Magic Lanthon

               

সোহাগ আব্দুল্লাহ

প্রকাশিত ১৭ নভেম্বর ২০২৬ ১২:০০ মিনিট

অন্যকে জানাতে পারেন:

প্রাযুক্তিক উৎকর্ষতা এবং টেলিভিশন সেটের মৃত্যু

সোহাগ আব্দুল্লাহ

পুরাতনের প্রস্থান এবং

টেলিভিশন, ফেইসবুক ও ইউটিউব নিয়ে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে শুরু করাটাই বোধ করি যথার্থ হবে। কেননা আমার প্রজন্মসহ বর্তমানের কমবেশি অনেকেই এই মাধ্যমগুলোর সঙ্গে যুক্ত। ২০১৫ খ্রিস্টাব্দে এইচ এস সি পড়ার উদ্দেশ্যে গ্রাম ছেড়ে শহরে আসার আগ পর্যন্ত টেলিভিশনের সঙ্গে মোটামুটি ভালোই সম্পর্ক ছিলো। দেশ-বিদেশের খবর, সরাসরি সম্প্রচারিত খেলা কিংবা চলচ্চিত্র দেখার জন্য টেলিভিশন সেটের সামনে যেতেই হতো। তবে ২০১৫-এর মাঝামাঝিতে এসে টেলিভিশনের সঙ্গে বন্ধনটা আর আগের মতো থাকেনি। মেসের টিভি-কক্ষে টেলিভিশন থাকলেও বেশিরভাগ শিক্ষার্থীই সেখানে যেতো না। তারা খেলার খবরসহ বিভিন্ন হালনাগাদ তথ্য স্মার্টফোনেই দেখে নিতো। আর চলচ্চিত্র দেখার জন্য অনেকের কাছে ল্যাপটপ, ডেক্সটপ ছিলো; অনেকে মোবাইল ফোনসেটেও দেখতো। বিশেষ কোনো পরিস্থিতি বা বড়ো ধরনের ঘটনা ঘটলে--২০১৬ তে হলি আর্টিজানের হামলা কিংবা উত্তেজনাপূর্ণ কোনো ক্রিকেট খেলার শেষ অংশ--সরাসরি দেখার জন্য টেলিভিশন সেটের সামনে যাওয়া হতো। তবে বর্তমানে টেলিভিশন একেবারে দেখা হয় না বললেই চলে। অবশ্য এখনো অনেকেই টেলিভিশন দেখে, কিন্তু সেটা টেলিভিশন সেটে নয়; ইউটিউব, ফেইসবুক কিংবা সামাজিক কোনো যোগাযোগ মাধ্যমে। কারণ আমার মতো তাদের কাছেও তথ্য জানার, খেলা ও চলচ্চিত্র দেখার একটা সহজ মাধ্যমে পরিণত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও ইউটিউবসহ অন্যান্য মাধ্যমগুলো। যা মূলত সম্ভব হয়েছে প্রযুক্তির বিবর্তনে।

পৃথিবীতে নতুন প্রযুক্তির আবির্ভাব ঘটলে তা পূর্বতন প্রযুক্তিকে গ্রাস করে। ছাপাখানা থেকে শুরু করে রেডিও, চলচ্চিত্র, টেলিভিশন, টেলিফোন, মোবাইলফোন, ইন্টারনেট, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও ইউটিউবের বেলাতেও এর ব্যতিক্রম ঘটেনি। টেলিভিশন তার সময়ে আগের সব প্রযুক্তিকে ছাপিয়ে যায় মূলত ভিজ্যুয়াল উৎপাদন করতে পারার কারণে। আর এজন্য প্রথম থেকেই রাষ্ট্র, ক্ষমতা টেলিভিশনের ভিজ্যুয়ালকে কাজে লাগাতে থাকে নিজেদের স্বার্থে এবং সময়ের সঙ্গে তা প্রকট হয়। এরপর টেলিভিশন, ভিসিআর, সিডি, ডিশলাইন বেশ কিছুদিন রাজত্ব করেছে মানুষের মস্তিষ্কে। তবে ২১ শতকে এসে এগুলোকে ছাপিয়ে বেশ কয়েকটি প্রাযুক্তিক মাধ্যমের আগমন ঘটে। যেসব মাধ্যম ব্যবহারে মানুষ পেয়েছে অবাধ স্বাধীনতা। নিজের মতামত ও চিন্তাকে উপস্থাপনের জন্য ফেইসবুক, ইউটিউবের মতো সামাজিক মাধ্যমগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব ব্যবহার করে সাধারণ মানুষ শুধু তাদের মত প্রকাশ করা আর সৃজনশীলতাই দেখাচ্ছে না, রীতিমতো বিপ্লবের ডাক দিচ্ছে। এই আলোচনায় ইউটিউব ও ফেইসবুকের মতো সামাজিক মাধ্যমগুলোর বিপরীতে টেলিভিশন সেটের বর্তমান অবস্থানটা কেমন তা তুলে ধরার চেষ্টা থাকবে।

প্রসঙ্গ টেলিভিশন, ফেইসবুক ও ইউটিউব

একটু আগে থেকে শুরু করা যাক, ১৫ শতকের মধ্যভাগে গুটেনবার্গের ছাপাখানা উদ্ভাবন মুদ্রণ ব্যবস্থায় বিপ্লব আনে। ছাপাখানা উদ্ভাবনের পর মানুষের মতামত ও ভাব প্রকাশের জন্য মাধ্যমের সীমাবদ্ধতা অনেকখানি কমে যায়। যদিও মুদ্রণযন্ত্রের আগেও বিশ্বের বিভিন্ন স্থানে সংবাদপত্র প্রকাশ হতো; মুদ্রণযন্ত্র সহজলভ্য হওয়ার পর সংবাদপত্র ও বই ছাপা সহজ হয়। সংবাদপত্র, বইয়ের পর সবচেয়ে শক্তিশালী গণমাধ্যম হিসেবে আগমন ঘটে চলচ্চিত্রের। প্রথমবারের মতো ১৮৯৫ খ্রিস্টাব্দের ২৫ ডিসেম্বর প্যারিসে লুমিয়ের ভ্রাতৃদ্বয় চলচ্চিত্রকে বাণিজ্যিকভাবে প্রদর্শন করে। ১৯৪৩ খ্রিস্টাব্দে আসে রেডিও; রেডিও আবিষ্কারের আগে ১৯২০-এর দশকে টেলিভিশনের বেশিরভাগ যন্ত্রাংশ আবিষ্কৃত হলেও টেলিভিশন ১৯৪০ দশকের শেষভাগে এসে পূর্ণতা লাভ করে। আর ৫০-এর দশকের পর টেলিভিশন সবচেয়ে গুরুত্বপূর্ণ গণমাধ্যমের ভূমিকায় উঠে আসে। তারপর একে একে আসে স্যাটেলাইট টেলিভিশন, ডিশ অ্যান্টেনা, ক্যাবল টিভি। মাধ্যম হিসেবে টেলিভিশনের সবচেয়ে বড়ো চমক ছিলো ঘরে বসে কোনোকিছু দেখতে পারা; মানে মানুষ একই সঙ্গে কোনোকিছু দেখতে ও শুনতে পারছে সেটাই ছিলো তাদের বুঁদ করে রাখার জন্য যথেষ্ট। তাই সব মহলেই এর ভবিষ্যৎ নিয়ে আলোচনা হতে থাকে, মানব সভ্যতায় তা কী ধরনের ভূমিকা রাখবে তা নিয়ে। সোয়াটের্জ মনে করেছিলেন,

... টেলিভিশন পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষণ-মাধ্যম হয়ে উঠবে। নিরক্ষরতা দূর হয়ে যাবে। তাৎক্ষণিকতাই টেলিভিশনের মূল শক্তি। সংবাদের মাধ্যমে জনগণই জেনে যাবে প্রকৃত সত্য; আমাদের আর ওসব লোকের ওপরে নির্ভর করতে হবে না যারা আমাদের জন্য সংবাদ ব্যাখ্যা করে কিংবা বিকৃত করে। আমরা খেলাধুলা কিংবা সংগীত পরিবেশনা টেলিভিশনের মাধ্যমেই দেখতে পারবো। চলচ্চিত্রের কাছে আমরা যাবো না, চলচ্চিত্রই আমাদের কাছে আসবে। টেলিভিশন পৃথিবীতে শান্তি বয়ে নিয়ে আসবে। ... যুদ্ধ একটা অতীত বিষয়ে পরিণত হবে।১

এসব সম্ভাবনা তৈরির ফলে টেলিভিশনকে ঘিরে সৃষ্টি হয় সব শ্রেণির মানুষের আগ্রহ। বিনিয়োগ করা হয় হাজার কোটি টাকা। রাষ্ট্রগুলোও এই খাত থেকে একসময় আয় করেছে হাজার কোটি টাকার রাজস্ব। বিদ্যায়তনে টেলিভিশনকে গণমাধ্যম গবেষণার অংশ হিসেবে অধ্যয়ন করা হয়েছে; যা আবার অন্য অনেক জ্ঞানকাণ্ড যেমন রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, অর্থনীতি, মনোবিজ্ঞান ও সাহিত্য অধ্যয়ন দ্বারা প্রভাবিত হয়েছে। চাতকের ন্যায় টেলিভিশন সেটের সামনে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতো দর্শক তাদের খবর ও বিনোদন পাওয়ার জন্য। আর মাধ্যম হিসেবে টেলিভিশন, রেডিও ও চলচ্চিত্রকে যে চ্যালেঞ্জের মুখে ফেলেছিলো তার রেশ অনেকদিন পর্যন্ত ছিলো। টেলিভিশন আবিষ্কারের ফলে আমেরিকায় ‘১৯৫০ সালে সিনেমা হলে প্রাপ্তবয়স্ক দর্শক উপস্থিতি ৭২ শতাংশ কমে যায়। দৈনিক রাতে রেডিও ব্যবহার তিন ঘণ্টা ৪২ মিনিট থেকে মাত্র ২৪ মিনিটে নেমে আসে’২। এভাবে সব মাধ্যমকে পিছনে ঠেলে টেলিভিশন অনেকদিন পর্যন্ত সবাইকে নিজের দিকে টেনেছে।

তবে প্রাযুক্তিক উন্নয়নে টেলিভিশন আর ইন্টারনেটের সময় চেতনায় ফারাক রয়েছে বিস্তর। যার কারণে টেলিভিশন সেট পরিবারের সদস্য থেকে হয়ে ওঠে দূর-আত্মীয়। মোবাইল ফোনসেট বা ল্যাপটপের সঙ্গে তুলনা করলে মাধ্যম হিসেবে টেলিভিশন সেটের সবচেয়ে বড়ো সমস্যা এর বহনযোগ্যতা। চাইলেই টিভি সেটকে সঙ্গে বহন করা যায় না। কিন্তু মুঠোফোনে ইন্টারনেট সংযোগ থাকলেই তা নিজেই হয়ে উঠছে ‘টিভি সেট’। তখন আর টিভির সামনে যেতে হচ্ছে না, টিভি নিজেই চলে আসে সামনে। টিভি সেটের সামনে না থেকেও পৃথিবীর যেকোনো প্রান্তে বসে টিভির যাবতীয় কনটেন্ট এখন দেখতে পাচ্ছে দর্শক। যা দুই দশক আগেও কল্পনা করতে পারেনি কেউ। এ কারণে যে শুধু টেলিভিশন সেট নিজে ঝুঁকিতে রয়েছে তা নয়, পরিবর্তিত হচ্ছে এর কনটেন্ট নির্মাণের ধরনও। স্বাধীনভাবে অনেকেই কনটেন্ট নির্মাণ করছে। আবার বিশ্বের কোথাও কোনো ঘটনা ঘটলে তা ভিজ্যুয়ালি ধারণ করে প্রকাশ করা হচ্ছে ফেইসবুক, ইউটিউবের মতো নানা প্লাটফর্মে। এতে সেগুলো নিমিষেই পৌঁছে যাচ্ছে ব্যবহারকারীদের কাছে। অবশ্য ব্যবহারকারীদের মধ্যে সব প্রজন্মের মানুষ থাকলেও তরুণদের সংখ্যাই বেশি।

বর্তমানে তরুণসহ সব বয়সের মানুষের কাছে ফেইসবুক এক সহজ যোগাযোগ মাধ্যমের নাম। অনেকেই তাদের ব্যক্তিক সম্পর্ক, দেশ-বিদেশের খবর, বিনোদন, কেনাকাটাসহ যাপিত জীবনের অনেক কিছুর জন্য নির্ভরশীল হয়ে পড়ছে ফেইসবুকের ওপর। যার কারণে অল্প সময়ের মধ্যে মানে ২০০৪ খ্রিস্টাব্দে চালু হওয়া ফেইসবুকের বৈশ্বিক ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে দুইশো ৫০ কোটিরও বেশি৩। প্রতিদিন গড়ে প্রায় একশো ৬৬ কোটি মানুষ এই মাধ্যমটি ব্যবহার করে। আর বাংলাদেশে৪ ফেইসবুক ব্যবহারকারী ছয় কোটি ৭২ লক্ষ ৩৫ হাজার ছাড়িয়েছে। অর্থাৎ তথ্য জানার একটি গুরুত্বপূর্ণ মাধ্যমে পরিণত হয়েছে ফেইসবুক। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের ২০১৯ খ্রিস্টাব্দের এক জরিপে বলা হয়েছে, প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিকের অর্ধেকের বেশি খবর পান ফেইসবুক থেকে৫। বাংলাদেশিদের বেলাতে সংখ্যাটা কমবেশি এমনই হওয়ার কথা। ইউটিউবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা জোরদার করতে ফেইসবুক ‘ওয়াচ’ ভিডিও প্লাটফর্ম চালু করে। ক্রমবর্ধমান দর্শকের কথা মাথায় রেখে ২০১৭ খ্রিস্টাব্দে শত কোটি ডলার ব্যয়ে ভিডিও কনটেন্ট তৈরির পরিকল্পনা করে ফেইসবুক৬। আবার ইউটিউবের জন্য নির্মিত যেকোনো কনটেন্ট একই সঙ্গে ফেইসবুকেও আপলোডের অনুমতি মিলছে। অথচ কিছুদিন আগেও ইউটিউবের কোনো কনটেন্ট ফেইসবুকে আপলোড করা যেতো না। আপলোড করতে গেলেই ইউটিউব কপিরাইট দাবি করতো। এমনই করে নানাভাবে ব্যবহারকারীকে ধরে রাখতে একের পর এক ফিচার যুক্ত করে চলেছে ফেইসবুক। ইউটিউবের দেখাদেখি ফেইসবুকও তাদের ব্যবহারকারীদের পছন্দ অনুযায়ী হাজির করে চলেছে সাজেশন ভিডিও৭। ফেইসবুকের এতো এতো প্রশংসার ভিড়ে বড়ো সমালোচনার জায়গা হলো এখানে একজন ব্যবহারকারীর বন্ধু হিসেবে ভিন্ন মতের মানুষজন কম থাকে। ভিন্ন মত এই অর্থে যে--আপনি যেই ধরনের মানুষদের সঙ্গে চলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন বা পছন্দ করেন, তাদেরকেই আপনি আপনার মতো করে বন্ধু নির্বাচন করেন, তাদের গ্রুপে যুক্ত হন। তাই একই শ্রেণি-পেশা-ধর্ম-বর্ণের মানুষদের এটা একত্রে আনতে সহায়তা করে। মানে সমমনা মানুষদের একসঙ্গে করে; তা যতোই দূরবর্তী হোক না কেনো। এই পরিস্থিতি আসলে ঠিক কতোদূর, কীভাবে মানব সভ্যতাকে কোন পর্যায়ে নিয়ে যাবে সেটা এই মুহূর্তে বলা কঠিন।

প্রযুক্তির আরেক আধিপত্য বিস্তারকারী মাধ্যম ইউটিউব। জানুয়ারি ২০২০ খ্রিস্টাব্দের হিসাব অনুযায়ী গোটা বিশ্বে এর ব্যবহারকারী দুইশো কোটিরও বেশি। প্রতিদিন গড়ে একশো কোটি ঘণ্টারও বেশি সময় ধরে দর্শক গুগলের অধীন বিনামূল্যের এই ভিডিও স্ট্রিমিং সেবাটি ব্যবহার করেছে৮। এদিকে ইন্টারনেট ব্যবহারের দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান নবম। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বি টি আর সি) ২০২০ খ্রিস্টাব্দের জুন মাসের পরিসংখ্যান অনুযায়ী এ দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১০ কোটি ৩৫ লাখ। এবং ইন্টারনেট ব্যবহাকারী প্রায় সবাই ঢুঁ মারেন ইউটিউবে৯। তবে দিন যতো গড়াচ্ছে ইউটিউব ব্যবহারকারীর সংখ্যাও বাড়ছে, সঙ্গে বাড়ছে ভিডিও আপলোডের সংখ্যাও। বিশ্বে মিনিটে তিনশো ঘণ্টা পরিমাণ কনটেন্ট আপলোড হয় এই প্লাটফর্মটিতে১০। আপনি কী চান! আপনার চাওয়ার সবটাই এখন পাওয়া যাচ্ছে ইউটিউবে। শিক্ষা, বিনোদন, খেলা, সংবাদ, প্রযুক্তি, সাজসজ্জা, রান্না, ভ্রমণ, কারুশিল্প, নকশা, বাগান করা, চাষাবাদ, গাড়ি চালানো, ফ্রিল্যান্সিং শেখা, কীভাবে নম্রতা-ভদ্রতা আয়ত্ত করা যায়, কর্মক্ষেত্রে বসকে কীভাবে ইমপ্রেস রাখা যায়, লিডারশিপ কীভাবে গড়ে তুলতে হয়, বাচ্চা লালনপালন করা এমন কোনো বিষয়ের ভিডিও নেই যা ইউটিউবে পাওয়া যায় না! নানা শ্রেণি-লিঙ্গ-বয়স ও পেশার মানুষের জন্য রয়েছে আলাদা আলাদা ভিডিও কনটেন্ট। ফলে ইউটিউবে এতো এতো কনটেন্টের মধ্য থেকে কোনটা রেখে কোনটা দেখবো তা নিয়েও আলাদা করে ভাবতে হয় দর্শককে। সেটা নিয়ে বিস্তর আলোচনারও অবকাশ আছে। ‘দ্য ভার্জ’ পত্রিকায় ইউটিউব প্রাযুক্তিক উৎকর্ষতাকে বর্ণনা করা হয়েছে এভাবে--‘মোবাইল স্ট্রিমিং যুগের যুদ্ধে ইউটিউব অগ্রণী এক প্রযুক্তি যা কখনো শেষ হবার নয়’১১। এখানে ব্যবহারকারীরা যেকোনো বিষয়ে কনটেন্ট নির্মাণ করতে পারে তাদের পছন্দ মতো। যে কারণে ২০১৯ খ্রিস্টাব্দে ইউটিউব থেকে সবচেয়ে বেশি আয়১২ করতে পারে আট বছরের রায়ান। ‘রায়ানস ওয়ার্ল্ড’ ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের খেলনার রিভিউ দিয়েই আয় করে দুই কোটি ৬০ লাখ ডলার; টাকার হিসাবে যা ২২১ কোটি। রায়ানের খেলনার রিভিউ মূলত তার বাবা-মা ধারণ করে ইউটিউবে প্রকাশ করে।

টেলিভিশন বনাম ফেইসবুক ও ইউটিউব

বিপুল সংখ্যক মানুষের কাছে তথ্য, সংবাদ, বিনোদন, বিজ্ঞাপন পৌঁছে দেওয়ার মাধ্যমে যোগাযোগ স্থাপন করাই গণমাধ্যমের অন্যতম কাজ। একসময় সংবাদপত্রই ছিলো গণযোগাযোগের মাধ্যম। এরপর আগমন ঘটে চলচ্চিত্র, রেডিও, টেলিভিশনের। আগেই বলেছি ভিজ্যুয়াল উৎপাদনের জন্য রেডিও এবং প্রিন্ট মিডিয়া থেকে নিজেকে শক্তিশালী প্রমাণ করে টেলিভিশন। বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে কম্পিউটার, ট্যাব এমনকি হাতের কাছে থাকা স্মার্টফোনটিও এখন গণমাধ্যম হয়ে উঠেছে। এগুলোর আগে টেলিভিশনই ছিলো সবচাইতে প্রভাবশালী গণমাধ্যম, তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু ৯০ দশকে এসে প্রথম এই অবস্থার পরিবর্তন হয় বিশ্বের গুরুত্বপূর্ণ কয়েকটা ঘটনার মধ্য দিয়ে। সোভিয়েত ইউনিয়নের পতনের মধ্য দিয়ে এককেন্দ্রিক বিশ্বব্যবস্থা গড়ে উঠতে থাকে। যার প্রভাব গণমাধ্যমেও পড়ে। পরিবর্তন হয় গণমাধ্যম ব্যবস্থারও। সেসময়ে গণমাধ্যম জগৎ পরিবর্তনের পিছনে রয়েছে তিনটি১৩ কারণ--এক. সমাজতন্ত্রের পতন, দুই. বিশ্বায়ন ও মুক্তবাজার অর্থনীতির বিকাশ, তিন. তথ্যপ্রযুক্তির অভাবনীয় সাফল্য। সারাবিশ্বে এমন পরিস্থিতি সৃষ্টি হওয়ায় বাংলাদেশেও এর ছোঁয়া লাগে।

ফলে বাংলাদেশে ৯০ দশকের আগে ও পরে টেলিভিশনের ভূমিকায় ভিন্নতা লক্ষ করা যায়। এই দশকের আগে টেলিভিশন ছিলো পুরোপুরি সরকার নিয়ন্ত্রিত। এর শেষদিকে স্যাটেলাইট টেলিভিশন চালু হলে সাধারণ মানুষের পক্ষে কথা বলার অল্প হলেও জায়গা তৈরি হয়। ১৯৯২ খ্রিস্টাব্দে ‘বিটিভি’তে ‘বিবিসি’ ও ‘সিএনএন’-এর অনুষ্ঠান রিলে করার মাধ্যমে বাংলাদেশে স্যাটেলাইট টেলিভিশন যাত্রা শুরু করে। ১৯৯৫-এ বাণিজ্যিক ভিত্তিতে এসটিভিআর (স্যাটেলাইট টিভি রিসিভার) লাইসেন্স দেওয়া শুরু হলে বিদেশি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠান দেখার সুযোগ সৃষ্টি হয়। দেশে প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন হিসেবে আত্মপ্রকাশ করে ‘এটিএন বাংলা’ ১৯৯৭ খ্রিস্টাব্দে। এর দুই বছর পর স্যাটেলাইট ও টেরিস্ট্ররিয়াল টেলিভিশন হিসেবে ‘একুশে টেলিভিশন’ যাত্রা শুরু করে। এভাবে রাষ্ট্রীয় মালিকানার বাহিরে প্রথম ব্যক্তিগত মালিকানায় টেলিভিশনে বিনিয়োগ শুরু হয়১৪। পরবর্তী সময়ে ব্যক্তি মালিকানায় বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলের আগমন ঘটে।

শুরুর দিকে টেলিভিশনগুলোতে দর্শকের চাওয়া-পাওয়ার সঙ্গে সম্প্রচারিত কনটেন্টের মধ্যে অল্প হলেও সামঞ্জস্য লক্ষ করা যায়। তবে ধীরে ধীরে তাদের ব্যবসায়িক প্রবণতা বাড়তে থাকে। সেই সঙ্গে সরকারের অবস্থার পরিবর্তনের মাধ্যমে রাজনৈতিক ও রাষ্ট্রীয় চাপ অনেকাংশে বেড়ে যায়। ফলে চ্যানেলগুলো তাদের অবস্থান থেকে সরে আসে কিংবা সরে আসতে বাধ্য করা হয়। বিষয়টা অনেকটা এ রকম--

... টেলিভিশন পরিচালনা করেন বা করছেন যারা, তারা পাপেটের মতো সেই ইশারা বা নিদের্শনা মান্য করে যায় মাত্র। রাষ্ট্রীয় কাঠামোর চেয়েও টেলিভিশনসহ সকল গণমাধ্যমের উপর প্রভাব রাখে বেনিয়া শক্তি। এমনকি রাষ্ট্রের রক্ষকদের প্রণোদনায় বা তত্ত্বাবধানে যে টেলিভিশনগুলোর আত্মপ্রকাশ, তারাও মুনাফার লোভে বা টেকসই হতে বেনিয়া শক্তির কাছে আত্মসমর্পন করে বসে আছে। ফলে তাদের টেলিভিশনগুলোতে যে কথাগুলো উচ্চারিত হয়, তার অনেকটাই পুঁজির ঈশ্বরের ইচ্ছা-অনিচ্ছা বা ফরমায়শি।১৫

এভাবে টেলিভিশন চ্যানেলগুলো সাধারণ দর্শকের যে মৌলিক স্বার্থ তা থেকে দূরে সরতে শুরু করে। একটু একটু করে যখন সাধারণ মানুষের থেকে টেলিভিশন দূরে সরে আসছিলো, ঠিক সেই সময় রাষ্ট্রীয় এবং করপোরেটের চাপ এ দেশে প্রকট আকার ধারণ করে। ২১ শতকের প্রথম দশকে যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসে, তারা কয়েক বছরের মধ্যে পুরো গণমাধ্যম ব্যবস্থাকেই নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এমনকি নিজেদের ব্যবসা টিকিয়ে রাখতে টেলিভিশন চ্যানেলগুলো কোনো কোনো রাজনৈতিক দলের মুখপাত্র হয়ে উঠতে থাকে। ক্ষমতাসীন রাজনৈতিক দল তখন প্রচুর সংখ্যক গণমাধ্যমকে লাইসেন্স দিতে থাকে নিজেদের মতো করে, নিজেদের সমর্থিত ব্যবসায়িকদেরকে। এই পরিস্থিতিতে সাধারণ দর্শকের স্বার্থ-সংশ্লিষ্ট কনটেন্ট সংখ্যা কমতে থাকে। কমতে থাকে টেলিভিশনের ওপর থেকে মানুষের নির্ভরশীলতাও। বিপরীতে তারা অভ্যস্ত হতে থাকে ফেইসবুক, ইউটিউবে। ইন্টারনেট কিছুটা সহজলভ্য হতে থাকায় অনেকেই টেলিভিশনের কনটেন্ট অনলাইনে দেখতে শুরু করে। রাজনৈতিক দল, রাষ্ট্রীয় ও করপোরেটের চাপ যে শুধু এ দেশের গণমাধ্যম তথা টেলিভিশন চ্যানেলের ওপরে আছে, বিষয়টা এমন নয়। উন্নত অনেক দেশেও একই প্রভাব হরহামেশা প্রত্যক্ষ করা যায়।

বর্তমানে টেলিভিশনে সম্প্রচারিত যাবতীয় কনটেন্ট ‘ফেইসবুক’, ‘ইউটিউব’, ‘নেটফ্লিক্স’, ‘অ্যামাজন প্রাইম’সহ জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ভিডিও স্ট্রিমিং সাইটগুলোতে দেখার সুযোগ তৈরি হওয়ায় এসব ক্ষেত্রেও বিনিয়োগ করা হচ্ছে কোটি কোটি টাকা। গত পাঁচ বছরেই সারাবিশ্বের ভিডিও স্ট্রিমিংয়ের ৭০ কোটি গ্রাহকের কথা মাথায় রেখে কনটেন্ট নির্মাণ ও বিভিন্ন প্রতিষ্ঠানের নানামাত্রিক অধিগ্রহণে খরচ হয়েছে কমপক্ষে ছয়শো ৫০ বিলিয়ন ডলার১৬। সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে যেমন ‘ফেইসবুক’, ‘ইউটিউব’-এর আধিপত্য রয়েছে, তেমনই ভিডিও স্ট্রিমিং ব্যবসাতে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে ‘নেটফ্লিক্স’। যাতে ভাগ বসিয়েছে ‘ডিজনি’, ‘অ্যাপেল’, ‘অ্যামাজন প্রাইম’, ‘বায়োস্কোপ’, ‘হইচই’সহ ভিডিও স্ট্রিমিং সাইটগুলো১৭।

তার মানে ‘ফেইসবুক’, ‘ইউটিউব’ সংবাদ, বিনোদনের মাধ্যম হিসেবে ব্যবহৃত হলেও অনেকে প্লাটফর্মগুলোকে অর্থ আয়ের মাধ্যমে জীবন ও জীবিকার পথ হিসেবেও বেছে নিচ্ছে। এই অংশটি নিজেদের তৈরি করা কনটেন্ট আপলোড করছে এসব মাধ্যমে। ফলে দ্রুততার সঙ্গে কেবল তথ্য বা বিনোদনই পাওয়া যাচ্ছে না, সমাজের নানা স্তর থেকে বিভিন্ন বিষয়ে বহুমুখী বিশ্লেষণও উঠে আসছে। সহজ হয়েছে সব শ্রেণি-ধর্ম-লিঙ্গ-পেশার মানুষকে নিয়ে কাজ করার, কথা বলার। নতুন এই মিডিয়াতে পেশাদার সাংবাদিকদের অংশগ্রহণও চোখে পড়ার মতো। তারা বিভিন্ন টেলিভিশন চ্যানেলে চাকরির পাশাপাশি স্বাধীনভাবে নিজস্ব ইউটিউব চ্যানেলেও কাজ করছে। তারা নিজেদের চ্যানেলের মাধ্যমে ব্যক্তিগত আগ্রহের বিষয়গুলো তুলে ধরছে সংবাদ বা বিষয়ভিত্তিকভাবে। এক্ষেত্রে সাংবাদিক সালাউদ্দিন সুমন, আদনান ফারুকী, হোসাইন সোহেল, মহাসীন উল হাকিম, আর জে কিবরিয়া’র কথা বলা যায়১৮।

প্রশ্ন হলো, পেশাদার সাংবাদিক ও অন্যান্যরা কেনো টেলিভিশনের চেয়ে ফেইসবুক ও ইউটিউবের মতো নতুন মিডিয়াকে এতোটা আগ্রহের সঙ্গে গ্রহণ করছে? আসলে তাদের ফিচারধর্মী প্রতিবেদন বা বিষয়ভিত্তিক কাজের প্রধান উদ্দেশ্যই হলো অর্থ উপার্জন। তাছাড়া টেলিভিশনের প্রতিবেদনের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় বরাদ্দ থাকে, চাইলেও কোনো বিষয় নিজের মতো করে তুলে ধরার সুযোগ থাকে না। মালিকশ্রেণির স্বার্থ মেনে, অনেকটা তাড়াহুড়োর মধ্যে কাজ করতে হয়। পাশাপাশি ব্যক্তি হিসেবে অনেকের নিজেকে পরিচিত করার আগ্রহ তো আছেই। গণমাধ্যম গবেষক ও বিশ্লেষক ফাহমিদুল হকের ভাষায়,

... অনলাইন ব্যবহারকারী সাধারণ মানুষ বা নাগরিকরা এখন কোনো না কোনো মাত্রায় তথ্য সরবরাহের মাধ্যমে সাংবাদিকতা করে। তথ্য সরবরাহ ছাড়াও তথ্যের ব্যাখ্যা বিশ্লেষণ করে ব্লগার ও ফেসবুককাররা, বিভিন্ন ইস্যু নিয়ে তর্ক-বিতর্ক করে তারা। এরকম প্রায়ই ঘটে যে মূলধারার সংবাদপত্রগুলো সরকার, বিজ্ঞাপনদাতা, মালিকানা বা অন্য কোনো চাপে অনেক সংবাদ প্রকাশ করে না, কিন্তু নাগরিক সাংবাদিকরা তা প্রকাশ করে থাকে।১৯

ফাহমিদুল বিষয়টিকে নাগরিক সাংবাদিকতা হিসেবে দেখলেও তারা কিন্তু রাষ্ট্রের ক্ষমতা কাঠামো নিয়ে কথা বলছে না, রাষ্ট্রকে কোনোভাবেই চ্যালেঞ্জ করছে না। শাসকের বিরুদ্ধে সামান্য কিছু কথা বলা হচ্ছে, তবে উচ্চারিত সেই শব্দে যেনো প্রাণ খুঁজে পাওয়া যায় না। আবার গোদের ওপর বিষফোঁড়া হয়ে নজরদারি করছে ডিজিটাল নিরাপত্তা আইন। বলা তো যায় না, কার-কখন-কীভাবে-কোন পরিপ্রেক্ষিতে ‘ভাবমূর্তিতে’ আঘাত লাগে! ফলে দিনশেষে আপাত স্বাধীন মনে হলেও রাষ্ট্রের সর্বগ্রাসি বা ফ্যাসিস্ট মনোভাবের কারণে এসব মাধ্যমও আদতে স্বাধীন হয়ে উঠতে পারছে না।

সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ স্ট্রিমিং

একটা সময় অবধি লাইভ স্ট্রিমিং শুধু টেলিভিশনের গণ্ডিতে আবদ্ধ থাকলেও বিকল্প হিসেবে বর্তমানে ডিজিটাল স্ট্রিমিং প্লাটফর্ম দাঁড়িয়েছে। বিগত কয়েক বছরে এসব প্লাটফর্মের জনপ্রিয়তা এতোটাই বেড়েছে যে, মানুষের কাছে এর পরিসেবা সর্বোচ্চ করা যায় কীভাবে তা অনেক গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে নীতিনির্ধারকরা। বাংলাদেশে ডিজিটাল স্ট্রিমিং প্লাটফর্মের জন্য যে ব্যান্ডউইথ ব্যবহার করা হয়, তা দেশের মোট ব্যান্ডউইথের ৪০ শতাংশের কাছাকাছি।২০ এই পরিসেবা যে এ দেশেও বেড়ে চলেছে তার প্রমাণ মেলে আন্তর্জাতিক মিডিয়া রিসার্চ এজেন্সি কানটার-এর তথ্যে। কানটারের মতে, ২০১৭ খ্রিস্টাব্দের চেয়ে ২০১৮ তে এই পরিসেবা গ্রহণ/ব্যবহারকারীর সংখ্যা ১১ শতাংশ বেড়েছে। যেখানে ২০১০-এ বাংলাদেশে মাত্র দুই শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী ডিজিটাল স্ট্রিমিং প্লাটফর্ম ব্যবহার করতো।২১ শুধু যে তরুণরাই এসব প্লাটফর্মের ভোক্তা তা কিন্তু নয়। বরং সব বয়সের মানুষ নির্বিশেষে আপন করে নিচ্ছে এই স্ট্রিমিং সেবা। ফলে এখনকার মিডিয়ার স্বাতন্ত্র্য চরিত্র খুঁজে বের করা কঠিন থেকে কঠিনতর হয়েছে। অর্থাৎ

নিউ মিডিয়ার যুগে নয়া মাধ্যমের শক্তির প্রাবল্য এতই বেশি যে, পুরানা গণমাধ্যমগুলোর সাবেকী চরিত্র ধরে রাখার আর কোনো উপায় থাকছে না। ফলে, মাধ্যম বিবেচনায় আচার-আচরণের সীমারেখার বিভেদও একটা আরেকটার মধ্যে একাকার হয়ে যাচ্ছে। ক্ষেত্রভেদে রেডিও টিভির মতো আচরণ করছে আবার পত্রিকা হয়ে উঠেছে রেডিও ও টেলিভিশনের সমার্থক।২২

এদিকে ফেইসবুক, ইউটিউবসহ জনপ্রিয় সব সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে লাইভ ভিডিও সম্প্রচারের সুযোগ যেমন রয়েছে। তেমনই হাতের নাগালে স্মার্ট ফোনসেট থাকায় আশপাশের নানা ঘটনায় সাধারণ মানুষও স্বপ্রণোদিত হয়ে ভিডিও আপলোড করছে, নিজেদের মতো করে লাইভ করছে। বিশেষ করে বাংলাদেশের সাম্প্রতিক সামাজিক আন্দোলনগুলোর দিকে নজর দেওয়া যেতে পারে। যেসব ঘটনায় লাইভ স্ট্রিমিংয়ের ব্যবহার উল্লেখ করার মতো। যেমন, ফেইসবুকের লাইভে নিরাপদ সড়ক আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, ধর্ষণ বিরোধী আন্দোলনের লাইভ সম্প্রচার করা হয়। আবার বৈশ্বিক প্রেক্ষাপটে ‘ব্লাক লাইভ ম্যাটার’-এর মতো নানা ধরনের আন্দোলনে একাত্মতা জানাতে সোশ্যাল স্ট্রিমিং কার্যকর ভূমিকা পালন করেছে। এসব ঘটনায় প্রথমত বলা যেতে পারে, রাষ্ট্রীয় নিপীড়নের হাত থেকে রক্ষা পেতে একটি প্রতিরক্ষা কৌশল হিসেবে লাইভকে বেছে নেওয়া হয়েছে। তাদের কোন ধরনের ভূমিকার বিপরীতে সরকার কী পদক্ষেপ নিচ্ছে, তা যেনো সরাসরি সবাই দেখতে পারে, জানতে পারে। এতে করে কোনো ধরনের ভুল বোঝাবুঝির সুযোগ কম থাকে; নিজেদের অবস্থান পরিষ্কার রাখার সুযোগ থাকে। দ্বিতীয়ত, আন্দোলনকারীদের উদ্দেশ্য ছিলো এটাকে বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়া। যে ক্ষেত্রে তারা সফলও হয়েছে। কমবেশি অনেকেই প্রত্যক্ষ করেছে কীভাবে লাইভ ভিডিওর কল্যাণে নিমিষেই একটি আন্দোলন গণআন্দোলনে রূপ নিতে পারে। সামাজিক মাধ্যমে লাইভ ভিডিওর এই প্রবণতা নতুনভাবে ভাবতেও বাধ্য করছে। যা কিছুকাল আগেও মানুষ কল্পনা করেনি। কোনো ঘটনা ঘটার পর যেভাবে দেখানো হয়েছে, সেভাবেই তা মানুষের ভাবনা-চিন্তাকে প্রভাবিত করেছে। এক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো গ্রাহককে বাস্তবতার খুব কাছে থেকে অনুধাবন করতে শেখায়। এতে করে যেকোনো ঘটনার পক্ষে তাৎক্ষণিক একাত্মতা বা বিরোধিতা করে মতামত বিনিময়ের সুযোগ তৈরি হয়েছে। ফলে লাইভে সাধারণ মানুষের নাচগান-কবিতা, নানা বিষয়ে মতামত-আলোচনা তুলে ধরার প্রবণতা দেখা যাচ্ছে। আর করোনা অতিমারির ফলে এর পরিমাণ ও প্রবণতা আগের চেয়ে বেড়েছে। দিনশেষে টেলিভিশনের লাইভ স্ট্রিমিংয়ের যে ক্ষমতা, যাকে অনেক শক্তিশালী মনে করা হতো, তা আসলে সামাজিক মাধ্যমের লাইভ স্ট্রিমিংয়ের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারছে না। তবে প্রযুক্তির উন্নয়নের বদৌলতে এই পরিস্থিতি কোন পর্যায়ে গিয়ে পৌঁছাবে তা এই মুহূর্তে বলা মুশকিল।

দর্শক টেলিভিশনে আর ‘টিভি’ দেখছে না

টেলিভিশনের একক আধিপত্যের সময়টাতে আমেরিকানরা টেলিভিশন সেটের সামনে বসে দিনে চার ঘণ্টারও বেশি সময় ধরে টেলিভিশন দেখেছে। একই পরিবারে আলাদা আলাদা টিভি সেটের সামনে বসে যার যার পছন্দের অনুষ্ঠানগুলো দেখে নিতো তারা। যুক্তরাষ্ট্র ও কানাডায় শতকরা ৯৯ ভাগ বাড়িতে অন্তত একটি টেলিভিশন সেট রয়েছে; এসব দেশে প্রতিটি বাড়িতে গড়ে টেলিভিশন সেটের সংখ্যা দাঁড়ায় দুই দশমিক ৯৩। টেলিভিশন ছিলো তাদের মধ্যমণি বা পরিবারের অন্যতম এক সদস্য। এমনকি খাবার খাওয়ার সময়টাতেও ৬৬ ভাগ আমেরিকান টেলিভিশন দেখতো।২৩ তাছাড়া স্কুল, হাসপাতাল, বার, শপিং মল, ওয়েটিং রুম, কারাগার সব জায়গাতেই দেখা মিলতো টেলিভিশনের। একইসঙ্গে উন্নয়নশীল বা অনুন্নত দেশগুলোতেও ওই সময়ে টিভি দেখার আগ্রহ ছিলো ব্যাপক। কারণ বিনোদন বা তথ্য জানার মাধ্যম ছিলো টেলিভিশন। তবে গত এক দশকে টেলিভিশন সেই অবস্থান ধরে রাখতে পারেনি। নতুন সব প্রযুক্তিই টেলিভিশন সেটের সামনে বসে টিভি না দেখার বিষয়টিকে উসকে দিচ্ছে। কেননা টিভিতে সম্প্রচারিত কোনো অনুষ্ঠান দর্শক ইচ্ছে করলেই একবারের বেশি দেখতে পারে না। কিন্তু ইউটিউব, ফেইসবুকে প্রচারিত টেলিভিশনের যেকোনো কনটেন্ট দর্শক দেখতে পারে যতো খুশি ততো বার, যখন খুশি তখন; যেখানে খুশি সেখানে বসে, টিভি সেটের সামনে না গিয়েও। ফেইসবুক, ইউটিউবে সেই কনটেন্ট কতোজন দেখলো, কতোজনের কাছে তথ্যটা পৌঁছালো তা সহজেই জানা যায়। লাইক-কমেন্ট-শেয়ার করতে পারায় ফলাবর্তন দেখার সুযোগও রয়েছে। এতে অন্যরা বিষয়টিকে কীভাবে গ্রহণ করলো তা-ও বোঝা যায়। টিভিতে এই ধরনের সুযোগ না থাকায় অনেকেই টিভি বিমুখ হচ্ছে।

আবার টেলিভিশন থেকে আয়ের পথও সীমিত হয়ে এসেছে। টেলিভিশন চ্যানেলের আয়ের প্রধান উৎস দুটি--এক. সাবস্ক্রিপশন বাবদ আয়; দুই. বিজ্ঞাপন বাবদ আয়। ইউরোপ-আমেরিকার দেশগুলো টেলিভিশন দেখার জন্য সাবস্ক্রিপশন ব্যবস্থা চালু আছে অনেক আগে থেকেই। সেখানে টেলিভিশন দেখার জন্য প্রত্যেককে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিতে হয়। বাংলাদেশ ও এই ধরনের উন্নয়নশীল দেশগুলোতে রয়েছে দ্বিতীয় খাতটি। তবে বিশ্বে বাংলাদেশের মতো এতোটা বিজ্ঞাপন নির্ভর টেলিভিশন খাত খুব বেশি দেখা যায় না! আর এখন নানাবিধ কারণে বিজ্ঞাপনের বাজার সঙ্কুচিত হচ্ছে। বি টি আর সির আরেকটি পরিসংখ্যান উল্লেখ করলেই টিভি যে আগের মতো বিজ্ঞাপন পাচ্ছে না বিষয়টি পরিষ্কার হয়। যেখানে বলা হচ্ছে, গত পাঁচ বছরে (২০১৫-২০১৯) বাংলাদেশের তিনটি মোবাইলফোন কোম্পানি অনলাইনে বিজ্ঞাপন বাবদ গুগল, ফেইসবুক, ইউটিউব, ইমো, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমকে দিয়েছে আট হাজার সাতশো কোটি টাকারও বেশি।২৪ তাছাড়া টিভি চ্যানেলগুলো বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠান থেকে যে পরিমাণ বিজ্ঞাপন পাচ্ছিলো তা অনেকাংশেই কমে এসেছে। এদের থেকেও বিজ্ঞাপন পাচ্ছে অনলাইন, ইউটিউব, ফেইসবুক ও বিভিন্ন সামাজিক মাধ্যম। যা টেলিভিশন এবং টেলিভিশন কনটেন্টের ওপর বড়ো ধরনের প্রভাব ফেলছে।

টেলিভিশন চ্যানেলের ব্যবসা সঙ্কুচিত হলেও ঠিক সেই সময়টাতে ইউটিউব বিজ্ঞাপন প্রচার করে নতুন নতুন রেকর্ড করে চলেছে। ইউটিউব বিজ্ঞাপন থেকে গত বছর দেড় হাজার কোটি ডলার আয় করেছে গুগল¾যা গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের মোট আয়ের প্রায় ১০ শতাংশ। এ বিষয়ে গুগলের নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই বলেন, তিন বছর ধরে ইউটিউবের বিজ্ঞাপনী আয় বেড়েই চলেছে। ২০১৭ খ্রিস্টাব্দে আয় ছিলো আটশো ১০ কোটি ডলার। পরের বছর তা বেড়ে প্রায় এক হাজার একশো কোটি ডলারে পৌঁছে। এছাড়া ‘ইউটিউব প্রিমিয়াম’ ও ‘ইউটিউব মিউজিক’-এর গ্রাহক সংখ্যা ছাড়িয়েছে দুই কোটি। আর ইউটিউব টিভির রয়েছে অন্তত ২০ লাখ গ্রাহক। বিজ্ঞাপন ব্যতীত ইউটিউবের অন্যান্য সেবা ও ব্যবসা থেকে আয় প্রায় তিনশো কোটি ডলার।২৫

অর্থনৈতিক গুরুত্ব থাকায় টেলিভিশনের পাশাপাশি ইউটিউব ও ফেইসবুক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এর প্রভাবে প্রত্যেকটি টিভি চ্যানেল ল্যাপটপ, স্মার্টফোনে ব্যবহার উপযোগী ছোটো ছোটো অ্যাপ তৈরি করছে। উদাহরণ হিসেবে ‘এনটিভি’র কথা বলা যায়। এক ‘এনটিভি’র কনটেন্ট সামাজিক মাধ্যমে দেখার জন্য তাদের মোট ১৯টি চ্যানেল রয়েছে।২৬ এনটিভি নাটক, এনটিভি নিউজ, এনটিভি এন্টারটেইনমেন্ট, এনটিভি গান ইত্যাদি। একেকটা বিনোদন ঘরানার জন্য একেকটা চ্যানেল। সেইসঙ্গে টিভি চ্যানেল পরিচালনার পাশাপাশি তাদের ইউটিউব চ্যানেল চালানোর জন্য রীতিমতো রয়েছে আলাদা ব্যবস্থাপনা। এটা যে শুধু ‘এনটিভি’র অবস্থা বিষয়টা মোটেও এমন নয়। একই অবস্থা প্রায় সবকটি টিভি চ্যানেলেরই।

প্রাযুক্তিক মাধ্যমে নিরাপত্তা সঙ্কট

প্রাযুক্তিক উৎকর্ষতায় সারাবিশ্বে ক্ষমতা চর্চার ধরনও পাল্টে যাচ্ছে। বলতে গেলে এখন আর কেউ যুদ্ধ করে কোনো দেশ বা ভূখণ্ড দখলের পরিকল্পনা করছে না। পরাশক্তি বৃটেন, আমেরিকা, ফ্রান্স, রাশিয়া, চিন তাদের ব্যবসা, সামরিক শক্তি, কালচারের সঙ্গে গুগল, ফেইসবুক, ইউটিউব, মাইক্রোসফট, হোয়াটসঅ্যাপ, ভাইবার, স্কাইপ, অ্যামাজনের মতো প্রযুক্তিকেও অন্যদের নিয়ন্ত্রণের কৌশল হিসেবে গ্রহণ করেছে। এসব মাধ্যমের প্রধান উদ্দেশ্য যেহেতু সেবার নামে ব্যবসা করা; সেহেতু তারা কোনো না কোনোভাবে নির্দিষ্ট প্রতিষ্ঠানের (ফেইসবুকের সহযোগী প্রতিষ্ঠান হোয়াটসঅ্যাপ, ইন্সটাগ্রাম, মেসেঞ্জার আর গুগলের সহযোগী প্রতিষ্ঠান ইউটিউব) হয়ে কাজ করছে বা অন্য কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানকে তাদের সঙ্গে কাজের সুযোগ দিচ্ছে। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করতে গেলে যেসব ব্যক্তিগত তথ্য দেওয়া লাগে সেগুলো তারা তুলে দিচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা/বাহিনীর হাতে। তারা তথ্য বিনিময় করছে কোনো ধরনের নীতি-নৈতিকতার মধ্যে না থেকে। যে কারণে এই সময়ে এসে মানুষের ব্যক্তিগত গোপনীয় তথ্য বলে কিছু থাকছে না!

পাঠক, একটু খেয়াল করবেন। আপনি যখন গুগলে বা যেকোনো সাইটে কোনো পণ্য সম্পর্কে জানতে সার্চ করেন, ঠিক কিছুক্ষণের মধ্যেই ফেইসবুক-ইউটিউব আপনার প্রোফাইলে হাজির হয় সেই পণ্যের ছবি ও বিজ্ঞাপন নিয়ে। প্রশ্ন জাগাটাই স্বাভাবিক, এটি কীভাবে সম্ভব? উত্তর আপনারও জানা। কেননা ফেইসবুক, ইউটিউবে প্রবেশের প্রথম শর্তই হচ্ছে আপনার গুগল/ইমেইল অ্যাকাউন্ট থাকা চাই। আর এই গুগল/ইমেইল অ্যাকাউন্ট নিবন্ধনের সময় ব্যক্তিগত নানা ধরনের তথ্য দিতে হয়। প্রয়োজনীয় সব বিষয়গুলো সংগ্রহ করা কর্তৃপক্ষ তখন মুনকার-নাকিরের ভূমিকায় হাজির হয়। ফলে গ্রাহক কখনো জানতেই পারে না যে, তার অগোচরে যাবতীয় ব্যক্তিগত গোপনীয় তথ্য সংগ্রহ করে নথিবদ্ধ করা হচ্ছে। বিষয়টা অনেকটা এমন যে,

এনভেলপের চিঠির সাথে তুলনীয় সামান্য কোনো নিশ্চয়তাও ইন্টারনেটে নাই। স্মার্টফোনে নাই। ইয়াহু জিমেইল হটমেইল ওয়াই মেইল গুগল মেইল--এগুলো সবই একেবারে ন্যাংটা। ... সেখানে কোন তথ্য কোন পিসি থেকে, কোন ল্যাপটপ থেকে, কোন স্মার্টফোন থেকে, কোন সাইবার-ক্যাফে থেকে কোন আইপি-ঠিকানা হয়ে কোন দিক দিয়ে কোন পথে হয়ে কোথায় গেলো সবই ফকফকা পরিষ্কার পদ্ধতিতে নথিভূক্ত থাকে।২৭

এতো গেলো ফেইসবুক, ইউটিউবের মতো সামাজিক মাধ্যমের প্রাইভেসির কথা। অন্যদিকে টেলিভিশনেও যে মানুষ নিরাপদ বিষয়টি ভাবার কোনো কারণ নেই। টিভির মাধ্যমেও যে মানুষের ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করা যায় তা সবার কাছে অজানাই থেকে যেতো, যদি না বিকল্প গণমাধ্যম উইকিলিকস ২০১৪ খ্রিস্টাব্দে নথিগুলো ফাঁস করতো। কীভাবে--মার্কিন গোয়েন্দা সংস্থা সি আই এ এবং এফ বি আই দিনের পর দিন মানুষের ব্যক্তিগত তথ্য চুরি করেছে স্যামসাংয়ের এফ ৮০০ রেঞ্জ মডেলের স্মার্ট টিভির মাধ্যমে, তা সবার সামনে স্পষ্ট করেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ।

এমনকি টিভির পর্দা অফ করা থাকলেও টিভিতে বসানো স্পাইওয়্যারের মাধ্যমে আশপাশের যাবতীয় শব্দ রেকর্ড করা হতো। এবং পরবর্তী সময়ে টিভি চালু হওয়া মাত্র ওয়াই-ফাইয়ের মাধ্যমে পাঠিয়ে দিতো সি আই এ-এর সার্ভারে। তাহলে এতো এতো প্রযুক্তির ভিড়ে মানুষ নিরাপদ কোথায়? আর এই মাধ্যমগুলোতে নিরাপত্তার দায়িত্বটাইবা কে নেবে? তাই ব্যক্তিগত নিরাপত্তার বিষয়ে ব্যবহারকারীকেই যতোটা সম্ভব সচেতন থাকতে হবে। কারণ নাগরিকের ব্যক্তিগত গোপনীয় তথ্য থাকলে তাকে শোষণ করা, জোরপূর্বক নানা ধরনের কাজ করিয়ে নেওয়া রাষ্ট্রের জন্য অনেক সহজ হয়ে যায়। তথ্যের এই যুদ্ধে যার কাছে যতো বেশি সুসংগঠিত তথ্য থাকবে সে ততো বেশি সুযোগ সুবিধা নিতে পারবে বিপরীত পক্ষ থেকে। যে কারণে রাষ্ট্র নানাভাবে নাগরিকদের নজরদারির মধ্যে রাখে। মিশেল ফুকোকে আমলে নিয়ে তাত্ত্বিক, গবেষক আ-আল মামুন বিষয়টিকে ব্যাখ্যা করেন এভাবে--

প্রশাসনিকতার মূল কথা হলো, ক্ষমতা প্রয়োগ করা হবে জনগোষ্ঠীর কল্যাণের জন্য। সর্বজনীন কল্যাণ নয়, বিশেষ বিশেষ গোষ্ঠীর বিশেষ বিশেষ কল্যাণের জন্য। এই কায়দায় ক্ষমতা প্রয়োগের জন্য দরকার হয় জনগোষ্ঠী সম্বন্ধে প্রশাসনিক জ্ঞান। ফুকো দেখান, আধুনিক সমাজে যতোই প্রশাসনিকতা বিস্তৃত হয়েছে, ততোই গড়ে উঠেছে জনগোষ্ঠীকে নানাভাবে শ্রেণীবদ্ধ করে তাদের সম্বন্ধে সরকারি তথ্যসংগ্রহের ব্যবস্থাসূমহ। কারণ, অধিকতর নির্দিষ্ট ও পরিসংখ্যানগত নির্ভুল তথ্য ক্ষমতাব্যবস্থাকেও অধিকতর টেকসই করে তোলে।২৮

আর এই তথ্য সংগ্রহের জন্য কাউকে নজরদারি করতে তার বাড়ি গিয়ে পাহারা দিতে হয় না, পিছনে লোক লাগাতে হয় না; সে কতোটুকু সময় প্রাযুক্তিক মাধ্যমগুলো ব্যবহার করছে তা দেখেই সহজে আন্দাজ করা যায় তার ‘দৌড়’ কতোদূর।

শেষ কথা

হাতে, পকেটে একটা স্মার্টফোন বা ল্যাপটপ থাকলে প্রয়োজনে সেটাই হয়ে ওঠে ‘টেলিভিশন’। তখন টেলিভিশনকে সঙ্গে নিয়ে যাওয়া যায় সব জায়গায়। দেখে নেওয়া যায় সর্বশেষ আপডেট। টেলিভিশন সেট যেখানে বৈদ্যুতিক সংযোগ ব্যতীত সম্পূর্ণ ব্যর্থ, সেখানে ইউটিউবে টেলিভিশন দেখা যায় ইন্টারনেট সুবিধা থাকলেই। যন্ত্র হিসেবে টেলিভিশন সেট বহনযোগ্য না হওয়ায় সৃষ্ট সঙ্কটের কারণে এই প্রজন্মের বেশিরভাগই মোবাইল, ল্যাপটপেই সেই সুবিধা নিচ্ছে। এতে করে বিলীন হয়ে যাচ্ছে প্রাযুক্তিক যন্ত্র হিসেবে টেলিভিশনের স্বকীয়তা; যার কারণে মাধ্যম হিসেবে টেলিভিশন অনেকটা মৃত্যুর দুয়ারে পৌঁছে গেছে।

তার ওপর বাজার অর্থনীতির স্রোতে কর্মব্যস্ত মানুষের সেই সময়ইবা কোথায়? তবে কৌতূহলী মানুষ গোটা বিশ্বকে ঠিকই নখদর্পণে রাখতে চায়। একই মাধ্যমে একই সঙ্গে করতে চায় একাধিক কাজ। এর জন্য অপেক্ষাকৃত গতিশীল মাধ্যম--কম সময়ে যেখানে জানা যাবে বিশ্বকে--তাকেই গ্রহণ করবে মানুষ। এটাই সময় ও মানুষের সহজাত প্রবৃত্তি। সেকারণেই টিভি ছেড়ে ‘ফেইসবুক’, ‘ইউটিউব’ আর ও টি টি প্লাটফর্মগুলোর দিকে ঝুঁকছে সবাই। যদিও স্মার্টফোন, ল্যাপটপ, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সবাই সমানভাবে ব্যবহার করতে পারছে না এবং এক ধরনের ডিজিটাল ডিভাইড তৈরি হচ্ছে। অর্থাৎ একটি অংশ ইন্টারনেটের সুবিধা হাতের নাগালে পেলেও আরেকটি অংশ সেই সুবিধা পাচ্ছে সামান্যই বা একবারেই বঞ্চিত হচ্ছে। তারপরও দীর্ঘসময় একক আধিপত্য ধরে রাখা টেলিভিশনের সেই জায়গাটি দখল করে নিচ্ছে ইউটিউব, ফেইসবুকসহ সামাজিক মাধ্যমগুলো। এর পরে হয়তো নতুন কোনো মাধ্যমের আগমন ঘটবে, যা ইউটিউব-ফেইসবুকের প্রবল প্রতাপকে পিছনে ফেলে সামনে এগিয়ে যাবে। আপাতত প্রাযুক্তিক উৎকর্ষতায় টেলিভিশন সেটের মৃত্যু হচ্ছে/হয়েছে, এটাই শেষ কথা।

লেখক : সোহাগ আব্দুল্লাহ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

abdshohag.bd@gmail.com

https://www.facebook.com/abd.shohag.3

 তথ্যসূত্র ও টীকা

১. জ্যানেট ওয়াসকো, উদ্ধৃত; সোয়েটর্জ (২০০০ : ১১৩); ‘টেলিভিশন কী?’; যোগাযোগ; অনুবাদ : ফাহমিদুল হক; সম্পাদনা : ফাহমিদুল হক ও আ-আল মামুন; সংখ্যা ১২, বর্ষ ২০১৬, পৃ. ১৫, ঢাকা বিশ্ববিদ্যালয়।

২. ল্যন্ডেসবার্গ, রিচার্ড ও মার্ক জে পেসক্যাটর; ‘টেলিভিশন সম্প্রচারের ইতিহাস’; যোগাযোগ; অনুবাদ : ওয়াসেফ রহমান; সম্পাদনা : ফাহমিদুল হক ও আ-আল মামুন; সংখ্যা ১২, বর্ষ ২০১৬, পৃ. ৬৬, ঢাকা বিশ্ববিদ্যালয়।

3. https://www.bd-pratidin.com/tech-world/2020/02/02/497979; retrieved on: 02.12.2020

4. https://www.bbc.com/bengali/news-49022903; retrieved on: 02.12.2020

5. https://rb.gy/r8ka6c; retrieved on: 02.12.2020

6. https://rb.gy/lc3i3l; retrieved on: 02.12.2020

৭. সাজেশন ভিডিও : ইউটিউব, ফেইসবুক ব্যবহারকারী যেই ধরনের বা যাদের কনটেন্ট বেশি দেখে বা দেখতে পছন্দ করে সেই ধরনের ভিডিও তার ওয়াচ লিস্টে/টাইম লাইনে হাজির করা হয়।

8. https://www.deshrupantor.com/last-page/2020/01/04/190897; retrieved on: 20.11.2020

9. https://rb.gy/nwv8pk; retrieved on: 02.12.2020

10. https://www.jagonews24.com/opinion/article/594005; retrieved on: 02.12.2020 

11. https://www.theverge.com/2020/2/13/21136335/youtube-streaming-wars-mobile-android-tiktok-netflix-quibi; retrieved on: 02.12.2020

12. https://rb.gy/nbd3fu; retrieved on: 02.12.2020

১৩. ভৌমিক, বর্ণনা; ‘বাংলাদেশে টেলিভিশন : ঐতিহাসিক ধারাক্রম’; যোগাযোগ; সম্পাদনা : ফাহমিদুল হক ও আ-আল মামুন; সংখ্যা ১২, বর্ষ ২০১৬, পৃ. ৮১, ঢাকা বিশ্ববিদ্যালয়।

১৪. হায়দার, কাজী মামুন; ‘বেসরকারি টেলিভশন চ্যানেলে সংবাদ পরিবেশনার বিচারমূলক পাঠ’; যোগাযোগ; সম্পাদনা : ফাহমিদুল হক ও আ-আল মামুন; সংখ্যা ৮, বর্ষ ২০০৭, পৃ. ১৮৯, রাজশাহী বিশ্ববিদ্যালয়।

১৫. আবদুল্লাহ, তুষার; ‘রাষ্ট্রের পঞ্চম স্তম্ভের খবর কি আমরা জানি?’; যোগাযোগ; সম্পাদনা : ফাহমিদুল হক ও আ-আল মামুন; সংখ্যা ১২, বর্ষ ২০১৬, পৃ. ১৬৪, ঢাকা বিশ্ববিদ্যালয়।

১৬. ‘যেমন হতে পারে করোনা-পরবর্তী বিনোদন বিশ্ব’; দৈনিক বাংলাদেশ প্রতিদিন, ৬ আগস্ট ২০২০।

১৭. নেটফ্লিক্স, ডিজনি, অ্যাপেল, অ্যামাজন প্রাইম, বায়োস্কোপ, হইচই-এর মতো প্রাযুক্তিক এই মাধ্যমগুলোতে টাকার বিনিময়ে নাটক, গান, চলচ্চিত্র দেখা যায়।

১৮. ঢুঁ মারতে পারেন সালাউদ্দিন সুমন-এর ‘সালাউদ্দিন সুমন’, আদনান ফারুকী’র ‘আদনান ফারুকী’, হোসাইন সোহেল’র ‘হোসাইন সোহেল’, মহাসীন উল হাকিম-এর ‘মহাসীন উল হাকিম’, আর জে কিবরিয়া’র ‘ব্যান্ডিং বাংলাদেশ’ চ্যানেলে।

১৯. হক, ফাহমিদুল; ‘গতানুগতিক অথবা গণতান্ত্রিক : বাংলাদেশের অনলাইন সাংবাদিকতা’; যোগাযোগ; সম্পাদনা : ফাহমিদুল হক ও আ-আল মামুন; সংখ্যা ১১, বর্ষ ২০১৩, পৃ. ২৪৫, ঢাকা বিশ্ববিদ্যালয়।

20. https://rb.gy/efai9a; retrieved on: 02.12.2020

21. https://rb.gy/efai9a; retrieved on: 02.12.2020

২২. সোমা, আফরোজা; “‘আন্ডারস্ট্যান্ডিং’ ম্যাকলুহান : প্রযুক্তিবিশ্বের অলঙ্ঘনীয় তাত্ত্বিক ও ভবিষ্যৎদ্রষ্টা”; যোগাযোগ; সম্পাদনা : ফাহমিদুল হক ও আ-আল মামুন; সংখ্যা ১৩, বর্ষ ২০১৯, পৃ. ৩৪, ঢাকা বিশ্ববিদ্যালয়।

২৩. প্রাগুক্ত, ওয়াসকো (২০১৬ : ১৬)।

২৪. ‘গুগল-ফেসবুকে গ্রামীণফোন রবি বাংলালিংকের ৮ হাজার কোটি টাকার বিজ্ঞাপন’; প্রথম আলো, ৪ সেপ্টেম্বর ২০১৯।

25. https://rb.gy/jcwyum; retrieved on: 02.12.2020

26. https://www.ntvbd.com/bangladesh/ইউটিউবে-এনটিভির-কোটি-সাবস্ক্রাইবার-১৫-প্লে-বাটন-751393; retrieved on: 02.12.2020

২৭. নিউটন, সেলিম রেজা (২০১৫ : ৩৭৬); অচেনা দাগ : সম্পর্ক স্বাধীনতা সংগঠন; আগামী প্রকাশনী, ঢাকা।

২৮. মামুন, আ-আল (২০০৬ : ৩২); ‘ভূমিকা’; মানব প্রকৃতি : ন্যায়নিষ্ঠা বনাম ক্ষমতা (মুখোমুখি নোম চমস্কি এবং মিশেল ফুকো); ভূমিকা ও ভাবভাষান্তর : আ-আল মামুন; রোদ, রাজশাহী।

বি.দ্র. এই প্রবন্ধটি ম্যাজিক লণ্ঠন ২০তম সংখ্যা, জানুয়ারি ২০২১ এ প্রকাশিত হয়েছে।

 

 

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন