নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১২:০০ মিনিট
অন্যকে জানাতে পারেন:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 'ম্যাজিক লণ্ঠন কথামালা'য় কথা বলবেন রেদওয়ান রনি
নিজস্ব প্রতিবেদক

'চলচ্চিত্র নির্মাণের লক্ষ্যে রেইস : সৃজনশীল অংশীদারিত্বে নির্মাতা ও প্রযোজক’ শীর্ষক আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ম্যাজিক লণ্ঠন কথামালা’র ১৪তম পর্ব। এতে চলচ্চিত্র নির্মাতা ও ওটিটি প্ল্যাটফর্ম চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি কথা বলবেন।
শনিবার বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের ১২৩ নম্বর কক্ষে এ আয়োজন হবে। চলচ্চিত্রবিষয়ক ষান্মাসিক পত্রিকা ‘ম্যাজিক লণ্ঠন’ ধারাবাহিকভাবে এ অনুষ্ঠানের আয়োজন করছে।
আয়োজকেরা জানান, চলচ্চিত্র নির্মাণে নির্মাতা ও প্রযোজকের সৃজনশীল অংশীদারিত্ব, চলচ্চিত্র নির্মাণের লক্ষ্যসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন রেদওয়ান রনি। প্রথমে তিনি নির্ধারিত বিষয়ে বক্তব্য দেবেন। এরপর উপস্থিত দর্শক ও অংশগ্রহণকারীরা চলচ্চিত্র নিয়ে সরাসরি প্রশ্ন করতে পারবেন। প্রশ্নের উত্তর দেবেন রেদওয়ান রনি।
‘ম্যাজিক লণ্ঠন’-এর সহযোগী সম্পাদক সোহাগ আব্দুল্লাহ বলেন, কথামালায় চলচ্চিত্রবিষয়ক আলোচনার পাশাপাশি দর্শকদের সরাসরি প্রশ্নোত্তরের সুযোগ রাখা হয়েছে। চলচ্চিত্রে আগ্রহী শিক্ষার্থী, নির্মাতা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য অনুষ্ঠানটি উন্মুক্ত।
এর আগে ‘ম্যাজিক লণ্ঠন’-এর আমন্ত্রণে বিভিন্ন পর্বে চলচ্চিত্র ও অভিনয়জগতের ব্যক্তিরা অংশ নিয়েছেন। তাঁদের মধ্যে নির্মাতা নূরুল আলম আতিক, আবু সাইয়ীদ, গোলাম রাব্বানী বিপ্লব, অমিতাভ রেজা চৌধুরী, শামীম আখতার, মেজবাউর রহমান সুমন ও রায়হান রাফী রয়েছেন। এ ছাড়া অভিনয়শিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়, রোকেয়া প্রাচী, কাজী হায়াৎ, রাইসুল ইসলাম আসাদ ও আজমেরী হক বাঁধন এবং শব্দগ্রাহক রিপন নাথও বিভিন্ন পর্বে আলোচনায় অংশ নিয়েছেন।
চলচ্চিত্রবিষয়ক পত্রিকা ও সংগঠন ‘ম্যাজিক লণ্ঠন’-এর যাত্রা শুরু হয় ২০১১ সালে। সংগঠনটি জানুয়ারি ও জুলাই মাসে নিয়মিত ষান্মাসিক প্রকাশনা বের করে।
এ সম্পর্কিত আরও পড়ুন