Magic Lanthon

               

ইসলাম রাজু

প্রকাশিত ১৫ নভেম্বর ২০২৬ ১২:০০ মিনিট

অন্যকে জানাতে পারেন:

চলচ্চিত্রের বই

‘রৌদ্রছায়ায় লুকোচুরি খেলা’ চলচ্চিত্র না দেখে, চলচ্চিত্রপড়া

ইসলাম রাজু


সমাজে বিভিন্ন শ্রেণির মানুষের বসবাস--নিম্নবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত। সব শ্রেণির মানুষের মধ্যেই তাদের চলাফেরা, শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্যে ভিন্নতা পরিলক্ষিত হয়। কখনো কখনো সমাজের কোনো একটি শ্রেণির মানুষ তাদের থেকে অপেক্ষাকৃত নিম্নশ্রেণির ওপর কর্তৃত্ব ফলানোর চেষ্টা করে। নিজেদের কথা, সিদ্ধান্ত ও মতামত তারা অন্যদের ওপর চাপিয়ে দেয়। এছাড়া অপেক্ষাকৃত এগিয়ে থাকা ওই শ্রেণিটি নিজেদের অবস্থান ভুলে ফাঁপা মূল্যবোধের তাবেদারি করে। তারা তাদের নিজস্ব শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্যের প্রতি হয়ে পড়ে উদাসীন। এই উদাসীনতা কখনো আত্মপরিচয়ের সঙ্কট সৃষ্টি করে। এমনই এক কাহিনি নিয়ে সত্যজিৎ রায় নির্মাণ করেন চলচ্চিত্র কাঞ্চনজঙ্ঘা। যা ১৯৬২ খ্রিস্টাব্দে মুক্তি পায়। যেখানে দেখা যায়, একটি তথাকথিত বাঙালি ধনী পরিবারের মানুষগুলোর কপটতা ও অন্তঃসারশূন্যতা। অতি সতর্কভাবে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে মধ্যবিত্ত ও তাদের মন-মানসিকতার রঙিন চাদর। সত্যজিৎ কাঞ্চনজঙ্ঘায় কাঞ্চনজঙ্ঘাকে শুধু পর্বতশৃঙ্গ হিসেবে প্রকাশ করেননি; দেখিয়েছেন মানুষের বিবেক ও জ্ঞানের প্রতীতি হিসেবেও, যা মানবিক চরিত্র গঠনে ভূমিকা রাখতে পারে। পরবর্তী সময়ে ১৯৯৭ খ্রিস্টাব্দে কাঞ্চনজঙ্ঘা নিয়ে একটি গ্রন্থ রচনা করেন শৈবাল চৌধূরী, ‘রৌদ্রছায়ায় লুকোচুরি খেলা’ নামে। এই আলোচনা সত্যজিতের কাঞ্চনজঙ্ঘা নয়, শৈবালের বইয়ের পাতায় পড়া ‘রৌদ্রছায়ায় লুকোচুরি খেলার কাঞ্চনজঙ্ঘা’ নিয়ে।

পাঠকের চোখে ‘রৌদ্রছায়ায় লুকোচুরি খেলা’

সাত/পাঁচ ইঞ্চির বোর্ড বাইন্ডিংয়ের ‘রৌদ্রছায়ায় লুকোচুরি খেলা’ বইটি হাতে নিলেই প্রচ্ছদে চোখে পড়ে গাছপালা, তার পিছনে কাঞ্চনজঙ্ঘা; সঙ্গে উঁকি দিচ্ছে সূর্য। আর মলাট উল্টালেই চোখে পড়ে প্রচ্ছদের ফ্ল্যাপ, সেখানে লেখক সম্পর্কে বিস্তর তথ্য পাওয়া যায়। লেখক শৈবাল চৌধূরী চলচ্চিত্র নিয়ে লেখালেখির পাশাপাশি সাহিত্য ও সঙ্গীত নিয়েও কাজ করছেন। তিনি নির্মাণ করেছেন পাঁচটি প্রামাণ্যচলচ্চিত্র ও একটি কাহিনিচিত্র। এছাড়া শৈবাল চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের সভাপতি ও ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ-এর সহসভাপতি পদে রয়েছেন ২০১২ খ্রিস্টাব্দ থেকে। এতো সব পরিচয়ের বাইরে তিনি খণ্ডকালীন শিক্ষক হিসেবে পড়ান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের চলচ্চিত্র ও টেলিভিশন কোর্সটি।

ফ্ল্যাপের পরেই রয়েছে পোস্তানি (মূল বই এবং মলাটকে যে পাতাটি সংযুক্ত করে তাকে পোস্তানি বলে)। এরপর পুরো পৃষ্ঠাজুড়ে সত্যজিৎ রায়ের রঙিন একটি ছবি। সেই ছবির পরের পাতায় বইটির টাইটেল--‘রৌদ্রছায়ায় লুকোচুরি খেলা’, লেখক শৈবাল চৌধূরী; প্রকাশনার নাম ‘খড়িমাটি’। এই পাতার উল্টোপিঠেই রয়েছে প্রকাশনা সংক্রান্ত তথ্য। সেখানেই জানা যায়, বইটির প্রথম ১৯৯৭ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারিতে প্রকাশ হয়। দ্বিতীয় পরিবর্ধিত সংস্করণ হয়েছে ফেব্রুয়ারি ২০১৯-এ। নতুন বইয়ের এই প্রচ্ছদ করেছেন মনিরুল মনির; যিনি একই সঙ্গে চট্টগ্রামের ‘খড়িমাটি’ প্রকাশনার স্বত্বাধিকারী।

এর পরের পাতায় দেখা যায়, শৈবাল বইটি উৎসর্গ করেছেন প্রতীতি দেবী ঘটক‘কে। উৎসর্গপত্রটি লেখা ঠিক এভাবে--‘আমার পরম প্রিয় মাসীমা ঋত্বিক যমজ ভগিনী প্রতীতি দেবী ঘটক-এর চরণ কমলে ...। যাঁর অপরিসীম আভিজাত্য এবং ব্যক্তিত্ব আর অবারিত স্নেহচ্ছায়ায় প্রতিনিয়ত ঋত্বিকের পরশ পাই।’ পরের পৃষ্ঠায় ‘কৃতজ্ঞতা’ শিরোনামে দুইটি পত্রিকাসহ রয়েছে নয়টি বইয়ের নাম। বইটি লিখতে গিয়ে লেখক যে বই ও পত্রিকার সাহায্য নিয়েছেন সেগুলোর নাম এখানে দিয়েছেন বলে প্রথম দেখায় মনে হয়। ‘কৃতজ্ঞতা’র নিচেই লেখকের অন্যান্য বইয়ের তালিকা দেওয়া হয়েছে। পরবর্তী পৃষ্ঠার অর্ধেকজুড়ে আবারও সত্যজিতের একটি রঙিন ছবি। ছবিটির নিচে ‘টাইগার হিল টু কাঞ্চনজঙ্ঘা : দেখা নয়, অনুধাবন’ শিরোনামে লিখেছেন প্রকাশক মনিরুল মনির। বইটির প্রকাশনা প্রসঙ্গে লিখতে গিয়ে মনির দার্জিলিং ও কাঞ্চনজঙ্ঘা নিয়ে তার নিজের অনুভূতি প্রকাশ করেছেন; সঙ্গে বলেছেন বইটির দ্বিতীয় প্রকাশের প্রয়োজনীয়তার কথাও।

এর পরের পাতায় ৩৫ মি মি ক্যামেরায় শট্ নিচ্ছেন সত্যজিৎ, এমন একটি রঙিন ছবি দেওয়া। মাপে অর্ধেক পৃষ্ঠার চেয়ে সামান্য কম এই ছবিটির নিচ থেকে শুরু হয়েছে লেখকের ভূমিকা। ভূমিকা থেকে জানা যায় ৮০’র দশকে লেখককে খুব কষ্ট করে কাঞ্চনজঙ্ঘা দেখতে হয়েছিলো। লেখকের ভাষ্যমতে, ‘১৯৮৯ সালে বিবিসির চ্যানেল ফোর কাঞ্চনজঙ্ঘা ছবিটি দেখায়। আমার এক বন্ধু লন্ডনে ছবিটি দেখার সময় রেকর্ড করে রাখে এবং চট্টগ্রামে আসার সময় ক্যাসেটটা নিয়ে আসে। ১৯৮৯ সালেই কাঞ্চনজঙ্ঘা দেখি। বারবার।’ এরপর লেখক চলচ্চিত্রটি নিয়ে লেখায় আগ্রহী হন। ১৯৯২ খ্রিস্টাব্দে লেখা প্রবন্ধটি চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের মুখপত্র ‘নিউ ওয়েভ’-এর সত্যজিৎ স্মারক সংখ্যায় প্রকাশ হয়; আর বই আকারে ১৯৯৭ খ্রিস্টাব্দে চট্টগ্রামের ‘মনন প্রকাশন’ এটি প্রকাশ করে। দুই বছরের মধ্যেই বইটির মুদ্রণ শেষ হয়ে যায়। এরপর দীর্ঘদিন বইটি পাওয়া যায়নি। ২০১৯-এ বইটির পরিবর্তিত, পরিমার্জিত ও পরিবর্ধিত সংস্করণ প্রকাশ করে খড়িমাটি।

ভূমিকার পর মূল আলোচনায় যাওয়ার আগে পৃষ্ঠাজুড়ে কাঞ্চনজঙ্ঘার একটি রঙিন পোস্টার ছাপানো হয়েছে। এর পরের পৃষ্ঠাতে রয়েছে কাঞ্চনজঙ্ঘা সংক্রান্ত যাবতীয় তথ্য। প্রথমেই চলচ্চিত্রটি যে ফিল্মে শ্যুট হয়েছে তার নাম--ইস্টম্যান কোডাক-৫০ ASA রঙিন ফিল্ম। এছাড়া প্রযোজনা ও পরিবেশনা, অভিনয়, শিল্পনির্দেশনা, সঙ্গীতে সহকারী, কণ্ঠ সঙ্গীত, ব্যবস্থাপনা, রূপসজ্জা, আলোকচিত্র সহকারী, আলোকচিত্র, শব্দগ্রহণ, সম্পাদনা, কাহিনি সংলাপ চিত্রনাট্য সংগীত ও পরিচালনা, পরিস্ফুটনে সম্পৃক্তদের নাম; সবশেষে চিত্রায়ণকাল ও মুক্তির তারিখ।

মূল আলোচনায় প্রবেশ যেভাবে

এই পর্যায়ে এসে বইয়ের মূল আলোচনা শুরু হয়। শুরুতেই পৃষ্ঠার উপরের অংশে কাঞ্চনজঙ্ঘার একটি রঙিন ছবি অর্ধ-পৃষ্ঠাজুড়ে ছাপানো হয়েছে। সেই ছবিতে দেখা যায়, চলচ্চিত্রের মূল চরিত্র (প্রোটাগনিস্ট) রায়বাহাদুর ইন্দ্রনাথ চৌধুরী ও তার স্ত্রী লাবণ্যপ্রভাকে।

বইটি লেখক যে ধারাবাহিকতায় লিখেছেন, সেখানে মূল আলোচনাকে চার ভাগে ভাগ করা যেতে পারে। প্রথম ভাগে মূলত চলচ্চিত্র কাঞ্চনজঙ্ঘা নিয়ে সার্বিক কিছু বিষয় তুলে ধরা হয়েছে। কাঞ্চনজঙ্ঘা সত্যজিতের প্রথম রঙিন চলচ্চিত্র; এছাড়া প্রথম কোনো কাজ যা তিনি সম্পূর্ণ আউটডোরে করেছেন। দার্শনিক দিক থেকেও কাঞ্চনজঙ্ঘা রায়ের অন্য চলচ্চিত্র থেকে একেবারে ভিন্ন। তা সত্ত্বেও চলচ্চিত্রটি সমালোচকদের কাছে সেসময় উপেক্ষিত হয়। দর্শকও নতুন আঙ্গিকের এই চলচ্চিত্রটিকে খুব ভালোভাবে নিয়েছিলো বলে মনে হয়নি। ১৯৬২ খ্রিস্টাব্দের ১৯ মে মুক্তির পর এটি কলকাতায় ঢিলেতালে সপ্তাহখানেক চলে। পরে কাঞ্চনজঙ্ঘা নিয়ে আর তেমন কোনো কথা হয়নি। চলচ্চিত্রটি সবমিলিয়ে সমসাময়িককালে বিদেশেও তেমন কোনো অবস্থান তৈরি করতে পারেনি। এছাড়া আন্তর্জাতিক কোনো উৎসবে কাঞ্চনজঙ্ঘার না যাওয়ার পিছনে কারণ ছিলো এর সাবটাইটেল না থাকা; প্রযোজকও তাই এ বিষয়ে খুব উৎসাহী হননি। এ নিয়ে সত্যজিতের নিজের ভাষ্য হলো--‘পুরস্কারের জন্য তো নাম এন্ট্রি ইত্যাদি করার ব্যাপার থাকে। ওসব সব সময় হয় না।’ অবশ্য অনেক পরে সাবটাইটেল দেওয়া হলে কাঞ্চনজঙ্ঘা বিদেশে নতুন করে আবিষ্কৃত হয়, বিশেষ করে যুক্তরাজ্য ও ফ্রান্সে।

তৎকালীন সমালোচকেরা চলচ্চিত্রটিকে আমলে নেয়নি। ফলে চলচ্চিত্রটি খুব বেশি প্রচার পায়নি বুদ্ধিবৃত্তিক মহলে। এছাড়া কাঞ্চনজঙ্ঘার ক্ষেত্রে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ ছিলো--চলচ্চিত্রটি সেই সময়ের সমাজব্যবস্থা থেকেও খানিক এগিয়ে ছিলো বলে অনেকে মনে করে। ফলে চলচ্চিত্রটি অনুধাবন করতে অনেক সময় লেগেছে। প্রখ্যাত সমালোচক চিদানন্দ দাশগুপ্ত সেসময় কাঞ্চনজঙ্ঘাকে ‘Light Weight’ বলে সনদ দেন। তার মতে, এ চলচ্চিত্রের আঙ্গিকটি নতুন হলেও তা চটুল ও ভঙ্গুর। অবশ্য অনেক পরে তার এ ধারণা পরিবর্তন হয়।

যেভাবে নির্মাণ কাঞ্চনজঙ্ঘা

বইটির দ্বিতীয় ভাগে চলচ্চিত্রের চরিত্রগুলো তুলে ধরা হয়েছে। চরিত্র নিয়ে আলোচনা শুরুর আগে বইটির অর্ধেক পৃষ্ঠাজুড়ে চলচ্চিত্রটির বিভিন্ন দৃশ্যের সাদা-কালো ছয়টি আলোকচিত্র দেওয়া আছে। কাঞ্চনজঙ্ঘায় চরিত্র রয়েছে মোট ১১টি--রায়বাহাদুর ইন্দ্রনাথ চৌধুরী, লাবণ্যপ্রভা, জগদীশ, অণিমা, অনিল, মনীষা, শংকর, অশোক, শিবশংকর, প্রণব ও নেপালি ছোট্ট ছেলে গুঁইয়ে। লেখক প্রতিটি চরিত্রকে আলাদা আলাদা ভাবে বর্ণনা করেছেন। চলচ্চিত্রে তাদের বৈশিষ্ট্য, অন্তর্নিহিত ভাব, চরিত্রগুলোর বৈপরীত্য, পোশাক উঠে এসেছে সেই বর্ণনায়। সর্বোপরি চরিত্রগুলোর ভিতর-বাইরের রূপটি বোঝা যায়।

তৃতীয় ভাগে লেখক কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গ ও সেখানে শুটিংয়ের বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। জানা যায়, চলচ্চিত্রটির বেশিরভাগ দৃশ্যধারণ করা হয় দার্জিলিং শহরে। সত্যজিৎ পর্বতশৃঙ্গকে মানুষের বিবেকশৃঙ্গের সঙ্গে তুলনা করেছেন। বিকেলে সূর্যের আলো যখন কাঞ্চনজঙ্ঘার চূড়ায় পড়ে তখন কেটে যায় কুয়াশা ও অন্ধকার; ঠিক তখনই চলচ্চিত্রের চরিত্রগুলো তাদের ভুলগুলো বুঝতে পারে। লেখক এই গ্রন্থে চলচ্চিত্রটির শুরু থেকে শেষ পর্যন্ত রৌদ্র ও ছায়ার যে টানাপড়েন তার সঙ্গে এর কাহিনি, চরিত্র ও বৈশিষ্ট্যগুলোর সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছেন। চলচ্চিত্রে সম্পর্কগুলোর যে ভুল বোঝাবুঝি, শেষ বিকেলে সূর্যের আলো নিভে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা তা ভুলে গিয়ে এক আন্তরিক সম্পর্কে আবদ্ধ হয়। এ পর্যায়ে লেখক রবীন্দ্রনাথের ‘নিজেকে চিনতে পারার কথা’ উল্লেখ করেন।

এছাড়া এখানে চলচ্চিত্রটি নির্মাণের পিছনের ইতিহাস বর্ণনা করা হয়েছে। রবীন্দ্রনাথের জন্মশতবার্ষিকীতে তার তিনটি ছোটগল্প (‘পোস্টমাস্টার’, ‘মণিহারা’, ‘সমাপ্তি’) নিয়ে কাহিনিচিত্র তিন কন্যা নির্মাণের পর, সত্যজিৎ একদিনের এক পারিবারিক বনভোজনের ঘটনার ঘাত-প্রতিঘাত নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করেন। প্রথমে ‘বাগানবাড়ী’ নামে চলচ্চিত্রটি নির্মাণ করতে চাইলেও গঙ্গা তীরে ঠাকুর পরিবারের বাড়ি ব্যবহারের অনুমতি না পেয়ে দার্জিলিংয়ের প্রেক্ষাপটে চলচ্চিত্র নির্মাণের কথা ভাবেন। তারপর চলচ্চিত্রটির নামকরণ করেন কাঞ্চনজঙ্ঘা। চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করতে গিয়ে তিনি আরো কী কী সমস্যায় পড়েছিলেন তারও বিশদ বর্ণনা এতে আছে। সত্যজিৎ তার অন্যান্য চলচ্চিত্র থেকে সম্পূর্ণ নতুন আঙ্গিকে কাঞ্চনজঙ্ঘা নির্মাণ করেন। এ নিয়ে সত্যজিতের নিজের ভাষ্য হলো--‘আমার এর আগের ছবিগুলোতে সাধারণ ভাবে সরাসরি গল্প বলে গেছি, সবকটি ছবিতেই চলচ্চিত্রিক গুণাবলী বজায় ছিল ঠিকই, তবে কারিগরি কুশলতা ও বৈচিত্র ছিল না তেমন। এর প্রথম সমন্বয় নিঃসন্দেহে কাঞ্চনজঙ্ঘা।’

এছাড়া কাঞ্চনজঙ্ঘার সঙ্গীত নিয়েও বিস্তর কথা বলা হয়েছে। এতে সঙ্গীতের ব্যবহার হয় মন্তাজ সৃষ্টিতে। সঙ্গীতের মাধ্যমে লাবণ্যপ্রভা মন্তাজ সৃষ্টি করেছেন। প্রকৃতি যখন কুয়াশা আচ্ছন্ন হয়ে পড়ে ঠিক সেই সময়ে লাবণ্যপ্রভা রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে নিজের ভিতরের দুঃখ-কষ্ট কমানোর চেষ্টা করেন। ভারতীয় মার্গ সঙ্গীতের যে পরিবেশন রীতি, তার সঙ্গে সত্যজিৎ ভারতীয় মন্দির স্থাপত্যের সাদৃশ্যের তুলনা করেছেন। এছাড়া কাঞ্চনজঙ্ঘায় নেপালি সেই ছোট্ট শিশুর সঙ্গীতের মাধ্যমে ফুটে উঠেছে এক অন্য কাঞ্চনজঙ্ঘা। চলচ্চিত্রটি শুরু হয় পথশিশুর গানের দুটি চরণ দিয়ে। গুঁইয়ের সেই গানের ভাবার্থ তুলে ধরা হয়েছে। গুঁইয়ের গাওয়া গানের ভাষা অনেকটা এ রকম--‘হিরদা হিরদা, তিমরো মন/ পিঞ্জরালে ঢাকেছ/ মন খোলি হাস লা লা ...’। এর অর্থ দাড়ায় এমন--‘পিঞ্জরে তোমার মনকে কেনো বন্দি করে রেখেছো। যদি বন্দিজীবনই মেনে নিতে হয় তবে, তার মধ্যে আনন্দ করো।’ গানটির সর্বশেষ লাইনের অর্থ দাঁড়ায়--‘প্রাণ খুলে হেসে নাও’। এই গানটির মধ্য দিয়ে ইন্দ্রনাথের আভিজাত্য, ক্ষমতা ও মূল্যবোধের ইঙ্গিত করা হয়েছে।

কাঞ্চনজঙ্ঘার ডিটেইল নিয়ে কথা বলতে গিয়ে লেখক সত্যজিৎকে ডিটেইলস-এর রাজা বলে আখ্যা দিয়েছেন। এই চলচ্চিত্রের মাধ্যমে রায় দার্জিলিংয়ের অনেক বিষয় পর্দায় হাজির করতে চেয়েছেন। কাঞ্চনজঙ্ঘার পটভূমিতে দেখা যায়--রাস্তায় সেনা জওয়ানদের টহল, তিব্বতি নারীদের উলবোনা, খচ্চরের পিঠে মাল বহন, নেপালি-তিব্বতি ভিখিরিদের ইংরেজিতে গান গেয়ে ভিক্ষা করা, দেশি-বিদেশি পর্যটকের আসা-যাওয়া। এসব দৃশ্যে অসাধারণ সব ডিটেইলের ব্যবহার চোখে পড়ে!

চলচ্চিত্রটিতে সঙ্গীতের পাশাপাশি দৃশ্য ও শব্দের মাধ্যমেও মন্তাজের ব্যবহার লক্ষ করা যায়। মনীষার পাত্র সম্পর্কে জগদীশের কাছে ইন্দ্রনাথ যখন মতামত জানতে চান, তখন তিনি ‘বেশ পাখি, বেশ পাখি’ বলে অন্যমনস্ক হয়ে চলে যান। মনীষার বিয়ের প্রশ্নে মা যখন ইন্দ্রনাথকে বলেন, মনীষা অন্তত বি এ’টা তো পাশ করুক। তখন ইন্দ্রনাথ বলেন, ‘আহা দুটো বিয়ে তো (বি এ এবং বিয়ে) আর এক সঙ্গে হয় না’। এগুলো হচ্ছে শব্দ মন্তাজ। এছাড়া অণিমা ও শংকর যখন পার্কে বসে নিজেদের মধ্যে বোঝাপড়ায় লিপ্ত, তখন সেখানে তাদের মেয়ে তাদেরকে কেন্দ্র করে ঘোড়ায় চড়ে ঘুরে বেড়ায়। শিশুটিকে কেন্দ্র করেই দ্বন্দ্ব মিটিয়ে তার বাবা-মা এক বৃত্তে আবদ্ধ হয়। অসাধারণ এক দৃশ্য মন্তাজ! আবার মনীষার শাড়ি ও ওভার কোট নিয়ে এক অসাধারণ বুদ্ধিবৃত্তিক মন্তাজ চোখে পড়ে। লেখক মন্তাজ সম্পর্কে এ ধরনের আরো বিশদ আলোচনা করেছেন এই গ্রন্থে।


বাস্তব জীবন ও অভিনয়

বইটির চতুর্থ ভাগে চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে অভিনয় করা কয়েকজন অভিনয়শিল্পীর স্মৃতিকথা তুলে ধরা হয়েছে। এদের মধ্য থেকে প্রধান কয়েকটা চরিত্র--সুব্রত সেনশর্মা (শংকর), অলকানন্দা রায় (মনীষা), অরুণ মুখোপাধ্যায় (অশোক) ও করুণা বন্দ্যোপাধ্যায় (লাবণ্যপ্রভা) রয়েছে। কলকাতার প্রেসিডেন্সি কলেজে করা নাটকে অভিনয় দেখে মুগ্ধ হয়ে সত্যজিৎ এই চলচ্চিত্রের জন্য নির্বাচন করেন অলকানন্দা রায়কে। এই চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে অলকানন্দার ভাষ্য হলো, সত্যজিৎ রায় আমার মধ্যে ওই চরিত্রের জন্য একটা আইডেন্টিফিকেশন খুঁজেছিলেন। বাস্তবে প্রেসিডেন্সি কলেজে পড়া অলকানন্দা চলচ্চিত্রেও প্রেসিডেন্সি কলেজের শিক্ষার্থী হিসেবেই ছিলেন। চলচ্চিত্রের মতো বাস্তব জীবনেও নাকি তাকে পারিবারিক কঠোর নিয়ম-নীতির মধ্যে চলতে হতো বলেও তিনি জানান।

অরুণ মুখোপাধ্যায় মূলত থিয়েটার অভিনয়শিল্পী হিসেবে কাজ করতেন। কাঞ্চনজঙ্ঘার মধ্য দিয়ে তার চলচ্চিত্রে প্রবেশ। কাঞ্চনজঙ্ঘায় অভিনয়ে অরুণ বলেন, সত্যজিৎ আমাকে বলতেন তুমি যে রকম অভিনয় করছো করো, আমার যদি প্রয়োজন হয়, তাহলেই তোমাকে থামাবো।

কাঞ্চনজঙ্ঘার আরো যতো দিক

বইটির শেষভাগে এসে চলচ্চিত্রটির শব্দগ্রহণ, আলোর খেলা ও অভিনয়শিল্পীদের পোশাক নিয়ে কথা বলা হয়েছে। সত্যজিৎ চলচ্চিত্রটি নির্মাণ করতে গিয়ে তার বুদ্ধিমত্তার যে পরিচয় দিয়েছেন তা না বললেই নয়। বিশেষ করে ছবি বিশ্বাসের কণ্ঠ সরাসরি রেকর্ডিং করার বিষয়টি। কাঞ্চনজঙ্ঘায় সত্যজিৎ যদি ডাবিংয়ের পরিকল্পনায় সরাসরি সাউন্ড না নিতেন তাহলে হয়তো ছবি বিশ্বাসের কণ্ঠ আর পাওয়া যেতো না। কারণ কাঞ্চনজঙ্ঘা শুটিংয়ের পর পরই ছবি বিশ্বাস কলকাতায় সড়ক দুর্ঘটনায় নিহত হন। আবার চলচ্চিত্রটির বেশিরভাগ অংশ কুয়াশাচ্ছন্ন দার্জিলিংয়ে নির্মাণের কারণে সেখানে যথেষ্ট আলোর অভাব ছিলো। চলচ্চিত্র বিশেষজ্ঞ অনিরুদ্ধ ধর বলেন, ‘রঙিন ছবির ক্ষেত্রে প্রথম দিকে নিয়ম ছিল, সূর্য ওঠার এক ঘণ্টা পরে শুটিং করতে হবে এবং সূর্য অস্ত যাওয়ার এক ঘণ্টার আগে তা শেষ করতে হবে।’ সত্যজিৎ এই নিয়মের বাইরে গিয়ে শুটিং করেন। এ নিয়ে রায় খানিকটা মজা করে বলেন এভাবে--

... দার্জিলিঙে কাঞ্চনজঙ্ঘা ছবির দৃশ্য গ্রহণকালে সেই একই সময়ে একই জায়গায় একটি হিন্দি ছবির শুটিং-এর কথা। নভেম্বর মাসের প্রাকৃতিক অবস্থার কথা চিন্তা করে কাঞ্চনজঙ্ঘার চিত্রনাট্যে মেঘ, রোদ, কুয়াশা সব রকম অবস্থার উপযোগী দৃশ্যের পরিকল্পনা করা হয়েছিল। হিন্দি পরিচালক তুলছিলেন একটি গানের দৃশ্য। ছাব্বিশ দিন শুটিং-এ দ্রুত পরিবর্তনশীল প্রাকৃতিক অবস্থার সদ্ব্যবহার করে কাঞ্চনজঙ্ঘার কাজ শেষ হল, আর এই ছাব্বিশ দিন ধরে কেবলমাত্র রোদের আশায় বসে থেকে এই একটি মাত্র গানের শুটিং-ও শেষ করতে পারলেন না হিন্দি ছবির পরিচালক।১

আগেই বলা হয়েছে, কাঞ্চনজঙ্ঘায় রঙিন ফিল্ম ব্যবহার করা হয়েছে (Eastman KODAK এর50ASA)। কুয়াশা আর আলোর এতো ব্যবধানে যাতে কম স্পিডের ফিল্মে রঙ ঠিক রাখা যায় সে জন্য ক্যামেরায় 85 Wrantten Filter ব্যবহার করা হয়। সেই সময়ে ভারতে একটি মাত্র কালার প্রসেসিং ল্যাবরেটরি ছিলো, সেটাও মুম্বাইতে; সেই ফিল্ম সেন্টারের ল্যাবে কাঞ্চনজঙ্ঘা প্রসেসিং করা হয়। এছাড়া রঙিন ফিল্ম যে পোশাকে পরিকল্পনায় কতোখানি ভূমিকা রাখে তাও কাঞ্চনজঙ্ঘা দিয়ে বোঝা যায়। এ সম্পর্কে সত্যজিৎ বলেছেন এভাবে--‘কাঞ্চনজঙ্ঘা ছবির আট ন’টি প্রধান চরিত্রের পোষাক নির্বাচনে সেইসব চরিত্রের সামাজিক অবস্থান, ব্যক্তিগত রুচি, মানসিক অবস্থা--এ সবকিছুরই ইঙ্গিত দেবার প্রয়াস ছিল। সাদা-কালোয় এ কাজটা সম্ভব হত আংশিকভাবে, বাকিটুকু হয় অব্যক্ত থেকে যেত, না হয় সংলাপের সাহায্যে বলতে হত।’২ এর মধ্য দিয়ে রঙের ব্যবহারে সত্যজিৎ প্রকৃত চলচ্চিত্রভাষার এক অসাধারণ ব্যবহার করেন।

শেষ কথা এবং

‘রৌদ্রছায়ায় লুকোচুরি খেলা’য় লেখক কাঞ্চনজঙ্ঘা চলচ্চিত্রটির সবগুলো দিক কমবেশি তুলে ধরার চেষ্টা করেছেন। চলচ্চিত্রের সার্বিক বিষয়কে তিনি ধাপে ধাপে এমনভাবে উপস্থাপন করেছেন, যেনো পাঠক চলচ্চিত্রটি না দেখেও সহজে তা বুঝতে পারে। তবে বইটি পড়তে গিয়ে পাঠক হিসেবে একটা খটকা লেগেছে বার বার। বইটিতে যেসব বই ও পত্রিকার সাহায্য নেওয়া হয়েছে, তার যথাযথ রেফারেন্স ব্যবহার করা হয়নি। শুরুতে কেবল কৃতজ্ঞতা লিখে সবকটি বই ও পত্রিকার তালিকা দেওয়া হয়েছে। এতে পাঠকের বিভ্রান্ত হওয়ার সুযোগ থাকে। বরং বইগুলো থেকে ব্যবহৃত উদ্ধৃতি ও আলোচনার যথাযথ রেফারেন্সিং করা হলে পাঠক ও নতুন লেখকদের জন্য তা সুবিধার কারণ হতে পারতো।

বইয়ের নাম : রৌদ্রছায়ায় লুকোচুরি খেলা

লেখক : শৈবাল চৌধূরী

প্রকাশক ও প্রকাশকাল : ফেব্রুয়ারি ২০১৯, খড়িমাটি, চট্টগ্রাম

প্রচ্ছদ : মনিরুল মনির

মূল্য : ১৫০ টাকা

লেখক : ইসলাম রাজু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রথম বর্ষ, প্রথম সেমিস্টারের শিক্ষার্থী।

rajubdmcj@gmail.com

https://www.facebook.com/md.rajuislam.7505468

তথ্যসূত্র

১. রায়, সত্যজিৎ (১৯৮২: ১১৭); বিষয় চলচ্চিত্র; আনন্দ পাবলিশার্স, কলকাতা, ভারত।

২. প্রাগুক্ত, রায় (১৯৮২: ১১৬)।

বি.দ্র. এই প্রবন্ধটি ম্যাজিক লণ্ঠন ২০তম সংখ্যা, জানুয়ারি ২০২১ এ প্রকাশিত হয়েছে।

 

 

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন