, ক্যাথরিন (২০১৭ : ২৯১-২৯৩); ‘গাছের ছায়ায়’;  সৌমিত্র; সম্পাদনা : অলক চট্টোপাধ্যায় ও মানস চক্রবর্তী; প্রতিভাস, কলকাতা।

১৬. বেনেগাল, শ্যাম ( ২০১৭ : ৭৫); ‘দারুণ সেনসিটিভ সৌমিত্রবাবু’; সৌমিত্র; সম্পাদনা : অলক চট্টোপাধ্যায় ও মানস চক্রবর্তী; প্রতিভাস, কলকাতা।

১৭. চট্টোপাধ্যায়, সৌমিত্র (২০২১ : ৩১-৩২); ‘স্বগত সংলাপ’; সৌমিত্র চট্টোপাধ্যায়--দেখি বিস্ময়ে; সম্পাদনা : সৌমিত্র মিত্র; পূর্ব পশ্চিম ও দে’জ পাবলিশিং, কলকাতা।

১৮. প্রাগুক্ত; চট্টোপাধ্যায় (২০২১ : ২৫-২৬)।

বি.দ্র. এই প্রবন্ধটি ম্যাজিক লণ্ঠন ২১তম সংখ্যা, জুলাই ২০২১ এ প্রকাশিত হয়েছে।

 

 

 

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন