শামীম আখতার
প্রকাশিত ০৮ নভেম্বর ২০২৬ ১২:০০ মিনিট
অন্যকে জানাতে পারেন:
চলচ্চিত্রে অমীমাংসিত নারী
শামীম আখতার

ম্যাজিক লণ্ঠন কথামালা ৯
১২৩, রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবন
১১ মার্চ ২০২০
শেষ পর্ব.
মুহাম্মদ ফাহাদ হোসাইন, শিক্ষার্থী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ : বর্তমান সময়ে নারীকে দিয়ে পণ্য বিক্রি তথা বিজ্ঞাপনের বস্তু বানানো হয়েছে। এক্ষেত্রে নারীর সম্মান কি আদৌ বৃদ্ধি পেয়েছে?
শামীম আখতার : দেখুন আমরা কনজিউমারিজমের চূড়ান্ত পর্যায়ে দাঁড়িয়ে আছি। যেটা দরকার নেই সেটাও আমরা ১০ বার কিনতে যাই। ভাবছি, ওখানে বোধ হয় সস্তায় পাওয়া যাচ্ছে। দেখা গেলো, একটা পণ্যে ১০ টাকা কমেছে। একটার বদলে চারটা দেওয়া হচ্ছে। পুরুষ কি নারী সবাই দৌড়াচ্ছি! তার মানে এখানে পণ্যের হাতছানি আছে। আর নারীকে বিজ্ঞাপনে উপস্থাপন নিয়ে অনেকেই অনেকভাবে বলেছে। বিষয়টা আমরা সেইভাবে দেখবো নাকি অন্যভাবে। কারণ, আজকের প্রেক্ষাপটে পুরুষকেও বিজ্ঞাপনে ব্যবহার করা হয়। তার শরীরও। সেখানে তারও অভিযোগ করা উচিত যদি চেতনা বলে কিছু থাকে। যদি বোধ থাকে।
এখন পণ্যকরণ নিয়ে আমার প্রশ্ন, কোনটা বেশি ভালগার? আমি দিল্লিতে একটা আলোচনায় গিয়েছিলাম, সেখানে এই বিষয়টা উঠেছিলো। সেখানে শাবানা আজমিরাও ছিলো। আমি নাম বলছি, যাতে সচেতন নারীদের উপস্থিতির বিষয়টি আপনারা বুঝতে পারেন। যারা এই বিষয়ে অনেক চিন্তা করে আরকি। তো, সেই অনুষ্ঠানের কিছুদিন আগে শাবানা একটা ছবি প্রত্যাখ্যান করেন। কারণ, তাকে বলা হয়েছিলো স্বামীর জুতো এগিয়ে দিতে হবে, পায়ে থাকা অবস্থায় মুছে দিতে হবে। উনি বলেছিলেন, না। আমি এসব দৃশ্য করি না। এগুলো ভালগার। এ নিয়ে সেসময় মহাতাণ্ডবে ‘ফিল্মফ্রি’ থেকে শুরু করে অনেক সিনে ম্যাগাজিন রমরমা আলোচনা-সমালোচনা করে। আরেকটা উদাহরণ দিই, ডিমের একটি কোম্পানি একবার বিজ্ঞাপন করেছিলো। সেখানে দেখানো হয়, ডিমের সঙ্গে উল দিয়ে পেঁচানো দুটো কাঁটা। মানে মেইক ইয়োর হোম অ্যাজ কমফর্টেবল অ্যাজ পসিবল। ডিমের সঙ্গে উল কাঁটার কী সম্পর্ক হতে পারে! এই যে অসঙ্গতির জায়গাটা, আপনারা কি বুঝতে পারছেন, কী বোঝাতে চাচ্ছিলো? একজন নারী বসে বসে শুধু উল বোনে, তার আর কোনো কাজ নেই! অথচ নারীর কাজকেন্দ্রিক কোনো দৃশ্যও দেখানো যেতো, যেমন নারী লিখছে।
তার মানে জুতো পরানোর দৃশ্যের মতো যেকোনো চরিত্র, নারী যেটা যুগ যুগ ধরে করে এসেছে, সেটাকে পুনরায় প্রতিষ্ঠিত করা বা সেটাকেই সংরক্ষিত রাখাও এক ধরনের ভালগারিটি। একজন নারী বিকিনি পরে সৈকতে হেঁটে যাচ্ছে, দ্যাটস নট আজ ভালগার। এটাকে আমি ভালগারিটি বলবো না। সে স্বল্পবাসে রৌদ্রস্নানে যাচ্ছে, তাতে আপনার আমার কিছু যায় আসে না। কিন্তু যেটাতে প্রয়োজন নেই, অকারণে তাকে স্বল্পবাসে উপস্থাপন করা হয়, কেবল দৃষ্টিগোচর করার জন্য--সেটা নিয়ে তখন প্রশ্ন ওঠে। অর্থাৎ ভালগারিটি ইজ নট অনলি পোশাক। বরং আমি যে রোল মডেল দীর্ঘদিন প্রতিপালন করে আসছি, সেই সামন্ত যুগ থেকে যে দাসত্ব, সেই রূপেই যদি কেউ বার বার আমাকে দেখতে চায়, সেটাও এক ধরনের ভালগারিটি। এই জায়গাটি পরিষ্কার থাকতে হবে। আজকাল অনেকে এটির প্রতিবাদ করছে এবং এই ধারাটি বদলে যাচ্ছে।
অধরা মাধুরী পরমা, শিক্ষার্থী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ : চলচ্চিত্রে নারী অধিকাংশ ক্ষেত্রে একটা সেক্সুয়াল অবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। আপনি কি মনে করেন পুরুষের ক্ষেত্রেও তা ঘটছে? ‘নায়িকা’র যেমন একটা কাঠামো আছে, পুরুষেরও কি ‘নায়ক’ হতে হলে অনেকটা নকল হতে হয় না?
শামীম আখতার : মনে হয়, প্রশ্ন দুটোর উত্তর কিছুটা হলেও আমি পরিষ্কার করেছি। পুরুষকেও এভাবে ব্যবহার করা হয়। অকারণে যখন তার শরীর দেখানো হচ্ছে, মাসেল দেখানো হচ্ছে, সেটাও ভালগারিটির পর্যায়ে চলে যায়। এই ধারা যদিও পরিবর্তন হচ্ছে। সাম্প্রতিক একটি সিনেমা গণ্ডি, সেখানে একটা বয়সকালের প্রেমের গল্প দেখানো হয়েছে। এটা কিন্তু হেলদি একটা ট্রানজেকশন। আমি মনে করি, এই শিফ্টটা হওয়া দরকার। প্রেম হওয়া না হওয়া নিয়ে বলছি না, আমি বলছি ভাবনার পরিসরটা বাড়ুক। খুব বেশি মাকড়সার জাল ওখানে জমে আছে, ওই জায়গাটা পরিষ্কার হওয়া দরকার। সেই হিসেবে আমি মনে করি, অবশ্যই অকারণে সেক্সুয়াল অবজেক্ট হিসেবে যদি কাউকে ব্যবহার করা হয়, তাহলে সেটা আমরা সঙ্গে সঙ্গে ধরার চেষ্টা করি।
শুরুতে যে বিষয়ে কথা হচ্ছিলো, আইটেম সঙ। আমার মতে, আইটেম সঙ মন্দ নয়, যদি সেটা সেলিব্রেটিং হয়। জানি না আমার সঙ্গে কেউ একমত হবেন কি না। কিন্তু ওর মধ্যে যদি আনন্দ-উচ্ছ্বাস থাকে, যেমন একটা গান আছে, ‘বাংলাদেশের মেয়ে রে তুই হেইলা দুইলা নাচ ...’, এটাকে অনেকে অবজেকশনেবল মনে করে। কিন্তু ভালো করে দেখবেন সেটাতে তেমন কিছু নেই। একটা মেয়ে রাগ করছে, অভিমান করছে। যা বাণিজ্যিক ছবির উপকরণের মধ্যে পড়ে। যে ছবি বাস্তবতা নিয়ে চলে, সেটা যেনো জায়গা করে নিতে পারে, সেই বাস্তবতায় যে নারীকে দেখানো হয়, এ সমাজ যেনো তাকেও গ্রহণ করতে পারে; সত্যি কথা গ্রহণ করতে পারে এমন সমাজটাই আমরা চাই। বাণিজ্যিক ছবির ওই নারী তো সত্য না, সুতরাং তাকে গ্রহণ করা যায়। কিন্তু বাস্তবে যে নারী লক্ষণ রেখা পার হয়েছে, নিষেধের বেড়াজাল অতিক্রম করেছে/করছে, তাকে আমরা গ্রহণ করছি কি না। যেটা অলটারনেটিভ ছবির উপকরণ হিসেবে থাকে। আমি প্যারালাল বা অন্য নাম দিয়ে ছবিগুলো আলাদা করতে চাই না--বাণিজ্যিক-অবাণিজ্যিক হিসেবেই নাহয় বললাম।
আসাদুজ্জামান রাসেল, সাংবাদিক : চলচ্চিত্রে নারীর অবস্থান কেমন হলে রাষ্ট্র-পরিবারে নারীর অবস্থানে পরিবর্তন আসবে? আপনি বিষয়টিকে কীভাবে দেখেন?
শামীম আখতার : আমার মনে হয় এ প্রশ্নের উত্তর আমি দিয়ে ফেলেছি। যেটা বলতে চাচ্ছিলাম, আমার শরীরটা অন্তরায় না, আমার শক্তি। আমার শরীরের আকার সবাই বুঝে ফেলেছে। সুতরাং যারা বোঝেনি ... , এখানে একটা অফ দ্য ট্র্যাক প্রসঙ্গ বলি। বলা হয়, আমরা ম্যাস (Mass) দর্শকের জন্য ছবি বানাবো না, কেনো? ম্যাস দর্শকের কথা ভাববেন না? ইত্যাদি ম্যাস ম্যাস বলে! তখন আমি ভাবলাম, হু ইজ দিস ম্যাস, বহুদিন থেকেই তো চর্চা করে আসছি। হঠাৎ করে মনে হলো, এ মানুষটাই যখন একা হয়--আজকাল হয়তো সে হঠাৎ করে ওয়াজ শোনে--কিন্তু একসময় লালনের গান শুনতো, আব্দুল করিম, মারফতি, মুর্শিদি শুনতো। সে এগুলোতেই অভ্যস্ত। কিংবা গ্রামে সে কবিগান দেখে এসেছে। সে যখন শহরে আসলো, তখন তাকে আমরা একটা জিনিস চাপিয়ে দিলাম। আমরা তাকে শোনালাম, তুমি কঠিন শ্রমে আবদ্ধ, তোমার হাত-পা বাঁধা, তোমার বিনোদন দরকার; সুতরাং তোমার জন্য এই ছবি। এই করে আমিই আমার শহুরে আধখেঁচড়া কিছু ছবি তার ওপর চাপিয়ে দিলাম। এদিকে আমরাই অজুহাত দিই, ম্যাস পিপল এগুলো দেখে না! কিন্তু আজও তার চেতনায়-মানসে মুর্শিদি-মারফতি-ই ঘোরে। তার চেতনার স্তরে স্তরে পুঞ্জীভূত যে গানের রেশ, সেটা কিন্তু অন্যকিছু। তাকে ব্যবহার করে আমি বলছি, আমার এই বাণিজ্যিক ছবিগুলো তার জন্য। আমরা প্রতি ক্ষেত্রেই কিন্তু তার অপব্যবহার করি। একইভাবে আমরা বলি যে, এই হলো নারী।
যখন আরো দশটি মেয়ে উদ্বুদ্ধ হবে, লিখবে, সিনেমা বানাবে, অভিনয় করবে; এবং সেই মেয়ের বাড়ি থেকেও বলবে, হ্যাঁ এই মেয়ে এটার যোগ্য। এবং আরো অনেক জয়া আহসান হয়ে উঠবে, সেদিন মনে হয় একটা সত্যিকারের বদল আসবে। আমি জানি না অনেক সময় নিয়ে ফেলছি কি না।
ফারজানা, শিক্ষার্থী, নৃবিজ্ঞান বিভাগ : ‘আর্ট ফিল্ম’ বনাম ‘কমার্শিয়াল ফিল্ম’ এই দুই পরিসরে নারীর উপস্থাপন তো আলাদা। ফারুকীর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একটা উদাহরণ হতে পারে। তাহলে বাজারে কোন ফিল্ম বিক্রি হবে তার ওপরই কি পর্দায় নারী উপস্থাপিত হয় না?
শামীম আখতার : এটার উত্তর মনে হয় আমি দিয়েছি।
আলি আহমেদ নিশান, শিক্ষার্থী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ : কলকাতা বা মুম্বাইয়ে দুর্দান্ত একটা সময় যাচ্ছে। এমন সব চলচ্চিত্র দর্শকপ্রিয়তা পাচ্ছে, যা ১০ বছর আগেও ভাবা যেতো না। এগুলো কিন্তু ইন্ডাস্ট্রির ভিতরেই হচ্ছে।
শামীম আখতার : এগজ্যাক্টলি, আমরা সেটাই চাই। আমরা চাই সেইসব চলচ্চিত্র। যেমন, আপনারা হয়তো ‘নেটফ্লিক্স’-এর মাসান চলচ্চিত্রটা দেখেছেন, উড়ান দেখেছেন। এ চলচ্চিত্রগুলো তারাই বানিয়েছেন যারা একসময় খুব বাণিজ্যিক ছবি করতো। তারাই কিন্তু শিফ্ট করে চলে গেছে। অ্যান্ড দ্য ম্যাস ডিসাইডিং, দর্শক তাদের সিদ্ধান্ত দিচ্ছে। দর্শক এগিয়ে যাক আমরা সেটাই চাই। এবং আমাদের দর্শক এগিয়ে গেলে তারাই বলে দিবে, আমাদের এই ধরনের ছবি দাও। সুতরাং আমার মনে হয়, এই মুহূর্তের বাণিজ্যিক ছবিগুলো ঝরে যাচ্ছে। বাইরেও ঝরে যায়। বাণিজ্যিক ছবি ঝরে যাক, আমি সেটা চাই না। আমি চাই বাণিজ্যিক ধারার যে ফরমুলাগুলো ছিলো, সেই ফরমুলাগুলোর পরিবর্তন আসুক। শুধু জাঁকজমকেই হয় না, কিছু মালমশলা থাকতে হয়। কিছু ভাবনা থাকতে হয়।
নানা ধারার দর্শক তৈরি হচ্ছে। আমি কিন্তু অখুশি না, ‘নেটফ্লিক্স’ এই ধরনের চলচ্চিত্রগুলোর সুযোগ করে দিচ্ছে। হতে পারে আমি পাম্পটপ কিংবা মোবাইলে সিনেমা দেখতে অভ্যস্ত হচ্ছি, কিন্তু এখানে আমি সিনেমা বানাতেও পারছি। টেকনোলজি সেই প্রক্রিয়ায় চলে যাচ্ছে। টেকনোলজি সবার হোক এবং তারাই নির্ধারণ করুক। আপনি যা ভাবছেন, সেটা যখন বানাতে পারবেন ...।
আমি দাবি রাখবো, ‘ম্যাজিক লণ্ঠন’ যেনো সেই ধরনের একটা ফিল্ম স্কুল তৈরি করে। যেখানে আর কিছু না হোক ক্র্যাশ কোর্স, নান্দনিকতা, টেকনিকালিটিস--মানে আমি ক্যামেরাটা কীভাবে, কোথায় বসাবো সেটাও তো নান্দনিক হতে হবে। আমার তো কম্পোজিশন সেন্স থাকতে হবে, রেজুলেশনটা ঠিক মতো আনতে হবে। সুতরাং টেকনিকালিটিস এই ব্যাপারগুলো আমাকে জানতে হবে। তাই আমি চাইবো এই প্রচেষ্টা চারদিকে ছড়িয়ে পড়ুক। সবকিছু ঢাকাকেন্দ্রিক হলে হবে না, রাজশাহীতেও হোক, চট্টগ্রামে হচ্ছে। দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ুক এটা আমার একান্ত চাওয়া।
উম্মে আতিয়া, শিক্ষার্থী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ : রাতে বাড়ি ফেরা আমার পরিবার অত্যন্ত সহজভাবে দেখলেও সমাজ খারাপভাবে দেখে। এক্ষেত্রে সমাজের প্রতি আমার জবাবটা কেমন হওয়া উচিত?
শামীম আখতার : এটা বলা খুবই জরুরি, খুব জরুরি একটা প্রশ্ন। এখানে একটা জিনিস বলি, আমি খুব নিষেধের মধ্যে বড়ো হওয়া একটা মেয়ে। পরিবারে একমাত্র মেয়ে ছিলাম, সেইসঙ্গে আমার ভাইয়েরাও তখন অনেক বড়ো বড়ো ছিলো। সুতরাং আমাকে যেভাবে বড়ো হতে হয়েছে, সেটা খুবই কঠিন ছিলো। আমাকে বোধ হয় মুক্তিযুদ্ধ সবল করেছে, তখন আমি স্কুলের ছাত্রী। মুক্তিযুদ্ধ আমার মধ্যে সাহস জুগিয়ে দিয়েছে। কারণ আমাদের তখন বাড়ি থেকে বিভিন্ন জায়গায় পালিয়ে থাকতে হয়। স্বাধীনতার পরেও আমরা বাড়ি ফিরতে পারিনি। আমাদের সবকিছু লুট হয়ে গিয়েছিলো। আমাদের আবার জিরো থেকে জীবন শুরু করতে হয়। ওই সময় যে সাহসী হয়ে উঠি, সেটা বোধ হয় আমার জন্য বিরাট একটা কাজ করেছিলো।
আমি যেটা বলবো এই সাহসটা, প্রত্যয়টা নিজের মধ্যে বোধ করতে হবে। আমি কী চাই? আমি যদি লক্ষ্যে অটল থাকি, তাহলে যেটা চাই সেটা পাওয়া অনেকটা সহজ হয়ে যায়। আমরা রোকেয়া সাখাওয়াত বা অন্যান্যদের যদি দেখি তারাও কিন্তু একইভাবে শুরুতে ধাক্কা খেয়েছে। তাদের সেগুলো ছিঁড়ে বের হতে হয়েছে। এমনকি যখন শিক্ষকতা করতে চেয়েছে, সেটাকেও খারাপ নজরে দেখা হতো। উনি একটা নাচের ক্লাস করাতেন; বাটার ফ্লাই ড্যান্স ইত্যাদি মানে অ্যাক্রোবেটিক্সের মতো। সেটাকে নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছিলো অনেকে। লোকে বলাবলি করতো এগুলো কী শেখাচ্ছে এতোটুকু এতোটুকু পোশাক পরিয়ে। নিচে চুড়িদার পায়জামা থাকতো ঠিকই। তারপরেও এ ধরনের প্রশ্ন করা হতো। সুতরাং এই প্রশ্ন থাকবেই। সাহসটা নিজের ভিতর তৈরি করতে হবে।
আমি যদি চলচ্চিত্র বানাতে চাই আমাকে সেই নিয়মটা ভাঙতেই হবে। আমাকেই ভাঙতে হবে। নিয়ম না ভাঙতে পারলে, বৃত্তের বাইরে দাঁড়াতে না পারলে ... মানে যে বৃত্তটা আছে সেটা ভাঙতে হবে। এই অচলায়তন কিছু কিছু ক্ষেত্রে কারও কারও জন্য হয়ে আছে। আমাকে নির্ধারণ করে দেওয়া হয়, তুমি এই পোশাক পরবে, বুঝছো? তা না হলে তুমি শালীন নও। হু আর দে টু সে দ্যাট? নারীর নিজের অবস্থান যদি যৌক্তিক হয় তাহলে সে নিজেই বুঝবে, কেনো সে এই পোশাকে আছে। সুতরাং পিতৃতন্ত্রকে তো প্রশ্নটা আমাকেই করতে হবে। আমাকেই তো অচলায়তনগুলো স্বপ্রণোদিত হয়ে ভাঙতে হবে। এগুলো করতে গিয়ে আমি সহযোগী নিশ্চয়ই পাবো। কেবল ওই সাহসটা থাকতে হবে।
শাকিল হোসেন, শিক্ষার্থী, রসায়ন বিভাগ : একটা জিনিস খুবই চোখে পড়ে, বাংলা চলচ্চিত্রে কাহিনির সঙ্গে সম্পর্ক নেই এমন সব পোশাক পরানো হয়। যেটা শুধু যৌন আবেদন তৈরি করার জন্য করা হয়। এখানে নারীকে বাণিজ্যিক মানসিকতা থেকে দেখানো হয় না কি? এই বিষয়ে আপনি কী মনে করেন?
শামীম আখতার : এটা খুব ভালো বলেছেন। এটা আছে। দ্যাটস ট্রু। এগুলো আসলে কোন দেশের পোশাক তা আমি নিজেই খুঁজে পাই না! আমার এখনো মনে আছে কোনো এক নায়ক--আমি তার নাম নাইবা বললাম--দেখা গেলো যে লাল একটা জিন্সের প্যান্ট পরা। জিন্স তো কখনো লাল হয় না। তারপরে দেখা গেলো, নায়িকা দুটো বেণী করে চুল দুলাতে দুলাতে আসছে। অ্যান্ড দ্যাট ওয়াজ মডার্ন। মডার্ন আসলে কী, সেই সংজ্ঞাটা নিজে বুঝে গেলে তখন আর এই সঙ্গতিগুলো চোখে পড়বে না। তার মানে আপনি তখন সেই জায়গায় পৌঁছে গেছেন, যখন নির্ধারণ করতে পারছেন এই অসঙ্গতিগুলো, চিনতে পারছেন এগুলো। যারা নিজের কাপড়টাই ঠিকমতো চিনে পরতে পারে না, তার কাছে কী করে আশা করবো যে সে এই সমস্যাগুলো পয়েন্ট আউট করবে। আপনি করুন। পত্র-পত্রিকায় লিখুন। লিখতে হবে প্রচুর। আমাদের এখানে এগুলো করা এখন বন্ধ হয়ে গেছে। সব ধরনের ফিল্ম নিয়ে--সেটা দেশের বা অন্য দেশের চলচ্চিত্র হতে পারে--আমরা লিখতে পারি। ভালো একটা চলচ্চিত্র আসলে সেটা নিয়ে লিখতে পারি।
ম্যাজিক লণ্ঠন পরিবারের সঙ্গে শামীম আখতার
আমি যেমন বাইরের দেশের চলচ্চিত্রগুলো ভেঙে ভেঙে বিশ্লেষণ করতে বেশি পছন্দ করি। চলচ্চিত্র নিয়ে আরো বিশ্লেষণ হওয়া দরকার। শাহাদুজ্জামান আমার জুনিয়র ফ্রেন্ড। যিনি কমলা রকেট-এর চিত্রনাট্য লিখেছেন। শাহাদুজ্জামান কিন্তু চেষ্টা করেন যেকোনো চলচ্চিত্র নিয়ে একেবারে সহজভাবে বলার। সবাইকে লিখতে হবে। প্লিজ ফেইসবুকে লিখেন, লিখে ছেড়ে দেন। ছোট্ট রিভিউ--ছোট্ট হোক, বড়ো হোক। আস্তে আস্তে ওইটার সূত্র ধরে একসময় ব্যাপক আলোচনা করার সুযোগ আসবে। উটকো ঝগড়াঝাটি না করে সঙ্গতির জায়গাগুলো বাড়াই আমরা। যদি কেউ অন্য কিছু বলতে চায় তাহলে বলুক। আমরা সেটা রিফিউট করি। তর্ক-বিতর্ক হোক। আমাদের সময় তো এটা অনেক হতো। একটা রিভিউ লিখে ফেলে নিজের চুল ছিঁড়তে ইচ্ছে হতো। কেনো যে লিখেছিলাম! এ ধরছে ও ধরছে খাবলে! সো লেটস মেইক ইট হেলদি ফর এ চেইঞ্জ। তাহলে আমাদের একটা সুষ্ঠু ব্যবস্থা দাঁড়াবে। আমরাই সেটা তৈরি করি না কেনো! এটা কিন্তু আমাদেরই তৈরি করতে হবে। আমরা সবাই মিলে যদি নামি তাহলে নিশ্চয়ই করতে পারবো। আমি অনুরোধ করবো ‘ম্যাজিক লণ্ঠন’ যেনো অন্তত এই ধরনের উদ্যোগ নেয়।
ফারজানা তন্বী, শিক্ষার্থী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ : বলা হয় নারী বিয়ে করে না, বিয়ে বসে? বেশিরভাগ চলচ্চিত্রেও এ জিনিসটা এভাবেই উপস্থাপিত হয়। আপনার কী মত?
শামীম আখতার : কী যেনো কথাটা বলে--নারীর বিয়ে হয়, বিয়ে করে না। অর্থাৎ এখানে নারীর কোনো রায় নেই। এটা ভাঙতে হবে। এই বিষয়গুলো বেশিরভাগ চলচ্চিত্রেও দেখা যায়। এই যে কতোগুলো ধারা হয়ে গেছে। ওই যে বললাম, চলচ্চিত্রে অমিমাংসীত নারী। পিতৃতন্ত্রের এই ইস্যুগুলো নিয়ে ব্যাপক আলোচনা করলে একসময় আপনার পরিসরে এই ইস্যুগুলো আসবে। আমরা তো সেটা বলি না, আমরা ধরে নেই কুলীন একটা প্রসঙ্গ। এটা একটা সারটেইন ক্লাসের মধ্যেই থাকবে। সেটা তো হতে দেওয়া যায় না। এটাকে ছড়িয়ে দিতে হবে। অনেক কিছুরই বদল হয়েছে; অনেক কিছুই তো গ্রহণযোগ্য হয়েছে শুধু আলোচনার মাধ্যমে। ওই পরিসরটা নিয়ে কথা বলতে হবে, ভ্যাকিউম রাখা যাবে না। আমি বললেই ও কানে নিবে নাকি! লেট মি পুট ইট ডাউন। অন্তত বলে দেখা যাক কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হয় কি না। পজিটিভিটি ব্রিংস পজিটিভিটি, এটা মনে রেখে এগোতে হবে। এটা কিন্তু ব্যাপক হয়। সেই ইতিবাচকতা নিয়েই এগোতে হবে।
আমি কিন্তু অপটিমিজমের কথা বলছি না। আমরা শুরু করি। অনেক নৈরাশ্যের মধ্যে থাকলে তো আর হবে না। কিছুটা হলেও বলতে থাকি। আপনারা লিখলে আমারও তখন সাহস হবে, আমারও তখন কলম ধরতে ইচ্ছে হবে। আমিও অনুপ্রাণিত হবো। একটা প্রতিষ্ঠান কতোটুকু আলো ছড়িয়ে দিতে পারে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। এই আলো বিস্তারের জায়গাটা করতে হবে।
শাহরিয়ার কবির রাহাত, শিক্ষার্থী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ : আপনার কাছে ভালো চলচ্চিত্রের মানে কী? বর্তমান বাংলা চলচ্চিত্রের প্রতি মানুষের অনাগ্রহ কেনো? আপনি কেনো চলচ্চিত্রে এলেন?
শামীম আখতার : বাংলা চলচ্চিত্র এখনো কিছু কিছু জায়গায় পড়ে আছে পুরনো ধ্যানধারণা নিয়ে। সেখানে বদল আসতো, যদি আমরা জানালা খুলে দিতাম। আমরা যদি বাংলা চলচ্চিত্রের চমৎকার যুগ দেখি যেটাকে আমরা বলি গ্লোরিয়াস টাইম--৬০-এর দশক, ৭০-এর দশকের কিছু সময়। সেসময় দেশের বাইরে কী ছিলো? আপনি তাকিয়ে দেখেন তখন রাশিয়ায় ব্যালাড অব আ সোলজার (১৯৫৯) আসছে, ইতালিতে ফেলিনির চলচ্চিত্র আসছে লা দোলচে ভিতা (১৯৬০)। এইসব যুদ্ধবিরোধী চমৎকার চমৎকার চলচ্চিত্র, আঁভগার্দ চলচ্চিত্র, ফেলিনির চলচ্চিত্র, কুরোশাওয়ার চলচ্চিত্র চলছে। আপনারা নিশ্চয় কুরোশাওয়ার নাম শুনেছেন। কাজেই জানালা বন্ধ রেখে কতোদিন আর নিজের দোষ খুঁজবেন! আমাদের জানালা খুলে দিতে হবে। ভারতের ছবি তখন আসতো; ভীষণ আসতো। মেঘে ঢাকা তারা, অপুর সংসার এবং আপনারা জানেন সত্যজিৎ রায়ের মহানগর (১৯৬৩) যখন আসলো ফেস্টিভালে; তখন ৬৫’র ইন্দো-পাক যুদ্ধ ঘটে গেছে। যুদ্ধের পরেই সত্যজিতের মহানগর ফেস্টিভালে আসলো। আমার ভাইয়েরা ভোর চারটা পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে টিকিট নিয়ে এসে, তারপর সবাই মহানগর দেখতে গেছি। চলচ্চিত্র দেখার জন্য মারামারি-কাটাকাটি হতো সবার মধ্যে! জহির রায়হানের জীবন থেকে নেয়া (১৯৭০) চালু করার জন্য মানুষ পথে নেমেছিলো--আমরা জীবন থেকে নেয়া দেখতে চাই। আইয়ুব খানের মতো দুর্দান্ত প্রতাপশালী লোক পর্যন্ত তখন পিছিয়ে গিয়ে তাড়াতাড়ি রিলিজ দিয়েছে--বাবা, আগে পরিস্থিতি ঠাণ্ডা করো! So, it was part of culture, those golden time. Those, আজও আছে। যদি আমি পুনরায় সেটাকে গড়ে তুলি। এটা তো করতে হবে, বললেই তো হবে না। সবাই মিলে করতে হবে। দেখেন, আমি যে খুব ঠিক উত্তর দিচ্ছি, তাও না। আমি আমার নিজের অভিমত প্রকাশ করছি। আপনি এর সঙ্গে একমত নাও হতে পারেন। আপনার নিজের মতটা এখন যাচাই করে নেন।
স্বজন রায়, শিক্ষার্থী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ : চলচ্চিত্র নির্মাণে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির ক্ষেত্রে আপনার পরামর্শ কী হবে?
শামীম আখতার : ওই যে বললাম, চলচ্চিত্র একটি বিরাট শক্তিশালী ক্ষেত্র। এখানে আসতে গেলে অনেক কিছু পড়তে হয়, জানতে হয়। আর এটা এমন এক নেশা! বড়ো দারুণ নেশা! আমি বলবো যে, চলচ্চিত্র নির্মাণের জন্য একনিষ্ঠ হয়ে থাকতে হয়। Because you are creating art আপনি শিল্পকে তৈরি করছেন। এখানে আপনার একটা শক্তি, আপনার চিন্তা, আপনার ভাবনা, টিমওয়ার্ক, গাইডেন্স, সবার সঙ্গে মিলিয়ে চলার বিষয়টি থাকতে হবে। আমরা যখন কাজ করি, মজার ব্যাপার হলো, আমরা ডেমোক্রেটিকালি কাজ করি। কোনো হুকুমই কাজ করে না, যদি টিমওয়ার্ক না হয়। টিমটাকে পরিচালনা করে কিংবা হাতের মুঠোয় রাখে ডিরেক্টর। ডিরেক্টরকে এখানে একবারেই মায়ের মতো হতে হয়। আমি মনে করি, নারীদের জন্য এটা মহাসুযোগ। মানে সে পার্ট টাইম মা, পার্ট টাইম অন্যান্য। আমিও তাই করেছি। পাশাপাশি অন্যান্য কাজগুলো করেছি। এটা একটা চ্যালেঞ্জিং জব। একটু অ্যাডভেঞ্চারাস হলেও অবশ্যই নেওয়া উচিত।
চঞ্চল মাহমুদ, শিক্ষার্থী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ : ম্যাম, আমাদের বিশ্ববিদ্যালয়ে রাত আটটার পরে মেয়েরা হলে প্রবেশ করতে গেলে তাদের নানা রকম কথা শুনতে হয়। আমাদের সমাজটা এখনো সেই গোঁড়ামি থেকে মুক্ত নয় ...।
শামীম আখতার : এগজ্যাক্টলি, আপনাদের সূর্যাস্ত আইনের কথা মনে আছে? মেয়েরাই কিন্তু প্রতিবাদ করে করে ওটাকে বাড়িয়ে ৯-১০টা করিয়েছে। এই ফাইটটা ছেলেমেয়ে উভয়ই করে। এটা বদলাতে হবে। আর এখানে রাষ্ট্রেরও একটা দায় আছে বলে আমি মনে করি। অনেকে বলে রাষ্ট্র এখানে কী করবে? রাষ্ট্রকে সরকার দিয়ে বিবেচনা করবেন না। মুক্ত চর্চার ক্ষেত্রটি যদি গড়ে ওঠে, তখন আমরাও দাবি করতে পারি যে, আমরা এগুলো দেখতে চাই, এই বিষয়গুলো চাই। সুতরাং দাবিটা প্রচ্ছন্নভাবে, পরোক্ষভাবে, প্রত্যক্ষভাবে নানাভাবে উচ্চারিত হোক। আর মেয়েদের ক্ষেত্রে সময় নিয়ে কেনো বাঁধা থাকবে? অনেকে মনে করে, ধর্ষণ হয়, সেই অজুহাতেই সময় বাঁধা থাকবে। এটা কথার কথা, আমি বিশ্বাস করি না। কিন্তু আরেকটা হুমকি থেকে গেছে। নারীকে দেখার চোখ তখনই পরিবর্তন হবে, যখন নারী সেটাকে বুঝিয়ে দিবে, আমাকে দেখার চোখ তোমার বদল হওয়া দরকার। তোমার দৃষ্টি আমার ভালো ঠেকছে না। নারীকে এটা বলতে হবে।
মহব্বত হোসেন মিলন, শিক্ষার্থী, ইসলামিক স্টাডিজ বিভাগ : চলচ্চিত্রে নারী-পুরুষ অভিনয়শিল্পীদের ক্ষেত্রে পারিশ্রমিক বৈষম্য দেখা যায়, এর কারণ কী?
শামীম আখতার : তাহলে কেনো বলা হয়, সমতা অর্জন করেছি, এখন পুরুষ দিবস করা উচিত। হয়নি তো বদল, আমার কাছে তাই মনে হয়। এখনো তো অসমতা রয়ে গেছে, বৈষম্য রয়ে গেছে। সেই শিল্প বিপ্লবের সময়ে যে নির্ধারণীগুলো কাজ করেছে--গর্ভবতী হয়ে যাবে মেয়েরা, ওদেরকে অর্ধেক ওয়েজে রাখো। তারপরে শিশুদের আর নারীদের মজুরি কাটা হতো। সেই জায়গাটা তখন সেভাবেই নির্ধারণ করা হতো, তারপরেও রাষ্ট্রের কাছে দাবিগুলো জানানোর ফলে কিছুটা বদল হয়েছে। মালিকপক্ষ যে খুব খুশি হয়ে এগুলো দিয়েছে, তা তো ভাবতে পারি না। এগুলো রয়ে গেছে।
আমার মনে হয়, সবগুলো প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আমি জানি না, পেরেছি কি না। উত্তর আমার একার নয়, আপনারাও ভাববেন। আপনারা যে প্রশ্নগুলো করেছেন, আপনারাই উত্তর দিবেন, যদি আমি উত্তর না দিয়ে থাকি। আর কেবল আমি কেনো দিবো, আপনারাই দিবেন। আমি আশা করবো, আমরা সবাই মিলে অচলায়তনটা ভাঙবো। অচলায়তন অতোটা না, কিন্তু নিয়মবিধি বুঝে-শুনে পথে নামি। অনেক ধন্যবাদ।
তানভীর শাওন : ধন্যবাদ শামীম আখতারকে। আমরা দীর্ঘ আলোচনা শুনলাম তার। এখানে উপস্থিত আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সফিকুন্নবী সামাদী। তাকে অনুরোধ করবো কিছু বলার জন্য।
সফিকুন্নবী সামাদী : আমি ফরমালিটি করছি না। শামীম আপাকে আমি প্রথমেই একদম ভিতর থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের যৌবনের কথাগুলোও তিনি মনে করিয়ে দিয়েছেন। আন্দাজ করি শামীম আপা আমার দুই-তিন বছরের সিনিয়র হবেন; আন্দাজ করি আরকি! একটু বেশিও হতে পারেন, কমও হতে পারেন।
কথা বলছেন অধ্যাপক সফিকুন্নবী সামাদী
আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। সেখানে ছাত্র আন্দোলন করেছি, নাট্য আন্দোলন করেছি। আজকে যে জাফরুল্লাহ চৌধুরী গোঁফ তাড়িয়ে নানান জ্ঞান বিতরণ করেন; গণস্বাস্থ্য কেন্দ্রে মে দিবসে নাটক করতে গিয়ে তার পুলিশ বাহিনীর হাতে মার খেয়েছি! সাবিহা সুমার-এর (পাকিস্তানি নির্মাতা ও প্রযোজক। প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র খামোশ পানির (২০০৩) জন্য তিনি আলোচিত হয়েছিলেন) কথা মনে পড়লো। সাবিহাকে আমি প্রশ্ন করেছিলাম, ২৬ বছরের একটা মেয়ে তুমি, এরই মধ্যে তিন-চার বছর জেল খেটেছো। তুমি কী করে চলচ্চিত্র বানাও? অসাধারণ একটা উত্তর দিয়েছিলেন, তোমরা যে রকম করে রাস্তায় নাটক করো। আমাদের ওখানে তখন পথনাটক সাংঘাতিকভাবে চলছিলো। প্রত্যেক জিনিসের কিছু আদল বদলায়, কনটেক্সট বদলায়। কীভাবে বদলে যাচ্ছে আমাদের দুনিয়া, শামীম আপা সেটা অসম্ভব সুন্দরভাবে বলেছেন। কিন্তু বলতে হয়েছে সংক্ষেপে। চলচ্চিত্র কিন্তু ভালো হচ্ছে। আমি সত্যিকার অর্থেই মন থেকে স্বাগত জানাই ‘নেটফ্লিক্স’কে, ‘অ্যামাজন’কে। আমি কয়দিন আগে একটা সিরিজ দেখলাম। আমি ওই দু’দিন আর কোনো কাজ করতে পারিনি। সিরিজটার নাম ইনসাইড এড্জ (২০১৭), ক্রিকেট পলিটিক্স নিয়ে। কীভাবে ফিক্সিং হচ্ছে, এগুলো হয়। আমি বিশ্বাস করি, ক্রিকেটের দুনিয়ায় আজকাল এগুলো হয়। আমার স্ত্রী একটু বিরক্ত হচ্ছিলেন। কী তুমি একটা সিরিয়াল নিয়ে এতো সময় নষ্ট করছো! কিন্তু চোখ ফেরানো যায় না। এবং আপনি ওখানকার ক্রেডিট লাইন দেখুন, সেখানে অর্ধেকের বেশি নারীরা কাজ করেছে।
কদিন আগে আমি এই সময়ের বলিউড সিনেমায় খুব নামকরা গীতিকার কাওসার মুনিরের সাক্ষাৎকার শুনলাম। সাক্ষাৎকার তিনি-ই নিচ্ছিলেন। তবে সিনেমা নিয়ে তিনি যেসব প্রশ্ন করছিলেন, একজন গীতিকার হয়ে যে কথাগুলো বলছিলেন, যেভাবে কাজ করছেন, তা অসাধারণ। আমি দুটো মেয়ের কথা বলবো, আমার চোখ সত্যিকার অর্থেই ছানাবড়া হয়ে যায় তাদের কাজ দেখলে। একজন ভারতীয় লেখক, প্রযোজক ও নির্মাতা মেঘনা গুলজার; কবি ও গীতিকার গুলজার সাহেবের মেয়ে। আরেকজন চিত্রনাট্যকার ও নির্মাতা জোয়া আখতার; কবি, গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতারের মেয়ে। তাদের কাজ দেখে এটা ভাবার কোনো কারণ নেই, তারা বাবার গুণে শিল্পী হয়ে উঠেছেন। জোয়া শুধু জাভেদ আখতারের মেয়ে নন, হানি ইরানিরও মেয়ে। কিন্তু হানি, জাভেদ আর জোয়ার কাজ সম্পূর্ণ আলাদা। তার ভাই ফারহানও গুণী অবশ্যই। কেউ একজন শুরু করেছিলো--মিরা নায়াররা। তাদের আপনি অ্যাক্টিভিস্ট বলতে পারেন, যা খুশি বলতে পারেন। কিন্তু তারা শুরু করেছিলো। মুশকিল হলো সাবিহা সুমারেরা শুরু করলেও মাঝখানে আর কেউ ছিলো না। এটা কিন্তু সত্য।
আমি খুব বেশি কথা বাড়াবো না। আমার মাথায় একটা পরিকল্পনা এসেছে। আমি মামুনকে (কাজী মামুন হায়দার) বলছি। তোমাদের ছোটো ছোটো বই করার যে প্রজেক্ট আছে, সেখানে শামীম আপার একটা স্মৃতিকথা আমরা সামনের একুশের মেলায় চাই। যা ছেলেদের জন্য অবশ্যই, তবে বিশেষ করে আমাদের মেয়েদের খুব কাজে আসবে। সেটা ‘ম্যাজিক লণ্ঠন’ করবে, এটা আমার দাবি। দরকার হয় পিছনে লোক লাগিয়ে, ডিক্টেশন নিয়ে হলেও শামীম আপার একটা স্মৃতিকথা আমরা চাই। এটা আমার দাবি। শামীম আপা কয়েকটা সিনেমার কথা বলেছেন। এই বয়সেও তাকে নানান কাজ করতে হচ্ছে, কিন্তু আমি আশ্চর্য হচ্ছি, তিনি এখনো ছবি দেখেন এবং মনোযোগ দিয়ে দেখেন।
একজন লোক চলচ্চিত্রের ধারণাই বদলে দিচ্ছে, তার নাম আমাদের জানতে হবে; অনুরাগ কশ্যপ। বলিউডে কীভাবে কম বাজেটে ভালো ছবি বানানো যায় সেটা তিনি দেখিয়ে দিচ্ছেন। একজন প্রশ্ন করলেন শামীম আপাকে, তার কাছ থেকে সেই প্রশ্ন কেড়ে নিয়ে আমি উত্তর দিচ্ছি। আর্ট ফিল্ম, কমার্শিয়াল ফিল্ম, ওগুলো শ্যাম বেনেগালদের যুগের কথা। শ্যাম কিংবা গোবিন্দ নিহালিনি বলুন, বাংলায় সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক বা মৃণাল সেন, আমি সবাইকে খুব শ্রদ্ধা করি। কিন্তু আজকের নির্মাতারা এসে এই ব্যবধানটা ঘুচিয়ে দিয়েছে। যদি আর্ট ফিল্ম হয়, তাতে আর্ট আছে, সেটা পয়সা খরচ করে দেখবে না কেনো। মাসান দেখুন। সেটা কিন্তু ব্যবসা করেছে! অনুরাগ সিনহার নতুন ছবি আর্টিকেল ১৫ দেখুন। সেটা চলছে। আমি প্রথম আবিষ্কার করলাম জিসান আইয়ুবের মতো অসাধারণ অভিনেতাকে। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়। ছোট্ট একটা চরিত্রেও জিসান কী অসাধারণ অভিনয় করেছে। তার মানে আর্ট ফিল্মের গণ্ডিটা ভেঙে গেছে। তার জন্য বলিউডের ক্ষেত্রে বোধ হয় ১৯৪২ : অ্যা লাভ স্টোরি’র পরিচালক বিধু বিনোদ চোপরাকে আমরা কৃতিত্ব দিতে পারি। সেখানে জাভেদ আখতার একটা গান লিখেছিলেন, ‘কুছ না কাহো, কুছ ভি না কাহো/ কিয়া ক্যাহনা হ্যায়, কিয়া সুনানা হ্যায়/ মুঝকো পাতা হ্যায়/ তুমকো পাতা হ্যায় ...’। এই গানে রবীন্দ্রনাথের কথা মনে পড়ে, ‘কেবল আঁখি দিয়ে, আঁখির সুধা পিয়ে/ হৃদয় দিয়ে হৃদি অনুভব/ আঁধারে মিশে গেছে আর সব ...’। এতো ভালো কবিতার ব্যবহার কিন্তু হিন্দি ফিল্মে বার বার হয়েছে। খেয়াল করে দেখুন, সেই মুঘল-ই-আজম (১৯৬০) এর যুগ থেকে এতো ভালো কবিতা, গান ব্যবহৃত হয়েছে। কে আসিফ সিনেমা বানাচ্ছেন, স্ক্রিপ্ট লিখছেন কামাল আম্রাহি, সঙ্গীত করছেন নওশাদ। তাতে গান হচ্ছে কৃষ্ণ মিথ নিয়ে, ‘মোহে পানাঘাট পে, নন্দোলাল ছেড় গায়ো রে/ মোহে পানাঘাট পে, মোরে নাজুক কালিয়া মারোদ গায়ো রে ...’।
৬০-এর দশকে আমাদের বাংলাদেশি ফিল্মেও কিছু ভালো কাজ হয়েছে, ভালো গানও হয়েছে। আমি মনে করি, নানা কারণে খান আতাকে সত্যি সত্যি খুব কম গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি আন্ডার রেটেড ডিরেক্টর আমাদের দেশে। অথচ জীবন থেকে নেয়াতে খান আতার সুরে যে গানটা, ‘এ খাঁচা ভাঙবো আমি কেমন করে ... ’; সেই আকুতি এখনো করছে আমাদের মেয়েরা। শামীম আপাও আজকে সেই খাঁচা ভাঙার আকুতিই করলেন। আমি বলবো, আমাদের আরো শোনা উচিত শামীম আপাকে। সেই বইটা করলে হয়তো আমরা আরো জানতে পারবো। আজকে একটু বাইরে যাওয়ার কথা ছিলো, সেটা হয়নি বলেই আপাকে শুনতে পেলাম। সেজন্য প্রকৃতি এবং ঈশ্বর দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। এতো অন্তরঙ্গভাবে খুব কম মানুষ বলেন আজকাল। এই অন্তরঙ্গতাই শামীম আপার বড়ো সম্পদ। আমরা বইটা চাই। আমি আবারও মনে করিয়ে দিচ্ছি। ধন্যবাদ।
তানভীর শাওন : ধন্যবাদ, সফিকুন্নবী সামাদী স্যারকে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। কথামালার এবারের আয়োজন শেষ হবে সমাপনী বক্তব্যের মধ্যে দিয়ে। আমাদের সমাপনী বক্তা ‘ম্যাজিক লণ্ঠন’-এর সঙ্গে ঠিক সরাসরি সম্পৃক্ত নন; তবে আমরা মনে করি, মানসিকভাবে তিনি সবসময়ই আমাদের সঙ্গে আছেন, থাকবেন। আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি আবৃত্তিশিল্পী রওশন আরাকে।
রওশন আরা : আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি খুব অস্বস্তিতে পড়লাম এবং খুবই বিব্রতবোধ করছি। কেননা আমার মতো মানুষের এখানে বলার কিছু নেই। আমি মূলত মুগ্ধ হয়ে শামীম আপার কথা শুনছিলাম। অতিথিকে আপনারা সবাই তো আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন, বরণ করেছেন।
আমি এখানে আসি, ‘ম্যাজিক লণ্ঠন’ ও তার ছেলে-মেয়েদের কার্যক্রম মুগ্ধ হয়ে দেখি, শুনি। আমি বিশ্ববিদ্যালয়ে পড়েছি, কিন্তু এ রকম কিছুর সঙ্গে যুক্ত ছিলাম না। আমি এখান থেকে সাইকোলজি পড়ে বেরিয়ে গেছি। একটা কলেজে সাইকোলজি পড়াই। আমার মেয়ে অধরা মাধুরী এখান থেকে পাশ করেছে। এখনো আসা-যাওয়া করে। এখানকার যে স্যার, তার ডাকনাম ধরেই আমি ডাকি, রানা (কাজী মামুন হায়দার); ও আমাকে আসতে বলেছে। আমি ওর প্রতি অনেক কৃতজ্ঞ। কারণ এখানে এসে আপার কথা শুনতে পারলাম। শিক্ষার্থীদের সঙ্গে আমার আলাপ হয়েছে। তাদের সবাইকেই প্রায় আমি চিনি। যে বিষয় নিয়ে এতোক্ষণ আলোচনা হলো, স্যারের (সামাদী স্যারকে দেখিয়ে) সঙ্গেও আমার আলাপ আছে।
সফিকুন্নবী সামাদী : আপনি আমার আপা (রওশন আরাকে উদ্দেশ করে)।
রওশন আরা : হ্যাঁ অবশ্যই। এখন এখানে দাঁড়িয়ে সেটা কীভাবে বলবো! যাইহোক, আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম, আমি যে আবৃত্তি করতাম বা এখনো করি সেটা--রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম আবৃত্তি সংগঠন ‘স্বনন’-এ। এই ক্যাম্পাসে ‘স্বনন’ এবং ‘সমকাল নাট্যচক্র’-এর জন্ম প্রায় একই সময়ে। যাদের বয়স ৩৮ বছর পেরিয়ে গেছে। তো নাটক ও চলচ্চিত্রের প্রকাশ ভঙ্গি প্রায় একই। কৌশলগত দিক থেকে ভিন্নতা থাকতে পারে, কিন্তু বক্তব্যগত দিক থেকে প্রায় একই বলতে গেলে। তো ‘সমকাল’ থেকে নাটক করবার জন্য আমাকে বহুবার বলা হলেও আমার চিন্তার সীমাবদ্ধতার কারণে সেটি করে উঠতে পারিনি। সবসময় মনে হতো সমস্ত শরীর এবং কণ্ঠের একসঙ্গে ব্যবহার করতে আমি কখনোই পারবো না। আমি শুধু কথা বলতে পারি, তাই আমি কবিতা পড়তে পারি। কিন্তু আমার কী যে আকণ্ঠ তৃষ্ণা থেকে গেছে সারাজীবন! মনে হয়েছে নাটক বা সিনেমা করা হচ্ছে একটা মাত্র জীবনে বহু জীবনে ঢুকে পড়ার আনন্দ পাওয়া; বহু জীবনকে ব্যবহার করে বহু জীবনের তৃষ্ণা-বক্তব্য-অকথিত কথা বলে দর্শকশ্রোতাকে বিভিন্ন দিকে তাদের চিন্তার ক্ষেত্রে এগিয়ে দেওয়া। এই অসাধারণ জায়গাটি আমি একটু হলেও করতে পারতাম। কিন্তু আমি যখন ছোটো ছিলাম সেটা করতে পারিনি। এখন যখন অনেক বয়স হয়ে গেছে, মনে হচ্ছে আমি পারবো, তখন আর সময় পাই না করতে।
সমাপনী বক্তব্য রাখছেন আবৃত্তিশিল্পী রওশন আরা
আজকের এই আলোচনা আমাকে মুগ্ধ করেছে। অনেক জায়গায় প্রশ্নও জেগেছে। কিন্তু আমি লিখে কোনো প্রশ্ন করিনি। আমার মনে হয়েছে, যদি বসে আড্ডা দিতে পারতাম, তবে আমার প্রশ্নগুলো করতাম। এভাবে কাগজে লিখে প্রশ্ন করার দরকার নাই। উনি ছেলে-মেয়েদের প্রশ্নের যা উত্তর দেন, তাই আমি শুনবো মনোযোগ দিয়ে। আর আমাকে একেবারে হঠাৎ করে শেষ করতে বলা হয়েছে। আমি এখনই শেষ করে দেবো। তবে যে দুটো কথা বলার আছে তা হলো, দর্শক হিসেবে যখন আমি সিনেমা দেখি, তখন আসলে কী দেখতে চাই? দেখতে চাই, আমাদের জীবন ঘনিষ্ঠ গল্পগুলো। যে গল্প উপস্থাপিত হয়েছে চমৎকার অভিনয়ের মাধ্যমে এবং আরো আরো যেসব কৌশলগত দিক থাকে। সেখানে এমনটা হয় না, এমন ড্রেস সাধারণত এই ছেলে-মেয়েরা পরে না, প্রেম করতে গিয়ে এই রকম নাচে না, ইত্যাদি অসঙ্গতিগুলো থাকলে সিনেমাটা দেখতে ভালো লাগে না। তাই যদি গল্পটা জীবন ঘনিষ্ঠ হয় বা যে কথা আমরা বলতে পারিনি--আমরা অনেক কথাই বলতে পারিনি, অনেক কিছুই করতে পারিনি, সেই কথাগুলোই যদি সিনেমায় বলা হয়; মানে চলচ্চিত্রকার যদি এতোটা গভীরভাবে ভাবেন যে, উনি আমার কথা বলে দিচ্ছেন সেটা বোধহয় আমাকে আরো বেশি টানবে। এটা দর্শক হিসেবে আমার বলবার কথা।
আরেকটি কথা হলো, পুরুষতন্ত্রের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, পুরুষের বিরুদ্ধে নয়। সেটা আপাও বলেছেন। সেটা আমরা অনেকেই বুঝি। আর পুরুষতন্ত্রের একটা বড়ো সুবিধা হলো তারা নিজেদের কথা নারীদের মুখে বসিয়ে দিয়েছে। নারীরাও একেকজন পুরুষতন্ত্রের অংশ হয়ে উঠেছে। এটাই মুশকিল। একজন নারী বুঝতেই পারে না, তিনি শারীরিকভাবে নারী কিন্তু মানসিকভাবে পুরুষ। পুরুষতন্ত্রের বাহক। সেখানে একটা বড্ড মুশকিল হয়ে যায়। আমরা কিছুতেই কিন্তু নারীতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই না। আমরা আসলে মানবতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। সেটার একটা জায়গা চলচ্চিত্র। কিন্তু এমন হলে চলবে না যে, সিনেমা শুধু মেয়েরাই বানাবে। তাহলে আমরা কোন ছেলেটার সঙ্গে বাস করবো। সবাই মিলেই সবকিছু করতে হবে। একথাটা নিশ্চয় ঠিক আছে। আমার দুটো মেয়ে। বড়োটা এখান থেকে ইংরেজিতে পাশ করেছে। তো আমার মেয়েরা যখন স্কুলে যায়, তখন একজন মা বলছেন, আপনার দুটো মেয়ে আর আমার দুটো ছেলে। জানেন, ছেলে মানুষ করা এতো কঠিন! আপনারই ভালো হয়েছে, দুটো মেয়ে মানুষ করবেন, কোনো অসুবিধা হবে না। আমি বললাম, আপনার ছেলেদের বুঝি মানুষ করবেন না! তাহলে আমার মেয়েরা কার সঙ্গে বাস করবে শুনি? শুধু মেয়ে মানুষ করলে পৃথিবী চলবে? সবাইকে মানুষ হতে হবে।
আপাকে আরেকবার অজস্র ধন্যবাদ। আপনি আমাদের মাঝে আবারও আসবেন। যিনি আমাকে ডেকেছেন তাকেও ধন্যবাদ। সামাদী স্যার অথবা ভাই অনেক শুভেচ্ছা। আর আমার প্রিয় শিক্ষার্থীদের ভালোবাসা, আমার মেয়েসহ। সবাইকে শুভেচ্ছা।
shameemakhtar18@gmail.com
বি.দ্র. এই প্রবন্ধটি ম্যাজিক লণ্ঠন ২০তম সংখ্যা, জানুয়ারি ২০২১ এ প্রকাশিত হয়েছে।
এ সম্পর্কিত আরও পড়ুন